বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

‘মুখ ফসকে’ ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিলেন মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে এক বিবৃতিতে মুখ ফসকে বলেছেন, ‘ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। পরে আবার তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যে ‘বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্যের সময় তিনি এই কথা বলেন। খবর আলজাজিরার

ঘটনাটি জাতিসংঘে মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যদিও রাষ্ট্রদূত শে দ্রুত ভুল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

বক্তব্যে শে মূলত ইরানকে দায়ী করছিলেন ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার জন্য। তবে একটি বাক্যে ভুল করে তিনি ইসরায়েলের দিকেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজ ভাষা সংশোধন করে বলেন, তার উদ্দেশ্য ছিল ‘ইরানকে দায়ী করা, ইসরায়েলকে নয়।’

তিনি আরো বলেন, ‘ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিতে সম্মত হতো, তাহলে আজকের এই সংঘাত এড়ানো যেত।

নতুন দায়িত্ব নেওয়া ড্রোন প্রধানকেও হত্যার দাবি ইসরায়েলের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত কমান্ডারের নাম আমিন পোর জোদখি। প্রায় এক সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করেছিল ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জোদখি বিপ্লবী গার্ডের দ্বিতীয় ইউএভি (ড্রোন) ব্রিগেডের দায়িত্বে ছিলেন বা এই ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন।
ইসরায়েলের দাবি, ১৩ জুন যে শীর্ষ ইউনিট কমান্ডারকে হত্যা করা হয়েছিল, তার পর থেকেই জোদখি আরো গুরুত্বপূর্ণ এবং উঁচু পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, ইরানের ড্রোন বা ইউএভি এই সংঘাতের একটি বড় উপাদান হয়ে উঠেছে, যদিও সামরিকভাবে সেগুলোর প্রভাব সীমিত। কারণ, অধিকাংশ ড্রোনই গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই ড্রোনগুলোর মোকাবেলায় বিপুল পরিমাণ প্রযুক্তি, জনবল ও সম্পদ খরচ করতে হচ্ছে, যা সামগ্রিকভাবে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করছে।

ইসরায়েলের এই দাবি ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত বা প্রত্যাখ্যান করা হয়নি। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : আলজাজিরা

শরীয়তপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিনকে ওএসডি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামীকাল রবিবারের মধ্যে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে, শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসির সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন।
ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ওই পোস্টে দাবি করা হয়—জেলা প্রশাসক ভিডিও ও ছবিগুলো নিজেই ধারণ করেছেন এবং ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন। পরে বিয়ে না করে উল্টো তাকে হুমকি দেন বলেও অভিযোগ তোলা হয়।

‘ইরাক আগ্রাসনের মতো মিথ্যা অজুহাতে ইসরায়েলের হামলা’

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা ‘মিথ্যা অজুহাতের’ ওপর ভিত্তি করে চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি এই হামলার তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সঙ্গে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাজেরানি বলেন, ‘ইরান বহুবার বলেছে—যদি পারমাণবিক অস্ত্রই মূল সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, সেসব তৈরির কোনো ইচ্ছা আমাদের নেই।’

তিনি আরো বলেন, ‘এই পথ তো আগেও বহুবার অনুসরণ করা হয়েছে।
ইরাক কি একই অজুহাতে আক্রান্ত হয়নি? আর এত বছর পরও কি সেখানে কোনো রাসায়নিক অস্ত্র খুঁজে পাওয়া গেছে?’

ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া ‘বৈধ আত্মরক্ষা’ বলে দাবি করেন তিনি। মোহাজেরানি বলেন, ‘গত ২০০ বছরে ইরান কখনও কোনো যুদ্ধ শুরু করেনি। আমরা যুদ্ধ শুরু করতে আগ্রহী নই এবং সচেতনভাবে তা এড়িয়ে চলি।’

ইরানি মুখপাত্র আরো বলেন, ‘আমরা এখন যে প্রতিক্রিয়া দেখছি, তা একটি বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ, যা আন্তর্জাতিক সব প্রটোকলে ইরানের অধিকার হিসেবেই স্বীকৃত।
’ বিশ্লেষকদের মতে, এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার পটভূমিতে ইরানের অবস্থানকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার কূটনৈতিক প্রচেষ্টা।

সূত্র : আলজাজিরা

আইআরসিজির বিদেশি শাখার কর্পস প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় ইরানি বিপ্লবী গার্ডের বিদেশি শাখা কুদস ফোর্সের একজন প্রবীণ কমান্ডারকে হত্যা করেছে সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আজ শনিবার এ খবর জানিয়েছে। নিহত ওই প্রবীণ কমান্ডারের নাম সাঈদ ইজাদি, যিনি কুদস ফোর্সের ফিলিস্তিন কর্পসের নেতৃত্ব দিয়েছিলেন।

এর আগে েজানা যায়, তেহরানের ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান বোমা হামলা চালিয়ে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
একই হামলায় দুইজন নিহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে কাটজ বলেন, ‘তিনি ৭ অক্টোবরের গণহত্যার আগে হামাসকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করেছিলেন’। তিনি আরো বলেন, ‘ইজাদির হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন, খুন ও অপহৃতদের জন্য ন্যায়বিচার। ইসরায়েলের লম্বা হাত তার সকল শত্রুদের কাছে পৌঁছাবে।
’

সূত্র : আলআরাবিয়া

সরকার নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে তো নির্বাচনের মধ্যে।
এটা ছাড়া তো সম্ভব না।

শনিবার (২১ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রোডম্যাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সময় হলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না।
আপনারা কেন রোডম্যাপ…, আমরা একটা কর্মপরিকল্পনা, এটাকে রোডম্যাপ বলবো না, আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিজ করতে হবে, সেগুলো কোনোটা কোনো সময় শুরু করব, কোনো সময় শেষ করব এটাকেই অনেকে রোডম্যাপ বলে, আমরা বলছি না। সেটা অবশ্যই আছে। যে কোনো অফিসের একটা কর্মপরিকল্পনা থাকবে। এত বড় একটা নির্বাচন হবে, একটা কর্মপরিকল্পনা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য।
নট ফর শেয়ারিং এভরিবডি যে আপনারা জানুন। এটা নিজস্ব, সংশোধন হতে পারে, এদিক-ওদিক হতে পারে। একটা সম্ভাব্য একটা কর্মপরিকল্পনা প্রথম থেকেই করেছি তো।

সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের ডেট যথাসময়ে জানতে পারবেন।
আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করব। সরকারের সঙ্গে এ জন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নেই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।

নিজ বাসা থেকে পাকিস্তানি অভিনেত্রীর গলিত মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে পাকিস্তানের প্রখ্যাত টেলিভিশন অভিনেত্রী আয়েশা খানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পাকিস্তানের করাচির গুলশান-ই-ইকবাল ব্লকের নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগেই তিনি মারা গেছেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৭।
খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পুলিশ জানিয়েছে, আয়েশা খান কয়েক বছর ধরে একা থাকতেন। সামাজিক অনুষ্ঠানও এড়িয়ে চলতেন। তার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কেউ দরজা খোলেনি। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে গেলে অভিনেত্রীর পচা–গলা দেহ দেখতে পায়।

১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদনজগতের একটি সুপরিচিত নাম ছিলেন। তিনি ‘অরুসা’, ‘আফসান’, ‘শাম সে পেহলে’, এবং ‘ফ্যামিলি ৯৩’-এর মতো জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

এই দুঃখজনক খবরটি বৃহস্পতিবার অভিনেতা খালেদ আনাম তার ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেন। তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিংবদন্তি পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খান ইন্তেকাল করেছেন।’

পাকিস্তান আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট আহমেদ শাহ বলেন, ‘আয়েশা খানের প্রয়াণ দেশের নাট্যজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দাপট রয়েছে তাণ্ডবের, নেমে গেছে একাধিক ছবি

ঈদের মাত্র দুই সপ্তাহ পার হলো। অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ সিনেমার বাজার। এরই মধ্যে তেজ কমে এসেছে ঈদের ছবিগুলোর। একাধিক ছবি নেমে গেছে হল থেকে।
‘তাণ্ডব’ ও ‘উৎসব’ বাদে বাকিগুলোর অবস্থাও নাজুক। তৃতীয় সপ্তাহে এসেও সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রাখছেন শাকিব খান। রায়হান রাফীর ‘তাণ্ডব’ শুরু থেকেই চলছে বেশ। তবে শুরুতেই হোঁচট খায় আলোক হাসানের টগর।
মুক্তির দুদিন পরই মাল্টিপ্লেক্স থেকে নেমে যায় ছবিটি। সিঙ্গেল স্ক্রিনেও সুবিধা করতে পারেনি আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এ ছবি।

শুরুতে ‘তাণ্ডব’-এর পর এগিয়ে ছিল সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। দ্বিতীয় সপ্তাহে এটিও পিছিয়ে পড়ে।
আর এ সপ্তাহে তো অবস্থা বেগতিক। মিঠু খানের ‘নীলচক্র’ দিয়ে পর্দায় ফিরেছেন আরিফিন শুভ। সম্ভাবনা ও ঝুঁকি, দুটোই ছিল। শেষ পর্যন্ত ঝুঁকিটাই বাস্তব হয়েছে। তৃতীয় সপ্তাহে এসে ছবিটির হল ও শোসংখ্যা তলানিতে।
নেমে গেছে বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকেও। এ ছাড়া সানী সানোয়ারের ‘এশা মার্ডার-কর্মফল’ ছবিটি টুকটাক প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহে আলো ছড়াতে পারেনি। এটিও নেমে গেছে একাধিক মাল্টিপ্লেক্স থেকে।

গতকাল শুরু হয়েছে ঈদের ছবির তৃতীয় সপ্তাহ। এ সপ্তাহেও হল ও শোসংখ্যায় বেশ এগিয়ে ‘তাণ্ডব’। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ৪০টি শো চলছে ছবিটির। যদিও গত সপ্তাহে অঙ্কটা ছিল ৪৬। অর্থাৎ কমেছে। শো কমেছে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসেও। এ দুটি মাল্টিপ্লেক্সে গত সপ্তাহে ‘তাণ্ডব’-এর শো ছিল যথাক্রমে ৯টি ও ১৩টি। এ সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ছয়টি ও আটটিতে। তবে শো কমলেও সেগুলোতে দর্শকের সমাগম হচ্ছে। সিনেপ্লেক্সে ছবিটির গতকালের শোগুলো প্রায় হাউসফুল ছিল।

চমকপ্রদভাবে ঈদের ছবি হিসেবে এগিয়ে গেছে তানিম নূরের ‘উৎসব’। ঈদের সবচেয়ে প্রশংসিত ছবিও এটি। শোবিজের তারকা থেকে সাধারণ দর্শক, সবাই ছবিটির প্রশংসা করছেন। এর ফলে ‘উৎসব’-এর শো বেড়েছে হুহু করে। গত সপ্তাহে সিনেপ্লেক্সে ছবিটির শো ছিল ১৩টি; এ সপ্তাহে বেড়ে হয়েছে ১৯টি। ব্লকবাস্টার সিনেমাসে চলছে প্রতিদিন চার শো এবং লায়ন সিনেমাসে দুটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “দ্বিতীয় সপ্তাহ বেশ ভালো গেছে। তৃতীয় সপ্তাহের শুরুটাও ভালো। দর্শক আসছেন, ছবি এনজয় করছেন। বিশেষ করে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ ভালো যাচ্ছে। বাকি ছবিগুলোর দর্শক হচ্ছে না তেমন। তবু কিছু শো রেখেছি। ‘উৎসব’-এর দর্শক প্রতিনিয়ত বাড়ছে। আমাদের প্রত্যাশা এ ধারা আরো কিছুদিন থাকবে। অন্তত চতুর্থ ও পঞ্চম সপ্তাহ পর্যন্ত ছবি দুটির চাহিদা ভালো থাকবে।”

সিঙ্গেল স্ক্রিনে ছবিগুলোর অবস্থা আরো বেগতিক। দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ ‘মণিহার’-এ দর্শক হচ্ছে না বললেই চলে। হলটির বুকিং ম্যানেজার আলী আকবর সোহাগ বলেন, “আমরা ‘তাণ্ডব’ চালাচ্ছি। খুব খারাপ অবস্থা। ছবিটা পাইরেসি হয়ে গেছে তো। একেবারে ঝকঝকে প্রিন্ট ছড়িয়ে গেছে চারদিকে। এ কারণে দর্শক একেবারেই হচ্ছে না। শুধু আমাদের এখানে না, পুরো দেশে একই অবস্থা। আমরা তো খবরাখবর রাখি। আমরা ছবিটা নামিয়ে দিতাম। কিন্তু এ সপ্তাহে নতুন ছবি দিচ্ছে না সার্ভার কর্তৃপক্ষ [জাজ মাল্টিমিডিয়া]। কারণ পাইরেসির দায় কেউ কেউ জাজকে দিচ্ছে। কিন্তু তারা কেন এটা করবে? এটা তো তাদের ব্যবসা। পাইরেসি হলে তো নিজেদেরই ক্ষতি। এ জন্য এ সপ্তাহেও ‘তাণ্ডব’ চালাতে হচ্ছে আমাদের। আগামী সপ্তাহে ‘উৎসব’ চালাব। সঙ্গে আরো একটি ছবিও নেব, ওটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।”

পুরান ঢাকার লায়ন সিনেমাসেও দর্শক কমে গেছে। সে কারণে প্রতিটি ছবির শো কমিয়ে আনা হয়েছে। তবে এ সপ্তাহের সেলরিপোর্ট দিতে পারেননি হলটির কর্ণধার মির্জা আব্দুল খালেক। পারিবারিক ব্যস্ততায় তিনি দু-তিন দিন ধরে টিকিট বিক্রির খবর নিতে পারেননি বলে জানান।

দেশের বাজারে ঈদের ছবির আঁচ কমে এলেও বিদেশে খুলছে দুয়ার। যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রেক্ষাগৃহে এ সপ্তাহেও চলছে ‘তাণ্ডব’। অন্যদিকে ‘উৎসব’-এর আমেজ আরো বেশি। গতকাল যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। যা দেশের চেয়েও ঢের বেশি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসী দর্শকও ছবিটি সাদরে গ্রহণ করবে।

হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ

হজযাত্রীর কোটা না বাড়িয়ে এক হাজারই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন তিনি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি সরকারের পক্ষ হতে গত বছরই জানানো হয়েছে, ২০২৬ সালে হজে এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা হবে দুই হাজার জন।
তবে হজযাত্রীর কোটা না বাড়িয়ে এক হাজারই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা।

২০২৫ সালে সুশৃঙ্খল ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি এ বছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে অননুমোদিত হজ পালন বন্ধকরণ, হাজীদের যথাসময়ে নুসুক কার্ড সরবরাহ, মাসায়ের এলাকায় ঝামেলাহীন পরিবহন সেবা ও নিবিড় স্বাস্থ্যসেবা প্রদান এবং মৃত্যুহার হ্রাসে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ধর্ম উপদেষ্টা ২০২৬ সালের হজ ব্যবস্থাপনাকে সহজ ও মসৃণ করার ক্ষেত্রে কতিপয় পর্যবেক্ষণ তুলে ধরেন।
তিনি নুসুক মাসার ড্যাশবোর্ডকে তথ্যসমৃদ্ধ করা এবং এ তথ্য পরিবীক্ষণ ও যাচাইয়ের ব্যবস্থা রাখার অনুরোধ জানান। তিনি মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে হাজিদের লাগেজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরএফআইডি ট্র্যাকিং সিস্টেম চালু করা, মাসায়ের এলাকায় টয়লেট সুবিধা বৃদ্ধি ও পানির সরবরাহ নিশ্চিত করা এবং মিনা ও আরাফার তাঁবুতে বেডের সাইজ বাড়ানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করেন।

এছাড়া হজের আবশ্যিক খরচ অগ্রিম ঘোষণা দেওয়া এবং হজযাত্রী পরিবহনে দুই দেশের জাতীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি তৃতীয় ক্যারিয়ার চালু করার বিষয়ে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

ডেপুটি মিনিস্টার ড. আল হাসান বাংলাদেশের পর্যবেক্ষণ ও সুপারিশগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তা বিবেচনার আশ্বাস দেন।
তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও রোডম্যাপ অনুসারে সব কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ জানান।

এসময় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন ও সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইরান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান।

ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তার চিঠিতে গ্রোসির ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে দৃষ্টিভঙ্গি এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা করে এই অভিযোগ দায়ের করেছেন। আধা-সরকারি ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে বলে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বৃহস্পতিবার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সময় ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগে গ্রোসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর এই অভিযোগটি করেন।
এদিকে ইসরায়েল ইরানের আরাক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

ফার্সের মতে, ‘এই নিষ্ক্রিয়তা অবিলম্বে বন্ধ করে এবং আন্তর্জাতিক নিয়ম-নীতির পরিপন্থী ইহুদিবাদী সরকারের এই পদক্ষেপের নিন্দা করে আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করা প্রয়োজন।’

তিনি আরো যোগ করেছেন, ‘ইরান বিশেষ করে আপনার মহামান্য কর্তৃক গৃহীত নিষ্ক্রিয়তার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’ আইএইএ প্রধান বৃহস্পতিবার পরে বলেন, সংস্থাটি ইরানে সংস্থাটি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন চালিয়ে যাচ্ছে।

সূত্র : সিএনএন