বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ক্লাব বিশ্বকাপে ঝলক দেখানো গার্সিয়ার বাজারমূল্য বেড়েছে ৮ গুণ

ফিফা ক্লাব বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড গনজালো গার্সিয়ার বাজারমূল্যে ঘটেছে বিস্ময়কর পরিবর্তন। মাত্র কয়েক মাস আগেও যার ট্রান্সফার মূল্য ছিল ১০ লাখ ইউরো, এখন সেটি দাঁড়িয়েছে ৮০ লাখ ইউরোতে —অর্থাৎ ৮ গুণ বৃদ্ধি পেয়েছে তার মূল্য।

২১ বছর বয়সী গার্সিয়া ক্লাব বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ২টি গোল ও একটি অ্যাসিস্ট। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
বিশেষ করে সালজবুর্গ ও আল-হিলালের বিপক্ষে তার গোল এবং পাচুকার বিপক্ষে আক্রমণে সক্রিয় ভূমিকা তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

গার্সিয়ার এমন পারফরম্যান্সে তার বাজারমূল্যে ঘটেছে নাটকীয় পরিবর্তন। ২০২৪ সালের জুনে যেখানে তার ট্রান্সফারমূল্য ছিল মাত্র ১০ লাখ ইউরো, সেখানে গতকালের হালনাগাদে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ইউরোতে। এই মুহূর্তে তিনিই রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

রিয়ালের একাডেমি কাস্তিয়ায় তার পারফরম্যান্স ছিল নজরকাড়া—৩৬ ম্যাচে ২৫ গোল করে নজর কেড়েছিলেন আগেই।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজার ২৫০ ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২৭ জুন) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স।

আল জাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। আহত হয়েছেন আরও বহু মানুষ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

শুধু গত ২৪ ঘণ্টায় ১০৩টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন আরও ২১৯ জন। মন্ত্রণালয় বলছে, বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে যেগুলোর কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৯৩৬ জন নিহত এবং ২০ হাজার ৪১৭ জন আহত হয়েছেন। ওই হামলার ফলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে একটি মামলাও চলছে।

রাজধানীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ঘটনাটি ঘটে। নিহত সোহেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মো. শহিদুল্লাহর ছেলে।

নিহতের পরিচিত মো. হাসান বলেন, গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

হাসান আরো বলেন, নিহত সোহেল উত্তরার একটি প্রাইভেট কম্পানিতে অফিস সহকারী হিসাবে চাকরি করতেন। থাকতেন কাওলা এলাকায়।
আমি যতটুকু জানতে পেরেছি, সোহেল বিমানবন্দর হাজি ক্যাম্পের অদূরে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় আহত হয়।

যে মাইলফলকে মেসি-রোনালদো-এমবাপ্পেকে পেছনে ফেললেন হালান্ড

ক্লাব ও দেশের জার্সিতে ৩০০ গোলের অসাধারণ মাইলফলকে পৌঁছালেন আর্লিং হালান্ড। ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে ৫-২ গোলের দাপুটে জয়ে এই রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান সুপারস্টার।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় হালান্ডকে।
নামার মাত্র সাত মিনিটেই জালে বল জড়িয়ে নিজের ৩০০তম গোলটি করে ফেলেন হালান্ড। ম্যাথিউস নুনেসের পাস থেকে ছুঁয়ে দেওয়া এক সহজ ফিনিশে গোলটি করেন তিনি।

এরপর ফিল ফোডেন ও সাভিনিও আরো দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। শেষ মুহূর্তে জুভেন্টাসের দুশান ভ্লাহোভিচ একটি গোল শোধ দিলেও তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।
৫-২ গোলের জয় নিশ্চিত হয় সিটির।

এই জয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে থেকে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ম্যানচেস্টার সিটি।

২৪ বছর বয়সী হালান্ড এরইমধ্যে ৩৭১টি পেশাদার ম্যাচে করেছেন ৩০০ গোল। এর মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে ১৪৫ ম্যাচে ১২৩ গোল, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৬ গোল, সালজবুর্গে ২৯ গোল এবং মোলদেতে ২০ গোল করেছেন তিনি।
জাতীয় দলের হয়ে নরওয়ের হয়ে করেছেন ৪২ গোল।

৩০০ গোলের মাইলফলকে স্পর্শ করে তিনি পেছনে ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে। সমান গোল করতে রোনালদোর (৫৫৪ ম্যাচ), মেসির (৪১৮ ম্যাচ) এবং এমবাপ্পের লেগেছিল (৪০৯ ম্যাচ)।

গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করল ইসরায়েল

ইসরায়েল উত্তর গাজায় ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে। এতে ভূখন্ডটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জন্য ত্রাণ সরবরাহের সবচেয়ে সরাসরি পথ বন্ধ হয়ে গেছে।

তবে গাজার দক্ষিণাঞ্চল দিয়ে এখনো ত্রাণ ঢুকছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ করেছে ইসরায়েল।

এর মধ্যেই ভিডিওতে মুখোশধারী লোকজনকে ত্রাণবাহী ট্রাকের ওপর বসে থাকতে দেখা গেছে। স্থানীয় গোষ্ঠী নেতারা বলছেন, হামাস যাতে ত্রাণ চুরি করতে না পারে সেজন্য ট্রাকগুলো পাহারায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাক পাহারার ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পরই উত্তরের ক্রসিং বন্ধের কথা জানান ইসরায়েলের কর্মকর্তারা।

ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড সাংবাদিকদের বলেন, দক্ষিণ দিক থেকে গাজায় ত্রাণ প্রবেশ অব্যাহত আছে।
তবে উত্তর গাজায় কোনও ত্রাণ ঢুকছে কি না সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস যেন ত্রাণ দখল করতে না পারে, তা নিশ্চিত করতে দুই দিনের মধ্যে সেনাবাহিনীকে একটি পরিকল্পনা দিতে বলা হয়েছে। তবে হামাস ত্রাণ দখলের অভিযোগ অস্বীকার করেছে।

ইরানে ১২ দিনের সংঘাতের পর আবার ইসরায়েল গাজায় দৃষ্টি দিয়েছে।
উত্তর গাজায় ক্রসিং বন্ধের পদক্ষেপে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়বে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে গাজার পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়েছেন।

ত্রাণ বন্ধ করে ইসরায়েল সহযোগিতা চুক্তির আওতায় মানুষের অধিকার রক্ষার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে- একটি ইইউ প্রতিবেদনের উল্লেখ করে এমন কথাই বরেছেন পেদ্রো সানচেজ।

তবে ইসরায়েল বরাবরই গাজায় কোনও গণহত্যা চালানো বা যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সরঞ্জাম ক্রয় করতে চায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনসংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করবে ইসি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনসামগ্রী ক্রয় করার ব্যাপারে আমরা টেন্ডার আহ্বান করেছি। একটি টেন্ডার রি-টেন্ডার হবে।
আমরা চেষ্টা করছি, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করতে।’

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সমস্ত দাপ্তরিক আলোচনাই এখন নির্বাচন প্রস্তুতি সম্পর্কিত। প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। এটাকে কোনা একটি টাইমলাইনে ফিট করলে ভুল হবে।

মার্কিন হামলার পর প্রথম ভিডিও বার্তায় যা যা বললেন খামেনি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধবিরতির অবসানের দুই দিন পর তার এই ভাষণ এলো।

স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৫ মিনিট) তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণের খবর ছড়িয়ে পড়তে শুরু করে।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে সেগুলোতে ‘উল্লেখযোগ্য কিছুই ঘটেনি’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক কর্মসূচি ‘নির্মূল’ করার দাবির সরাসরি বিরোধিতা করে এই মন্তব্য।

এই ইরানি নেতা বলেছেন, তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে, তারা এই বার্তা পাঠিয়েছে যে ‘আমাদের জনগণের কণ্ঠস্বর এক’।

খামেনি বলেছেন, ট্রাম্প তার দেশকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল’ বলে মন্তব্য করেন তিনি।

‘ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান’ বলেও মন্তব্য করেন তিনি।

এই ইরানি নেতা এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আরো হামলা চালানোর হুমকি দিয়ে বলেন, ‘যদি কোনো আক্রমণ ঘটে, তাহলে শত্রু ও হামলাকারীদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টে খামেনি বলেছিলেন, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান ‘যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন চড় মেরেছে’। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলের বিরুদ্ধে ‘ইরান বিজয় অর্জন করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইরানে। অন্যদিকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে ইরানের হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছে।

রোনালদোর নতুন চুক্তি চূড়ান্তের পথে

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি সূত্রের বরাত দিয়ে বিবিসি স্পোর্টস জানিয়েছে, ৪০ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ক্লাবটি নতুন করে সম্পর্ক দীর্ঘায়িত করতে যাচ্ছে।

রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ চলতি জুনেই শেষ হওয়ার কথা ছিল। তবে মে মাসে সৌদি প্রো লিগের শেষ ম্যাচ শেষে তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তায় লেখেন, ‘এই অধ্যায় শেষ’—যা ঘিরে তৈরি হয় জল্পনা।
অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো সৌদি অধ্যায় শেষ করছেন এই মহাতারকা।

তবে সব গুঞ্জনে ইতি টেনে এবার জানা যাচ্ছে আল নাসরের হয়েই আরো দুই বছর মাঠ কাঁপাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। যদিও এখনো চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র বিসিসিকে নিশ্চিত করেছে যে, দুই পক্ষের মধ্যে প্রায় সব শর্তেই সম্মতি হয়েছে।

এদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি রোনালদোর ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলের সঙ্গে চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।
তবে জানা গেছে, রোনালদো সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, এই প্রস্তাব ৮ বছর আগেই দিয়েছি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা সিদ্ধান্ত হয়ে গেছে। দুই মেয়াদে দশ বছর। এটাতে ঐকমত্য আছে। এটা তো বিএনপির প্রস্তাবনা।
যা আট বছর আগে বিএনপি দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সক্ষাৎ করতে আসেন। তার সঙ্গে বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এখন নতুনভাবে সংস্কারের কথা বলছে, তারা এখন এই কথা বলছে। আমরা ভিশন ২০৩০-এর মধ্যেই বলেছি, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে ঐকমত্য না থাকার কোনো কারণ নেই।

মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে আমীর খসরু বলেন, ‘সবার আগে নির্বাচন। এটা নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, এ জন্য সবার একটা প্রস্তুতি আছে। সন্তুষ্টি আছে। তারা আশা করছেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে যাবে।
তারা তো সবাই অপেক্ষা করছেন একটি নির্বাচিত সরকারের ওপর তাদের কর্মকাণ্ড কী হবে তা ধেকতে। এতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে করতে সবাই স্বস্তি বোধ করবে। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে আমাদের শ্রমিকদের যে সমস্যা আছে, তাদের অধিকার নিয়ে; আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। সে বিষয়ে আলোচনা করেছে। তারা জানতে চেয়েছেন আমাদের চিন্তা-ভাবনা কী। আগামী দিনের পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছেন। এবং পার্লামেন্টের কার্যক্রম যাতে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা যায়। তো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে। বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার বিষয়টি উঠে এসেছে।’

এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে প্রশংসা করেছে সবাই : প্রধান উপদেষ্টা

চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

আগামী বছরের হজের জন্য ইতোমধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ বছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন না হয় তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
’

এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং ১০ জুলাই বাংলাদেশিদের জন‍্য হজ কোটা ঘোষণা করা হবে।

বৈঠকে প্রফেসর ইউনূস বলেন, ‘এ বছর হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ আসেনি। সবাই প্রশংসা করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিশ্রম করেছে এজন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা।
’

নিবন্ধিত সকল হজযাত্রী হজ পালন করতে পারার যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে এ বছর সৃষ্টি হয়েছে তা যেন এই মন্ত্রণালয়ের স্থায়ী নীতিতে পরিণত হয় সে বিষয়ে আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “হজযাত্রী ও হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের সবার প্রশিক্ষণের ব‍্যবস্থা করতে হবে। সবাই যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য প্রশিক্ষণ খুবই জরুরি।”

চলতি বছরের হজের বিভিন্ন দিক তুলে ধরে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সৌদি সরকারের নির্দেশনার আলোকে হজ ২০২৬ এর জন্য ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সফল ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপগ্রহণ করা হয়েছে।