মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় সিঙ্গাপুর

বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। বাংলাদেশে অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স (সিডিএ) মিচেল লি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন।

গতকাল বুধবার অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে মিচেল লি প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠক চলাকালে সিডিএ প্রতিমন্ত্রীকে চলমান দ্বিপক্ষীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বিশেষ করে দুই দেশের মধ্যে শক্তিশালী জনগণের সম্পর্কের ওপর আলোচনা করেন। তিনি সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক সুনামের কথা উল্লেখ করেন।

মিচেল লি জানান, চাঙ্গি বিমানবন্দরের নতুন টার্মিনালসহ আসন্ন বৃহৎ অবকাঠামো ও ভূমি উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন।

তিনি উল্লেখ করেন, কর্মসংস্থান সৃষ্টি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স দ্রুত বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (বিএসএফটিএ) সম্পাদনে সিঙ্গাপুরের গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বে টার্মিনাল প্রকল্পে অব্যাহত সহযোগিতার অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে, বাংলাদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে পূর্ণ সহযোগিতা করবে এবং অগ্রগতি সহজতর করবে। প্রতিমন্ত্রী বাংলাদেশে, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ডিজিটাল অবকাঠামোর মতো খাতে সিঙ্গাপুরের বৃহত্তর বিনিয়োগকে আমন্ত্রণ জানান।

সিঙ্গাপুরের পক্ষ থেকে ডিজিটাল সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে, বিশেষ করে আইসিটি-সম্পর্কিত খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সরকারি পরিষেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যয় হ্রাসের ওপর সরকারের গুরুত্ব তুলে ধরেন। উভয় পক্ষ বাংলাদেশে বর্জ্য থেকে শক্তি উৎপাদনকারী বিদ্যুৎকেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে বিনিয়োগসহ জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করে। সিঙ্গাপুর পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি খাতে সুযোগ অন্বেষণে আগ্রহ প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাসের গুরুত্বের ওপর জোর দেন এবং বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্য চিহ্নিত ও প্রচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সিঙ্গাপুরের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে খাদ্য আমদানির উৎস বৈচিত্র্যময় করার আগ্রহ প্রকাশ করা হয়। তারা সিঙ্গাপুরের সুপারমার্কেট চেইনগুলোর মাধ্যমে আম ও সামুদ্রিক খাবারের মতো কৃষিপণ্যসহ বাংলাদেশ থেকে সম্ভাব্য আমদানির ওপর আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পাট, সিরামিক এবং চামড়ার পণ্যের মতো বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্যও উৎসাহিত করেন। উভয় পক্ষ লক্ষ্যভিত্তিক সম্পৃক্ততা বাড়াতে ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করে। প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের সম্ভাব্য বিনিয়োগকে স্বাগত জানান এবং সরকারের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির ওপর আলোচনা করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পৃক্ততার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং এ বছর ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভার আয়োজনের সম্ভাবনাকে স্বাগত জানায়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ধারণ করতে হবে জাতীয় ঐক্য ও সহনশীলতা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাণীতে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারেক রহমান আরো বলেন, ‘স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

তারেক রহমান বলেন, ‘আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।’ বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

ব্রাজিলের জার্সিতে জাদু দেখাতে চান ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান তারকা এবার একই ছন্দ ধরে রাখতে চান ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতেও। সামনে বিশ্বকাপ, আর সেটাকেই নিজের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি।

চলতি ২০২৫-২৬ মৌসুমের শুরুটা অবশ্য ভালো ছিল না ভিনিসিয়ুসের জন্য।
টানা ১৬ ম্যাচ গোলশূন্য থাকার পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সবকিছু। এখন তিনি আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৪৩ ম্যাচে ১৭টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার।
তার পারফরম্যান্সই প্রমাণ করে, খারাপ সময় কাটিয়ে আবার কিভাবে নিজেকে ফিরে পাওয়া যায়।

ক্লাব ফুটবলে ভিনিসিয়ুসের অর্জন ঈর্ষণীয়—দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা শিরোপা ইতিমধ্যেই জিতেছেন তিনি। কিন্তু জাতীয় দলের হয়ে সেই সাফল্য এখনো আসেনি। ব্রাজিলের হয়ে ৪৫ ম্যাচে মাত্র ৮টি গোল করেছেন তিনি।

তাই এবার লক্ষ্য পরিষ্কার, রিয়ালের মতোই ব্রাজিলকেও সাফল্য এনে দেওয়া।

ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভিনিসিয়ুস বলেন, ‘আমি এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমি সুখী, আর যখন আমি সুখী থাকি, তখন আমার চারপাশের সবাইও আত্মবিশ্বাসী থাকে।’

তিনি আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে আমি যা করতে পারি, সেটাই জাতীয় দলের হয়েও করতে চাই। ছোটবেলা থেকেই এই দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি।
আমি চাই আমাদের দেশকে গর্বিত করতে।’

২০২২ সালের ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর নতুন করে সাফল্যের খোঁজে রয়েছে ব্রাজিল। সেই মিশনে ভিনিসিয়ুস নিজেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো করেই প্রস্তুত করছেন।

বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই মনোযোগী হয়ে উঠছেন এই তারকা। বাইরের সমালোচনা নয়, নিজের লক্ষ্যেই স্থির থাকতে চান তিনি।

ভিনিসিয়ুসের ভাষায়, ‘আমি জানি আমি কী করতে পারি এবং বিশ্বকাপের জন্য কতটা কঠোর পরিশ্রম করেছি।’

শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, ২৬ দিনে ১৮৬

​মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা কেবল দেশান্তরি মানুষের মনে আতঙ্কই ছড়াচ্ছে না, বরং হাজার হাজার প্রবাসীর রুটি-রুজির পথকে করে তুলেছে অনিশ্চিত। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৬ দিনে ফ্লাইট বাতিলের যে মিছিল শুরু হয়েছে, তাতে যোগ হলো আরো ৭টি ফ্লাইট।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় এ পর্যন্ত (২৫ মার্চ) মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

​গতকাল বুধবারের (২৫ মার্চ) প্রেস বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এবং এয়ার আরাবিয়ার বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র হওয়ায় ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। ​

টার্মিনালের সামনে বসে অঝোরে কাঁদছিলেন ফেনীর প্রবাসী সলিমুল্লাহ। তার চিত্রটি বর্তমান সংকটের এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি জানান, ‘অনেক কষ্টে ধারের টাকা শোধ করে ভিসার মেয়াদ বাড়িয়েছিলাম।
আজ ফ্লাইট ছিল শারজাহর। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় আমার সব শেষ। মালিক বলে দিয়েছে আজ না পৌঁছালে আমার জায়গায় অন্য লোক নেবে। আমার পরিবার এখন পথে বসবে।

​একই চিত্র দেখা গেছে রাউজানের প্রবাসী যুবক আরফাতের ক্ষেত্রে। তার আবুধাবির ফ্লাইটটি ইউএস-বাংলা এয়ারলাইনসের ছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘তিনবার তারিখ পেছাল। এয়ারলাইন্স বলছে পরিস্থিতির ওপর তাদের হাত নেই। কিন্তু আমাদের পকেট তো খালি হয়ে যাচ্ছে।
একে তো যুদ্ধের ভয়, তার ওপর চাকরি হারানোর আতঙ্ক—আমরা এখন কার কাছে যাব?’

​সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইটগুলো শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে প্রায় পুরোপুরি অচল হয়ে পড়ায় চট্টগ্রামের প্রবাসীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, আবার অনেকে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে পারছেন না।

​বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও কিছু ফ্লাইট সচল আছে, তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা যে গতিতে বাড়ছে, তাতে এই স্থবিরতা কবে কাটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। শাহ আমানত বিমানবন্দরের লাউঞ্জগুলোতে এখন কেবল অপেক্ষার প্রহর আর অনিশ্চিত ভবিষ্যতের দীর্ঘশ্বাস। ১৮৬টি ফ্লাইট বাতিলের অর্থ কেবল কারিগরি সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো পরিবারের কান্না আর হাহাকার।

ব্রাজিল-ফ্রান্স দ্বৈরথে চোখ বিশ্ববাসীর

বিশ্বকাপের দামামা বেজে উঠতে বাকি আর মাত্র ৭৮ দিন। বৈশ্বিক আসরে লড়াইয়ে নামার আগে তাই নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বড় দলগুলো। যুক্তরাষ্ট্রের বোস্টনে আজ রাতে যেমন প্রস্তুতির মহড়া দিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। দুই শক্তিশালী দলের লড়াই ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা।

১১ বছর পর মুখোমুখি লড়াইয়ে নামছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন দল। সর্বশেষ দেখায় ফ্রান্সকে হারিয়েছিল ব্রাজিল। তবে সমর্থকদের মনে এখনো গেঁথে আছে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে জিনেদিন জিদানের জাদুকরী পারফরম্যান্সে পাঁচবারের চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে স্তব্ধ করে দিয়েছিল ফরাসিরা।

সেলেসাওদের জন্য এখন সময়টা অবশ্য কঠিন যাচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে ১৮ ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে পঞ্চম স্থানে থেকে মূল পর্বের টিকিট কেটেছে তারা। তাতে সমর্থকদের মনে শঙ্কার কালো মেঘ উঁকি দিয়েছিল।

কিন্তু কার্লো আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর সেই শঙ্কা কাটিয়ে নতুন আশার আলো দেখাচ্ছে।
২০০২ সালের পর আবার ‘হেক্সা’ মিশন সফল করার আশায় দিন গুনছে সেলেসাওরা। অভিজ্ঞ নেইমার এখনো আনচেলোত্তির দলে জায়গা করে নিতে পারেননি। তবে আশায় আছেন, বিশ্বকাপ খেলবেন তিনিও। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের মূল কাণ্ডারি ভিনিসিয়ুস জুনিয়র। তার সঙ্গে আছেন রাফিনিয়া।
চোটের কারণে অবশ্য ফ্রান্সের বিপক্ষে দলে নেই অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার এবং ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস।

ফরাসিদের সব আলো কিলিয়ান এমবাপ্পের ওপর। রিয়াল মাদ্রিদের এই তারকা অবশ্য কেবলই চোট কাটিয়ে ফিরেছেন। জাতীয় দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন এই ফরোয়ার্ড। ফরাসি কোচ দিদিয়ের দেশমের এটাই শেষ বিশ্বকাপ। তাই দেশমের শেষটা নিশ্চয়ই রাঙাতে চাইবেন এমবাপ্পেরা। মূল লড়াইয়ের আগে আজ রাতের ম্যাচটি হবে দুই দলের জন্য শক্তির আসল মহড়া।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এর আগে, সকাল ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আজ সকাল ৯টা ৪৫ মিনিট জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

নতুন দায়িত্ব পেলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি এখন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন।

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিট জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় সরকার দুটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার পর দৌলতদিয়া ঘাটে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস বিকেল সোয়া ৫টার দিকে ফেরিঘাটের পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। খবর পাওয়ার পর বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি কমিটিকেও একই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সমন্বয়ে রাতভর অভিযান পরিচালিত হবে। পরদিন দিনের আলোয় আরও বিস্তৃত এলাকায় তল্লাশি চালানো হবে। নিখোঁজদের তালিকা প্রস্তুত করা হচ্ছে যা পরের দিন প্রকাশ করা হতে পারে।

ভক্তদের হৃদয় ভেঙে লিভারপুল ছাড়ছেন সালাহ

ইংলিশ জায়ান্ট লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের শুরু। আমি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যাচ্ছি।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া এই মিশরীয় ফরোয়ার্ড ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। তার আগে আছেন ইয়ান রাশ ও রজার হান্ট।

লিভারপুলের জার্সিতে সালাহ জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ এবং লিগ কাপ। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩০ বছরের লিগ শিরোপা খরা কাটায় দলটি।

বিদায়ী বার্তায় আবেগঘন কণ্ঠে সালাহ বলেন, ‘লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি একটি আবেগ। এই শহর, এই সমর্থকরা আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি কখনোই এই সময়গুলো ভুলব না।’

তিনি আরো যোগ করেন, ‘বিদায় বলা সহজ নয়।
তোমরা আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছ। আমি সবসময়ই তোমাদের একজন হয়ে থাকব।’

তবে তার বিদায়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। গত নভেম্বর কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।