মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে ক্রিস্তেল ফন্টেইন আজ রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ক্রাউড কন্ট্রোল, অভিবাসী সহায়তা, অপরাধ তদন্ত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের আগ্রহকে স্বাগত জানিয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পসমূহে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, অভিবাসন, সাইবার নিরাপত্তা ও মানবপাচার বিষয়ে প্রশিক্ষণ দান এবং উভয় দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ ইনসাফভিত্তিক হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব : জামায়াত আমির

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর এ কথা বলেন।

সংসদ যেন দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়—সেই আশাবাদ ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ‘এই চেয়ারটি ইনসাফের (ন্যায়বিচারের) জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার। এই চেয়ার থেকে আপনি (ডেপুটি স্পিকার) ইনসাফের বার্তা দিয়েছেন যে আপনি নিরপেক্ষভাবে সবকিছু বিবেচনা করবেন, তার জন্য আমি আপনাকে আরেকবার অভিনন্দন জানাই।

জামায়াত আমির বলেন, ‘আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আপনার দায়িত্ব পালনকালে আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সব পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব, ইনশাআল্লাহ।’

সংসদের বিরোধীদলীয় এই নেতা আরো বলেন, ‘মানুষ হিসেবে যে কেউ ভুল করতে পারে; আপনার এই চেয়ার থেকেও যদি কোনো ভুল হয়ে যায়, তবে আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করতে পারি—সেই দায়িত্ব আমরা নির্দ্বিধায় পালন করব।’

পূর্বাচলে শুরু ১৭তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৬, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশের ৪০০ প্রতিষ্ঠান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণে শুরু হয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘১৭তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৬’। রবিবার সকাল ১০টায় এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। একই ভেন্যুতে সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছে ‘এশিয়া ল্যাব এক্সপো-২০২৬’, যেখানে ল্যাবরেটরি ও গবেষণা সংশ্লিষ্ট সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের এক্সপোতে বিশ্বের ২০টিরও বেশি দেশের চার শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের আধুনিক পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শনের মাধ্যমে ফার্মাসিউটিক্যাল শিল্পের নতুন দিগন্ত তুলে ধরছে। এতে দেশীয় শিল্প উদ্যোক্তারা আন্তর্জাতিক মানের প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং ও প্যাকেজিং প্রযুক্তি, এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) ও এক্সিপিয়েন্টস, অ্যানালিটিক্যাল ও ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্লিনরুম ও এইচভিএসি সিস্টেম, পানি পরিশোধন ও ব্যবস্থাপনা প্রযুক্তি এবং টার্নকি প্রজেক্ট সেবাসহ বিভিন্ন আধুনিক সমাধান উপস্থাপন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মুক্তাদির, যিনি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং ইন্সেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে আরও গতিশীল করবে। এর মাধ্যমে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও বৈদেশিক সহযোগিতা বাড়বে এবং দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারিত হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল তার বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বলেন, যুদ্ধের সময় তিনি মায়ের কাছে অনুমতি চেয়ে বলেছিলেন, আমরা যদি না যাই, তবে দেশ স্বাধীন করবে কে? সেই স্মৃতিচারণ করে তিনি বর্তমান প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও যদি আমরা শুধু ভবিষ্যতের কথা বলি কিন্তু কার্যকর পদক্ষেপ না নিই, তবে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। উপস্থিত শিল্প উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা উৎপাদনের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। তবে রাষ্ট্র শক্তিশালী না হলে এই অগ্রগতির সুফল টেকসই হবে না। সম্মিলিত উদ্যোগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সবাইকে একসাথে কাজ করলেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

১/১১ -এর ঘটনায় জড়িত কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময়কার বিতর্কিত কর্মকাণ্ড ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই সময়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন বা অপরাধে লিপ্ত ছিলেন, তারা যত বড় প্রভাবশালীই হোন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘১/১১ ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল; যারা এই দেশের গণতন্ত্র ও সুশাসন বিনষ্ট করার জন্য এবং আয়নাঘরসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল— সেরকম দু’জন কর্মকর্তার একজন মাসুদ উদ্দিন চৌধুরী এবং অন্যজন মামুন খালেদ। ইতোমধ্যে তারা গ্রেপ্তার হয়েছে এবং অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে।’

তিনি আরও বলেন, ‘তাদের অতীতের বহু কর্মকাণ্ড আমাদের মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। তাদের সকল অভিযোগ আমাদের এখনই প্রকাশ করার সুযোগ নেই। তবে আমরা মনে করি— তাদের অতীতের সকল কর্মকাণ্ড এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া প্রয়োজন। এই দুষ্কৃতকারিদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যেন ভবিষ্যতে সরকারি দায়িত্বে থেকে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’

সিনিয়র এই আইনজীবী বলেন, ‘তাদের কোনো বর্ণাঢ্য কর্মজীবন নেই; তাদের কর্মকাণ্ডগুলো মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত। তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘরের মতো অমানবিক কাজ করেছে। ১/১১-এর সময় সেফ হাউস-এর মতো জায়গা তৈরি করে মানুষকে নির্যাতন, খুন ও গুম করেছে। এই রকম অসংখ্য অভিযোগ আমাদের কাছে আসছে। তদন্তের স্বার্থে সব এখন প্রকাশ করা সম্ভব নয়।’

আবু সাঈদের মামলার বিষয়ে তিনি জানান, ‘৯ তারিখে জাজমেন্টের জন্য আছে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। আমরা বিশ্লেষণ করে দেখেছি, আবু সাঈদের মামলায় যে আসামিদের অভিযুক্ত করা হয়েছে, সেখানে কেউ বাদ পড়েনি। তবে একজন আসামি সম্পর্কে আমরা তথ্য-প্রমাণ পেয়েছি যে, ভিডিও ফুটেজে তাকে দেখা গেলেও ওই দিনের ঘটনায় তার সরাসরি অংশগ্রহণ ছিল না। কিন্তু ঠিক তার পরের দুই দিনের ঘটনায় তার সরাসরি অংশগ্রহণ আমরা পেয়েছি এবং সেই বিষয়ে আলাদা মামলা ও তদন্ত চলছে। আমরা তাকে ওই পরবর্তী দুটি মামলায় গ্রেপ্তারের জন্য আবেদন জানাব।’

তিনি আরও বলেন, ‘১/১১ থেকে শুরু করে বিগত সরকার পর্যন্ত যারা রিং-লিডার ছিল, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যেই হোক বা যত শক্তিশালীই হোক, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তাদের বিচার করবে। কোনো ইনডেমনিটি (দায়মুক্তি) আমাদের কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’

তাড়াশে জব্দ পেট্রোল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ইউএনও।

আজ রোবাবার ব্যাংকের মাধ্যমে তিনি এ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।

গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

এ সময় তিনি অবৈধভাবে মজুদ রাখা পেট্রোল জব্দ করেন। পাশাপাশি ওই দোকানের মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ওই তেল উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ১১৬ টাকা লিটার দরে মোটরসাইকেল চালকদের কাছে ১ লিটার করে বিক্রি করা হয়। তাতে ৩৭৬ লিটার পেট্রোল পাওয়া যায় এবং বিক্রি করে সর্ব মোট ৪৩ হাজার ৬১৬ টাকা গচ্ছিত হয়। সাপ্তাহিক ছুটি থাকায় উক্ত টাকা আজ সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, আমরা সকল বিধি মেনে তেল জব্দের ওই কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা সাপ্তাহিক ছুটি শেষ হওয়া মাত্রই আজ সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অতি উৎসাহী কিছু ব্যক্তি ভূল তথ্য ছড়িয়েছে।

তিনি বলেন, তেলের সংকট মুহূর্তে সরকারের নির্দেশনা মেনে মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

আজ (রোববার) সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসংখ্য সমস্যা নিয়ে ভূমি অফিসে মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেই সমস্যাগুলোর আইনি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে। সেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রপ্ত করতে হবে। তাই এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রিয় বাংলাদেশকে আগামী দিনে আরও ভালোর দিকে এগিয়ে নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, সরকার বারবার বলে আসছে যে, স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা মানুষকে ভূমিসেবা দিতে পারি।

মিজানুর রহমান মিনু বলেন, এমন কাজ করা যাবে না, যাতে এক সহকর্মীর অন্যায় ও অপকর্মের কারণে সারা দেশের মাঠ পর্যায়ের বাকী কর্মকর্তাদের বদনাম হয়।

মন্ত্রী বলেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃত কারণে হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্মের দায় সম্পূর্ণ সরকারের ওপরে আসে। কারণ তারা সরকারের অধীনেই কাজ করে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) নাসরিন জাহান। আরও বক্তব্য দেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইন আব্দুর রউফ এবং ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়ের।

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না : বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘প্রিপেইড মিটারে মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সরকার দ্রুতই এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হবে।’

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে এই চার্জ প্রত্যাহারের দাবি জানানো হচ্ছিল।

সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তকে গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আট দিনেই ২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক টানছে ছবিটি, একই সঙ্গে ব্যবসাও করছে।

মুক্তির মাত্র আট দিনেই ২ কোটির ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর গ্রস কালেকশন ২ কোটি ২৬ লাখ টাকা।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। প্রত্যেক দর্শক, যারাই আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। সবাই দল বেঁধে দেখতে আসছেন।

এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। দর্শকরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

তবে অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।

সিনেমাটির টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ অনেক দর্শকের।
এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘এ রকম অনেক অভিযোগই পাচ্ছি যে দর্শক টিকিট পাচ্ছে না। দেখুন, আমি একজন পরিচালক মাত্র, কোনো সিনেমা হলের মালিক নই। এখন টিকিট কিংবা শো বাড়ানো-কমানোর বিষয়টি একান্তই তাদের ব্যাপার। এখন তারা যদি কম শো দেয় তাহলে এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই।


একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

জাতীয় সংসদে গত ১২ মার্চ রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনের শুরুর দিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনার শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

সিনেমার আইটেম গান করবেন না প্রীতম হাসান

সংগীতশিল্পী প্রীতম হাসান শুরুর দিকে ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’, ‘খোকা’র মতো নিজের সলো প্রোজেক্ট দিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনায় আসেন। এরপর ধাপে ধাপে নিজের কাজগুলো বাড়ান। বছর কয়েক ধরে করছেন সিনেমায় প্লেব্যাক; বিশেষ করে আইটেম গানগুলোতে শোনা যাচ্ছে তার কণ্ঠ। কিন্তু এবার সেই ধারা থেকে সরে দাঁড়াতে চান- এমনটাই শোনা যাচ্ছে।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে উঠে আসে প্রীতমের এমন সিদ্ধান্তের কথা। জানান, আপাতত তিনি সিনেমার হাইপ তোলা ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে চান। নতুন কোনো বৈচিত্র্যময় কাজের সুযোগ না এলে তিনি আর এই ঘরানায় ফিরবেন না।

প্রীতম হাসান জানান, তিনি তার আগের ঘরানার কাজগুলোতে ফিরে যেতে চান। বলেছেন, আপাতত ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরে যেতে চাই। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি।

তবে প্রীতম হাসান এও বলেছেন, আমার সিনেমার কাজ নিয়ে যারা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

এবারের রোজার ঈদের সিনেমার আইটেম গানেও রয়েছে প্রীতমের উপস্থিতি। শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ শিরোনামের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম, যেখানে তার সঙ্গে গেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এই প্রোজেক্টের পরই তার আইটেম গান থেকে সরে আসার কথা শোনা যাচ্ছে।

সংগীতের পাশাপাশি বর্তমানে অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন প্রীতম হাসান। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে একজন হ্যাকারের চরিত্রে মেহজাবীন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।