সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

বার্সেলোনায় অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন

গুঞ্জন ও বিবাদের পর অবশেষে ফের বার্সেলোনার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব ফিরে পেলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। শুক্রবার ক্লাব ঘোষণা করেছে, জার্মান গোলরক্ষক তার চিকিৎসা রিপোর্ট লা লিগার কাছে পাঠানোর অনুমোদন দিয়েছেন। এর ফলে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে তিন মাসের পিঠের অস্ত্রোপচার ও পুনর্বাসনকে কেন্দ্র করে স্টেগেন ও ক্লাবের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
লা লিগার নিয়ম অনুযায়ী, দীর্ঘস্থায়ী ইনজুরির ক্ষেত্রে খেলোয়াড়কে চার মাস মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু টের স্টেগেন দাবি করেন, তিন মাসের মধ্যেই তিনি মাঠে ফিরবেন। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার বার্সেলোনা তাকে অস্থায়ীভাবে ক্যাপ্টেনপদ থেকে সরিয়ে দেয়।

ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছিল, স্টেগেন তার চিকিৎসার তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যার কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ক্লাব আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিল।
তবে দুই পক্ষের আলোচনার মাধ্যমে সোমবার বিষয়টি মীমাংসা হয়।

বার্সেলোনা বলেছে, ‘তার চিকিৎসা প্রতিবেদন লা লিগায় পাঠানোর অনুমতি পাওয়ার পর সব শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে এবং তিনি আবারও প্রথম দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।’

স্টেগেন নিজেও জানান, আমি সর্বোচ্চ সম্মানে ক্লাবের সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলাম এবং দ্রুত প্রয়োজনীয় অনুমোদন দিয়েছি। আমার অস্ত্রোপচার ও পুনরুদ্ধার সম্পূর্ণ ক্লাবের সঙ্গে সমন্বিত ছিল।

আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করব। ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনই ঈমানী দায়িত্বও।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, যখন একটি দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষকে ভোটকেন্দ্রে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় কমিশন কাজ করছে।

তিনি বলেন, ‘গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যার সৃষ্টি করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
’

তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে।’

নাসির উদ্দিন বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও, নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে।’

বাংলাদেশিদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গত ১৫ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল, যা গতকাল শুক্রবার (৭ আগস্ট) কার্যকর হচ্ছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে অভিবাসী কর্মীদের চলাচল আরো ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমিয়ে আনা যাবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এমইভি সুবিধা বৈধ পিএলকেএস ধারকদের জন্য।
আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে। আগামী বছরের জন্য পিএলকেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেওয়া হবে। এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে। এছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাবে।
বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ায় এখন থেকে বিভিন্ন প্রয়োজনে সে দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন। গত ১৫ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মাল্টিপল এন্ট্রি ভিসার বিষয়ে জানায়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল।
সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

গত মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত ১০ জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার।

উল্লেখ্য, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়োগ করে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করত। এর ফলে বাংলাদেশি কর্মীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতো।
মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে স্বস্তি পাবেন দেশটিতে থাকা প্রবাসীরা।

গোল করে চেলসির জার্সিতে অভিষেক রাঙালেন ‘মেসিনহো’

ব্রাজিলিয়ান কিশোর এস্তেভাও, যাকে অনেকে ভালোবেসে ‘মেসিনহো’ বলে ডাকেন, নতুন ক্লাব চেলসির হয়ে প্রথম ম্যাচেই ঝলক দেখালেন। শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে বায়ার লেভারকুসেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মাত্র ১৮ মিনিটের মাথায় গোল করে চেলসির জার্সিতে স্বপ্নের সূচনা করলেন তিনি। ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় চেলসি।

১৮ বছর বয়সি মেসিনহো বাম পায়ের শটে বল জালে জড়ান।
গত বছর জুলাইয়ে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিলেও গত মৌসুমে তিনি ব্রাজিলিয়ান ক্লাবটিতেই খেলেছেন। ইএসপিএনের খবর অনুযায়ী, মেসিনহোকে প্রাথমিকভাবে ৩৪ মিলিয়ন ইউরো (৪০ মিলিয়ন ডলার) দিয়ে চুক্তিবদ্ধ করা হয়, যা শর্তভিত্তিক বোনাসে বেড়ে ৬৭ মিলিয়ন ইউরো (৭৮ মিলিয়ন ডলার) পর্যন্ত পৌঁছাতে পারে। এই সপ্তাহেই তিনি লন্ডনে এসে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।

এস্তেভাওয়ের আগের ম্যাচও ছিল চেলসির বিপক্ষে, ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
চেলসি শেষ পর্যন্ত শিরোপা জেতে। শুক্রবার ছিল চেলসির প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচ।

আরেক নতুন সাইনিং ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো করেন চেলসির দ্বিতীয় গোল। ম্যাচের ৯০তম মিনিটে নিচু শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

ট্রাম্প-পুতিন বৈঠকের তারিখ নির্ধারিত, চুক্তিতে থাকতে পারে ভূখণ্ড বিনিময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের স্বাগত জানানোর সময় তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘শান্তিপূর্ণ সমাধানের অংশ হিসেবে ভূখণ্ড বিনিময় একটি সম্ভবনা হতে পারে, যা অনেকের কাছে বিতর্কিত। তিনি বলেন, আমরা রাশিয়া দিয়ে শুরু করব।
’ তবে, রাশিয়ার সঙ্গে আলোচনার নতুন করে কী পরিবর্তন এসেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি শুধু বলেন, ‘এটা খুবই জটিল। কিন্তু আমরা কিছু ফিরে পাব এবং কিছু পরিবর্তন করব। উভয়ের ভালোর জন্য কিছু অঞ্চলের অদলবদল হবে, তবে সে বিষয়ে পরে বা আগামীকাল কথা বলব।
’

ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের অবস্থান
ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা বরাবরই এমন কোনো চুক্তির বিরোধিতা করে এসেছে যেখানে রাশিয়া দখলকৃত অঞ্চলগুলো—যেমন ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাখার সুযোগ পায়। অন্যদিকে, পুতিনও একাধিকবার বলেছেন, ২০১৪ সাল থেকে দখল করা অঞ্চলগুলো ছাড়া চুক্তি সম্ভব নয়। তিনি ইউক্রেনের পশ্চিমা সহায়তা বন্ধ এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থামানোরও আহ্বান জানিয়েছেন।

বৈঠকের জায়গা নিয়ে প্রশ্ন
পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও, এই বৈঠক আলাস্কায় অনুষ্ঠিত হবে বলে ট্রাম্প ঘোষণা করেছেন।
আইসিসি সদস্যদেশে পুতিন প্রবেশ করলে তাকে গ্রেপ্তারের সম্ভাবনা থাকলেও, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং তাদের কর্তৃত্ব স্বীকার করে না। এর আগে বৈঠকের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা গেলেও, শুক্রবার ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে জানিয়েছেন, পুতিনকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন আলাস্কায়।

আলাস্কা রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র ৫৫ মাইল দূরে, মাঝখানে রয়েছে বেরিং প্রণালী। এটি যুক্তরাষ্ট্রের উত্তরতম রাজ্য হওয়ায় এখানে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক সম্ভব বলে মনে করছেন ট্রাম্প। যদি এই বৈঠক হয়, তবে এটি হবে ২০১৯ সালের পর ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক।

সূত্র : আল জাজিরা

সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার আরো ৩

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সাংবাদিক তুহিন হত্যা মামলার সরাসরি জড়িত অন্যতম আসামি মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ জালাল কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা। এ ছাড়া গাজীপুরের চান্দোপাড়া বাসন এলাকা থেকে আসামি ফয়সাল হাসান ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমপি পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে গ্রেপ্তার করা হয় কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালাল, ফয়সাল ও সুমনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

হলে রাজনীতি নিষিদ্ধের দাবি ভণ্ডামি : মারুফ মল্লিক

হলে রাজনীতি নিষিদ্ধের দাবিকে ভণ্ডামি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক। তিনি বলেন, ‘ক্যাম্পাসে রাজনীতি থাকবে কিন্তু হলে থাকতে পারবে না, কমিটি দেওয়া যাবে না। এটা তো চরম ভণ্ডামি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
’

মারুফ মল্লিক বলেন, ‘হলে রাজনীতি না থাকলে সেখানে ডাকসু নির্বাচন করবে কিভাবে? সাধারণ শিক্ষার্থীর নামে যারা মিছিল করছে বা প্রচারণা করছে, এদের বেশিরভাগই বাগছাস (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) ও জাশির (জামায়াত-শিবির) কর্মী। গুপ্ত রাজনীতি করতে করতে এরা প্রকাশ্যে রাজনীতি করার ক্ষমতা ও সাহস হারিয়ে ফেলেছে।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বার্সার ৫০ মিলিয়নের ডিফেন্ডারের দিকে নজর চেলসির

লেভি কলউইলের গুরুতর ইনজুরি চেলসির মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। মাত্র ২২ বছর বয়সেই দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক হয়ে উঠেছিলেন এই ইংলিশ ডিফেন্ডার। তবে দীর্ঘমেয়াদি ইনজুরির কারণে তার মৌসুম কার্যত শেষ হয়ে যেতে পারে।

মিডিয়ার খবর অনুযায়ী, চেলসি আপাতত নতুন সেন্টার-ব্যাক সই করানোর তাড়াহুড়ো দেখাচ্ছে না।
তবে ধারণা করা হচ্ছে, এটি কেবল তাদের প্রকাশ্য অবস্থান, যাতে সম্ভাব্য কোনো চুক্তিতে দর কষাকষির সুবিধা হারিয়ে না ফেলে।

এরই মধ্যে গ্রীষ্মকালজুড়ে মার্ক গুহি, মারিও গিলা, জ্যারাড ব্রানথওয়েটদের মতো একাধিক ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির নাম জড়িয়েছে। কলউইলের ইনজুরির পর নতুন ডিফেন্ডার আনার প্রয়োজনীয়তা আরো বেড়েছে, বিশেষ করে যখন বর্তমান খেলোয়াড়দের মধ্যেও ইনজুরি সমস্যার ইতিহাস রয়েছে।

স্প্যানিশ গণমাধ্যম ফিচাহেস-এর দাবি, চেলসি নজর রাখছে বার্সেলোনার উরুগুইয়ান সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউহোর দিকে।
প্রায় ৫০ মিলিয়ন ইউরো পেলে তাকে ছাড়তে রাজি কাতালান ক্লাব। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি ভোগান্তির কারণে আরাউহো আর বার্সেলোনার অগ্রাধিকারের তালিকায় নেই।

এখন দেখা বাকি, চেলসি সত্যিই আরাউহোর জন্য প্রস্তাব পাঠায় কি না। তবে তা হলে ঝুঁকি থেকেই যাবে, কারণ তারা আবারও ইনজুরি-প্রবণ এক ডিফেন্ডারকে দলে টানতে যাচ্ছেন।

অনলাইনে দাখিলকৃত রিটার্ন ১৮০ দিনের মধ্যে একবারই সংশোধন করা যাবে

২০২৫-২৬ করবর্ষ থেকে সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হলেও অনেক করদাতার প্রশ্ন— দাখিলের পর কোনো ভুল ধরা পড়লে কিভাবে সংশোধন করা যাবে?

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে এ সুযোগ একবারের জন্য প্রযোজ্য হবে।

এনবিআরের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করলে করদাতারা কোনো অতিরিক্ত জটিলতায় পড়বেন না।

অভিষিক্ত হাসানের ব্যাটে ভর করে পাকিস্তানের দারুণ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে চাপে পড়েও ৫ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। অভিষিক্ত হাসান নেওয়াজ ও দ্বিতীয় ম্যাচ খেলতে নামা হুসেইন তালাতের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি দলকে উদ্ধার করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়।

ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তিন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে ভর করে ২৮০ রান তোলে। পাকিস্তানের স্পিনাররা মাঝের ওভারে রান চেপে ধরেন, আর শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি (৪-৫১) ও নাসিম শাহ (৩-৫৫) মিলেই স্বাগতিকদের অলআউট করেন।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল নড়বড়ে। সাইম আয়ুব দ্রুত ফিরলেও বাবর আজম (৪৭) ও মোহাম্মদ রিজওয়ান (৫৩) ধীরগতিতে রান তুলতে থাকেন। দুজনই আউট হলে চাপে পড়ে দল। হাতে তখনো প্রয়োজন ১০১ রান।

এই সময় ক্রিজে আসেন হাসান নেওয়াজ ও হুসেইন তালাত। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। শিশিরে ভেজা বলে বোলারদের নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিলে সুযোগ কাজে লাগান দুই ব্যাটার। শেষ পর্যন্ত হাসান ৬৩ ও তালাত ৪১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে উইকেট হারানোর পর এভিন লুইস (৬০) ও কেইসি কার্টি ৭৭ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নেন। কিন্তু পাকিস্তানের স্পিনত্রয়ী আয়ুব, আঘা ও সুফিয়ান মুকিম মাঝের ওভারে রান চেপে ধরেন। রোস্টন চেজ (৫৩) ও শাই হোপ (৫৫) ধীরগতির ৬৪ রানের জুটি গড়লেও শেষদিকে রিভার্স সুইংয়ে আফ্রিদি ও নাসিম উইন্ডিজের টেল-এন্ড ভেঙে দেন। শেষ তিন ব্যাটসম্যান বোল্ড হয়ে ফেরেন এবং এক ওভার বাকি থাকতেই স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায়।

পরের ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে পাকিস্তান।
ম্যাচটি হবে আগামীকাল (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায়।