বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

৩ বছর পর অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

‘মায়া’ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৬৫ লাখ টাকা পেয়েছিলেন ঢাকাই সিনেমার তারকা নায়ক শাকিব খান। তবে তিন বছর পেরিয়ে গেলেও ব্যক্তিগত কারণে তিনি সিনেমার কাজ শুরু করতে পারেননি। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।

অবশেষে তিনি অনুদানের পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, ‘নায়ক শাকিব খান সিনেমা বানানো জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। গত ১২ মে তাঁকে একটি চিঠি পাঠানো হয়। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। শাকিব কোনো আবেদন করেননি। তিনি নিজ উদ্যোগেই টাকা ফেরত দিয়েছেন।’

সচিব আরও জানান, যেসব প্রযোজক নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সিনেমার কাজ শেষ করতে পারেননি তাদের কাছে বারবার চিঠি পাঠানো হচ্ছে এবং কেউ কেউ টাকা ফেরতও দিয়েছেন। যারা এখনও ফেরত দেননি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘মায়া’ সিনেমাটি পরিচালনার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলনের পর সিনেমাটি আর এগোয়নি।

ইসরায়েলের একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের কেন্দ্রীয় ও উপকূলীয় এলাকার একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় ইসরায়েলের দুটি উচ্চ ভবনে সরাসরি আঘাত হানায় কিছু বাসিন্দা লিফটে আটকা পড়ে আছেন।

রয়টার্সের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশে বড়সড় গর্ত এবং বহু জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে উপস্থিত। অনেকে স্ট্রেচার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। উদ্ধারকর্মীরা টর্চের আলো দিয়ে ভবনের ভেতরে তল্লাশি চালাচ্ছিলেন।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, তারা কেন্দ্রীয় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দিচ্ছে। এখন পর্যন্ত এক ডজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশু গুরুতর অবস্থায় রয়েছে।

তেল আবিবের একটি হাসপাতাল জানিয়েছে, তারা আটজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে।
এদের মধ্যে বেশিরভাগের অবস্থা মৃদু থেকে মাঝারি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দেশটির উপকূলীয় জেলায় একটি ক্ষেপণাস্ত্র পড়ার রিপোর্ট পেয়েছে তারা। সেখানে অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, এটি ছিল ইরানের পাল্টা অভিযানের অষ্টম ধাক্কা, যা ইসরায়েলের একাধিক ধারাবাহিক হামলার জবাবে চালানো হয়েছে।

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাড়িটি লক্ষ্য করে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রবিবার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে জানিয়েছেন ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান।

এ ছাড়া, ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরাইলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা ও এএফপিসহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৫ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইরানের হামলায় হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছেন।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাসহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের দিকে ‘নতুন ক্ষেপণাস্ত্র হামলা’ শুরুর ঘোষণা দিয়েছে। রবিবার ইরান ইসরাইলের ওপর নতুন আক্রমণ শুরু করেছে।

নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার রাতে ইসরাইলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরাইলি হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পালটাপালটি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪

ইসরায়েলি বিমান হামলায় ইরানে রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। হামলায় ১ হাজার ২৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এপির প্রতিবেদনে আরো বলা হয়, গত ১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানে বর্তমানে মসজিদ ও মেট্রো স্টেশনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান : তারেক রহমান

১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান। গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

রবিবার (১৫ জুন) মধ্যরাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস।
এদিনে তৎকালীন শাসকগোষ্ঠী সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত ৪টি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিলো। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদ কর্মী বেকার হয়ে পড়েছিলো। তাদের রুজিরোজগার ও সন্তানদের ভবিষ্যৎ চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হয়।

বাণীতে বলা হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা।
চিরায়ত গণতন্ত্রে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয় এবং যার মূল শর্ত হচ্ছে বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতায় ভিন্নমত প্রকাশের সুযোগ থাকায় রাষ্ট্র ও সমাজ জবাবদিহিতার আওতায় আসে এবং দেশের সরকার গঠনে নাগরিক ইচ্ছার প্রতিফলন ঘটে। কিন্তু স্বাধীনতাত্তোর ক্ষমতাসীনরা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে বহুদলীয় গণতন্ত্রের পথচলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে।

বাণীতে আরো বলা হয় পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন।
বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালাকানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন। সংবাদপত্রের স্বাধীনতা হরণ মূলত চিন্তা ও বিবেককে বন্দী রাখা। শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল নতুন আঙ্গিকে। নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম চালিয়েছে তারা। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল।
সত্য উচ্চারণ করলেই নেমে আসত নির্যাতনের খড়গ। বাংলাদেশের গণমাধ্যম কর্মীসহ সকল পর্যায়ের মানুষকে সার্বক্ষণিক শঙ্কিত থাকতে হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো একের পর এক ‘ড্রাকোনিয়ান আইন’ প্রণয়ন করে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতাকে ভয়াল দুর্গে বন্দী করা হয়েছিল।

বাণীতে তারেক রহমান বলেন, বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান। গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত

রবিবার (১৫ জুন) ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার উপপ্রধান হাসান মোহাক্কিক নিহত হয়েছেন।

এ ছাড়া হামলায় মোহসেন বাঘেরী নামের আরো একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এই আক্রমণ তেহরানের অভ্যন্তরেই সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আলজাজিরা এসব তথ্য জানিয়েছে।

নির্বাচনে নারী-পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব গণ্ডগোল বাড়াবে : শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘একই সংসদীয় আসনে নারী-পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব সম্ভব নয়। এটি গণ্ডগোল বাড়াবে। তবে সংরক্ষিত নারী আসন একশতে উন্নীত করতে বিএনপি একমত। সংরক্ষিত আসনের নারীরা যেন হীনম্মন্যতায় না ভোগেন সে বিষয়টিও দেখতে হবে।
’

রবিবার (১৫ জুন) বিকেলে ডেইলি স্টারের সম্মেলন কেন্দ্রে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন : প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘নারীদের বাস্তবিক উন্নয়ন হয়নি। সাম্প্রতিক সময়ে নারী কমিশনকে ছুড়ে ফেলা হয়েছে। নারীদের মর্যাদা নেই।
এমন বাস্তবতায় সংসদে নারী এমপির সংখ্যা বাড়ানোর বিষয়টি প্রতিটি রাজনৈতিক দলেরই বিবেচনা করা উচিত।’

তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়েও নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে। বিশেষ করে উপজেলা পরিষদেও তাদের মূল্যায়ন করতে হবে। তবে রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়।
সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করাতে হলে নারী প্রার্থীকে কমপক্ষে দুই বছর আগে পরিচয় করাতে হবে। তাহলে তিনি জনগণের সঙ্গে স্বাভাবিক হতে পারবেন। তবে এ ক্ষেত্রেও যাকে মনোনয়ন দিলে দল জিতবে, দল তাকেই মনোনয়ন দেয়।’

তিনি আরো বলেন, ‘অথচ ঐতিহাসিকভাবেই নারীদের ব্যবহার করা হয়। কিন্তু তাদের তেমন মূল্যায়ন করা হয় না।
বিগত জুলাই আন্দোলনে নারীদের অবস্থান থাকলেও সেখানেও অনেকেই বঞ্চিত হয়েছেন।’ সামাজিক মাধ্যমে নারীদের হয়রানির বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান শামা ওবায়েদ।

যুক্তরাষ্ট্রে পুতুল হতে চান না পচেত্তিনো

টানা দুই ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই হতাশ মরিসিও পচেত্তিনো। এমন মন খারাপের সময়েই আবার যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ান পুলিসিচের আবদার, বিশ্রাম চান তিনি। সেটিও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। গোল্ড কাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচে খেলতে চান, তার বদলে আগামীকাল ভোরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে বিশ্রাম চান তিনি।

এমন চাওয়ায় পুলিসিচের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের দুই সাবেক ল্যান্ডোন ডনোভান ও অ্যালেক্সি লালাস। তবে শিষ্যর এমন অনাগ্রহ দেখে পুলিসিচকে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকেই বাদ দেন পচেত্তিনো। পরে তুরস্ক ও সুইজার‌ল্যান্ডের কাছেও ম্যাচ হারে যুক্তরাষ্ট্র। মূল স্কোয়াড থেকে বাদ যাওয়ায় অবাক হয়েছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।
তা নিয়ে গত বৃহস্পিতবার সিবিএস স্পোর্টসকে এসি মিলানের ফরোয়ার্ড জানান, পচেত্তিনোকে শ্রদ্ধা করি কিন্তু তার সিদ্ধান্তটা বুঝতে পারিনি।

পুলিসিচের এমন মন্তব্য শোনার পর যারপরনাই বিরক্ত পচেত্তিনো। তাই তো রাগান্বিত সুরে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়কে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, আমি প্রধান কোচ, (ম্যানিকুইন) পুতুল নই।
সাবেক টটেনহাম ও পিএসজির কোচ বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন তাকে দুটি প্রীতি ম্যাচে রাখা হয়নি তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপর যদি তার কোনো সমস্যা থাকে, সেটা আমার বিষয় না। আমি প্রধান কোচ, পুতুল নই।’

পুলিসিচকে দিয়ে অন্যদেরও বার্তা দিয়েছেন পচেত্তিনো। নিজের ইচ্ছে মত ম্যাচ খেলার স্বাধীনতা চাইতে পারবে না।
গত রবিবার তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের কোনো প্রয়োজন নেই বোঝা না বোঝার। খেলোয়াড়দের শুধু শুনতে হবে এবং আমাদের পরিকল্পনার মধ্যে থাকতে হবে। পরিকল্পনা অমান্য করতে পারবে না।’

আগামীকাল ভোরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। সান জোসের পেপাল পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি ভোর ৪ টায় শুরু হবে।

‘নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসূ হয়েছে। নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন।
’
রবিবার (১৫ মে) দুপুরে বরিশাল ক্লাবের হলরুমে মহানগর বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আব্দুল আউয়াল মিন্টু।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দলের বিরোধিতা করার বিষয়ে মিন্টু বলেন, ‘এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশির ভাগ রাজনৈতিক দল কী চায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে, যার বেশির ভাগ নির্বাচনের পক্ষে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘নির্বাচনের ফলে দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে দেশ।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। এ কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছি।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত : আহসান এইচ মনসুর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হবে।রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গভর্নর।

একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে আশ্বস্ত করেছেন তিনি।

গভর্নর বলেন, নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করব পরবর্তী সরকার এসে এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে। যেসব ব্যাংকের শাখা শহরে বেশি, সেসব ব্যাংককে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।

তিনি বলেন, পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়ায় ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয়। এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে।

ড. আহসান এইচ মনসুর আরও বলেন, আমরা চাই আদালতের মাধ্যমে যাচাই হোক—আমাদের দাবি যথাযথ কি না। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই অর্থ উদ্ধার সম্ভব হবে।

তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) প্রসঙ্গ তুলে ধরে বলেন, আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত আনার ব্যবস্থাও রয়েছে। এ পদ্ধতিতেও একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেখানে উভয় পক্ষের আইনজীবীরা আলোচনা করে সমাধান খুঁজবেন।

তিনি জানান, কোন পথে এগোনো হবে, আদালত নাকি এডিআর, সেটি নির্ধারণ করবে সরকার। সরকারের নির্দেশনা পেলেই বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করতে পারবে।

গভর্নর বলেন, দেশীয় সম্পদের জন্য দেশের আদালতে এবং বিদেশি সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা পরিচালনা করতে হবে। এই লক্ষ্যে প্রস্তুতি চলছে।