বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মৌসুমী, ফারিয়া-সাবিলা নূরদের ব্যাংক হিসাব জব্দ

কর ফাঁকি দেওয়ার কারণে বেশ কয়েকজন তারকা শিল্পীদের ব্যাংক হিসাব জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় আছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর।

মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে- এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।
’

কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার জনাব কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় উপরোল্লেখিত নাম ছাড়াও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশাও।

‘মি টু’ আন্দোলনের বলি হয়েছিলাম: জনি ডেপ

জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় নিয়ে হলিউড তারকা জনি ডেপ আবার মুখ খুলেছেন। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলার পর ক্যারিয়ারে কী প্রভাব পড়েছে, তা নিয়ে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন এই অভিনেতা।

সেখানে তিনি দাবি করেন, যৌন হয়রানি, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নারীদের সামাজিক আন্দোলন ‘মি টু’র ভুল টার্গেট হয়েছিলেন।

৬২ বছর বয়সী ডেপ বলেছেন, ‘আমি ছিলাম ‘মি টু’ আন্দোলনের পরীক্ষামূলক বলি।
এটা হার্ভে ওয়াইনস্টিন কাণ্ডেরও আগে। আমি সবকিছু নিজের কাঁধে তুলে নিয়েছিলাম।”

ডেপ অভিযোগ করেছেন, হলিউডের এমন অনেক মানুষ, যাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার কঠিন সময় পাশে না দাঁড়িয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ‘তিনজনের কথা মনে পড়ছে যারা আমার সন্তানদের জন্মদিনে উপস্থিত ছিলেন, বাচ্চাদের কাঁধে করে খেলাচ্ছিলেন।
অথচ পরে তারাই আমার পেছনে ছুরি মেরেছেন। ওদের ভয় ছিল সঠিক সিদ্ধান্ত নেওয়ার’- বলেন অভিনেতা।

জনি ডেপ জানান, তিনি তিন দশক ধরে একজন এজেন্টের সঙ্গে কাজ করেছেন। সেই এজেন্ট পরে আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
এভাবে মানুষের বদলে যাওয়া দেখে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তবে তিনি আশা হারাননি। সত্যের জয় হবে সেই প্রত্যাশাই তাকে মানসিকভাবে শক্তিশালী রেখেছিল। তিনি বিশ্বাস করতেন, সারা দুনিয়াও যদি মিথ্যেকে সত্য বলতে চায় তবে সেটা কখনো হবে না।

তার ভাষায়, ‘ওদের চোখে আমি ‘কঠিন’ ছিলাম।
সেটা কোনো বিচার নয় বরং তারা সামনাসামনি গালি না দিয়ে পেছনে কথা বলে, বিশ্বাসঘাতকতা করে, তাকে ধ্বংস করেছে। তারা শুধু অর্থ চায়।’

ডেপ আরও বলেন, ‘আমি এমন মানুষ, যার প্রতি বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো নয়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি কারা নিজের সুবিধার জন্য নিরাপদ খেলেছে, কারা মুখে কিছু আর কাজে অন্য কিছু করেছে।’

২০১৭ সালে ডিভোর্সের পর অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন। পরে ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টে একটি মতামত কলামে ‘পারিবারিক সহিংসতার শিকার একজন নারী’ হিসেবে নিজেকে তুলে ধরেন হার্ড। যদিও সেখানে জনি ডেপের নাম উল্লেখ ছিল না।

এই লেখার পরিপ্রেক্ষিতে ২০২২ সালে ডেপ ভার্জিনিয়ার একটি আদালতে মানহানির মামলা করেন। বিচারক ডেপের পক্ষে রায় দেন, যদিও হার্ডের পাল্টা অভিযোগের একটি অংশে তিনিও ক্ষতিপূরণ পান। পরে দুইজনই একে অন্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে সমঝোতায় পৌঁছান। হার্ড জনি ডেপকে ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দেন।

আদালতের রায়ের পর ডেপ বলেছিলেন, ‘জুরি আমার জীবন ফিরিয়ে দিয়েছে। সত্য বলা ছিল আমার দায়িত্ব। আমার সন্তানদের জন্য আমি লড়তে চেয়েছি যারা বরাবর আমার পাশে থেকেছে।’

এদিকে অ্যাম্বার হার্ড বলেছিলেন, ‘এত প্রমাণ থাকার পরও সত্য প্রতিষ্ঠিত হয়নি। এটাই হৃদয়ভাঙার মতো ব্যাপার। রায়টি নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে যে সচেতনতা তৈরি হচ্ছিল, সেটিকে পেছনে ঠেলে দিয়েছে।’ আক

উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পূর্বঘোষণা অনুযায়ী আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হতে পারে। অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাস করা হবে।
তার আগে অর্থবিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অর্থবিভাগ সূত্র জানায়, আজ সকালে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট পাস হওয়ার অধ্যাদেশ জারি করা হবে।

নিয়ম অনুযায়ী, নতুন এই বাজেট কার্যকর করা হবে ১ জুলাই থেকে। প্রতিবছর বাজেট নিয়ে সংসদে তুমুল তর্কবিতর্ক হয় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে।
এখন সংসদ কার্যকর নেই। তাই এ নিয়ে কোনো আলোচনাও নেই।

গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা।
যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের তেমন কোনো বিশদ পরিকল্পনার উল্লেখ নেই প্রস্তাবিত বাজেটে। এই বাজেটের মাধ্যমে দেশের মানুষের জীবনমানের তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

হজ শেষে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি

হজপালন শেষে সৌদি আরব থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩৭ হাজার ৯৪৪ জন হাজি।

রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১০৯টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৫৪৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৩২৫ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন।
এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

আগামী ঈদে ‘ইনসাফ ২’

কোরবানির ঈদে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম। ক্যামিও চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও। ‘ইনসাফ’-এ নির্মাতা আঁচ দিয়েছিলেন দ্বিতীয় কিস্তি আসবে।
সেই কিস্তিতে চঞ্চলের চরিত্রটি হবে বিস্তৃত।

গতকাল সঞ্জয় জানালেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে ‘ইনসাফ ২’-এর। এখন চলছে পাণ্ডুলিপি লেখার কাজ। আগেরটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার।
প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। এখনই সঞ্জয় তাঁর নাম প্রকাশ্যে আনতে চান না।

সঞ্জয় বলেন, “এবারের গল্পটি আরো বড় পরিসরে হবে।
২০ টাকার ডাক্তার শমশের তথা মোশাররফ করিম ভাইয়ের চরিত্রটি ‘ইনসাফ’-এর প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।”

প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও আগামী বছর কোরবানির ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান সঞ্জয়।
তিনি বলেন, ‘এবারের পর্বের বাজেট আরো বেশি। ফলে ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজ সংকেত দিয়েছে আগেই। আমিও কাজ শুরু করেছি। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব। প্রথম পর্ব যেভাবে দর্শক গ্রহণ করেছে, আশা করছি, পরের পর্বও সবার ভালো লাগবে।’

ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে।

শনিবার রাতে (স্থানীয় সময়) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে।

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি বিশ্ববাসীকে বলতে পারি—ইরানে চালানো হামলাটি ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য।’

তিনি আরো বলেন, ‘এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। সন্ত্রাসে মদদদাতা হিসেবে পরিচিত বিশ্বের এক নম্বর দেশের পারমাণবিক হুমকি আমরা আর মেনে নেব না।’

সূত্র : আলজাজিরা

ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প জানান, ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সব বিমান ইতিমধ্যে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। তিনি এটিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য “একটি ঐতিহাসিক মুহূর্ত” বলে উল্লেখ করেছেন।

স্টেলথ বোমারু বিমানের অংশগ্রহণ
রয়টার্সের বরাতে জানা গেছে, হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই অপারেশন পূর্ব-পরিকল্পিত ও নির্ভুলভাবে পরিচালিত হয়।

ট্রাম্প একটি ওপেন-সোর্স গোয়েন্দা একাউন্ট থেকে একটি পোস্টও শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, ‘শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।’ আল জাজিরাও এ তথ্য নিশ্চিত করেছে।
ঘোষণায় ট্রাম্প আরও জানান, তিনি ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় অনুযায়ী ভাষণটি প্রচারিত হবে রবিবার সকাল ৮টায়।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান। খবর বিবিসির।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে- শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।
আলজাজিরা।

ট্রাম্প জানিয়েছেন, আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

শচীন-কোহলিদের ভবিষ্যৎ জয়সওয়াল এক জায়গায় ছাড়িয়ে গেলেন দুজনকেই

বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন—এই তিন কিংবদন্তি মিলে ভারতের হয়ে খেলেছেন ২৯৬টি টেস্ট। জমা করেছেন অসংখ্য রান ও উইকেট। তাদের বিদায়ের পর অনেকেই মনে করেছিলেন টেস্ট ক্রিকেটে হয়তো ভারতের দাপট আর টিকবে না। মনে হয়েছিল, তাদের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে এক গৌরবময় অধ্যায়।

কিন্তু সেই শূন্যতা যেন বেশিদিন স্থায়ী হয়নি। ভারতের নতুন প্রজন্ম যেন ঝড়ের গতিতে সেই জায়গা পূরণ করে দিচ্ছে। শুধু পূরণই করছে না, বরং গড়ে তুলছে আরো মজবুত এক ভিত্তি।

এই যে ধরুন জয়সওয়াল।
২৩ বছর বয়সী এই ব্যাটার এখন ইংল্যান্ডের বোলারদের কাছে এক আতঙ্কের নাম। গত বছর ভারতের মাটিতে ‘আর্থার ডি মেলো ট্রফি’তে ৭১২ রান করে তিনি কার্যত বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারে। এবার ইংল্যান্ডের মাটিতেও থামেননি। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টেই ১৫৯ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি (১০১) হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন শুধুই ভবিষ্যৎ নন—ভারতের বর্তমানও।

জয়সওয়ালের ঝলক এখানেই শেষ নয়। শুধু এটুকুই নয়, জয়সওয়াল এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অভিষেক ইনিংসেই সেঞ্চুরি করে দেখিয়েছেন। মাত্র ২০ টেস্টেই সংগ্রহ ১,৮৯৯ রান, ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তুলনায়, এই জায়গায় কোহলির ছিল ১১টি আর শচীন টেন্ডুলকারের ৮টি।

নতুন অধিনায়ক শুবমান গিলও কম যান না।
ইংল্যান্ডের মাটিতে নেতৃত্বের অভিষেকেই খেলেছেন ১৭৫ বলের এক অনবদ্য শতক, যা কেবল রান নয়—ছিলো পরিণত ধৈর্যের প্রতিচ্ছবি। সেই ইনিংসে ধরা পড়ে একজন ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি অধিনায়কের ছায়া।

পন্ত, বুমরাহ ও রাহুলরা এখনো নামেননি। তবুও হেডিংলিতে ভারতের দাপট প্রমাণ করে, কোহলি-রোহিতদের বিদায়ের পর যে প্রজন্ম উঠে এসেছে, তারা কেবল উত্তরসূরি নয়—তারা নতুন যুগের নির্মাতা। ভারতীয় টেস্ট ক্রিকেট এখন নতুন করে স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নের কান্ডারি একদল তরুণ।

ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষোভ, সুর পাল্টালেন তুলসী গ্যাবার্ড

ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এ সম্পর্কিত তথ্যও যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড।

তবে এই মন্তব্যের ঠিক বিপরীতে গত মার্চে কংগ্রেসে গ্যাবার্ড বলেছিলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ২০০৩ সালে যে কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছিলেন, সেটি এখনো সক্রিয়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। মার্কিন গোয়েন্দারা এই মূল্যায়ন এখনো যাচাই করছে।

এদিকে তুলসীর এই নতুন মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইবার বলেছেন, গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ট্রাম্প প্রকাশ্যে তুলসী গ্যাবার্ডের মূল্যায়নকে ‘ভুল’ বলে আখ্যা দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই গ্যাবার্ড পাল্টা অভিযোগ করে বলেন, সংবাদমাধ্যমগুলো ইচ্ছাকৃতভাবে তার বক্তব্য বিকৃত করেছে এবং ট্রাম্পের সঙ্গে তার বিভাজন তৈরি করতে চায়।

তুলসী গ্যাবার্ড এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘অসৎ মিডিয়া আমার বক্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করেছে এবং বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে দিচ্ছে।’ এরপরেই তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ইরান কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে যথেষ্ট স্পষ্ট যে এটা ঘটতে দেওয়া যাবে না।’

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণে দেখা গেছে—ইরান সম্ভবত এখনো তিন বছর দূরে রয়েছে পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা অর্জন থেকে।
এই মূল্যায়নের সঙ্গে পরিচিত চারজনের সূত্র এ তথ্য জানায়।

তুলসী গ্যাবার্ড দ্রুত বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেও এই বিতর্ক ভবিষ্যতে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে। গ্যাবার্ড-ট্রাম্প মন্তব্য-দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতর ইরান সংক্রান্ত নীতিগত মতবিরোধকেই প্রকাশ্যে নিয়ে এসেছে।

এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গত সপ্তাহে জানিয়েছে, ইরান এত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা ব্যবহার করে প্রায় ৯টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সংস্থাটি এটিকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ হিসেবে উল্লেখ করে বলেছে, ইরান অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। তবে এর চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে—কার্যকর একটি ডেলিভারি সিস্টেম (যেমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা) তৈরি করা, যাতে অনেক বেশি সময় ও প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন।

সূত্র : বিবিসি, সিএনএন