বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

গণমাধ্যম সংস্কারে সাংবাদিকদের চাপ দিতে হবে : আলী রীয়াজ

গণমাধ্যম সংস্কারের দায়িত্ব শুধু সরকার বা কমিশনের নয়, সাংবাদিকদেরও চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘১৬ বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখলে তার দায় নিতে হবে। মালিকানার যে ধরন তৈরি হয়েছে, সেটা অব্যাহত রেখে স্বাধীন প্রফেশনাল সাংবাদিকতা সম্ভব নয়।
আপনি দোকানদার হবেন নাকি চতুর্থ স্তম্ভ হবেন, সেটা ঠিক করতে হবে।’

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার। এটা দলগুলোর জাতীয় ঐকমত্য কমিশনে কাগজে সই করার চেয়ে বড় সংস্কার হবে। অন্তর্বর্তী সরকার না থাকলেও সাংবাদিকরা থেকে যাবেন।

গণমাধ্যম সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে স্বাধীনতা ও চতুর্থ স্তম্ভ হওয়ার দিকটি বিবেচনা করতে হবে। প্রাতিষ্ঠানিক ও পেশাগত দিকটিও বিবেচনায় নিতে হবে। সাংবাদিক ইউনিয়নকে কর্মীদের পেশাগত নিরাপত্তা নিয়ে সোচ্চার হতে হবে। সরকারের অপেক্ষায় থাকা যাবে না।

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।

সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

তিনি জানান, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মিলে ভোটার সংখ্যা আরো ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের উল্লেখ ছিল।
এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

এরইমধ্যে নির্বাচন কমিশন সচিব বলেছেন, এবার তালিকা তিনটি হবে। এ বছরের শুরুতে নতুন ভোটার নিয়ে ২ মার্চ ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি।
এরপর বাড়ি বাড়ি তথ্য নেওয়া বাদ পড়াদের হালনাগাদ করে ৩১ আগস্ট যুক্ত করা হয়েছে। এরপর ভোটার তালিকা আইন সংশোধন হওয়ায় জাতীয় নির্বাচনের আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য বা ১৮ বছর বয়সী হবেন তাদেরও তালিকাভুক্ত করা হবে। এরপর চূড়ান্ত ভোটার সংখ্যা হবে ভোটের আগে।

অন্তর্বর্তী সরকারের আমলে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে ১২৩টি সংগঠন মোট ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে রবিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের সড়কে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে।
১২৩টি সংগঠন এগুলো করেছে।

তবে এ ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে তিনি অনুরোধ জানান, এগুলো যেন সড়কে না করা হয়। কারণ এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

তিনি বলেন, যানজটের একটা বড় কারণ হলো, একটি সড়কের যদি কোনো একটা কোণা ব্লক হয়ে যায়, তাতে ঢাকা শহর অ্যাফেক্টেড হয়।
আমি সবার কাছে অনুরোধ করব, এগুলো যেন একটি সুনির্দিষ্ট জায়গায় করা হয়। মাঠ রয়েছে, কিংবা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে— এসব জায়গায় করা হলে জনদুর্ভোগটা কম হবে।

মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করল হামাস

গাজা উপত্যকায় হামাসের প্রত্যাশিত নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি গোষ্ঠীটি রবিবার নিশ্চিত করেছে। এর তিন মাসেরও বেশি আগে ইসরায়েল এক বিমান হামলায় তাকে হত্যা করার দাবি করেছিল।

ফিলিস্তিনি এই গোষ্ঠী শনিবার প্রকাশিত ছবিতে সিনওয়ারকে অন্য রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে দেখা গেছে, যাদেরকে ‘সামরিক কাউন্সিলের শহীদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মোহাম্মদ সিনওয়ার ছিলেন ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই।
ইয়াহিয়াকে ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে, যে হামলার পর গাজায় চলমান যুদ্ধ শুরু হয়।

কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার আল-কাসাম ব্রিগেডের সামরিক কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানা গেছে। ইসরায়েল জানিয়েছিল, তারা জুন মাসে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গ থেকে মোহাম্মদ সিনওয়ারের দেহ শনাক্ত করে। এ ছাড়া সেনাবাহিনী বলেছিল, তারা ১৩ মে তাকে ‘হত্যা’ করেছে।

ইসরায়েলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের চালানো হামলায় এক হাজার ২১৯ জন নিহত হয়েছিল, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক। এ ছাড়া সে সময় জিম্মি করা ২৫১ জনের মধ্যে এখনো ৪৭ জন গাজায় আটক রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ওই হামলার প্রতিশোধে ইসরায়েল পাল্টা অভিযান শুরু করে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৩৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক।
জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ, দেশজুড়ে প্রতিবাদ

মেক্সিকো জুড়ে হাজার হাজার মানুষ দেশব্যাপী নিখোঁজের ঘটনার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে। রাজধানী মেক্সিকো সিটিসহ গুয়াদালাজারা, কর্ডোবা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজন, মানবাধিকারকর্মী ও নাগরিকরা। তাদের দাবি, সরকার যেন নিখোঁজদের সন্ধানে আরো সক্রিয় হয় এবং জোরপূর্বক অন্তর্ধান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন প্রিয়জনদের খুঁজে পেতে সহায়তা করার জন্য।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মেক্সিকোতে ১,৩০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ। বিশ্লেষকরা বলছেন, এই সমস্যা মূলত ২০০৭ সাল থেকে তৈরি হয়েছে। যখন তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক নিখোঁজকে জোরপূর্বক মাদক চক্রে নিয়োগ করা হয়েছে অথবা তাদের হত্যা করা হয়েছে।
যদিও সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলিকে প্রধান দায়ী হিসেবে চিহ্নিত করা হয়, তবে দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের ওয়াক্সাকা থেকে শুরু করে উত্তরের সোনোরা ও ডুরাঙ্গো পর্যন্ত প্রতিটি অঞ্চলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মিছিলকারীরা প্রিয়জনদের ছবি ও নামসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। নিখোঁজদের খুঁজে পেতে অনেক পরিবার নিজেরাই ‘বাসকাদোরস’ নামে পরিচিত অনুসন্ধান দল গঠন করেছেন।
অনেক সময় মাদক চক্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এরা উত্তর মেক্সিকোর গ্রাম ও মরুভূমিতে অনুসন্ধান চালান। তবে এতে তাদের জীবনও হুমকির মুখে পড়ে। সম্প্রতি জালিস্কো রাজ্যে এক বাসকাদোর দল একটি মাদক খামারের সন্ধান পাওয়ার পর দলের বেশ কয়েকজন সদস্য নিখোঁজ হন। এদিকে, রাজ্য অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, খামারের এলাকায় শ্মশানের কোনো প্রমাণ মেলেনি।

জাতিসংঘ এই পরিস্থিতিকে বিশাল মাত্রার একটি মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে।
মেক্সিকোতে নিখোঁজের সংখ্যা বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যান্য ঐতিহাসিক নিখোঁজ ঘটনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। উদাহরণস্বরূপ, গুয়াতেমালার ৩৬ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪০,০০০ এবং আর্জেন্টিনার সামরিক শাসনামলে (১৯৭৬-১৯৮৩) প্রায় ৩০,০০০ মানুষ নিখোঁজ হয়েছিল।

সূত্র : বিবিসি

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
এ সময় সরকার তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আজ রবিবার সকাল ১০টার দিকে ৭ মিনিটে টেলিফোনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন।’

তিনি আরো বলেন, ‘নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।
এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন।’

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক

রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজ যমুনায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তার পূর্ববর্তী প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে।

তিনি জানান, সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে কোনো প্রকার বাধা বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে, নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিক রোডম্যাপ সম্প্রতি প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, এসব কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে এখন থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রস্তুতি চলমান রয়েছে।

নেভেসের হ্যাটট্রিকে ৯ গোলের ম্যাচে পিএসজির দাপুটে জয়

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথম আধা ঘণ্টাতেই প্রতিপক্ষকে কোণঠাসা করে জালে বল পাঠায় চারবার। দ্বিতীয়ার্ধে এসে জোয়াও নেভেস করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। শেষ দিকে গোল করলেও বড় হার এড়াতে পারেনি তুলুজ।

শনিবার রাতের লিগ আঁয়ের ম্যাচে ৬-৩ গোলে জিতেছে পিএসজি।
বিজয়ীদের হয়ে দুটি গোল করেছেন উসমান দেম্বেলে, একবার জালের দেখা পেয়েছেন তরুণ তারকা ব্র্যাডলি বারকোলা।

ম্যাচের শুরুতেই সেট পিস থেকে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। সপ্তম মিনিটে দেম্বেলের উঁচু করে বাড়ানো বল দারুণ এক বাইসাইকেল কিকে জালে পাঠান নেভেস। দুই মিনিট পর ফাবিয়ান রুইজের থ্রু বল ধরে ছয় গজ বক্স থেকে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা।

তৃতীয় গোলটিও আসে সেট পিস থেকে। কর্নার থেকে ভেসে আসা বল আবারও বাইসাইকেল কিকে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন নেভেস।

২৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় পিএসজি। তরুণ দিজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলে স্পট কিক থেকে গোল করে শিরোপাধারীদের পুরো নিয়ন্ত্রণ এনে দেন দেম্বেলে।

বিরতিতে যাওয়ার আগে অবশ্য ব্যবধান কমায় তুলুজ। ৩৭তম মিনিটে চার্লি ক্রেসওয়েলের গোলে কিছুটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পেনাল্টি পায় পিএসজি। ৫১তম মিনিটে স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ৫-১ করেন দেম্বেলে।

এরপর ৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন নেভেস।
এতে স্কোরলাইন দাঁড়ায় ৬-১ এ!

শেষ দিকে ইয়ান ও আলেক্সিসের গোলে হারের ব্যবধান কিছুটা কমালেও ফল পাল্টাতে পারেনি তুলুজ।

এই জয়ে ৩ ম্যাচ পর ৯ পয়েন্ট নিয়ে লিগ আঁ টেবিলের শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে, আসরে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।

দুই মিনিটের কামব্যাকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচের ১৮তম মিনিটে ভেদাত মুরিকির হেডে এগিয়ে যায় মায়োর্কা। তবে ৩৭তম মিনিটে আর্দা গুলেরের গোলে সমতা ফেরে স্বাগতিকরা।
আলভারো কারেরাসের লং বল ডিন হুইসেন মাথা দিয়ে বাড়িয়ে দেন, আর কাছ থেকে গুলের সেটি জালে জড়ান। এর মাত্র এক মিনিট পর পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন। গত সপ্তাহে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে বদলি নেমে গোল ও অ্যাসিস্ট করা ভিনিসিয়ুস এবারও জয়ের নায়ক।

মায়োর্কার বিপক্ষে লা লিগায় ১০ ম্যাচে তিনি এখন পর্যন্ত ছয় গোলের সঙ্গে সরাসরি জড়িত (চার গোল, দুই অ্যাসিস্ট), যার মধ্যে ঘরের মাঠে চার ম্যাচে তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন।

দ্বিতীয়ার্ধে মায়োর্কা সমতায় ফেরার সুযোগ পেলেও আলভারো কারেরাসের গোললাইন ক্লিয়ারেন্সে বাঁচে মাদ্রিদ।

এই জয়ে লা লিগায় টানা তিন ম্যাচ জিতে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এটি তাদের টানা ছয় নম্বর লিগ জয়। এছাড়া, লা লিগায় ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে মাদ্রিদের টানা জয়ের সংখ্যা দাঁড়াল ১০।

এছাড়া, ইতিহাস গড়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। মাত্র ১৮ বছর ১৬ দিন বয়সে বার্নাব্যুতে লিগ ম্যাচে শুরুর একাদশে নেমে তিনি ২১শ শতকে রিয়ালের সবচেয়ে কমবয়সি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন।

তাড়াহুড়া করতে হচ্ছে, বিচার নিখুঁতভাবে সম্পন্ন করা কঠিন : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচিত সরকার জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে এগোবে কি না, সেই অনিশ্চয়তার কারণে তাদের বিচারকাজে তাড়াহুড়া করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে এ কাজ করার প্রয়োজন ছিল, তা সম্ভব হচ্ছে না।

আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশন ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) যৌথ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নতুন বাস্তবতায় আমাদের চিন্তা করতে হচ্ছে, এই চিন্তাগুলো যদি আমাদের করতে না হতো, তাহলে খুব ভালো হতো।
সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন (নির্বাচন) হবে, নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই বিচারপ্রক্রিয়া নিয়ে অগ্রসর না হয়। কেন এই চিন্তাটা আমাদের করতে হচ্ছে?…আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে নতুন গভর্নমেন্ট (সরকার) এলে এই প্রসিকিউশন টিম বা এই বিচারব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না। তার মানে আমাকে একটা রাশ করতে হচ্ছে, তাহলে ফেব্রুয়ারির মাঝে আমি কত দূর যেতে পারব। তাহলে কিছু কাজ আমাকে শেষ করে যেতে হবে।
ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল, তা কিন্তু আমি হয়তো করতে পারব না। অনেক বেশি রাশ করতে হচ্ছে।’

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের সরকারের সময় সংঘটিত গুম-খুনসহ যেসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে, সেসবের আনুষ্ঠানিক অভিযোগ দিতে না পারলে তা বড় ধরনের ব্যর্থতা হবে বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। তিনি বলেন, ‘গুমের যে বিস্তৃতি, এই জায়গায় এই বিচারগুলো করার জন্য যে পরিমাণ সময় দরকার, এতটুকু সময় কিন্তু গুম কমিশনও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না।
যদি আমরা অন্তত চার্জশিটগুলো (আনুষ্ঠানিক অভিযোগ) দিয়ে যেতে না পারি, তাহলে এটা বড় ধরনের ব্যর্থতা হবে। দেখেন, ১৮০০ প্লাস গুমের ঘটনা, এগুলোর যে শাখা-প্রশাখা আছে, এগুলো কি নিখুঁতভাবে কয়েক মাসে বের করা সম্ভব? প্র্যাকটিক্যালি তো সম্ভব না। কিন্তু এই অসম্ভব কাজ আমাদের করতে হচ্ছে এই আশঙ্কা থেকে যে পরের গভর্নমেন্ট যদি কিছু না করে। তাহলে পরের গভর্নমেন্টে যারা আসবেন, তাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে কেন তাদের এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। সেটা যদি তারা বুঝতে না পারেন, এর চেয়ে বড় দুর্ভাগ্য জাতির জন্য আর কিছুই হবে না।

তাজুল ইসলাম বলেন, যতক্ষণ দায়িত্বে আছেন বা তাদের বিবেকবুদ্ধি কার্যকর আছে, আইন অনুযায়ী তারা কাজ করে যাবেন। যত বাধাই আসুক, তা তাদের দায়িত্বচ্যুত করতে পারবে না।

রাজনৈতিক দলগুলোকে এই অনুষ্ঠানে আলোচিত কথাগুলো শোনানো জরুরি বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তাদের (রাজনৈতিক দল) বুঝতে হবে বাংলাদেশে কী ঘটে গেছে। এটার (গুম ও হত্যাকাণ্ড) বিচার না হলে বাংলাদেশে তা আবার ফিরে আসতে পারে। এই জিনিসটা তাদের জানানো অসম্ভব জরুরি। কারণ, এই উপদেষ্টা পরিষদের মেয়াদ আগামী ফেব্রুয়ারির পরে শেষ হবে। তারপর তারা (রাজনৈতিক দল) দেশের দায়িত্ব গ্রহণ করবেন। তারা যদি এর গ্রেভিটি বুঝতে না পারেন, এটার ব্যাপারে তারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে বাংলাদেশ যে কারণে এত রক্ত দিয়ে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনল, সেই অর্জনটা ব্যর্থ হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে।

তাজুল ইসলাম বলেন, অপরাধীর পরিচয় শুধু সে একজন অপরাধী। তার পরিচয় হতে পারে না যে সে কত বড় সংস্থায়, কত বড় অফিসার, কত বড় কর্তা। যারা অপরাধী, তাদের দায় কারোরই গ্রহণ করা উচিত নয়। আইনের শাসন, মানবাধিকার এবং সভ্যতা ও জাতিসত্তাকে রক্ষা করতে হলে অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে।

তাজুল ইসলাম বলেন, যারা আজ তাদের রক্ষা করার চেষ্টা করছেন বা করবেন, তাদের মনে রাখতে হবে, তারাও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতেই পারেন। এ ধরনের অপরাধীদের রক্ষা করার চেষ্টা করাটাও কিন্তু এই অপরাধের বিচারকে বিঘ্নিত করার একটা চেষ্টা, যেটাও একটা অপরাধ।

গোলটেবিল বৈঠকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান প্রমুখ বক্তব্য দেন।