বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

পিয়ংইয়ংয়ের কাছ থেকে একাধিক রকেট ছুঁড়েছে উ.কোরিয়া

উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকের দিকে একাধিক রকেট উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই খবর জানিয়েছে। সূত্র অনুযায়ী, একযোগে ১০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
তবে সাধারণত উত্তর কোরিয়ার এই ধরনের অস্ত্রকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়ে থাকে। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রমকে আন্তর্জাতিক মহল নিয়মিতভাবে শান্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, উত্তর কোরিয়ার এই ধরনের রকেট উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

সূত্র : আলআরাবিয়া

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এদিন ছুটি থাকবে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে।

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে জানিয়ে ফারুকী বলেন, আগামী রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমি তো শাশুড়ি হয়ে গেছি : শ্রাবন্তী

এ বছরটা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, ‘আড়ি’, ‘ আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ আবার দুর্গাপুজায় আসবে ‘দেবী চৌধুরানী’।

পুজায় শ্রাবন্তীর ছবি দেবী চৌধুরানী বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে । ‘আমার বস’ ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ ২’ ও নায়িকার পুরানো জুটি দেবের ছবি ‘রঘু ডাকাত’ এর সঙ্গে।
যদিও নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি আশা করছেন, দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন, পছন্দও করবেন।

বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে। বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি।

অভিনয় নিয়ে কোন রাখঢাক রাখেন না। নায়িকার চরিত্র হোক বা আইটেম গান, সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার। ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও , শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর। ছেলে ঝিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন।

খুব অল্প বয়সেই মা হয়েছেন। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে। তবুও থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সবসময় ঝিনুকের পাশে থেকেছেন।
তার ইচ্ছে-স্বপ্নপূরণের চেষ্টা করেছেন।

এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন? উত্তরে নায়িকা হেসে বললেন, ‘আমি ওরকম টিপিকাল শাশুড়ি হবো, একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো।’

এরপর অভিনেত্রী যোগ করেন, “তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি (হাসি)।

আলজাজিরা সম্প্রচার দেখলেও পুলিশে জানানোর আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন-গাভির আবারও আলজাজিরা চ্যানেলের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। শনিবার এক সংক্ষিপ্ত সংবাদ বিবৃতিতে তিনি বলেন, ‘আলজাজিরা সম্প্রচার দেখা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

তিনি আরো বলেন, ‘যদি কেউ আলজাজিরা দেখে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশকে অবহিত করতে হবে।
’

এই বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে আলজাজিরা, যা কয়েক মিনিটের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসের শুরুতেই ইসরায়েল সরকার আলজাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাম্যান ও অন্য কর্মীদের দেশের ভেতর থেকে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ‘জাতীয় নিরাপত্তা সুরক্ষা’-র কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেয় ইসরায়েল।

এরপর জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষও পশ্চিম তীর থেকে আলজাজিরার সম্প্রচার কার্যক্রম নিষিদ্ধ করে, ফলে কার্যত পুরো এলাকাতেই এই সংবাদমাধ্যমটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এই অবস্থানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলছে এ ধরনের সিদ্ধান্ত। তবে বেন-গাভিরের মতে, ‘আলজাজিরা শুধু সাংবাদিকতা করছে না, এটি সন্ত্রাসে উসকানি দিচ্ছে।’

বর্তমানে আলজাজিরা ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর থেকে সরাসরি কোনো প্রতিবেদক বা ক্যামেরা টিম নিয়ে কাজ করতে পারছে না।
তবে তারা এখনো বিশ্বজুড়ে তাদের নেটওয়ার্ক ব্যবহার করে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশন করছে।

ইরানে হামলার পরিকল্পনা ‘অনুমোদন’ করলেও ‘অনুমতি’ এখনো দেননি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

সিবিএসকে এক শীর্ষ গোয়েন্দা সূত্র বলেছে, ট্রাম্প চান ইরান যেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। সেই সম্ভাবনা শেষ না হওয়া পর্যন্ত হামলা পিছিয়ে রাখা হয়েছে। তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দোতে হামলার বিষয়ে চিন্তাভাবনা করছেন।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার স্পষ্টভাবে ট্রাম্পের ‘আত্মসমর্পণের’ আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। ইরানি জাতি আত্মসমর্পণ করবে না।’

ট্রাম্প অবশ্য খামেনির এই বক্তব্যকে পাত্তা দেননি।
সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।’

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালই প্রথম জানায়, ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন।

ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এর জবাবে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে।

এই হামলার পর বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন খামেনি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা ভীত নই, আমরা প্রতিক্রিয়া জানাব।’

অন্যদিকে, জাতিসংঘে ইরানের মিশন ট্রাম্পকে কটাক্ষ করে এক্স-এ লিখেছে, ‘ইরানকে হুমকি বা ভয় দেখিয়ে লাভ নেই, হোয়াইট হাউসের দরজায় কাকুতি-মিনতি করে কেউ কখনো মাথা নত করেনি। তার মিথ্যার চেয়ে তার কাপুরুষোচিত হুমকি আরও জঘন্য।
’

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেট কমিটিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে পেন্টাগন প্রস্তুত রয়েছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইউএসএস নিমিটজ বহর গালফ অঞ্চলের দিকে রওনা হয়েছে। ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন একটি স্ট্রাইক গ্রুপ সেখানে ইতোমধ্যেই অবস্থান করছে।

উড়োজাহাজ, জ্বালানি ট্যাঙ্কার এবং স্টেলথ যুদ্ধবিমান এফ-২২ ও এফ-৩৫-এর চলাচল দেখা যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান ইস্যু।

বিবিসির এক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র এখনো ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া বা সাইপ্রাসে অবস্থিত ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেনি। তবে ‘সব ধরনের বিকল্পই’ বিবেচনায় রয়েছে।

ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে জেরুজালেমের মার্কিন দূতাবাস। তবে বুধবারের ঐ ঘোষণায় কিভাবে ও কতজন সরানো হবে, তা এখনো স্পষ্ট নয়।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২৩৯ জনই বেসামরিক নাগরিক।

এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিকোকে দলে টানতে বড় অগ্রগতি বার্সার

লা লিগায় বার্সেলোনার জার্সিতে খেলার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে নিকো উইলিয়ামসের। স্প্যানিশ তরুণ উইঙ্গার ইতোমধ্যেই কাতালান ক্লাবটির সঙ্গে ৬ বছরের জন্য ব্যক্তিগত চুক্তিতে সম্মত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো।

চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন নিকো। তার বাৎসরিক নেট বেতন ধরা হয়েছে ৭ থেকে ৮ মিলিয়ন ইউরোর মধ্যে।

এখন বার্সার প্রধান কাজ অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা। নিকোর চুক্তিতে থাকা ৫৮ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সক্রিয় করতে আলোচনায় নেমেছে কাতালান ক্লাবটি। অর্থনৈতিক ফিনান্স ফেয়ার প্লে মেনে ক্লজটি পূরণের উপায় খুঁজছে বার্সা।

এদিকে নিকো উইলিয়ামসও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।
তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমি শুধুমাত্র বার্সেলোনায়ই যেতে চাই।’ এই দৃঢ় মনোভাব বার্সাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং দ্রুতই ডিল চূড়ান্ত হওয়ার আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। তবে এখানেই শেষ নয়—নিজেকে বার্সেলোনার জার্সিতে দেখতে এতটাই আগ্রহী যে, লা লিগার কঠোর আর্থিক বিধিনিষেধ মানতে নিজের বেতন আরো কমাতেও প্রস্তুত তিনি।

কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’

কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের যশোরের চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

গত মঙ্গলবার বিকেলে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের ছবির নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ।

উৎসবের ২১তম আসর শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর।
পাঁচ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ৯ সেপ্টেম্বর। উৎসবটির শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ ছাড়া থাকছে সিরিয়া, রাশিয়া, ইরান, মিশর, কিরগিজস্তান, তুর্কিরএবং চায়নাসহ বিভিন্ন দেশের মোট ১০ সিনেমা।

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিকের প্রথম নির্মাণ। উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরের শুরুর সময়ে রাশিয়ান প্রজাতন্ত্র তাতারস্তানের রাজধানী কাজান শহরে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের পোস্টার শেয়ার করেছেন তিনি।

সিনেমাটির পটভূমি নিয়ে নির্মাতা বলেন, ‘আমার বেড়ে ওঠা যশোরের ঝিকরগাছা এলাকায়। এই সিনেমা শৈশবে ফেলে আসা একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতির সমষ্টি। সিনেমাটি রুপকথার আদলে নিজের শৈশবের একটা জাক্সটাপজিশন বলা যেতে পারে।
সিনেমাটিতে যশোরের ল্যান্ডস্কেপ, সেখানের মানুষের জীবনযাত্রা এবং কমপ্লেক্স লেয়ার্ড ইমোশন তুলে আনা হয়েছে।’

ছবিটি প্রযোজনা প্রসঙ্গে যুবরাজ শামীম বলেন, ‘আমার আসলে সেই অর্থে কারো সঙ্গে যোগাযোগ নাই, কিংবা আমি নিজে থেকেই বিচ্ছিন্ন থাকি। তবু এরমধ্যেই সৌমিকের সঙ্গে আমার পরিচয় হয় এবং মোবাইল দিয়ে বানানো ওর কয়েকটা ছবি দেখে আমি বেশ মুভড্ হই এবং নিজে থেকেই ওর এই ছবিটি প্রযোজনায় আগ্রহী হই। ছবিটি কাজানে মনোনীত হওয়া নিঃসন্দেহে সৌমিকের জন্য দারুণ অনুপ্রেরণার।’

‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীমের দরবার শরীফ প্রযোজিত ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী মানিক দাস।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এস কে শাহরিয়ার হাবীব এবং এম ডি শাহীন হোসেন।

সিনেমার অভিনেতাসহ সকল কলাকুশলী নবাগত। সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট এবং মিনিমালিস্টিক এপ্রোচে তোলা হয়েছে এই সিনেমা। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামস। পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা এবং সম্পাদনার কাজ করেছেন নির্মাতা নিজেই।

মাদকের বিরুদ্ধে পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (১৮ জুন) দিবাগত রাতে পল্টনে মাদকবিরোধী অভিযানে গুলির ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

ঘটনার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল (বুধবার) আমাদের কাছে তথ্য ছিল, চট্টগ্রাম থেকে একটি গাড়ি আসছে, যেটার ভেতরে মাদক আছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি টিম ফকিরাপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

তিনি বলেন, এসময় একটি গাড়িকে থামার সিগন্যাল দিলে গাড়িটি সামনে এগিয়ে যায়।
প্রায় ৬০০ গজ সামনে যাওয়ার পর গাড়িটি থামানো হয়। গাড়ি থেকে একজন গুলি করলে আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার (এসি) আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কনস্টেবল ও এএসআই রয়েছে।

আহতদের শারীরিক অবস্থার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এএসআইর পেটে গুলি লেগেছে। তবে তার কোনো অর্গানে না লাগায় তিনি শঙ্কামুক্ত। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এরপর অপারেশন করে গুলিটা বের করা হবে। এ ছাড়া কনস্টেবলের পায়ে গুলি লেগেছে।
তাকে আজই রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলল উ. কোরিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানায়, এ হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাধিয়ে দিতে পারে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের এই সামরিক আগ্রাসন গুরুতর উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরো বলেন, ‘ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের নিহত হওয়া একটি ক্ষমার অযোগ্য মানবতাবিরোধী অপরাধ। এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, যা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়িয়ে তুলেছে।’

উত্তর কোরিয়া সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো যেন এই পরিস্থিতিতে আর হস্তক্ষেপ না করে।
মুখপাত্র বলেন, ‘আজকের এই ভয়াবহ পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো। এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের প্রধান দায়ী।’

তিনি আরো বলেন, ‘ইরানের বৈধ সার্বভৌম অধিকার ও আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগুনে ঘি ঢালছে। গোটা আন্তর্জাতিক সম্প্রদায় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
’

‘বিপর্যয়কর পর্বের দিকে যাচ্ছে পরিস্থিতি’

উত্তর কোরিয়ার এই বক্তব্য এসেছে এমন একসময়ে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে ‘ধৈর্যের সীমা শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেন। পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘নিয়ন্ত্রণহীন ও বিপর্যয়কর পর্বে’ ঠেলে দিচ্ছে।

এদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে এখনই তা কার্যকর করছেন না। তিনি চাচ্ছেন ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কি না, তা আগে দেখতে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণ’-এর দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে।

সূত্র : টিআরটি গ্লোবাল

ট্রাম্পকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের দিকে টেনে আনার চেষ্টা করছেন বলে দাবি করেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশন্স ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি।

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না, তা নিয়ে যখন বিশ্বের মানুষ উৎকণ্ঠায়, এমন সময় অ্যান্থনি স্কারামুচি বিবিসি নিউজনাইটকে এ কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে কোনো ধারাবাহিকতা বা নীতিভিত্তিক কৌশল নেই। তার সিদ্ধান্তগুলো কয়েক মুহূর্তের, কোনো কৌশলগত চিন্তা-ভাবনা ছাড়াই নেওয়া হয়।

স্কারামুচির দাবি, ট্রাম্পের মধ্যে ‘নিজেকে কঠোর ও শক্ত নেতা দেখানোর যে নিরাপত্তাহীনতার অনুভূতি আছে’, সেটাকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু। যেন ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায়।

ইরানে সরকার পতনের চেষ্টা বা ‘রেজিম চেঞ্জ’ নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার প্রসঙ্গে স্কারামুচি বলেন, ‘গত দুই দশকে আমরা কিছুই শিখিনি। আমার কাছে এটা পরিষ্কার না যে এ ধরনের পরিবর্তনের নেতৃত্ব মার্কিনিদেরই নেওয়া উচিত কি না।