শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে, নিহত ৭১

ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ১৭ শিশুসহ অন্তত ৭১ জন আরোহী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাসটির সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। হেরাত প্রদেশের পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। ‘অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার’ কারণে দুর্ঘটনাটি ঘটে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে বিপুল সংখ্যক অভিবাসীকে নির্বাসিত করা হচ্ছে।
এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরো আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছেন।

হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন, বাস দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত হয়েছিলেন।
তবে তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।

ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় সময়োপযোগী সাড়া দেওয়ার জন্য ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ চিকিৎসক প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা সাড়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নেওয়া আমাদের পক্ষে সহজ ছিল না। এটি পরিচালনা করার মতো দক্ষতা আমাদের ছিল না, তাই আমরা এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে ছিলাম।
’

উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীর চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিক্যাল টিম ঢাকায় পাঠায় ব্রিটিশ সরকার। গত ৯ আগস্ট ঢাকায় আসা দলটি শুধু আহত রোগীর চিকিৎসাই দিচ্ছে না, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সক্ষমতা তৈরিতেও সহায়তা করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা খুব, খুব খুশি যে—আপনারা সঠিক সময়ে আসতে পেরেছেন এবং পুরো জাতির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই।’

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রমুখ উপস্থিত ছিলেন।

তাদের সহায়তার বর্ণনা দিতে গিয়ে একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের বেদনা অনুভব করছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ব্রিটিশ চিকিৎসকদের এই সফর তিনটি দিক থেকে গুরুত্বপূর্ণ জরুরি সহায়তা প্রদান, চিকিৎসা প্রটোকল নির্ধারণ এবং বাংলাদেশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়তা করা।

ভবিষ্যতের জন্য আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি তা জানতে চাই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মীদের ব্রিটিশ দলের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে এবং অন্যদের কাছে তথ্য প্রচারে সহায়তা করতে চায়।’

প্রধান উপদেষ্টা সুস্থ হওয়া রোগীদের মানসিক স্বাস্থ্যের যত্নের ওপরও জোর দিয়েছিলেন এবং ব্রিটিশ দলকে কিছু ফলোআপ করার আহ্বান জানান।

প্রেস উইং জানায়, আগামী ২৪ আগস্ট ব্রিটিশ মেডিক্যাল টিম ঢাকা ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে। গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে মেডিক্যাল টিম পাঠায় যুক্তরাজ্য।

দুর্নীতির কবল থেকে বিপিএলকে রক্ষা করতে চান বিসিবি সভাপতি

খেলার থেকে ধুলাই বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গাঁয়ে এমন নেতিবাচক তকমাই সেঁটে গেছে এখন। তকমাটা জুটেছে মাঠের খেলার চেয়ে বাইরের নানা বিতর্কিত ঘটনায়। বিশেষ করে গত কয়েক মৌসুম ধরে ফিক্সিংয়ের পোড়া গন্ধে।

খেলাটা থেকে সেই গন্ধ দূর করতেই অ্যালেক্স মার্শালকে দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক করে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের চুক্তিতে আসা মার্শাল আগে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের প্রধান ছিলেন। তাকে নিয়ে খেলাটাকে রক্ষা করতে চান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে এমনটিই জানিয়েছেন আমিনুল।
তিনি বলেছেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত প্রতিবেদন আসেনি। আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। আমি শতভাগ নিশ্চিত, অ্যালেক্স মার্শালকে সঙ্গে নিয়ে আমাদের খেলাটাকে রক্ষা করতে পারব।’

আপাতত একদিনের জন্য ঢাকায় এসেছেন মার্শাল।
ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাদের দুর্নীতিমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আর বিপিএলের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে তিনি বলেছেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে কিংবা যথেষ্ট নিরাপত্তাবেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজেরা লক্ষ্য বানাবেই। আমাদের নিশ্চিত করতে হবে বিপিএলের যেন এমন ভাবমূর্তি না থাকে।’

প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে : তারেক রহমান

প্রতিরোধ, প্রতিহিংসা ও কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রত্যেক মা-বাবা তার সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চান। প্রত্যেক মা-বাবার চাওয়া-পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছে।
কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদের প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিরোধ, প্রতিহিংসা ও কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে প্রবেশ করছে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার কোনো রকম সুযোগ নেই।
এই সময়ের চাহিদার দিকে লক্ষ রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা নির্ধারণ করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার্থীরা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর অথবা কোনো কারণে ড্রপআউট (পড়াশোনা শেষ করতে না পারলে) হলে তাকে যাতে বেকার জীবন কাটাতে না হয় সেই পরিকল্পনাকে সামনে রেখেই শিক্ষা কারিকুলামে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অন্তত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যাবহারিক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি।’

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। এ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দেড় দশকের বেশি সময় পর নিজেদের এজেন্ডা-ম্যানিফেস্টো বাস্তবায়নের সুযোগ পাবে।
তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর কিছু সদস্যের বক্তব্যে গণতন্ত্রকামী জনগণের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে।’

দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘দূরত্ব তৈরি হলে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত, পরাজিত ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। তাই সতর্ক ও সজাগ থাকতে গণতন্ত্রকামী জনগণের প্রতি বিনীত আহ্বান জানাই।’

রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নিযুক্ত ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পাকিস্তানের নেতৃবৃন্দ এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর গভীরভাবে প্রোথিত এবং পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো জোরদার করতে আগ্রহী বলে জোর দেন।

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাকে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে হাইকমিশনারের সফলতা কামনা করেন।

বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে আবারও কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তথ্যটি আজ মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল নিশ্চিত করেছেন।

দেশটির বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, কৃষি, বাগান, খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁস, লন্ড্রি, কার্গো, অ্যান্ড বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে।

তিনি আরো বলেন, নির্মাণ খাত, অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন (ম্যানুফ্যাকচার) খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (এমআইডিএ) আওতাধীন নতুন বিনিয়োগকে।

এবারের কলিং ভিসা/বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিশিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই-বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং পরে জয়েন্ট (যৌথ) কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছে, এখন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছর শেষ (৩১ ডিসেম্বর-২০২৫) পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির ১০ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে। তবে এ কোটায় বাংলাদেশিরা কতজন আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে লাভ হলো বাংলাদেশের। নিরাপত্তার শঙ্কায় ভারতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তারা না যাওয়ায় কপাল খুলেছে বাংলাদেশের।

এশিয়া কাপে খেলার আশা শেষ হয়েও পাকিস্তানের নাম প্রত্যাহারে সুযোগ পেয়েছে বাংলাদেশ।
গতকাল আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পায় বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ২৯ আগস্ট রাজগিরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচিও আজ প্রকাশিত হয়েছে। তাতে পুল ‘বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অপর তিন গ্রুপ সঙ্গী হচ্ছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।

টুর্নামেন্ট শুরুর দিন মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ৩০ আগস্ট প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর শক্তিশালী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর।

অন্যদিকে এশিয়া কাপে বাংলাদেশের মতো কপাল খুলেছে কাজাখস্তান।
ওমান নাম প্রত্যাহার করে নেওয়ায় এইচএফ কাপে চতুর্থ হওয়া কাজাখস্তান সুযোগ পেয়েছে। একই টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছিল তৃতীয়। পুল ‘এ’-তে কাজাখস্তানের সঙ্গী চীন, জাপান ও স্বাগতিক ভারত।

প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারাই এফআইএইচ হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পাবে।
আর পয়েন্ট তালিকার পরের পাঁচ দল বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে। আগামী বছর বিশ্বকাপ হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বাংলাদেশের ভবিষ্যৎ জিয়া পরিবারের হাতে নিরাপদ : নিপুণ রায়

বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার জিয়া পরিবারের হাতেই সুরক্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গামন্দির চত্বরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নিপুণ রায় বলেন, ‘জাতির সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় জনগণের পাশে থেকেছেন। তিনি বাকশালী একদলীয় শাসন থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
আর তারেক রহমান প্রমাণ করেছেন, বিদেশে থেকেও তিনি বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম। আগামীর বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ।’

তিনি বলেন, ‘শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। কোটি কোটি মানুষ সেই মুহূর্তটির অপেক্ষায় আছে।
জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের মালিকানা ফিরে পেতে চায়। রাষ্ট্রের মালিক জনগণ—তারাই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে।’

নিপুণ রায় আরো বলেন, ‘আপনাদের দাদা গয়েশ্বর চন্দ্র রায় এ এলাকার গর্ব। সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন তিনি।
এবারের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে বিজয়ী করতে হবে। এই বিজয় শুধু একটি আসনের নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় হবে।’

উঠান বৈঠকে তোঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

গ্রামীণ জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তারা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : গণশিক্ষা উপদেষ্টা

শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারে প্রধান শিক্ষকগণের দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে শুধু ডিগ্রি বা তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়; প্রয়োজন সৃজনশীলতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা। লিডারশিপ ট্রেনিং সেন্টার সেই দক্ষতাগুলো গড়ে তুলতে সহায়তা করবে।
’

তিনি বলেন, ‘আমরা যদি সমাজে সৎ, দক্ষ ও মানবিক নেতার সংখ্যা বাড়াতে চাই, তবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো বিস্তৃত করা, আধুনিক প্রযুক্তি সংযোজন করা এবং তরুণদের এই সুযোগের সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, মো. সাইফুদ্দীন শাহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বেনাপোল স্থলবন্দরে ৬৭৪ ম্যানিফেস্টের তথ্য গরমিল

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে জাল ম্যানিফেস্ট ব্যবহার করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র কৌশলে একই ম্যানিফেস্ট একাধিকবার ব্যবহার করে ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে। এ প্রক্রিয়ায় জাতীয় অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বৈধ আমদানিকারকরা প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন।

আমদানি বা রপ্তানি পণ্যের নাম, পরিমাণ, ওজন, উত্স দেশ, গন্তব্য এবং আমদানিকারকের তথ্যকে কার্গো ম্যানিফেস্ট বলা হয়।
এই নথির ভিত্তিতেই আমদানি-রপ্তানির সময় শুল্ক আরোপ করা হয়। অভিযোগ রয়েছে, বেনাপোলে ওই নথির তথ্য জালিয়াতির মাধ্যমে উচ্চ শুল্কের পণ্য, বিশেষ করে কসমেটিকস ও ফেব্রিকস অবৈধভাবে আমদানি করা হচ্ছে।

বেনাপোল কাস্টমসের নথি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫০১টি ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অব এন্ট্রি জমা পড়েনি। ২০২৩-২৪ অর্থবছরে দাখিল হওয়া ৮৯১টি ম্যানিফেস্টের মধ্যে সঠিক ছিল মাত্র ২১৭টি।
বাকি ৬৭৪টি ম্যানিফেস্ট কাস্টমসের ‘অ্যাসাইকুডা’ সিস্টেমে মেলেনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৭ ফেব্রুয়ারি এবং ৫ মে দুটি আলাদা চিঠিতে বেনাপোল কাস্টম হাউসের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। তবে সন্তোষজনক জবাব এখনো পাওয়া যায়নি। এনবিআরের নির্দেশে অভ্যন্তরীণ অডিট ও তদন্ত কমিটি কাজ শুরু করেছে, যদিও কোনো কর্মকর্তার বিরুদ্ধে এখনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিছু প্রভাবশালী কর্মকর্তার যোগসাজশে নিয়মিতভাবেই কাগজপত্র ছাড়াই পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। ফলে বৈধ পথে আমদানিকারকরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। শুল্ক ফাঁকি দেওয়া পণ্য বাজারে কম দামে পাওয়া যায়, যা দেশীয় শিল্পের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, একই ম্যানিফেস্ট দুই থেকে পাঁচবার, এমনকি দশবারও ব্যবহার করা হয়েছে। এতে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
বিশেষ করে উচ্চ শুল্কের পণ্য আমদানিতে এ ধরনের অনিয়ম বেশি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান মধু বলেন, ‘ভারতীয় কাস্টমস সাইডের এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (ইজিএম) যাচাই করলে কতগুলো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে, কী পণ্য এসেছে আর ওজন কত ছিল এসব তথ্য সহজেই বের হয়ে আসবে। আমরা চাই প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, ‘কিছু ম্যানিফেস্টে পুনরাবৃত্তি পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং ভবিষ্যতে যেন আর কেউ এ ধরনের অসত্ পন্থা অবলম্বন করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’

অন্যদিকে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, কিছু ম্যানিফেস্ট দাখিল হলেও বিল অব এন্ট্রি জমা হয়নি। অনিয়ম ধরা পড়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান।