বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মারা গেলেন মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান

মারা গেছেন সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান। গত মঙ্গলবার (২৪ জুন) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

শারম্যানের স্ত্রী ব্রিজিট শারম্যান সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, “ববি শান্তভাবে আমাদের ছেড়ে গেছেন। ২৯ বছরের ভালোবাসার সংসারকে সম্মান জানিয়ে তিনি বিদায় নিয়েছেন।”

বেশ কয়েক মাস আগে শারম্যানের স্টেজ-৪ ক্যানসার ধরা পড়ে। শেষদিকে ক্যানসার কিডনি থেকে ছড়িয়ে পড়ে শরীরজুড়ে।

শারম্যান সত্তরের দশকে সংগীত ও অভিনয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তবে ক্যারিয়ারের মধ্যেই তিনি গ্ল্যামারজগৎ ছেড়ে জরুরি স্বাস্থ্যসেবায় যুক্ত হন, যা তার মানবিক ভূমিকার অনন্য দৃষ্টান্ত।

তার মৃত্যুতে পশ্চিমা বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সংসার ভাঙলো কেটি পেরির!

সংগীত তারকা কেটি পেরি ও অরলান্ডো ব্লুমের সম্পর্ক প্রায় এক দশকের। আছে চার বছরের একটি কন্যাও। তবে সুখের সে ঘরে বেজে উঠল ভাঙনের ভায়োলিন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কেটি-ব্লুমের সম্পর্ক ভেঙে গেছে।

ধনকুবের জেফ বেজস ও সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আসর থেকে খবরটি জোরালোভাবে ছড়িয়েছে। অনুষ্ঠানে একাই হাজির হয়েছিলেন অরলান্ডো ব্লুম। কাছের মানুষজন বলছেন, ‘তিনি এখন একা মানুষ।’ বেজস-সানচেজের বিয়েতে অভিনেতা নেচেছেন বলেও খবর।
এমন বড় আয়োজনে কেটিকে ছাড়া ব্লুমের অংশ নেওয়াকে বিচ্ছেদের সিলমোহর হিসেবেই দেখছে শোবিজের লোকজন।

এর আগে ১০ জুন পেজ সিক্সের এক প্রতিবেদনেও উঠে আসে কেটি-ব্লুমের সম্পর্ক ভাঙনের খবর। তবে সেখানে বলা হয়েছিল, তাঁরা এখনই বিচ্ছেদের কথা জানাবেন না। কেটি বর্তমানে তাঁর মিউজিক ট্যুরে রয়েছেন।
ডিসেম্বর নাগাদ এটি সম্পন্ন হবে। তখনই খবরটি সামনে আনবেন তাঁরা।

এদিকে পিপল ম্যাগাজিনের সূত্র অনুসারে, ক্যারিয়ারে মন্দ সময় পার করছেন কেটি। নতুন অ্যালবাম দিয়েও আশানুরূপ সাড়া পাননি গায়িকা। এমনকি একাধিক কনসার্টের সাড়ায়ও হতাশ শিল্পী।
তাঁর সেই হতাশার চাপ পড়ছে সম্পর্কেও।

প্রসঙ্গত, ২০১০ সালে অভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন কেটি। সম্পর্কটি টিকেছিল দুই বছর। ২০১৬-তে জড়ান অরলান্ডো ব্লুমের সঙ্গে। বাগদান সারলেও তারা বিয়ে করেননি।

আজ শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

জ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ বোর্ডে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিমে ৮৬ হাজার এবং কারিগরিতে ১ লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য ১০ নির্দেশনা:

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে
২. ওএমআর শিটে নির্ভুল তথ্য ও বৃত্ত ভরাট করতে হবে
৩. উত্তরপত্র ভাঁজ করা যাবে না
৪. শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
৫. বহুনির্বাচনী ও সৃজনশীল অংশে কোনো বিরতি থাকবে না
6. মোবাইল ফোন কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিষিদ্ধ
৭. প্রতিটি অংশে (তত্ত্বীয়, এমসিকিউ, ব্যবহারিক) আলাদাভাবে পাস করতে হবে
৮. শুধুমাত্র নির্ধারিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে
৯. পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান ব্যতীত অন্য কেন্দ্রে আসন নির্ধারিত
১০. প্রতিটি পরীক্ষায় উপস্থিতি পত্রে স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক

১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার। এ নিয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকার ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
প্রতিবছর এ তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরো বলা হয়, এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে নিহত হন ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

শট না খেললে তো স্কোর বড় হবে না, বলছেন বাংলাদেশের ওপেনার

সাদমান ইসলামের কথায় যুক্তি আছে। শট না খেললে স্কোর বড় হবে কিভাবে? তবে শট খেলার জন্য নিজের জোনের বল সিলেকশন করতে হয়, তা কী সঠিকভাবে করতে পেরেছিল বাংলাদেশের ব্যাটার। স্কোরবোর্ড বলছে, তা পারেনি।

পারলে, দিনশেষে স্কোরবোর্ডের এত দুর্দশা হতো না।
কলম্বো টেস্টের প্রথম দিন শেষে যে ৮ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ। এর দায় যে ব্যাটারদের তা না বললেও চলে। এটাও ঠিক একটা বাজে দিন ব্যাটারদের আসতেই পারে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, তাতে বাজে দিন বলা যায় না।
বলা ভালো, খাল কেটে নিজেরাই কুমির ডেকে এনেছেন।

সাদমান অবশ্য বাজে দিন বলেই ম্যাচ শেষে জানিয়েছেন। আজ মারতে গিয়ে আউট হওয়া শটগুলোকে ক্রিকেটের অংশ জানিয়ে বাংলাদেশের ওপেনার বলেছেন, ‘কিছু কিছু আউট হয়তোবা কিছু কিছু শটস আজ ভুল হয়ে গেছে। শটস তো ক্রিকেটের একটা পার্ট।
এটা না খেললে স্কোরটাও আসবে না, আর স্কোরবোর্ডটাও বড় হবে না।’

আজ আউট হওয়া ৮ ব্যাটারের মধ্যে চারজনই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন খোঁচা মেরে। আর মমিনুল হক-মুশফিকুর রহিম যেন ক্যাচ অনুশীলন করিয়েছেন প্রতিপক্ষের ফিল্ডারদের। তবে বাজেভাবে আউট হলেও ইচ্ছাকৃত নয় বলে জানিয়েছেন সাদমান। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘কেউ তো আর ইচ্ছা করে, মানে আউট হতে চায় না।
ব্যাটসম্যানরা, মানে প্রত্যেকজনই আমরা হয়তোবা সেট হয়ে আউট হয়েছি। এটা হয়তোবা আমাদের ব্যাড ডে ছিল। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে নেক্সট ইনিংসে কামব্যাক করব।’

দেড় মাসে একবারও ভদ্রতার লাইন ক্রস করিনি : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘এত নোংরামি করার পরও গত দেড় মাসে একবারের জন্যও ভদ্রতার লাইন ক্রস করিনি। একবারও ব্যক্তি আক্রমণ করিনি কিংবা ছোট করে কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথচলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দিইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে, এমনটা না।
ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়।’

বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ প্রশ্ন করে বলেন, ‘অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে ‘চাল চোর’ বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকারপক্ষ থেকে সমাধান চেষ্টা যারা দম্ভভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে?’

আসিফ মাহমুদ আরো বলেন, ‘ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার স্লোগান দেওয়াসহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে? কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচণায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি, এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন।
তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর আ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন।

তাজিয়া মিছিলে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা : ডিএমপি কমিশনার

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের কর্মসূচিতে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ জুন) ডিএমপি সদরদপ্তরে আশুরা পালন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় ঢাকা শহরে তাজিয়া বা শোক মিছিল পালন কমিটির নেতারা, বিভিন্ন সেবা সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আশুরা ও রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। উভয় সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের মনোভাব বজায় রেখে একযোগে কাজ করে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালন হতে পারে। এর আগে গতকাল মঙ্গলবার আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করে ডিএমপি।
আগামী ২৭ জুন রথযাত্রা ও ৫ জুলাই উল্টো রথযাত্রা উদযাপন হবে।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, তারা যেন পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখেন, যারা মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, ২৭ জুন হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপন হবে।
৫ জুলাই উল্টো রথযাত্রা। এসব অনুষ্ঠান ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে চেষ্টা করতে হবে। তাজিয়া মিছিলে শুরু থেকে ভিডিও ক্যামেরা রাখতে হবে, যেন মিছিলে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে না পারে।

সমন্বয় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ডিপিডিসি, ডেসকো, স্বাস্থ্য অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং তাজিয়া মিছিল উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

রথযাত্রা উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে শুক্রবার (২৭ জুন)। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। দিনটি উপলক্ষে ঢাকা মহানগরবাসীর ও যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ওই দিন বিকেল ৩টায় প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। এছাড়া ঢাকার বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুট

স্বামীবাগের ইসকন মন্দির, জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট পল্টন মোড়, প্রেস ক্লাব কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার জগন্নাথ হল পলাশী, ঢাকেশ্বরী মন্দির। এমতাবস্থায় ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে আগামী ২৭ জুন ও ৫ জুলাই বর্ণিত সড়কগুলো বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

কাটল ফ্লপ তকমা, ১০০ কোটির ক্লাবে আমির

দীর্ঘ ক্যারিয়ারে এত বড় ফ্লপ নেই আমির খানের। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর সিনেমাটি মুখ থুবড়ে পরে, যা নিয়ে বেশ চিন্তিতও ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। অবশেষে সেই ব্যর্থতা ভুলে তিন বছর পর হাজির হয়েছেন নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে।

গত শুক্রবার মুক্তির প্রথম দিনে মোটামুটি ব্যবসা করলেও ধীর গতিতে বেড়েছে সিনেমাটির আয়।
পাঁচ দিনে কত আয় করল সিনেমাটি?

হিন্দুস্তান টাইমস বলছে, মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতের বক্স অফিসে ছবিটি ৭৫ কোটি রুপি টাকার ব্যবসা করে ফেলেছে ‘সিতারে জামিন পার’। শুধু তাই নয়, ছবিটি মাত্র চার দিনের মধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ৫ দিনে ‘সিতারে জামিন পার’ বিশ্বব্যাপী আয় করেছে ১২৩ কোটি রুপি।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, আমির খানের ছবিটি মুক্তির চতুর্থ দিনেই সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী ১১০ কোটি রূপির ব্যবসা করেছে।
খুব শীঘ্রই এই ছবিটি সানি দেওলের জাট-এর আয়ের রেকর্ডও ভেঙে দেবে বলে ধারণবা করা হচ্ছে।

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে।এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির। গত শনিবার ২০ কোটি ২ লাখ, রোববার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি।
এখন পর্যন্ত আমিরের এই ছবির আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির বেশি।

আর এস প্রসন্ন পরিচালিত এ ছবিতে আমির খানকে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতে সম্মতি ইরানি পার্লামেন্টের

ইরানি পার্লামেন্ট বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। প্রস্তাবটির পক্ষে বিপুল সংখ্যক সংসদ সদস্য ভোট দেন এবং এর বিরুদ্ধে কোনো প্রতিনিধি ভোট দেননি।

এর আগে, ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশন একটি খসড়া পরিকল্পনা অনুমোদন করে, যেখানে সরকারকে আইএইএ-এর সঙ্গে সব ধরনের কারিগরি সহযোগিতা, পরিদর্শন ও তথ্য আদান-প্রদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

কমিশনের মতে, আইএইএ-এর সাম্প্রতিক প্রতিবেদন এবং নীরবতা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার অজুহাত তৈরি করেছে।
এই পরিকল্পনা অনুসারে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তবে ‘পরিদর্শন কার্যক্রম, নজরদারি ক্যামেরা স্থাপন ও সংস্থায় রিপোর্ট প্রদান’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

সংসদে আলোচনার সময় স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তার নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।’

আইএইএ-এর সর্বশেষ প্রতিবেদনে ইরানকে ‘সহযোগিতাহীন’ বলে উল্লেখ করা হয়।
সংস্থাটি ইরানকে তার অঘোষিত পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে বিস্তারিত তথ্য দিতে বলেছিল এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়ে উদ্বেগ জানিয়েছিল। ইরানি পার্লামেন্টের এই সিদ্ধান্ত এখন গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে এবং আইএইএ-এর সঙ্গে ইরানের দীর্ঘদিনের সীমিত সহযোগিতাও বন্ধ হয়ে যাবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সমাজের মধ্যে উদ্বেগ আরো বাড়াবে।
এতে শুধুমাত্র আইএইএ-এর সঙ্গে সম্পর্কই বিঘ্নিত হবে না, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক কূটনৈতিক আলোচনাতেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা আরো আশঙ্কা করছেন, এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা কমে যেতে পারে এবং পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের সম্ভাবনা অনিশ্চিত হয়ে উঠবে।

সূত্র : বিবিসি