মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই জানালেন তথ্যমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, খেলাধুলার এই ইভেন্ট নিয়ে রাজনীতি করতে চায় না সরকার। তাই কেউ আইপিএল দেখাতে চাইলে ইতিবাচকভাবেই এর প্রতিক্রিয়া জানানো হবে।

মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করেছিল। এমনকি বিশ্বকাপেও অংশ নেয়নি টাইগাররা। তবে সরকার পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্ক পুনরায় বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো৷’

বাংলাদেশে কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে জানিয়ে তিনি আরও বলেছেন, ‘আমরা কাউকে বাধা দেবো না৷ যদি দেখা যায়, যাবে৷ আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব৷ জোর করে কিছু করা হবে না।’

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু। তিনি বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে৷ আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি৷’

এছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা বিষয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ঐ নির্দেশনার এখন কোনো দাম নেই৷ এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব৷ আগের সরকারের ঐসব নির্দেশনা এখন আর বহাল নেই।’

এদিকে যথাযথ বিপণন ও অন্যান্য সব লজিস্টিকসের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় নেই বলে টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এবারের আইপিএল দেখানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে চলমান পিএসএল সম্প্রচার করছে টি স্পোর্টস।

এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

উল্লেখ্য, দিলারা হাফিজ আজ (শনিবার) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা প্রদান করা হবে।

আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।

তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেওয়া হবে।’
যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের পরিকল্পনা সম্পর্কে আমিনুল হক জানান, ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। ঢাকার বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়।

যমুনা সেতুতে একদিনেই টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামায় যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। এই বাড়তি চাপের মধ্যেই এক দিনে সেতু থেকে আদায় হয়েছে বড় অঙ্কের টোল।

গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুটি ব্যবহার করেছে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন। এ সময় টোল বাবদ আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা, যা সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য সংগ্রহ।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঢাকামুখী যানবাহনের চাপ ছিল বেশি। এই পথে চলাচল করা ৩০ হাজার ৫৬টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে এসেছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ১০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। মোটরসাইকেলের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যানবাহনের গতি ব্যাহত না হয়।

তিনি আরও জানান, সেতু এলাকায় যান চলাচল সচল রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

র‌্যাব ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি (বিপিএম-সেবা) মো. আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ এপিবিএন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ-এ দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও কর্মরত ছিলেন।

তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পর্যায়েও তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-এ কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি “বাংলাদেশ পুলিশ মেডেল” (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক

যুক্তরাষ্ট্রজুড়ে আবার বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনের নাম ‘নো কিংস’। এই আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, শনিবার সারা দেশে ৩ হাজারের বেশি বিক্ষোভ কর্মসূচি হবে। তারা বলছে, এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের দিনগুলোর একটি হতে পারে।

এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসেও এই আন্দোলন হয়েছিল। তখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। আয়োজকদের দাবি, জুনে প্রায় ৫০ লাখ মানুষ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেয়। এবারের বিক্ষোভে অনেক বিষয় নিয়ে প্রতিবাদ হবে। এর মধ্যে আছে ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধ।

ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও ৪০টির বেশি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যটিতে মাত্র ৬ লাখ ৪৬ হাজার মানুষ বাস করে। তারপরও সেখানে এত কর্মসূচি নেওয়া হয়েছে।

আয়োজকরা বলছেন, ‘এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের দিনগুলোর একটি হতে পারে।’

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গত বছরের এক গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী ক্র্যাকডাউনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটক করে পুলিশ।

গত সেপ্টেম্বরে দেশটিতে ছড়িয়ে পড়া এক গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন বিক্ষোভকারী। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও এর মূলে ছিল দুর্নীতি ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন যে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাদের গ্রেপ্তার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। এই অস্থিরতা তদন্তে নিয়োজিত একটি প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে তাদের বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছিল।

তদন্ত প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংকেও গ্রেপ্তারের সুপারিশ করা হয়। তবে ওলি ইতিপূর্বে কমিশনের এই ফলাফল প্রত্যাখ্যান করে ‘অন্নপূর্ণা পোস্ট’ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, এটি মূলত তার বিরুদ্ধে ‘চরিত্রহনন এবং ঘৃণ্য রাজনীতি’র বহিঃপ্রকাশ। এই গ্রেপ্তারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক র‍্যাপার বালেন শাহ শপথ গ্রহণ করেছেন।

নেপালের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং, যিনি নিজেও ওই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, ওলির গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন যে, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং এটি কোনো প্রতিশোধের বিষয় নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু মাত্র।

বালেন শাহর নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র একদিন পরই এই উচ্চপর্যায়ের গ্রেপ্তারি অভিযান হিমালয় কন্যা নেপালের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে নতুন প্রশাসন জনগণের কাছে নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রমাণ দিতে চাইছে।

বর্তমানে কাঠমান্ডুসহ নেপালের প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে ওলির সমর্থকরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। গত সেপ্টেম্বরের সেই উত্তাল দিনগুলোতে সাধারণ মানুষের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল।

তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন সরকার পরিস্থিতি শান্ত করার পরিবর্তে পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে তা দমনের চেষ্টা করেছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল অনেকগুলো মূল্যবান প্রাণহানি। এখন আইনি প্রক্রিয়ায় এই ঘটনার কতটা সুষ্ঠু বিচার নিশ্চিত হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে নেপালের সাধারণ মানুষ।

সূত্র: বিবিসি

‘গোপন কক্ষ’ থেকে অবৈধভাবে রাখা ৮শ’ লিটার পেট্রোল উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে পেট্রোল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম এনায়েতুর রহমান (ওরফে এনায়েতউল্লাহ)। তিনি রামপুর বাজারে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে জ্বালানি তেল বিক্রি করতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত এনায়েতউল্লাহ তার হার্ডওয়্যার দোকানের পেছনে একটি গোপন কক্ষে ৬টি ড্রামে বিপুল পেট্রোল মজুত করে রেখেছিলেন। সারা দেশে জ্বালানি তেলের সাময়িক সংকটের সুযোগ নিয়ে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে তিনি এই মজুত গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন অবৈধ মজুতের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনায়েতুর রহমানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। জব্দ পেট্রোল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে- রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশে ১৫ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কাওয়াই উপকূলের একটি প্রত্যন্ত সৈকতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। কাউয়াই দমকল বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কালালাউ সৈকতে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে একজন পাইলট ও চারজন যাত্রী ছিলেন। খবর দ্য গার্ডিয়ানের।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

দেশটির কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল একটি হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেলের। হেলিকপ্টারটি পরিচালনা করছিল এয়ারবোন এভিয়েশন নামের একটি ট্যুর কোম্পানি।

এদিকে, দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।