বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

আজ সোমবার একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি (আইইসি) এক বিবৃতিতে জানায়, এই হামলা একটি কৌশলগত অবকাঠামোর নিকটবর্তী স্থানে আঘাত হানে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়ে।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে প্রায় ৮ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই, তবে আগামী তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। বিদ্যুৎ কম্পানিটি আরো জানায়, অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কারের জন্য তাদের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে ইরানের দিক থেকে আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার আইডিএফ জানায়, তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য কাজ করছে এবং নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে ঢুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং ইসরায়েল-ইরান দ্বন্দ্ব এখন শুধু সামরিক পরিসরেই নয়, অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের জীবনেও সরাসরি প্রভাব ফেলছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে তাদের কাছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে ইসরায়েলি পুলিশ।
একই সঙ্গে ওই এলাকাগুলো সুরক্ষিত করার জন্য কর্মকর্তারা এবং বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

সূত্র : সিএনএন

‘জুয়াড়ি ট্রাম্প, আপনি যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু শেষ করব আমরা’

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে ইসরায়েল-ইরান যুদ্ধ প্রবেশ করেছে ১১তম দিনে। একদিকে ইসরায়েল নতুন করে ইরানের রাজধানীসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, অন্যদিকে ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ‘মারাত্মক ফলের’ হুঁশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল আবদুর রহিম মুসাভি যুক্তরাষ্ট্রকে এক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা কখনোই পিছিয়ে যাব না।
’

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুসাভি বলেন, ‘অপরাধী আমেরিকা ইসলামের যোদ্ধাদের সামনে যুদ্ধের দরজা খুলে দিয়েছে। তারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আমাদের পবিত্র ভূমিতে হস্তক্ষেপ করেছে। এর জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সময় প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত এবং আমরা এক ইঞ্চিও পিছু হটব না।’

এই বার্তাটি সোমবার ইরানের সামরিক নেতৃত্বের একাধিক হুঁশিয়ারির সর্বশেষ সংযোজন।
যদিও এখনো পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

‘গ্যাম্বলার ট্রাম্প, আপনি যুদ্ধ শুরু করতে পারেন—শেষ করব আমরা’

সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় আরও হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হবে শক্তিশালী, নির্ভুল এবং ভয়ানক। এতে শত্রু কেবল অনুতপ্তই হবে না, বরং এমন ফল ভোগ করবে যা তারা কল্পনাও করতে পারবে না।’

জোলফাকারি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই হামলা শুধু ব্যর্থই হয়নি, বরং এটি আমাদের বৈধ এবং বৈচিত্র্যময় টার্গেটের পরিসর আরো প্রসারিত করেছে এবং যুদ্ধকে গোটা অঞ্চলে বিস্তৃত করার ক্ষেত্র তৈরি করেছে।
’

এরপর ইংরেজিতে বলেন, ‘গ্যাম্বলার ট্রাম্প, তুমি এই যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু শেষ করব আমরা।’ এই বার্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস ও মেহর দ্বারা ব্যাপকভাবে প্রচারিত হয়।

এই হুঁশিয়ারিগুলো এমন একসময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়ে একাধিক পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তীব্র প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই বক্তব্য শুধু হুমকি নয়, বরং অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি স্পষ্ট বার্তা।
এখন সবার দৃষ্টি খামেনির দিকেই, যিনি সিদ্ধান্ত নেবেন, ইরান এই উত্তেজনা মোকাবেলায় কোন পথে এগোবে—পূর্ণ প্রতিশোধ নাকি কৌশলগত সংযম।

সর্বশেষ যা যা ঘটল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ২০টি ইসরায়েলি যুদ্ধবিমান গতকাল রবিবার রাতে ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ শহর ও রাজধানী তেহরানে একযোগে হামলা চালায়। লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্র, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং সামরিক রাডার ঘাঁটি।

আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রস্তুত করা বেশ কিছু ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ এ ছাড়া ইরানের ছয়টি বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে, যেখানে ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল।

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফলে তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। রাতভর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানায় আইডিএফ।

তেলের বাজারে উত্তেজনা

এখনও পর্যন্ত বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় কোনো বিঘ্ন না ঘটলেও, হামলার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফলে তেলের দাম এক লাফে প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল, যা বিশ্ব সরবরাহের প্রায় ২০ শতাংশ, পরিবাহিত হয়।

রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত বৈঠক

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রবিবার মস্কো পৌঁছেছেন এবং সোমবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। বৈঠকে ইরান-রাশিয়ার হুমকি ও প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করে বলেছে, ‘এটি একেবারে দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।’

উল্লেখ্য, জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ সই করেছে, যার মাধ্যমে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি হয়। সার্বিকভাবে, ইরান-ইসরায়েল সংঘাত এখন একটি বহুমুখী যুদ্ধের রূপ নিচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়াও সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইরান কেমন প্রতিক্রিয়া দেখাবে, সেটিই এখন পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়। ইরানের বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।

সূত্র : সিএনএন

কিয়েভে রুশ হামলায় নিহত অন্তত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও আরো অনেক আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকোর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযো মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাইমেনকো জানান, বসতবাড়ি, হাসপাতাল, ক্রীড়া অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, নিহতদের মধ্যে অন্তত ছয়জন একটি বহুতল ভবনে মারা গেছে। এ ছাড়া শহরে আরো ১৯ জন আহত হয়েছে।

পাশাপাশি ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সর্বশেষ এই হামলায় ৩৫২টি রুশ ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া হয়, যার বেশির ভাগই কিয়েভ অঞ্চল লক্ষ্য করে ছিল।

হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ ধ্বংসস্তূপের মধ্য থেকে হতভম্ব বাসিন্দাদের বের করে আনার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, জ্বলন্ত একটি ধ্বংসপ্রাপ্ত বহুতল ভবনের ভেতর থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে।

এ ছাড়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় একটি পাতাল রেলস্টেশনের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ পুরো রাত কাটিয়েছেন এসব স্টেশনে আশ্রয় নিয়ে।

প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। এর আগে গত মঙ্গলবার রাতের আরেকটি রুশ হামলায় কিয়েভে অন্তত ২৮ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে এটি অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার লন্ডনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

আরো এক মোসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে বন্দিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

শায়েস্তেহকে ২০২৩ সালের শেষের দিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাসনিম তাকে ‘মোসাদের সঙ্গে সংযুক্ত একটি সাইবার-টিমের প্রধান’ হিসেবে বর্ণনা করেছিলেন। ইসরায়েলকে ‘গোয়েন্দা সহযোগিতা’ দেওয়ার অভিযোগে ইরান তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
ইরানের বিচার বিভাগ বিষয়ক সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, ‘তিনি সজ্ঞানে ইহুদি রাষ্ট্রের সন্ত্রাসী-গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন।’

বিচার বিভাগ আরো দাবি করেছে, মাহদাভি শায়েস্তেহ ছিলেন ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর ভার্চুয়াল সহযোগী। এর আগে গতকাল রবিবার আরেকজন ব্যক্তি মজিদ মোসাইবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইসফাহান আদালতে ‘বিদেশি শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির মাধ্যমে যুদ্ধ ও বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগে দোষী সাব্যস্ত করে সঙ্গে সঙ্গেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র : বিবিসি বাংলা, টাইমস অব ইসরায়েল

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৯২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯২ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১২৬ জন।

সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৩৪ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে আট হাজার ১৫০ জন, যার মধ্যে চার হাজার ৮০৮ জন পুরুষ ও তিন হাজার ৩৪১ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলে ১,০০,০৪০ জন।

শব্দদূষণ বিধিমালা পরিবর্তন করে ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে : রিজওয়ানা

শব্দদূষণ বিধিমালা পরিবর্তন করে ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পে যেভাবে করে কাজটা হয়েছিল যদি সাধারণভাবেও বিচার করি খুব একটা কার্যকর কিছু আমরা করতে পারিনি। ফলে আমরা নতুন করে ওই প্রকল্পটাকে ঢেলে সাজাচ্ছি।
যেখানে আমরা বিআরটিএ এগিয়ে আসবে এবং বিআরটিএ পুলিশ বাহিনী তারা চালকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এবং আমরা শব্দদূষণ বিধিমালাটা পরিবর্তন করে পুলিশকে ক্ষমতা দিচ্ছি।’

তিনি বলেন, ‘এত বছরের অভ্যাস আপনি এক দিনে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এনফোর্সমেন্টটা যাতে শুরু হয়, একই সঙ্গে আপনারা দেখেছেন যে আমরা বিমানবন্দর এলাকায় এবং সচিবালয় এলাকায় ১০ দিন ক্যাম্পেইন করেছিলাম।
এ রকম ক্যাম্পেইন কাজগুলো আমরা অব্যাহত রাখব।’

পলিথিন ও প্লাস্টিক নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটর করছে এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নেই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে। এখন আমাদের কাঁচাবাজারের একটা চ্যালেঞ্জ আছে।
আমাদের নিজেদের অভ্যাসের একটা চ্যালেঞ্জ আছে। আমরাও যখন বাড়ি থেকে বাজারে যাই তখন ব্যাগটা সঙ্গে করে নিয়ে যাই না। কারণ বাজারে গিয়ে প্লাস্টিক পেয়ে যাই। এখন এই পলিথিন শপিং ব্যাগের জন্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে।
এতে আমাদের পাটকলগুলোও চালু হবে। একই সঙ্গে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এতে অভ্যাসে কিছু পরিবর্তন আনা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’

জুলাই অভ্যুত্থানে স্কাউট সদস্যের আত্মাহুতি, এ নজির বিশ্বে বিরল : প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশের স্কাউট সদস্যদের অংশগ্রহণ গৌরব ও অহংকারের বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এটি সারাবিশ্বের স্কাউটসের জন্য বিশেষ গৌরবের।

তিনি বলেন, স্কাউট সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তাদের এই আত্মাহুতি। বিশ্ব স্কাউটসের ইতিহাসে এ নজির আর নেই।
বাংলাদেশের যে স্কাউট সদস্যরা জীবন দিয়ে এই ইতিহাস সৃষ্টি করেছেন, তাদেরকে তিনি অভিনন্দন জানান।

সোমবার (২৩ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস ১৯৫৫ সালে কানাডায় গ্লোবাল স্কাউটস জাম্বুরিতে অংশগ্রহণের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরে বলেন,‘শৈশব ও কিশোর বয়সে স্কাউটস আমার আদর্শিক পোশাকে পরিণত হয়েছিল। ৬ষ্ঠ শ্রেণি থেকে এই যাত্রা আমার শুরু।
তা আর থামেনি।স্কাউটিংয়ের সুবাদে কানাডা, ইউরোপসহ পৃথিবীর বহু দেশ দেখার সুযোগ হয়েছে। অন্য দেশের মানুষ সম্পর্কে জেনেছি।’

স্কাউটিংয়ের ব্যবহারিক দিক ও সৃজনশীলতা তাকে খুব আকর্ষণ করতো উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে নতুন কিছু করার সুযোগ থাকে।
নতুন কিছু করার সুযোগের কারণে আনন্দ পেতাম। প্রতিযোগিতা করারও সুযোগ রয়েছে এখানে।’

বর্তমান স্কাউটিং কর্মসূচিতে বিশ্বভ্রমণের সুযোগ রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান স্কাউটিংয়ে পৃথিবীকে দেখার, অন্য দেশের মানুষকে চেনার এবং তাদের ভাষা জানার সুযোগ রাখতে হবে। বিশ্ব নাগরিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ যেন থাকে। এর মাধ্যমে একজন কিশোর নিজেকে আবিষ্কার করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

কিশোর বয়সে দুনিয়াকে দেখা এবং ভিন দেশের মানুষ সম্পর্কে জানা প্রতিটি মানুষের জীবনে অতি মূল্যবান বলে তিনি উল্লেখ করেন।

স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘স্কাউটিং তোমার জীবনে একটা বড় দরজা খুলে দিয়েছে। এখন তোমার দায়িত্ব হলো অন্যের জন্য দরজা খুলে দেওয়া। অন্যের দরজা তোমাকে খুলতে হবে, যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসেছো তাই এই দায়িত্ব তোমাকে নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে শহীদ হওয়া আট স্কাউট সদস্যের পরিবারের হাতে গ্যালানট্রি অ্যাওয়ার্ড তুলে দেন। এছাড়া তিনি স্কাউটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন।

ইরানে মার্কিন হামলা সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন : উ. কোরিয়া

উত্তর কোরিয়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার শক্তভাবে নিন্দা জানিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার দেশটি জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক অধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মূল কারণ, যা জেরুজালেমের নিরন্তর যুদ্ধমূলক পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণের ফলস্বরূপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিমা বিশ্ব দ্বারা সমর্থিত এবং উৎসাহিত।
’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাই, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে বর্বরভাবে লঙ্ঘন করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ন্যায়সংগত আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাতমুখী কর্মকাণ্ডের বিরুদ্ধে একত্রে প্রতিবাদ ও নিন্দা জানানো।’

ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তারা অনেক বছর ধরেই একে অপরের সঙ্গে সামরিক সহযোগিতায় যুক্ত থাকার সন্দেহের মধ্যে রয়েছে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে।

সূত্র : রয়টার্স

ইরানে ‘সরকার পরিবর্তন’ নিয়ে ট্রাম্পের পোস্ট

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার এক দিন পর দেশটিতে সরকার পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের বর্তমান সরকার যদি দেশটিকে আবার মহান করতে অক্ষম হয়, তাহলে সেখানে সরকার পরিবর্তন হবে না কেন?’

অন্যদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত অযৌক্তিক অজুহাত তৈরি করে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালি বন্ধ না করতে ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা গতকালও অব্যাহত ছিল। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

সরকার পরিবর্তন নিয়ে ট্রাম্পের পোস্ট
ইরানের সরকার পরিবর্তন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘সরকার পরিবর্তন টার্মটার ব্যবহার রাজনৈতিকভাবে সঠিক নয়।
কিন্তু যদি ইরানের বর্তমান সরকার ইরানকে আবার মহান করতে অক্ষম হয়, তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না?’

এর আগে সকালেই তার প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের অভিযানটি সরকার পরিবর্তনের বিষয়ে ছিল না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির শেষ দেখতে চেয়েছি।’

ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যেই একটি বিতর্কের বিষয়। এর আগে সবশেষ রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে মানববিধ্বংসী মারণাস্ত্র থাকার অভিযোগ করে সরকার পরিবর্তনের ওপর জোর দিয়েছিলেন।
পরে ওই অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছিল।

সরকার পরিবর্তন ও মধ্যপ্রাচ্যে মার্কিনদের যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে রিপাবলিকানদের বড় অংশের মধ্যেই আপত্তি আছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বুশ যুগের যুদ্ধবিরোধী মনোভাবকে কাজে লাগিয়েছিলেন। সব মিলিয়ে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুধু দেশটির পররাষ্ট্রনীতির বিষয় নয় বরং এর মাধ্যমে ট্রাম্পকে তার অভ্যন্তরীণ হিসাব-নিকাশের ভারসাম্য করতে হয়েছে।

জাতিসংঘে কূটনীতিকরা যা বলেছেন
ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘে কূটনীতিকদের মধ্যে বিতর্ক হয়েছে গত কয়েক ঘণ্টায়।
রবিবার রাশিয়া, চীন ও পাকিস্তান মধ্যপ্রাচ্যে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে।

বিতর্কে অংশ নিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ইরানে হামলার জন্য পুরো বিশ্বের উচিত ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া। তিনি অভিযোগ করেন, ইরানের সঙ্গে আলোচনা একটি নাটকে পরিণত হয়েছিল।

ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভুয়া অজুহাত তৈরি করে ওয়াশিংটন ওই হামলা চালিয়েছে। এ ছাড়া চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, বেইজিং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা করছে।

রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র একটি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে এবং ‘ওয়াশিংটন মোটেই কূটনীতিতে আগ্রহী নয়’।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আরেকটি ধ্বংস চক্রের অবসানের আহ্বান জানিয়েছেন।

তেলের দাম বাড়ছে
এদিকে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। অপরিশোধিত তেলের দাম কমপক্ষে তিন শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ মার্কিন ডলার হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পরপরই তেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। কারণ অনেকেই মনে করছেন, তেল সরবরাহ চেইনে সংকট হতে পারে।

পাল্টাপাল্টি হামলা চলছে
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজানো হচ্ছে। হামলার পর আবার কখন আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বের হতে পারবে তা জানিয়ে দেয় ইসরায়েলের সামরিক বাহিনী।

গত কয়েক দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি এসব হামলা চলছে। রবিবারও তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আবাসিক এলাকার ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই দফায় ইরান অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র এদিন নিক্ষেপ করেছে। এগুলো ইসরায়েলের কেন্দ্রস্থল ছাড়াও হাইফা, নেস জিওনা ও রিশন লেজিওন এলাকায় আঘাত হেনেছে।

অন্যদিকে ইসরায়েল তেহরান, কেরমানশাহ ও হামাদানে বিমান হামলা চালিয়েছে। তারা ইরানে ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণস্থল, রাডার ও উপগ্রহ সিস্টেম এবং ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলা করেছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।

৬ গোলের দাপুটে জয়ে নকআউট নিশ্চিত ম্যানসিটির

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে আল আইনের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে আটলান্টায় হওয়া এই ম্যাচে জোড়া গোল করেছেন ইল্কায় গুন্দোয়ান, পেনাল্টি থেকে একটি গোল করেছেন আর্লিং হালান্ড। বাকি তিন গোল করেছেন ক্লদিও এচেভেরি, অস্কার বব এবং রায়ান চেরকি।

আগের ম্যাচে মরক্কোর উইদাদের বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়ার পর পুরোপুরি নতুন একাদশ নিয়ে খেলতে নামে সিটি।
কিন্তু তাতেও কোনো সমস্যা হয়নি, আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে তারা পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায়।

ম্যাচে বল দখলে সিটি এগিয়ে ছিল ৭৪ শতাংশ, শট নিয়েছে ২১টি, যেখানে আল আইন করতে পেরেছে মাত্র ৫টি। সিটির হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন হালান্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৩২তম গোল।
খেলার শেষ দিকে চেরকি তার নতুন ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন। এই ফরাসি তরুণ এই মৌসুমে সিটির অন্যতম আকর্ষণীয় সাইনিং।

এ জয়ের ফলে গ্রুপ জি থেকে জুভেন্টাসের সঙ্গে একসঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ম্যানসিটি। ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার।
ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।