মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

শুক্রবার এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া এই বাণীতে প্রধানমন্ত্রী রমজান মাসের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করেন।

সরকারপ্রধান বলেন, রমজান মাস সংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা মানুষকে আত্মসংযমী হতে শেখায় এবং অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা তৈরি করে। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলেই ঈদের প্রকৃত তাৎপর্য অর্জিত হয়। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

প্রধানমন্ত্রী বলেছেন, এই আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের দায়িত্ব। তিনি জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সংহতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি দেশবাসীকে মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মহান আল্লাহর কাছে প্রার্থনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত করেন এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।

এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা ও মানুষের ওপর জুলুম করা হচ্ছে উল্লেখ করে পোস্ট করেন।

তিনি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি এটিই।

অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদ যাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে?

তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই এই সমস্ত দায় বহন করতে হবে।

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক পর্যাযে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এদিন বেলা পৌনে ১১টায় ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩০ মার্চ) মরদেহ শাহজালাল বিমানবন্দরে আসে।

তার পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে যান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত।

কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, প্রবাসীরা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন।

আমরা চাই, কূটনীতিকভাবে এ যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। এই বৈশ্বিক সংকটের একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।

মধ্যপ্রাচ্ছে বাংলাদেশের মিশনগুলো শতভাগ কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে।

পাশাপাশি মিশনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। অনেক প্রবাসী দেশে আসতে চান। তাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বিশেষ ফ্লাইট পরিচালনা নিয়ে কথা হচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ৬টি মিত্র দেশ প্রস্তুত। যদিও দুটি দেশ জোর দিয়ে বলেছে, যেকোনো উদ্যোগ যুদ্ধবিরতির পরেই নেওয়া হবে।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং নেদারল্যান্ডস বৃহস্পতিবার জানায়, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য উপযুক্ত প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত।’ জোটটি বলেছে, ‘তারা প্রস্তুতিমূলক পরিকল্পনায় নিযুক্ত দেশগুলোর অঙ্গীকারকে স্বাগত জানায় এবং একই সঙ্গে তারা উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা।

কিন্তু ইতালি ও জার্মানি উভয়ই স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো তাৎক্ষণিক সামরিক সাহায্যের কথা বলছে না, বরং যুদ্ধবিরতির পর একটি সম্ভাব্য বহুপক্ষীয় উদ্যোগের কথা বলছে।

এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন প্রণালিটি ইরান বন্ধ করে দিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক এই সংকীর্ণ পথটির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অচল হয়ে পড়েছে। এই পথে বিশ্বের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ চলাচল করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বোমা হামলা শুরু করলে যুদ্ধ শুরু হয়। এর প্রতিশোধ হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলজুড়ে হামলা চালাচ্ছে।

সূত্র : ইনকয়েরার ডট নেট

ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা

বৈষম্যবিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার ফিফার শৃঙ্খলা কমিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইএফএ দীর্ঘদিন ধরে বর্ণবাদী আচরণের অভিযোগে অভিযুক্ত ক্লাব বেইতার জেরুজালেমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেইতার জেরুজালেমের সমর্থকদের ‘ধারাবাহিক ও সুপ্রমাণিত বর্ণবাদী আচরণ’ ফুটবলের নৈতিকতা ও শৃঙ্খলার পরিপন্থী। ক্লাবটির ‘Forever Pure’ স্লোগান এবং আরব খেলোয়াড়দের উদ্দেশে ‘সন্ত্রাসী’ বলে স্লোগান দেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যার অংশ।

ফিফার ভাষ্য অনুযায়ী, আইএফএ এসব ঘটনায় ‘যথেষ্ট ও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে’, যা সংস্থাটির নিজস্ব নীতিমালার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। এরপরই তদন্ত শুরু করে ফিফা। যদিও ফিলিস্তিন পক্ষ আইএফএর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছিল, ফিফা সে পথে হাঁটেনি।

তবে জরিমানার পাশাপাশি আইএফএকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাদের পরবর্তী তিনটি ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে “Football Unites the World – No to Discrimination” বার্তাসংবলিত বড় ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্য প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে বলে জানিয়েছে ফিফা।

অন্যদিকে, পশ্চিম তীর অঞ্চলে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর লিগে অংশগ্রহণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আলাদা তদন্ত শেষে কোনো ব্যবস্থা নেয়নি ফিফা।

ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র ‘বীরদের রক্তের বদলা’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। মার্কিন ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।

ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

বছর ঘুরে আবারও এসে গেছে পবিত্র ঈদুল ফিতর। তবে কালবৈশাখীর মৌসুম হওয়ায় উৎসবের আনন্দঘন এই সময়ে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া। ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবথেকে বেশি বৈরী থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলেছে, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঈদের নামাজের সময় বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে উন্মুক্ত স্থানের জামাত।

ঈদের দিনের আবহাওয়ার বিষয়ে সংস্থাটি বলেছে, আবহাওয়া নিয়ে সবথেকে বেশি উৎকণ্ঠার খবর থাকছে ঈদের দিনের জন্য।
পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে।

বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। ফলে সকালে ঈদগাহ বা খোলা ময়দানে নামাজ আদায়ে বিঘ্ন ঘটতে পারে।

সংস্থাটি জানায়, সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর ও রাজশাহী হয়ে সকালের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে।
দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। এছাড়া বিকেলে সারা দেশে দ্বিতীয় দফায় আরেক দফা ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে ঈদের দিন দেশের আবহাওয়া দীর্ঘ সময় বৈরী থাকার আশঙ্কা রয়েছে।

ঈদের আগের ও পরের দিনের পরিস্থিতির বিষয়ে বিডব্লিউওটি জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকেই পাল্টে যেতে পারে আবহাওয়া। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ঈদের পরের দিন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরের দিকে উপকূলীয় কিছু বিভাগে বৃষ্টির প্রবণতা থাকলেও দিনের বেলা দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।

‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ

ইরানে এফ-৩৫ মডেলের একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।

তাদের ধারণা, যুদ্ধবিমানটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমা দিয়ে উড়ছিল।
এর মধ্যে বাধা আসায় সেটি নিরাপদে অবতরণ করে।

তবে ইরানের রেভলুশনারি গার্ড কোর্পসের দাবি, তাদের হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘এফ-৩৫’ মডেলের যুদ্ধবিমানও ব্যবহার করছে; একেকটির দাম ১০ কোটি ডলারের বেশি।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (১৯ মার্চ) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাব আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের ওপর মানুষের আস্থা কমেছে।
এই আস্থা পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের পাশাপাশি কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, তা নিয়েও সরকার কাজ করছে।

বিটিভি ও বাংলাদেশ বেতারকে সময়োপযোগী করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তিনি আরো বলেন, মানুষকে অপতথ্য থেকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে।

প্রেস ক্লাব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একটি এলাকায় একাধিক প্রেস ক্লাব থাকা উচিত নয়। একটি শক্তিশালী প্রেস ক্লাব গড়ে তুলে সেখানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভক্ত অবস্থায় গণমাধ্যমের শক্তি দুর্বল হয়ে পড়ে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সাংবাদিকরা দায়িত্ব পালনে যাতে কোনো বাধার মুখে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান মুকুল, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ ধরনের সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
কিছু জায়গায় এ নিয়ে অস্পটতা তৈরি হওয়ায় তিনি সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।