মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ডাবলিনে ১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন বেথেল

ডাবলিনে রেকর্ড গড়লেন জ্যাকব বেথেল। রেকর্ডটা অবশ্য ব্যাট-বলে নয়, বয়সের। আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নেমে ১৩৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার।

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েছেন বেথেল।
শুধু টি-টোয়েন্টিতে নয়, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে। এতদিন রেকর্ডটির মালিক ছিলেন মন্টি বাউডেন। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে টস করার সময় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বয়স ছিল ২৩ বছর ১৪৪ দিন।

বাউডেনের সেই রেকর্ড আজ ২১ বছর ৩২৯ দিন বয়সে ভেঙে দিয়েছেন বেথেল।
টি-টোয়েন্টি সর্বকনিষ্ঠ অধিনায়কের মালিক ছিলেন সাবেক বাঁহাতি ওপেনার অ্যালিস্টার কুক। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসের সময় তার বয়স ছিল ২৪ বছর ৩২৫ দিন।

রেকর্ডটা যে গড়বেন বেথেল তা আগেই জানা গিয়েছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল।
কেননা নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুককে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। আজ টস করতে নেমে ভাগ্যের খেলাতেও জিতেছেন সর্বকনিষ্ঠ অধিনায়ক। টস জিতে অবশ্য ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি—২, ৪, ১১ ও ১২

দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাচ্ছে। তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্নতা রয়েছে। কোথাও ১২ দিন আবার কোনো কোনো প্রতিষ্ঠানে মাত্র দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটি দাঁড়াবে ১১ দিন। ৭ অক্টোবর থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৮ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। ৫ অক্টোবর আবার যথানিয়মে ক্লাস শুরু হবে। এর মধ্যে ফাতেহা-ই- ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত করেছে অধিদপ্তর। এ ছাড়া ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিত ছুটি পাবে তারা।

এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন।

২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।
৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুর : নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে।

গতকাল মঙ্গলবার ভাঙা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো অনেককে আসামি করে এ মামলাটি করেন। আগের দিন সোমবার দুপুরে ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামির নামে ভাঙ্গা থানায় মামলাটি করেন। মামলার ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে।

এ ছাড়া গত রবিবার দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয় আলগী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক গেজেটে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে জুড়ে দেয়। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার প্রথমে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ভাঙ্গাবাসী।

তবে ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা তিনদিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।
সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে এবং তিনদিন পরে মঙ্গলবার থেকে আবার অবরোধ করবেন বলে জানান।

আন্দোলনকারীরা ৯-১১ সেপ্টেম্বর টানা তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ পালন করেন। শুক্র-শনিবার বাদ দিয়ে গত রোববার (১৪-১৬ সেপ্টেম্বর) থেকে ফের টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়।

গত রবিবার তৃতীয় দফা কর্মসূচি প্রথম দিনে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রাজবাড়ী ভাঙ্গা ও ঢাকা খুলনা রেলপথ অবরোধ করে। এর ফলে ভাঙ্গার হামিদী ও ভাঙ্গা জংশন ও রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি সম্মুখীন হতে হয়।

গত রবিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরভাবে আন্দোলন দমন করার ঘোষণা দেন। পাশাপাশি রোববার আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে দেড়শো জনকে অজ্ঞতানামা আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা করা হয় ভাঙ্গা থানায়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিককে।

সোমবার তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, ভাঙ্গা হাইওয়ে থানাসব বিভিন্ন সরকারি কার্যালয় ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সহিংস ঘটনা ঘটে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, গত সোমবার ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সের যে সহিংস ঘটনা ঘটেছে সে বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ বাড়ছে : মোস্তফা ফিরোজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দূরত্ব ও বিরোধ বাড়ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি নিয়ে এই দূরত্ব বাড়ছে বলেও মন্তব্য তার।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় এসব কথা বলেন মোস্তফা ফিরোজ।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি এবং আন্দোলন প্রশ্নে বিএনপির সঙ্গে জামায়াতের একটা দূরত্ব শুধু বাড়ছে না, বিরোধও বাড়ছে।

‘জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়?’—বিএনপি নেতা আমীর খসরু মাহমুদের এই বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘আমীর খসরুর কথা বেশ শক্ত। তার মানে বোঝা যাচ্ছে, জামায়াত এই আন্দোলন যদি চালিয়ে যেতে থাকে তাহলে বিএনপির সঙ্গে এই দূরত্ব আরো বাড়বে। বিরোধের মাত্রাটাও আস্তে আস্তে তীব্র হতে থাকবে।’

প্রেমিকার খোলস ছেড়ে প্রথমবার ‘নেগেটিভ’ চরিত্রে শুভশ্রী!

প্রেমিকার খোলস থেকে বেরিয়ে ভিন্ন রকম চরিত্রে হাজির হয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার ‘ধূমকেতু’, ‘গৃহপ্রবেশ’ দিয়ে এখনো আলোচনায় অভিনেত্রী।

এরমধ্যেই খবর, কৌশিক গাঙ্গুলির সঙ্গে এবার তিনি নতুন অ্যাডভেঞ্চারের ফন্দি আঁটছেন! ফাঁস হয়ে গেল তাদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য!

মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী, যেখানে তার সঙ্গে দেখা গেছে কৌশিক গাঙ্গুলিকে। দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন।
ছবির ক্যাপশনেও তাই লেখা, ‘হাসতে হাসতে খুন করে দেব।’ কৌশিকও সে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন।

নতুন ছবি নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা না দিলেও সূত্রের খবর, নতুন থ্রিলার ছবি শুরু করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আর সেখানেই প্রথমবারের মতো নেগেটিভ অর্থাৎ খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।

এও খবর, কৌশিকের পরবর্তী ছবির অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। পরিচালক নিজেও এই ছবিতে থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনও, এমনটাই গুঞ্জন।

সবকিছু ঠিক থাকলে পূজার পর কিংবা বছর শেষে টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন শুটিংয়ে।
ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা রয়েছে। যদিও ছবির নাম এখনো ঠিক হয়নি, তবে জানা গেল, এই সিনেমায় দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে।

শুভশ্রী গাঙ্গুলি যে টলিউডের ‘লম্বা রেসের ঘোড়া’, সেটা বললেও অত্যুক্তি হয় না। একের পর এক ভিন্ন চরিত্রে তাক লাগিয়ে দিচ্ছেন। অভিনেত্রীর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব ছবির চরিত্র।
একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাকে। উপরন্তু তার ‘গৃহপ্রবেশ’ পারফরম্যান্স বহুল প্রশংসিত হয়েছে সমালোচক থেকে দর্শকমহলে। গত আগস্টে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’তেও নজর কেড়েছেন। সব মিলিয়ে শুভশ্রীর বৃহস্পতি এখন তুঙ্গে।

নিউজিল্যান্ডে বিমানবন্দরে চীনাদের ‘হয়রানি’র অভিযোগ

চীনের নাগরিকদের ‘হয়রানি’র বিষয়ে ওয়েলিংটনের কাছে অভিযোগ করেছে নিউজিল্যান্ডে অবস্থিত চীনা দূতাবাস। তারা জানিয়েছে, দেশটির বিমানবন্দরগুলোতে চীনা নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হচ্ছে।

চীনা দূতাবাস স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলে, ‘নিউজিল্যান্ডের একটি বিমানবন্দরে ট্রানজিট করার সময় একজন চীনা নাগরিক কোনো কারণ ছাড়াই নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের হয়রানি ও জিজ্ঞাসাবাদের শিকার হন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘তার ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং এগুলোর কিছু এখনো ফেরত দেওয়া হয়নি।

বেইজিং এই ‘অযৌক্তিক আচরণ ও হয়রানির’ নিন্দা জানিয়ে বলেছে, ‘এ ধরনের ভুল আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।’

দূতাবাস নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এবং ‘চীনা নাগরিকদের নিউজিল্যান্ডে প্রবেশ ও ট্রানজিটের সময় এমন ধরনের হয়রানির বেশ কয়েকটি ঘটনার’ খবর পেয়েছে বলেও জানিয়েছে। এর জবাবে ওয়েলিংটন জানিয়েছে, দেশটিতে প্রবেশকারী সবাইকেই আইন ও নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে ‘জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা’ সংক্রান্ত নিয়মাবলি।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই আইন ও নিয়মাবলি কোনো দেশের নাগরিকদের প্রতি বৈষম্য না করে সমভাবে প্রয়োগ করা হচ্ছে। এই বিষয়গুলো চীনা দূতাবাসকে জানানো হয়েছে।’

এদিকে নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে তা ‘আইনের আওতায়’ ও ‘স্বাধীন পর্যবেক্ষণের আওতায়’ নেওয়া হয়েছে।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাবাক শাহবাজি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়ে রয়েছে। মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং দেশে তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তার অভিযোগে ইরান এ পর্যন্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এ বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত নয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে। শাহবাজি ২০২২ সালের শুরু থেকে জুন মাসের মধ্যে ফাঁসিতে ঝোলানো আরেক আসামি ইসমায়েল ফেকরির সঙ্গে কাজ করেছিলেন।

শাহবাজির বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন ঠিকাদার হিসেবে তার পদ ব্যবহার করে সংবেদনশীল স্থানে, যেমন সার্ভার রুম, সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রে কুলিং ডিভাইস স্থাপন করতেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতেন।
তার আইনজীবী ইরানের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেন।

সূত্র : রয়টার্স

দেশ অস্থিতিশীলকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ : আমীর খসরু

সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) দাবিতে আন্দোলনের মাধ্যমে জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ।

পিআর দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন, ‘জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছে।’

ইন্দো-মালয়েশিয়ান মডেল চালু হলে বাংলাদেশিরা স্বল্প খরচে হজ করতে পারবেন : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে।

হজ ব্যবস্থাপনায় দুই দেশ এই যে পরিবর্তন এনেছে, তা যে কোনো দেশের জন্য মডেল হতে পারে। তাদের মডেল যদি পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চালু করা যায়, তাহলে এদেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন। জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আজ মঙ্গলবার ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ হজ একাডেমি এ সেমিনার আয়োজন করে।

খালিদ হোসেন বলেন, ‘ইন্দো-মালয়েশিয়া মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন। এরূপ সঞ্চয়ের মাধ্যমে হজের খরচ নির্বাহের পদ্ধতি চালু থাকায় স্বল্প আয়ের মানুষও হজে যেতে পারেন।

এ দুই দেশের উল্লেখযোগ্যসংখ্যক হজযাত্রী হজ সঞ্চয় স্কিমে সম্পৃক্ত থাকায় তাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। এটি দেশের উন্নয়ন-অগ্রগতিকে ত্বরান্বিত করে।

ইসলামী ব্যাংক সমূহের সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্ব সেমিনারে মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্ববত হোসাইন ও ড. মুফতি ইউসুফ সুলতান তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ

রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম “জাপাদ-২০২৫”। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক টানাপোড়েন চলছে।

আর এর মধ্যেই রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় ভারতীয় সেনাদের এই অংশগ্রহণ মস্কো-নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত বহন করছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে তাদের ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। রাশিয়া ও বেলারুশ যৌথভাবে আয়োজন করা এই মহড়ায় সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সামরিক প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে।

মহড়ায় অংশ নেয় ১ লাখ সেনা, এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন, “আজ আমরা জাপাদ-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি”। ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও মালি থেকে সামরিক প্রতিনিধিরা অংশ নেয় বলে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

আল জাজিরা বলছে, তবে মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে। কুমাওন রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন নেতৃত্বে ভারতীয় সেনারা এই মহড়ায় অংশ নেয়। এতে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ায় এমন এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে যে মিত্রকে দীর্ঘদিন ধরে চীনের মোকাবিলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে। মূলত ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর টানাপোড়েন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার তেল কেনার মাধ্যমে নয়াদিল্লি ইউক্রেনে মস্কোর আক্রমণকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে।

এছাড়া চলতি মাসের শুরুতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ভারত ও রাশিয়া যেন “গভীর অন্ধকার চীনের” কাছে হারিয়ে যাচ্ছে। আর গত সপ্তাহে ট্রাম্প এক্স-এ জানান, ভারত ও যুক্তরাষ্ট্র শুল্কসংক্রান্ত সমস্যার সমাধানে আলোচনায় বসেছে। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, ভারত মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জবাবে লেখেন, “ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু ও প্রাকৃতিক অংশীদার”। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সীমাহীন সম্ভাবনা উন্মোচিত হবে।

ভারত অবশ্য এর আগেও রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার আগে ২০২১ সালে নয়াদিল্লি ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও প্রচলিত যুদ্ধ কার্যক্রমে অংশ নিতে সেনা পাঠিয়েছিল।

আল জাজিরা বলছে, ভারত-রাশিয়ার সম্পর্ক সোভিয়েত আমল থেকেই গভীর। স্নায়ুযুদ্ধকালে ভারত নিরপেক্ষ অবস্থানে থাকলেও সোভিয়েত ইউনিয়ন থেকেই বেশিরভাগ অস্ত্র কিনত। এখনো ভারতের বেশিরভাগ প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে কেনা হয়, যদিও গত দুই দশকে নয়াদিল্লি অস্ত্রের উৎস বহুমুখী করার চেষ্টা করছে।

তাস জানিয়েছে, এ বছরও ইরান জাপাদ মহড়ায় অংশ নিয়েছে, যদিও সরকারি পর্যায় থেকে বিষয়টি নিশ্চিত হয়নি।

রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র ইরান ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে শাহেদ আত্মঘাতী ড্রোন সরবরাহ করছে। পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দিচ্ছে। চলতি বছর তেহরান ও মস্কো সামরিক ও অন্যান্য খাতে সম্পর্ক জোরদার করতে “সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি” সই করেছে।