মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক : প্রধান উপদেষ্টা

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতির ও ঐক্যের প্রতীক।’

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশপূজা দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য, সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধনসম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব আর গণেশের সাফল্য এবং দশভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সব অশুভ শক্তিকে পরাজিত করে।
এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে এই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার। নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারব না।

তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে গত বছরের মতো এ বছরেও সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে। সঙ্গে দুই দিন সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় আমি আশা করছি, সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়। নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্কা সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সরকার রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে।
সবাই মিলে চেষ্টা করছে যেন একটা নিখুঁত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী র‌্যাব, বিজিবি, আনসারের প্রত্যেক সদস্যকে আমি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইতোমধ্যে।’

তিনি আরো বলেন, ‘উৎসবের দিনও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন, দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজকের এই উৎসবের দিনে আমি সশরীরে আপনাদের সামনে আসতে পারিনি। তবে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সঙ্গে রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সব অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বিকেল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাসায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ দিন ধরে বিছানায় শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানা রোগে আক্রান্ত ৭৬ বছর বয়সী বিএনপির এই নেতা।

তিনি কুমিল্লা-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-৯৬ সালের বিএনপি সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন।

‘দাবাং’ পরিচালকের অভিযোগ নিয়ে মুখ খুললেন সালমান

কিছুদিন আগে সালমান খানের ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপ একটি পডকাস্টে হাজির হয়ে সালমান ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছিলেন, ষড়যন্ত্র করে ‘দাবাং ২’-এর পরিচালকের আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, সালমান খানকে অসভ্য, খারাপ মানুষ এমনকি গুণ্ডা বলেও অভিহিত করেছিলেন তিনি।

সম্প্রতি ‘বিগ বস’-এর আসরে পরিচালকের এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন বলিউড ভাইজান।

বিগ বসের এক পর্বে সবাইকে তানিয়া মিত্তলের জন্মদিন পালন করতে দেখা যায়। সেখানেই তানিয়া সালমানকে উদ্দেশ করে বলেন, ‘আমি আশা করি সালমান স্যার মুম্বাইয়ে আমার পরিবার হয়ে উঠবে। তাহলে আমিও আর অন্য শহরে এসে থাকা নিয়ে অনিরাপদ বোধ করব না।’

এর পরই সেই প্রসঙ্গ টেনে সালমান নিজস্ব ঢঙে সব বিতর্কের জবাব দিয়ে বলে ওঠেন, ‘যারা আমার সঙ্গে যুক্ত আছেন বা কখনো যুক্ত ছিলেন তাদেরও আজকাল টার্গেট করা হচ্ছে।
আমার সঙ্গে যাদের সংযোগ ছিল, এমনকি যারা একসময় আমার প্রশংসা করেছিল, তারা এখন চারপাশে বসে আছে এবং বিভিন্ন ধরনের বাজে কথা বলে বেড়াচ্ছে। আজকাল, লোকেরা পডকাস্টে যায় এবং সেখানে গিয়ে আবর্জনা উগড়ে দিচ্ছে! আসলে হাতে কোনো কাজ নেই তো। আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে কিছু কাজ করুন।’

সালমানের নামে কী বলেছিলেন অভিনব কাশ্যপ?

অভিনব কাশ্যপ সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে দাবি করেছিলেন যে, ষড়যন্ত্র করে ‘দাবাং ২’-এর পরিচালকের আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘গত ২৫ বছর ধরেই তার (সালমান খান) অভিনয়ে আগ্রহ নেই। তিনি কাজে গিয়ে যেন কোনো উপকার করেন। বরং সেলেব্রিটি হওয়ার ক্ষমতা দেখানোতেই তার যেন বেশি উৎসাহ। কিন্তু অভিনয়ে কোনো উৎসাহ নেই। আসলে ও গুণ্ডা।
আমি দাবাং করার আগে ব্যাপারটা জানতাম না। সালমান একজন অসভ্য, খারাপ মানুষ।’

এমনকি খান পরিবারকেও রেহাই দেননি। বলেছিলেন, ‘তিনিই (সালমান খান) বলিউডের স্টার সিস্টেমের জনক। তিনি এমন একটি চলচ্চিত্র পরিবার থেকে এসেছেন, যা ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। তারা প্রতিহিংসাপরায়ণ মানুষ। তারাই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আপনি যদি তাদের সঙ্গে একমত না হন, তবে তারা আপনার পেছনে লাগবে।’

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

এশিয়া কাপে সর্বশেষ দুই লড়াইয়ে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ম্যাচ জয়ের পর তাই দুই দলের দ্বৈরথ নিয়ে আপত্তি করেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

সাম্প্রতিক সময়ে ভারতের থেকে জয়ে বেশ পিছিয়ে থাকায় দুই দলের লড়াইকে প্রতিদ্বন্দ্বিতা মানতে নারাজ সূর্য। তার এই কথার জবাব আজ দিতে চেয়েছেন শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলার আগে পাকিস্তানের বাঁহাতি পেসার জানিয়েছিলেন, ফাইনালে ভারতের মুখোমুখি হলে তখন দেখা যাবে। আজ সেই দিন। কেননা আজই এশিয়া কাপের ফাইনাল।

এবারের ফাইনালের মধ্যে দিয়ে দীর্ঘ এক অপেক্ষা ফুরাচ্ছে দুই দলের।
টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্য।

একাদশে তিনটি পরিবর্তন এনেছে ভারত। তাদের একাদশে যে পরিবর্তন আসবে সেটা অনেকটা নিশ্চিতই ছিল।
কেননা সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জাসপ্রিত বুমরাহ ও শিবম দুবেকে বিশ্রাম দিয়েছিল তারা। আজ তাদেরকে ফিরিয়ে বেঞ্চে পাঠিয়ে হার্ষিত রানা ও আর্শদীপ সিংকে। তবে দুর্ভাগ্যক্রমে চোটের কারণে ভারত ফাইনালে পাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে। তার বদলে জায়গা পেয়েছেন রিংকু সিং। অন্যদিকে কোনো পরিবর্তন নেই পাকিস্তানের একাদশে।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। আর সুপার ফোরে ৬ উইকেটের জয় পেয়েছিল সূর্য-হার্দিক পান্ডিয়ারা। আজ সেই ধারা বজায় রেখে ট্রফি উদযাপনের সুযোগ পাচ্ছে তারা। অন্যদিকে প্রতিশোধ নেওয়ার সঙ্গে শিরোপা উল্লাসে মাতার সুযোগ পাবে পাকিস্তান।

ভারতের একাদশ—

অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রিংকু সিং, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ—

সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেন্স ব্যাংকের নারী উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং চুক্তি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও সিটিজেন্স ব্যাংকের মধ্যে “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়নের বিপরীতে নারী উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্সিং স্কিম” সংক্রান্ত অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এর উপস্থিতিতে আলমগীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সিটিজেন্স ব্যাংক এবং মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পরিচালক (চলতি দায়িত্ব), এসএমই ও স্পেশাল প্রোগ্রামস্ বিভাগ (এসএমইএসপিডি), বাংলাদেশ ব্যাংক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং মো. আবদুল লতিফ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী সিটিজেন্স ব্যাংকের এসএমই খাতের নারী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে স্বল্প মুনাফায় ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা

রাজনৈতিক জনসভায় হাজির হয়ে প্রাণহানির ঘটনায় দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির দল তামিলাগা ভেটরি কাজাগামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, মামলায় থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে (তামিলাগা ভেটরি কাজাগাম) টিভিকে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি।

তবে টিভিকের একজন আইনজীবী বলেছেন, সমাবেশে দলটি পুলিশের সব নির্দেশনা মেনে চলেছে।

এর আগে এক জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে রাজনীতির মাঠেও নায়ক বনে গিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি।

আর শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের নিজ রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) নির্বাচনী জনসভায় পদপিষ্ট হয়ে নিহত হন ৩৯ জন। আহতর সংখ্যা প্রায় শতাধিক।
এ ঘটনায় নায়ক থেকে রীতিমতো খলনায়ক বনে গেলেন বিজয়।

এদিকে এ ঘটনার পর এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, এ দুঘর্টনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দেশের জনসংখ্যা ১৯ কোটি, ঢাকাতেই দেড় কোটি : ইসি তাহমিদা

নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ এ কথা বলেন।

দেশের মোট জনসংখ্যা নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে তিনি বলেন, জনসংখ্যা নিয়ে বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ।
একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। আমরা যে ভোটার তালিকা করলাম বাড়ি বাড়ি গিয়ে, সেখান থেকে এ তথ্য পেয়েছি। এটা একদম সঠিক তথ্য।
আমাদের জনসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ বাইরে, প্রবাসী যেটাকে বলা হয়। আর ঢাকাতেই রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে খোলা মাঠে ভোটগ্রহণের পক্ষে আবারও মত দেন ইসি তাহমিদা।
তিনি বলেন, ‘আমি বলে আসছি ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) নির্বাচন যদি চান, তাহলে ওপেন স্পেসে (উন্মুক্ত জায়গা) নির্বাচন করার মানসিকতা তৈরি করেন, সেটাই হবে স্বচ্ছ নির্বাচন।’

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিবিএস জানিয়েছিল, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন।

উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সৈয়দা রিজওয়ানা হাসানের অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এবং চীন সরকারের সহযোগিতায় কারিগরি ও আর্থিক মাস্টারপ্ল্যান করা হচ্ছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন ও চায়না এম্বাসির কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন।

দেশের কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান ইউজিসির

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ওঠে দেশের কল্যাণে শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ইউজিসি অডিটরিয়ামে সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে পাঠ্যক্রম প্রণয়ন ও অংশীজনদের অংশগ্রহণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনু্ষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন।
এ ছাড়া কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন এবং ইউনিসেফের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।

কর্মশালায় দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসবিসি বিষয়ে অভিজ্ঞসম্পন্ন ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ‘দেশের বর্তমান তরূণ প্রজন্ম অত্যন্ত আন্তরিক ও মেধাবী। জুলাই আন্দোলন পরবর্তীকালে তরূণ প্রজন্মকে যথাযথ কাজে লাগানো যায়নি।
অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে শিক্ষকদের ব্যক্তিস্বার্থকে প্রধান্য দেওয়া হচ্ছে বলে তিনি জানান। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে শিক্ষার্থীবান্ধব করা, ছাত্র-শিক্ষক সম্পর্ক সুদৃঢ় করাসহ তিনি তার বক্তব্যে একগুচ্ছ পরামর্শ দেন।

প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে দেশের প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া দরকার। ভার্চুয়াল সমাজ আমাদের জীবনে বিভিন্ন বিষয়ে প্রভাব রাখছে।
এসবিসি কারিকুলামে ভার্চুয়াল সমাজ ব্যবহারের বিষয়টি যুক্ত করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

প্রফেসর আনোয়ার হোসেন বলেন, সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। এসবিসি বিষয়ে রিসার্চ রিপোজিটরি, ১২টি কোর্স কারিকুলাম প্রণয়নসহ এ বিষয়ে গবেষণা করার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।

প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে পাঠ্যক্রম প্রণয়ন অত্যন্ত সময়োপযোগী। সামাজিক ও আচরণগত পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা ও তা সমাধানের কৌশগুলোগুলো সম্পর্কে সমাজের বিভিন্ন অংশীজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুষ্পষ্ট ধারণা থাকা দরকার বলে তিনি জানান।

প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন শাখায় যেমন স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ইত্যাদিতে এসবিসি কারিকুলামের অর্ন্তভুক্তি খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিটি এনগেজমেন্টকে অর্থপূর্ণ ও কার্যকর করার জন্য এসবিসি কারিকুলাম আবশ্যক। বিশ্ববিদ্যালয়সমূহ প্রয়োজন অনুসারে এসবিসি কারিকুলাম থেকে তাদের প্রয়োজনীয় কোর্সগুলো বেছে নিতে পারে সে ব্যবস্থা রাখতে হবে।

যুক্তরাষ্ট্রে ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখোমুখি গায়িকা আতিয়া আনিসা

কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সংগীত ট্যুর দিচ্ছেন। সেখানেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটেছে গালাগালের মতো ঘটনা। এ নিয়ে সামাজিক মাধ্যমে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন এই তরুণ গায়িকা।

লিখেছেন, আমি একজন শিল্পী, বয়সে ছোট হলেই আপনি আমাকে গালি দিয়ে অসভ্যের মতো কথা বলবেন—এটা আমি মেনে নিতে পারব না। গালি দেওয়া আর অসভ্য আচরণ—আমি কোনোভাবেই গ্রহণ করব না। সবাই বলে ইগনোর করতে, কিন্তু ইগনোর করলেই যদি এ ধরনের আচরণ বন্ধ হতো—তাহলে সত্যিই ইগনোর করতাম। কিন্তু চুপ থাকলে যদি অন্যায় বাড়ে, তবে সেটা মেনে নেওয়া যায় না।

এরপর এই ঘটনার সমাধান করতে ছুটে এলেন আরেক গায়ক আসিফ আকবর। আসিফ আকবরও সংগীত ভ্রমণে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আসিফ আকবরের প্রতি কৃতজ্ঞতাও জানালেন আতিয়া।

এ বিষয়ে ফেসবুকে লিখলেন, আমি যুক্তরাষ্ট্রে এসেছি।
গান করার জন্য এসেছি; সময়, শ্রম এবং সবার বিশ্বাস নিয়ে এসেছি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আমি চুপ করে থাকব না। তাও থেকেছি । যারা দায়িত্ব নিবে না, মিথ্যা বলবে বা অপেশাদারভাবে আচরণ করবে, তাদের সামনে আমি অবশ্যই খামোখা চুপ থাকবো না। অন্যায় সহ্য করা যায়, কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এই গায়িকা বলেন, একজন মানুষ কিংবা একজন শিল্পী—যার যা পরিচয়ই হোক না কেন, তার সবচেয়ে বড় পরিচয় হলো তার সম্মান। দায়িত্বজ্ঞানহীনতা আর অপেশাদার আচরণ করা হয়েছে বারবার। গতকাল আমার সঙ্গে যে অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে, সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ আসিফ ভাইয়াকে, যে তিনি আমার এই বিষয়টি দেখেছেন। তিনি আমার প্রয়োজনে গার্ডিয়ানের মতো পাশে দাঁড়িয়েছেন এবং আমার পক্ষে কথা বলেছেন, এমন আচরণ তুলে ধরে সঠিকভাবে সবকিছু সামলেছেন।

তিনি বলেন, পুরো ট্যুর জার্নিতে, প্রতিবারের মতো এবারও আসিফ ভাইয়া সব কিছু নিজের হাতে নিয়েছেন, সামলেছেন এবং সঠিকভাবে পরিচালনা করেছেন। আমাদের প্রথম শো থেকে শুরু করে শেষ পর্যন্ত, যেকোনো সমস্যার মুখে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন, ন‍্যায় এর পক্ষে কথা বলেছেন এবং সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন। আমি এই সমর্থনের জন্য সত্যিই কৃতজ্ঞ।