বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আল-হিলালের কাছে আটকে গেল আলোনসোর রিয়াল

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দাপুটে আল-হিলালের বিপক্ষে প্রতিরোধ গড়ে প্রথমে গোল করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি মিস করায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরোপের রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

বুধবার রাতে দুই দলেরই ছিল নতুন কোচের অভিষেক ম্যাচ। রিয়ালের ডাগআউটে জাভি আলোনসোর অভিষেক হলেও কাঙ্ক্ষিত জয় দিয়ে শুরু হয়নি তার।
বিপরীতে, ইন্টার মিলানকে সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নেওয়া সিমোনে ইনজাগির আল-হিলালের কোচ হিসেবে যাত্রা শুরু হলো এক চমৎকার পারফরম্যান্স দিয়ে।

এদিকে রিয়ালের নতুন দুই মুখ, ট্রেন্ট আলেক্সাজান্ডার-আরনল্ড ও ডিন হুইসেন এদিন মাঠে নামলেও ছিলেন নিষ্প্রভ। লস ব্লাঙ্কোসদের মূল তারকা কিলিয়ান এমবাপ্পেও ছিলেন মাঠের বাইরে।

ম্যাচের শুরু থেকেই রিয়াল রক্ষণে চাপ তৈরি করে আল-হিলাল।
দ্বিতীয় মিনিটেই গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল তারা, তবে কোর্তোয়ার দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় ইউরোপিয়ান জায়ান্টরা। এরপরও একাধিক আক্রমণে রিয়াল রক্ষণের চূড়ান্ত পরীক্ষা নেয় সৌদি ক্লাবটি, একবার বল জালেও পাঠিয়েছিল; যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

উল্টো ৩৩তম মিনিটে স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু সেই আনন্দ বেশি সময় টেকেনি।
৩৭ মিনিটে ডি-বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় আল-হিলাল। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান রুবেন নেভেস।

দ্বিতীয়ার্ধে রেয়াল আরও গোছানো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। শুরুতেই আর্দা গুলের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে গার্সিয়ার হেড গোললাইন থেকে ঠেকিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা গোলরক্ষক ইয়াসিন বোনো।

৮৭তম মিনিটে লস ব্লাঙ্কোসরা পায় স্বপ্নের সুযোগ। ফ্রান গার্সিয়ার ওপর ফাউল দেখে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক নিতে এগিয়ে আসেন ফেদেরিকো ভালভের্দে। তার শট ঠেকিয়ে আল হিলালের ১ পয়েন্ট নিশ্চিত করে ম্যাচের নায়ক হয়ে যান বোনো।

আত্মরক্ষাই ইরানের মূল নীতি, কূটনীতিতেও অঙ্গীকারবদ্ধ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তেহরান এখন পর্যন্ত শুধু আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। তবে দেশটি এখনো কূটনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

পোস্টে তিনি লেখেন, ইরান শুধু আত্মরক্ষার জন্যই প্রতিক্রিয়া দেখাচ্ছে।
আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমরা শুধু ইসরায়েলের হামলার জবাব দিয়েছি, তাদের সহযোগীদের নয়।

বিশ্বকে এই যুদ্ধকে আরো বিস্তৃত করার ইসরায়েলি চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরাঘচি বলেন, ইরান সম্মানের সঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং আগ্রাসীকে তার বড় ভুলের মূল্য চোকাতে বাধ্য করবে।

যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান কূটনৈতিক সমাধানে আগ্রহী বলেও জানান তিনি।
তার ভাষ্য মতে, আমরা অতীতেও যেমন ছিলাম, এখনো কূটনীতি নিয়ে আন্তরিক ও ভবিষ্যৎমুখী অবস্থানে আছি।

মে মাসে ঢাকা মহানগরে শ্রেষ্ঠ থানা মোহাম্মদপুর

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। এর মধ্যে গত মে মাসে ডিএমপির ৮ ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ ও শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।

বুধবার (১৮ জুন) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মে মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন বিমানবন্দর থানার এসআই মো. আমিনুল ইসলাম ও লালবাগ থানার এসআই মো. বেলায়েত হোসেন।

এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আক্তারুজ্জামান মন্ডল পলাশ ও রামপুরা থানার এএসআই হেলাল উদ্দিন।

এছাড়াও ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের জন্য শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন মোহাম্মদপুর থানার এসআই মো. পারভেজ আহমেদ, দক্ষিণখান থানার এসআই মো. শফিকুল ইসলাম ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।

মে মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর ও গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট কায়সার আহমেদ। শ্রেষ্ঠ টিএসআই নির্বাচিত হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের টিএসআই মো. মামুনুল ইসলাম।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির মাসিক এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।

বুধবার ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী এ কথা জানা।

প্রধান উপদেষ্টার প্রেস ‍উইং থেকে জানানো হয়, বৈঠকে তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা করেন।

ক্রিস্টোফার ল্যান্ডাউ বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক শু ল্কসংক্রান্ত চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

ইরান আমাদের কাছে কোনো সাহায্য চায়নি : পুতিন

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে রাশিয়া কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বরং আলোচনার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য সমাধান বের করতে চাইছি।

স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে পুতিন এ সব কথা বলেন। তিনি বলেন, আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না।
শুধু বলছি, কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যেতে পারে। এই সিদ্ধান্ত মূলত সংশ্লিষ্ট দেশগুলোর, বিশেষ করে ইরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের নেওয়ার বিষয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন স্পষ্ট করে বলেন, আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন, রাশিয়ার কর্মীরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন।
ইসরায়েল এখন পর্যন্ত এই স্থাপনায় হামলা চালায়নি। তারা রাশিয়ার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে।

রাশিয়া ২০০৫ সালে বুশেহর প্রকল্পের নির্মাণ শুরু করে। ২০১১ সালে তা চালু হয়।
ইতিমধ্যে ইরানের সঙ্গে একটি ২০ বছর মেয়াদি চুক্তির অধীনে আরো তিনটি পারমাণবিক স্থাপনা নির্মাণে সম্মত হয়েছে রাশিয়া।

পুতিন জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। তার মতে, ইরানি জনগণ এখন তাদের নেতৃত্বের পেছনে একতাবদ্ধ হচ্ছে এবং এই সংকট সমাধানে কূটনৈতিক সমাধান প্রয়োজন।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান

তেহরানের ওপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

ইরানের স্থানীয় সময় ভোর ৪টার ঠিক আগে টেলিগ্রামে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ সংক্রান্ত পোস্ট করেছে। খবর সিএনএনের।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তেহরান এখন পর্যন্ত কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে।
ইরান শুধু আত্মরক্ষার জন্যই প্রতিক্রিয়া দেখাচ্ছে।

তিনি বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমরা শুধু ইসরায়েলের হামলার জবাব দিয়েছি, তাদের সহযোগীদের নয়।

এ সময় বিশ্বকে এই যুদ্ধকে আরো বিস্তৃত করার ইসরায়েলি চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরাঘচি বলেন, ইরান সম্মানের সঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং আগ্রাসীকে তার বড় ভুলের মূল্য চোকাতে বাধ্য করবে।
যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান কূটনৈতিক সমাধানে আগ্রহী বলেও জানান তিনি।

দেশে প্রায় ৩৫ লাখ শিশুশ্রমিক, ১০ লাখ ঝুঁকিপূর্ণ পেশায় : উপদেষ্টা

দেশে প্রায় ৩৫ লাখ শিশুশ্রমিক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই ৩৫ লাখ শিশুর মধ্যে অন্তত ১০ লাখ শিশু জড়িত রয়েছে ঝুঁকিপূর্ণ পেশায়।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম উপদেষ্টা। বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলের আয়োজন করা হয়।

শিশুশ্রম বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যে শিশু শ্রমের সংজ্ঞা বিদ্যমান, তা সংশোধনের কাজ চলছে। নতুন সংজ্ঞায় শিশু শ্রমিকদের জন্য নির্দিষ্ট বয়সের সীমা নির্ধারণ করা হবে।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধনের কাজ চলছে এবং আগামী নভেম্বরের মধ্যে সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা হবে।’

শিশুদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

দীর্ঘ ২ বছর পরে কূটনৈতিক সমঝোতায় ভারত ও কানাডা

প্রায় দুই বছর ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের পর ভারত ও কানাডা সম্পর্ক পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে। গতকাল মঙ্গলবার (১৭ জুন) কানাডার অ্যালবার্টায় জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকের পর, দুই দেশ একে অপরের রাজধানীতে হাই কমিশনার পুনঃনিয়োগের বিষয়ে সম্মত হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কনস্যুলার সেবা পুনরায় চালু করার লক্ষ্যে হাই কমিশনার মনোনয়নে সম্মত হয়েছে। ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর শুরু হয় দুই দেশের সম্পর্কের অবনতি।
কানাডা সরাসরি ভারতের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ তোলে, যা নয়াদিল্লি বরাবরই ‘অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে এসেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক বহিষ্কার, ভিসা স্থগিতসহ একাধিক উত্তপ্ত পদক্ষেপ নেওয়া হয়। ভারত অভিযোগ করে, কানাডা ভারতের ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ এবং ‘ভারতবিরোধী কার্যকলাপকে’ প্রশ্রয় দিচ্ছে। কানাডা অবশ্য এসব দাবি অস্বীকার করেছে।
তবে এবার পরিস্থিতির মোড় ঘোরাতে শুরু করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জি-৭ সম্মেলনে ভারত সদস্য না হলেও, কার্নি মোদীকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ আলোচনার টেবিলে রাখাটা খুবই যৌক্তিক।

বৈঠকে মোদী এবং কার্নি প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, খাদ্য নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
যদিও কোনও পক্ষই নিজ্জর হত্যা প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি। বৈঠকের পর মোদী বলেন, ‘প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে চমৎকার সাক্ষাৎ হয়েছে। ভারত ও কানাডা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। দুই দেশের বন্ধুত্ব আরো এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।’ কার্নিও মোদীকে জি-৭ সম্মেলনে আতিথেয়তা দেওয়াকে ‘মহান সম্মান’ বলে অভিহিত করেন।

এদিকে, জি-৭ সম্মেলনের সময়ে কানাডার ক্যালগারিতে খালিস্তানপন্থী শিখ বিক্ষোভকারীদের দেখা যায় নিজ্জরের হত্যার বিচার দাবি করতে। কিছু বিক্ষোভকারী মোদীর সফরের বিরোধিতা করেন। এই প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কার্নি বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে একটি বিচারিক প্রক্রিয়া চলছে, তাই আমি এ বিষয়ে খুব বেশি মন্তব্য করতে পারব না।’ তবে তিনি আরও জানান, নিজ্জর প্রসঙ্গে মোদীর সঙ্গে তার আলোচনা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার অবসান ঘটাতে এই হাই কমিশনার পুনঃনিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে।

রাজনীতির ঊর্ধ্বে থেকে এসএসএফকে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা

সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী। তবে এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি।
এই বাহিনী আমার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। এসএসএফ একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী যারা আমার ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। বিগত ১০ মাসে এসএসএফ দেশে/বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। আমি এসএসএফের সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট।
এজন্য আমি এসএসএফের সকল সদস্যকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি বলেন, এসএসএফ বঙ্গভবনসহ আমার বাসস্থান, কার্যালয় এবং সকল ধরনের গমনাগমনের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও ঢাকার অভ্যন্তরে এবং বাহিরে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সম্প্রতি কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএসএফ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে।
শুধু দেশের অভ্যন্তরেই নয়, দেশের বাহিরেও আমার রাষ্ট্রীয় সফরগুলোতে এসএসএফ বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রটোকল ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করে সফরসমূহ সাফল্যমণ্ডিত করেছে। এছাড়াও বাংলাদেশে আগত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও জাতিসংঘের মহাসচিবের রাষ্ট্রীয় সফরের সামগ্রিক নিরাপত্তা এই বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে।
আমি আশা করি, এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলো মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। সম্প্রতি এসএসএফ যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে। আমি আশা করি, এসএসএফ একই ভাবে এই কার্যালয়েরও সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে। আমি আরো আশা করি, এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি এবং উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরো উন্নতি সাধন করবে।

তিনি বলেন, নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে থাকে। এ ব্যাপারে আমি এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছি। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় ১ ঘণ্টা সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে বলে আমি আশাবাদী। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার ওপর অর্পিত সব দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবে।

ড. ইউনূস বলেন, আমি জেনে আশ্বস্ত হলাম যে, এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে, গত ৫ আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। পাশাপাশি, বাহিনীর অভিযানিক কার্যক্রম আরো বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জামাদির ব্যবহার এবং দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের ১২ বছরের পুরাতন ‘ভিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম’ পরিবর্তন করে সর্বশেষ মডেলের ‘ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম’ সংযোজন করবে, যা তাদের অভিযানিক কার্যক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে। আমি জেনে খুশি হয়েছি যে, এসএসএফের অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত ও আগামী মাস থেকে এটি ব্যবহার করা সম্ভব হবে। এই ফায়ারিং রেঞ্জের জন্য ভূমি বরাদ্দসহ অন্যান্য সহযোগিতা প্রদান করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমি জানি এসএসএফকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, পিজিআর ও গোয়েন্দা সংস্থাসমূহের ওপর নির্ভর করতে হয়। তাই আমি আশা করব এসএসএফ সকল সহযোগী বাহিনী ও সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করবে।

সরকারপ্রধান বলেন, এসএসএফকে একটি অত্যাধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী হতে চৌকস অফিসার নির্বাচন ও প্রেরণ করায় আমি সব বাহিনী প্রধানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এসএসএফকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা প্রদান করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি।

এসএসএফ সদস্যদের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, এবং সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে।

পরিশেষে প্রধান উপদেষ্টা বলেন, আমি এসএসএফের মহাপরিচালক ও সব সদস্যদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে।

এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়েই রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে।

এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘কিলিয়ান (এমবাপ্পে) আজ সকালে কিছুটা ভালো অনুভব করছে। কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব।’

এছাড়া নিয়মিত একাদশের অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল।

আলোনসো বলেন, ‘রুডিগার পুরো মৌসুমে দারুণ খেটেছে। এখনো জানি না তাকে নেওয়া যাবে কি না, তবে সে ভালোভাবে ফিরছে। কামাভিঙ্গাও দ্রুত উন্নতি করছে, কিন্তু এখনও কিছুটা সময় লাগবে।’

রিয়ালের প্রতিপক্ষ আল হিলাল দলেও এসেছে বড় পরিবর্তন।
নতুন কোচ হিসেবে যুক্ত হয়েছেন গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা ইতালিয়ান কোচ সিমোন ইনজাগি।

এদিকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের লিভারপুল থেকে আগমন রাইট-ব্যাক পজিশনে নতুন প্রতিযোগিতা তৈরি করেছে।

আলোনসো বলেন, ‘দানি কারভাহালের রয়েছে অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব, আর ট্রেন্ট খুবই ফ্লেক্সিবল। দুই জনেই দুর্দান্ত। ট্রেন্টের প্রাথমিক প্রভাব খুবই ইতিবাচক।
’

জুড বেলিংহামের পজিশন নিয়ে আলোনসো বলেন, ‘জুড বেলিংহাম রিয়াল মিডফিল্ডের প্রাণ। পুরো মাঠ জুড়ে খেলার ক্ষমতা ওর আছে। ওর জায়গা ঠিকভাবে নির্ধারণ করাটা গুরুত্বপূর্ণ। সামনে খেললে সে গোল করতে পারে, আবার পেছনে খেললে ম্যাচ চালাতে পারে।’