মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ট্রাম্প-এরদোগান বৈঠকে আলোচনা হলো যে ৪ বিষয়ে

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তাদের বৈঠকে গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, সিরিয়া, এফ-৩৫ বিমান কেনা-বেচা নিয়ে আলোচনা হয়। খবর আল আরাবিয়া’র।

ওভাল অফিসে এরদোগানের পাশে বসে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাকে ইসরাইলি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আমি মনে করি আমরা এটি করতে পারব। আশা করি আমরা এটি করতে পারব। অনেক মানুষ মারা যাচ্ছে, তবে আমরা জিম্মিদের ফেরত চাই।‘

ট্রাম্প আরও জানান, তিনি সিরিয়া সম্পর্কিত একটি ‘বড় ঘোষণা’ দেবেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত বলেননি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নিষেধাজ্ঞা তুলে নিয়েছি, এটা তাদের কিছুটা স্বস্তি দিতে, কারণ নিষেধাজ্ঞাগুলো খুব কঠোর ছিল, তবে আমি মনে করি আজকে আমাদের একটি বড় ঘোষণা থাকতে পারে।

ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে এবং দেশটিকে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে দিতে পারে। তবে তিনি চান আঙ্কারা যেন রাশিয়ান তেল কেনা বন্ধ করে।

প্রায় ছয় বছর পর এরদোগানের এটিই প্রথম হোয়াইট হাউস সফর। ওভাল অফিসে পাশাপাশি বসে ট্রাম্প এরদোয়ানকে ‘খুব কঠিন মানুষ’ বলে অভিহিত করেন এবং জানান, তিনি চান তুরস্ক রাশিয়ার তেল কেনা বন্ধ করুক।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন প্রসঙ্গে এরদোগানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলন, ‘রাশিয়া যখন এভাবে তাণ্ডব চালাচ্ছে, তখন আমি চাই না তিনি রাশিয়ার কাছ থেকে কোনো তেল কিনুন।’

তুরস্কের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি করার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি যেসব জিনিস কিনতে চান, সেগুলো কিনতে সফল হবেন।’

ট্রাম্প আরও জানান, তিনি খুব শিগগিরই তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন। তিনি বলেন, ‘যদি আমাদের ভালো বৈঠক হয়, তবে প্রায় সঙ্গে সঙ্গেই।’

তিনি জানান, ওভাল অফিসে তাদের বৈঠকের পর মধ্যাহ্নভোজের সময় এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

প্রথম মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ও এরদোয়ানের সম্পর্ক ছিল উত্থান-পতনে ভরা। তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে উভয়ই সিরিয়া ইস্যুতে একমত হয়েছেন, যা অতীতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বড় টানাপোড়েনের কারণ ছিল। এখন যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয়ই দৃঢ়ভাবে কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিচ্ছে।

নতুন নামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ

পেশাদার ফুটবল লিগ ভুলে যান। নতুন নাম— বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এই নামে দেশের দুই ভেন্যুতে খেলা শুরু হচ্ছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)।

মুন্সীগঞ্জে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ এবং মানিকগঞ্জে দুই পড়শি আরামবাগ ও ফকিরেরপুল ইয়ংমেন্স মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু বেলা পৌনে ৩টায়।

এদিকে গত রোববার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৫-২৬ মৌসুমের বিএফএলের ফিকশ্চার প্রকাশের পর বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আপত্তি জানিয়েছে।

সাদা-কালোদের অভিযোগ, কোনো প্রকার আলোচনা ছাড়াই আসন্ন মৌসুমের জন্য ফিকশ্চার তৈরি করেছে বাফুফে। সেই সঙ্গে মোহামেডান বাফুফের পেশাদার লিগ কমিটির বিলুপ্তিরও দাবি জানায়।

বাফুফে জানিয়েছে, ঘরোয়া ফুটবল লিগের নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া লিগের লোগোতেও পরিবর্তন আসছে। ২০০৭ সালে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি-লিগ নাম দিয়েছিল। ২০০৮ সালে বি-লিগের নাম হয় বাংলাদেশ লিগ।

২০১১ সালে আবার নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ করা হয়। এক যুগের বেশি সময় এ নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। এবার সেটি শুরু হচ্ছে নতুন নামে।

যুক্তরাষ্ট্রে ভারতের কড়া সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন,বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি, এ কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে একমাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন এ উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামি আন্দোলন।’

এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন ড. ইউনূস। তিনি বলেছেন, ‘ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে। যিনি সমস্যার সৃষ্টি করছে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।’

এছাড়া ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না।’

এছাড়া এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহও দেখিয়েছেন তিনি।

সর্বশেষ ২০১৪ সালে সার্কের সম্মেলন হয়। এর পরের সম্মেলনটি ২০১৬ সালে হওয়ার কথা ছিল। তবে উরিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপরাগতা প্রকাশ করে ভারত। এরপর এ জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়।

ভারত যদিও এখন সার্কের সদস্য। কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমসটেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয় বিমসটেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে।সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন।

সেন্ট মার্টিন নিয়ে পর্যটকদের জন্য সুখবর

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সেদিন থেকে প্রতিদিন ২ হাজার করে পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

শেখ বশিরউদ্দিন জানান, ১ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা।

উপদেষ্টা আরও জানান, প্রতিদিন ২ হাজার করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে।

এর আগে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এতে সিদ্ধান্ত হয়, সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। যদিও এরপর নয় মাস ভ্রমণের জন্য সেন্টমার্টিনে যাওয়া যাবে না বলে মর্মে সিদ্ধান্ত দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

সে সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে, সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেয়া হবে।

তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্নপথে পরচালিত করার সুযোগ নেই, সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে। সরকার নতুন কিছু নয় বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় সুনশান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা।

চার বিশ্বনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকঃ ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার তিনি ইতালি, ফিনল্যান্ড, পাকিস্তান ও কসোভোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
Advertisement
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, প্রতিটি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বৈঠকের মাধ্যমে আমাদের সম্পর্ক এই দেশগুলোর সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে।

দিনের শুরুতে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে পৃথক বৈঠক করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কেও আলোচনা হয়। তিনি বলেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে অনুরোধ করলে তিনি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে ইতালি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে বলে বৈঠকে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। তবে এই বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন।

প্রেস সচিব জানান, কসোভা একটি ছোট দেশ হলেও এর অর্থনীতি ইউরোপে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ১৯৯০-র দশকে এটি যুদ্ধবিধ্বস্ত ছিল, তবে গত দুই বছরে এটি ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ফিনল্যান্ড ও ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

শফিকুল আলম বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয় বৈঠকে।

বৈঠকে শাহবাজ শরীফ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এ ধরনের বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি ১১টি কমিশনের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার বাংলাদেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য রাখেন, যেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে আসা বাংলাদেশের ছয় রাজনৈতিক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাদের যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।উভয় নেতা আলোচনা করেন যে সম্প্রতি কয়েক বছরে সার্ক কার্যত নিস্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিকল্প উপায় অনুসন্ধান করা উচিত।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আজ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে সকাল ৯টার দিকে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, দুপুরে বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা গিডিওন বোকোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রধান উপদেষ্টা দুপুরে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের আয়োজনে ‘আমাদের অভিন্ন মানবতার মূল-সকলের জন্যে সর্বত্র মানবাধিকার’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাঁকে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ড. ইউনূস বিকাল ৫টায় আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া শ্রমিক অধিকার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেয়ার পর তিনি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

এশিয়া কাপ স্বপ্ন শেষ বাংলাদেশের

পাকিস্তানকে হারাও আর ফাইনালে খেল– এমন সমীকরণ আজ দুটো খেলায় ছিল বাংলাদেশের সামনে। ফুটবলে অ-১৭ সাফে আর ক্রিকেটে এশিয়া কাপে। ২-০ গোলের জয় নিয়ে ফুটবলে লক্ষ্যটা পূরণ হলেও ক্রিকেটের বেলায় আশা পূরণ হলো না। ১১ রানে হেরে এশিয়া কাপের স্বপ্ন ভেঙে গেল লিটন দাসদের।

অথচ ম্যাচের সমীকরণটা ছিল বেশ সহজ। ২০১৬ এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটাতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল মোটে ১৩৬ রান। এর চেয়ে ঢের বেশি রান এই এশিয়া কাপে এই মাঠেই তাড়া করেছে দল, সেটার সপ্তাহও পেরোয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে পাওয়া ওই জয়ই বাংলাদেশকে স্বপ্ন দেখার সাহসটা দিয়েছিল। তবে এবার ১৩৬ রান তাড়া করতে না পারার গ্লানি সে স্বপ্নটা ভেঙে দিল দলের।

ম্যাচের শুরুটা যেভাবে করেছিল বাংলাদেশ, এর চেয়ে ভালো কিছুই চাইতে পারত না। ৫ রান তুলতেই ২ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদরা। দুই ব্যাটার সাজঘরে ফিরেছিলেন শুরুতেই। এরপর ছোট ছোট শুরু পাচ্ছিলেন ফখর জামান, সালমান আলী আগারা, তবে তা বড় কিছুতে রূপ দিতে পারছিলেন না। বলা ভালো বাংলাদেশ বোলাররা তাদের তা করতে দেয়নি।

পঞ্চম ব্যাটার হিসেবে সালমান যখন ফিরলেন দলীয় ৫০ পূরণের আগে, তখন মনে হচ্ছিল পাকিস্তান বুঝি দুই অঙ্কেই গুটিয়ে গেল! তবে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ আর শাহিন আফ্রিদির ১৩ বলে ১৯ রানের ইনিংসে সে শঙ্কা দূর হয়। এরপর মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৫ আর ফাহিম আশরাফের ৯ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট খোয়ানো পাকিস্তান পেয়ে যায় ১৩৫ রানের লড়াকু পুঁজি।

জবাব দিতে নেমে শুরু থেকেই বাংলাদেশ ছিল চাপে। ইনিংসের পঞ্চম বলেই শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মোহাম্মদ নেওয়াজের দুর্দান্ত ক্যাচে পারভেজ হোসেন ফেরেন শূন্য রানে। এরপর তাওহিদ হৃদয় ১০ বলে ৫ রান করে আফ্রিদির শিকারে পরিণত হন। এশিয়া কাপে বাংলাদেশের আশা ভরসার বাতিঘর হয়ে থাকা সাইফ হাসান যখন ফিরলেন ১৫ বলে ১৮ রান করে হারিস রউফের বলে সাইম আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে, তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এরপর মেহেদী হাসান ১০ বলে ১১ রান করে নেওয়াজের বলে হুসেইন তালাতকে ক্যাচ দেন। নুরুল হাসান ২১ বলে ১৬ রান করে সাইম আইয়ুবের বলে লং অফে নেওয়াজের হাতে ধরা পড়েন। অধিনায়ক জাকের আলী ৯ বলে ৫ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে লং অফে আউট হন।

শেষ দিকে শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন চেষ্টা করলেও জয়ের দেখা মেলেনি। ১৮তম ওভারে ৯৭ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাসকিন চার মেরেই রউফের পরের বলেই বোল্ড হন।

শেষ ওভারে দরকার ছিল ২৩ রান। হারিস রউফের করা ওভারে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন চেষ্টা করলেও পারেননি। প্রথম বলে লেগ বাইয়ে আসে ১ রান। দ্বিতীয় বলে রিশাদ মারেন চার। তৃতীয় বলে ডট। চতুর্থ বলে রিশাদের ছক্কায় কিছু আশা জাগলেও বাকি দুই বল ডট হয়ে যায়।ফলে বাংলাদেশ ম্যাচটা হারে ১১ রানে। এশিয়া কাপ থেকেও বিদায়ঘণ্টা বেজে যায় তাদের।

সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

রাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কোথাও কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশিপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। গ্যাস সংকটের কারণে সারে সমস্যা হবে না। সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা চাচ্ছি কৃষকের স্বার্থে আলুর দাম আরেকটু বাড়ুক।

পাশাপাশি চীনে প্রথমবারের মতো আম রপ্তানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর থেকে কাঠালও রপ্তানি করা হবে।

এনসিপিকে কেন শাপলা দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন সিইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য৷ তাদেরকে দেওয়া হয়নি। পরে এনসিপি শাপলা চেয়েছে। তাই কাউকে এই প্রতীক দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়, এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনেই যাব, আমরা আমাদের কাজ করে যাব।

বরং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা জানালেন এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোরেশোরে প্রস্তুতি চলছে উল্লেখ করে সিইসি বলেন, প্রধান উপদেষ্টাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে সন্দেহ নাই। আর সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। সংবিধান ও আরপিও অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে। পিআর পদ্ধতিতে ভোটে সংবিধান ও আরপিও বদলাতে হবে।

এদিকে, রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ীগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইসহ ৩ জনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। অপর দুজন হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক পলাতক এই আসামিদের গ্রেফতারে নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ করে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে একটি ভুয়া প্রতিষ্ঠান এএম ট্রেডিংয়ের নামে ঋণ প্রস্তাব ও তা অনুমোদনের ব্যবস্থা করে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা আত্মসাৎ করেন। সেই টাকা দুর্নীতির মাধ্যমে স্থানান্তর/রূপান্তর করে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেড এর সরিয়ে নিয়েছেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় অপরাধের প্রমাণ পাওয়া যায়। আবেদনে আরো বলা হয়েছে, আসামিরা বাংলাদেশ থেকে পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়।

প্রধান উপদেষ্টার আশাঃ শিগগিরই ‘জুলাই সনদ’ সই করবে রাজনৈতিক দলগুলো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। জবাবে শেহবাজ শরিফ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দুর্যোগ এখন আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিচ্ছে।

প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা করেন, জাতীয় ঐকমত্য কমিশনসহ ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ‘জুলাই সনদ’ স্বাক্ষর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য।

সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ নিয়েও বৈঠকে মতবিনিময় হয়। বৈঠকের এক পর্যায়ে শেহবাজ শরিফ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ড. ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।