মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন ড. ইউনূস : প্রেস সচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরো সুদৃঢ় করেছে। এতে গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি ও গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নতুনভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় তিনি প্রধান উপদেষ্টার ইউএনজিএ সফরের সাফল্যগুলো তুলে ধরেন।

শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস গত সপ্তাহে নিউইয়র্কে ইউএনজিএর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন।
সেখানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ করে বক্তব্য দেন, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

প্রেস সচিব বলেন, ইউএনজিএর ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে বৈশ্বিক মহলকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের লালিত গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রস্তুত।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে তিন রাজনৈতিক দলের ৬ প্রতিনিধি ছিলেন।
তিনি উল্লেখ করেন, ‘এটাই প্রথমবার এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিনিধিদল একসঙ্গে সফরে যোগ দিল। তারা কূটনীতিক, প্রবাসী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এসব যোগাযোগ বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে যে, গোটা বাংলাদেশই গণতান্ত্রিক, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের পথে একসঙ্গে এগোচ্ছে।’

বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার কৌশলগত বৈঠক প্রসঙ্গে আলম বলেন, অধ্যাপক ইউনূস উচ্চপর্যায়ের একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন, যা বাংলাদেশের বৈশ্বিক অংশীদারি জোরদার ও যৌথ অগ্রাধিকারের প্রসারে ভূমিকা রাখে।

তিনি জানান, ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, কসোভো ও ভুটানের নেতাদের সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক শাসন, বাণিজ্য, জলবায়ু সহনশীলতা ও মানব উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি, ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা এবং আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গেও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়, যেখানে আঞ্চলিক সহযোগিতা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের কেন্দ্রীয় ভূমিকা উঠে আসে।

রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব প্রসঙ্গে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সফরের মূল বিষয় ছিল রোহিঙ্গা ইস্যু।
সেখানে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি বাস্তুচ্যুত মানুষের প্রতি অব্যাহত মানবিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়। জাতিসংঘ সংস্থা ও দাতা দেশগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন এবং সংকট যেন বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে না যায় সে আহ্বান জানান। প্রেস সচিব জানান, এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি আনতে সক্ষম হন।

শফিকুল আলম বলেন, জবাবদিহি ও উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরতে অধ্যাপক ইউনূস জাতিসংঘকে অনুরোধ জানান বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের অগ্রগতির একটি স্বাধীন মূল্যায়ন পরিচালনা করতে। এ অনুরোধ ঢাকার অর্থনৈতিক যাত্রাপথে আস্থা ও গঠনমূলক আন্তর্জাতিক মূল্যায়নের প্রতি উন্মুক্ততা প্রকাশ করে।

প্রেস সচিব জানান, ইউএনজিএ সফরে বিদেশে কর্মসংস্থান ও শ্রমশক্তি রপ্তানির নতুন সুযোগও উন্মোচিত হয়। কসোভো, আলবেনিয়া ও ইউরোপের আরো কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে সম্ভাবনা খোঁজা হয়েছে। তিনি বলেন, এসব সুযোগ প্রবাসী আয় বাড়াতে ও নতুন অংশীদার দেশের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে সহায়ক হবে।

ইতিহাসে প্রথমবার নারীপ্রধান পেল চার্চ অব ইংল্যান্ড

চার্চ অব ইংল্যান্ডের নতুন আর্চবিশপ অব ক্যানটারবির দায়িত্বে শুক্রবার সারা মুল্যালিকে মনোনীত করা হয়েছে। তিনি চার্চটির প্রথম নারীপ্রধান ও বিশ্বব্যাপী অ্যাংলিকান সম্প্রদায়ের নেতৃত্বে বসতে যাচ্ছেন। চার্চ অব ইংল্যান্ডের শেকড় রোমান সাম্রাজ্য পর্যন্ত প্রসারিত।

বছরের শুরুর দিকে একটি নির্যাতন কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করা জাস্টিন ওয়েলবির উত্তরসূরি নির্বাচনের দায়িত্বে থাকা কমিটি মুল্যালির নাম প্রস্তাব করে।
রাজা তৃতীয় চার্লস সেই মনোনয়ন অনুমোদন করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার জানিয়েছে।

৬৩ বছর বয়সী মুল্যালি হচ্ছেন চার্চটির ১০৬তম আর্চবিশপ অব ক্যানটারবির পদাধিকারী। প্রথম আর্চবিশপ নিযুক্ত হয়েছিলেন খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষভাগে।

সাবেক নার্স মুল্যালি এক বিবৃতিতে বলেন, এই নতুন ভূমিকা একটি ‘বৃহৎ দায়িত্ব’ হলেও তিনি ‘শান্তি ও ঈশ্বরের ওপর আস্থা’ নিয়ে দায়িত্ব গ্রহণ করছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও প্রথম নারী আর্চবিশপের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘চার্চ অব ইংল্যান্ড আমাদের দেশের জন্য গভীর গুরুত্ব বহন করে। এর গির্জা, ক্যাথেড্রাল, স্কুল ও দাতব্য প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। নতুন আর্চবিশপ জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এক প্রতিবেদনের পর ওয়েলবি পদত্যাগ করেন, যেখানে দেখা যায় চার্চ অব ইংল্যান্ড ১৯৭০-এর দশকের একাধিক নির্যাতনের ঘটনা ধামাচাপা দিয়েছিল। আরো বলা হয়, ২০১৩ সালে বিষয়টি জানার পরও ওয়েলবি কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হন।

স্বতন্ত্র তদন্তে জানা যায়, আইনজীবী জন স্মাইথ ১৯৭০ ও ৮০-এর দশকে ইভানজেলিকাল সামার ক্যাম্প আয়োজন করতেন এবং সেখানে প্রায় ১৩০ জন কিশোর ও তরুণকে নির্যাতন করেছিলেন।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় ৭৫ বছর বয়সে স্মাইথ মারা যান, যখন তিনি ব্রিটিশ পুলিশের তদন্তাধীন ছিলেন। কোনোদিনই তিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হননি।

এই কেলেঙ্কারি যুক্তরাজ্যে ব্যাপক আলোড়ন তোলে ও চার্চ অব ইংল্যান্ডে সংস্কারের দাবিকে জোরালো করে। এই চার্চের সর্বোচ্চ প্রধান হলেন ব্রিটিশ সম্রাট।

চার্চ অব ইংল্যান্ডের প্রায় দুই কোটি বাপ্তাইজড সদস্য রয়েছে, যদিও ২০২২ সালের হিসাব অনুযায়ী নিয়মিত গির্জায় যাতায়াতকারীর সংখ্যা এক মিলিয়নেরও কম।

দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শেষে রাজা তৃতীয় চার্লস মুল্যালিকে নিয়োগ দেন, যেখানে অংশ নেন ব্রিটিশ গোপন নিরাপত্তা সংস্থা এমআই৫-এর সাবেক প্রধানও।

অ্যাংলিকান চার্চ ১৫৩০-এর দশকে রাজা অষ্টম হেনরির রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছেদের পর থেকে রাষ্ট্রীয় চার্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

মুল্যালি ২০০২ সালে পুরোহিত হিসেবে অভিষিক্ত হন ও ২০১৮ সালে লন্ডনের প্রথম নারী বিশপ হন।

চার্চ অব ইংল্যান্ড বহু বছর দ্বন্দ্ব-সংঘাতের পর ২০১৪ সালে প্রথমবার নারী বিশপের অনুমোদন দেয়। তবে বিশ্বজুড়ে অনেক অ্যাংলিকান চার্চে আগে থেকেই নারী বিশপ অনুমোদিত ছিল। যুক্তরাষ্ট্রে প্রথম নারী বিশপ নিয়োগ হয় ১৯৮৯ সালে।

এখন ইংল্যান্ডে ১০৮ জন বিশপের মধ্যে ৪০ জনের বেশি নারী এবং পুরোহিতদের ক্ষেত্রেও অনুপাত প্রায় সমান—নারী ধর্মযাজকদের প্রথম অনুমতি দেওয়া হয়েছিল ১৯৯০-এর দশকের শুরুতে।

খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বেশ কয়েকদিন অশান্ত ছিল। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। আজ শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেন, “আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর এ সরকারের একটি অভ্যাস আছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়।”

ভারতীয় এ কূটনৈতিক উল্টো অভিযোগ করেন কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে, তাদের ভূমি দখল করছে। তিনি বলেন, “আমি ঢাকাকে বলব নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন।”

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই আছেন। বাংলাদেশ সরকার ভারতকে বারবার জানিয়েছে, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন হাসিনা।

এরমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও পতিত স্বৈরাচার মিলে খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করছে। যা আজ ভারত অস্বীকার করেছে।

গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সদর থানায় মামলা করেন। পরদিন ২৪ সেপ্টেম্বর পুলিশ সন্দেহভাজন শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করে।

এই মামলাকে কেন্দ্র করে খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু পরবর্তীতে জানা যায় ওই কিশোরী ধর্ষণের শিকারই হয়নি। মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু এরমধ্যেই দুর্বৃত্তরা শত শত ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ফ্লোটিলার অভিযাত্রীরা

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা।”

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন সেই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।

কিন্তু গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ারি পরপরই একটি ব্যতীত সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটকায় ইসরায়েলের নৌবাহিনী; কিন্তু তারপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছিল। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলের নৌ সেনারা। সর্বশেষ নৌযানটিকে আটক করা হয়েছে আজ শুক্রবার সকালে।

এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, বুধবার যেদিন অভিযাত্রীদের আটক করা শুরু হয়, সেদিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

সূত্র : আনাদোলু এজেন্সি

কানাডার সিনেমা হলে গুলি-অগ্নিসংযোগ, বন্ধ হলো ভারতীয় সিনেমা

কানাডার ওন্টারিও প্রদেশের একটি সিনেমা হলে পরপর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনার পর বেশ কয়েকটি ভারতীয় সিনেমার প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ওকভিলের ‘ফিল্ম ডট সিএ’ নামের ওই সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশীয় চলচ্চিত্রের প্রদর্শনীকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে।

হামলার শিকার হওয়ার পর ঋষভ শেঠি অভিনীত ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবি দুটির শো স্থগিত করা হয়েছে। সিনেমা হল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এমন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো ভারতীয় ছবি প্রদর্শন করবে না।

গত ২৫ সেপ্টেম্বর ভোরে প্রথম হামলাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুই ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। হ্যাল্টন পুলিশের মতে, হামলাকারীরা লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করেছিল।

এই হামলায় সিনেমা হলটির বাইরের অংশে মাঝারি ধরনের ক্ষতি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি সাদা এসইউভি গাড়ি সিনেমা হলের সামনে আসে এবং দুজন ব্যক্তি নেমে এসে দরজায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এর এক সপ্তাহ পর, অর্থাৎ ২ অক্টোবর, দ্বিতীয় হামলাটি হয়। এবার ভোর ১টা ৫০ মিনিটের দিকে এক সন্দেহভাজন ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বার লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

বিভিন্ন সংবাদমাধ্যম এই হামলাগুলোকে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বা খলিস্তানি চরমপন্থীদের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করলেও হ্যাল্টন পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালাচ্ছে।

গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন অন্য কথা বলছে পাকিস্তান

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে গত সোমবার ২০ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রস্তাবটি প্রকাশের পরই ৮ মুসলিম দেশ এটিকে স্বাগত জানায়। যারমধ্যে পাকিস্তানও রয়েছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ শুক্রবার (৩ অক্টোবর) জানিয়েছেন, ট্রাম্প যে প্রস্তাব ঘোষণা করেছেন এটি তাদের দেওয়া প্রস্তাব নয়। তাদের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবের যেসব ধারা নিয়ে কথা হয়েছিল সেগুলোর চেয়ে নতুন প্রস্তাবটিতে অনেক পরিবর্তন রয়েছে।

দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠক করেন ৮ মুসলিম দেশের নেতারা। ওই সময় তারা গাজা যুদ্ধ বন্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ট্রাম্প এতে সমর্থন জানান। কিন্তু পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায় ট্রাম্প প্রস্তাবের ধারায় অনেক পরিবর্তন এনেছেন।

এ ব্যাপারে পাক পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন, “যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। আমি স্পষ্ট করেছি ট্রাম্প যে ২০ দফা ঘোষণা করেছেন, এগুলো আমাদের দফা নয়। আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম এগুলো সেগুলো নয়। আমাদের কাছে যে খসড়া ছিল সেটি থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে।”

এদিকে পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার নিজ দেশে চাপে পড়েছেন। দেশটির রাজনীতিবিদ, বিশ্লেষক, সাংবাদিক এবং অধিকারকর্মীরা বলছেন, ট্রাম্পের এ প্রস্তাব হামাস মুসলিম বিশ্বের জন্য ‘আত্মসমর্পণের’ শামিল। কারণ এই প্রস্তাবে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি উল্লেখও করা হয়নি।

সূত্র: দ্য ডন

ট্রাম্পের গাজা পরিকল্পনা যাচাইয়ের জন্য আরো সময় প্রয়োজন : হামাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত পরিকল্পনা পর্যালোচনা করতে এখনো সময় প্রয়োজন। হামাসের একজন কর্মকর্তা শুক্রবার এএফপিকে এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেন, ‘হামাস এখনো ট্রাম্পের পরিকল্পনা নিয়ে পরামর্শ করছে। মধ্যস্থতাকারীদেরও জানানো হয়েছে, পরামর্শ চলমান এবং কিছু সময় প্রয়োজন।
ট্রাম্প গত মঙ্গলবার হামাসকে প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ শেষ করার তার পরিকল্পনা গ্রহণের জন্য ‘তিন বা চার দিন’ সময়সীমা দিয়েছিলেন।

পরিকল্পনায় উল্লেখ আছে, যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি, হামাসের অস্ত্র নিরস্ত্রীকরণ এবং গাজার থেকে ধাপে ধাপে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাহার। এরপর ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধোত্তর সাময়িক প্রশাসন গঠন করা হবে। আরব ও মুসলিম দেশসহ বিশ্ব শক্তিগুলো এই প্রস্তাবের স্বাগত জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু্ও সমর্থন করেছেন।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘পরিকল্পনায় কিছু উদ্বেগের বিষয় রয়েছে এবং আমরা শীঘ্রই আমাদের অবস্থান ঘোষণা করব।’ তিনি আরো বলেন, ‘আমরা মধ্যস্থতাকারী এবং আরব ও ইসলামিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগে আছি। আমরা সমঝোতা পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ।

হামাসের নেতৃত্বের সঙ্গে সংযুক্ত একজন ফিলিস্তিনি সূত্র বুধবার এএফপিকে জানান, ‘গ্রুপটি কিছু ধারা সংশোধন করতে চায়, যেমন অস্ত্র নিরস্ত্রীকরণ এবং হামাস ও এর শাখার কর্মীদের বহিষ্কারের ধারা।’

সূত্রটি আরো জানিয়েছে, হামাসের নেতারা চায় ‘গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের আন্তর্জাতিক নিশ্চয়তা’ এবং আশ্বাস দেবে, কোনো হত্যা চেষ্টা অঞ্চলের ভিতরে বা বাইরে করা হবে না।

সূত্র : এএফপি

গবেষণাধর্মী গ্রন্থের মাধ্যমে নতুন প্রজন্মের চিন্তা বিকশিত হয় : ধর্ম উপদেষ্টা

মানবসভ্যতার অগ্রযাত্রায় জ্ঞান অন্যতম চালিকাশক্তি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘এই জ্ঞান অর্জন, বিকাশ ও প্রসারের অন্যতম মাধ্যম হলো গবেষণা। গবেষণাধর্মী গ্রন্থের মাধ্যমে নতুন জ্ঞানকে বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম তাদের চিন্তাকে বিকশিত করতে পারে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব‌গেটে ইসলামি বইমেলা প্রাঙ্গণে অধ্যাপক ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘গবেষণাধর্মী গ্রন্থ রচনার মাধ্যমে লেখক অনুসন্ধানের ফলাফল, নিজের উপলব্ধি ও চিন্তাধারাকে প্রকাশ করেন। এর মাধ্যমে জ্ঞানের নতুন দিক উন্মোচিত হয়, জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়। তাই গবেষণালব্ধ গ্রন্থ নিছক কোনো বই নয়; এটি এক অর্থে যুগের দর্পণ ও ভবিষ্যতের আলোকবর্তিকা।

খালিদ হোসেন আরো বলেন, ‘গবেষণার মূল উদ্দেশ্য হলো অজানাকে জানা ও বিদ্যমান জ্ঞানের পরিধিকে সম্প্রসারণ করা। গবেষণাধর্মী গ্রন্থের মাধ্যমে সেই নতুন জ্ঞানকে বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম তাদের চিন্তাকে বিকশিত করতে পারে এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধান খুঁজে পায়।’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
এতে অন্যদের মধ্যে বইটির রচয়িতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী বক্তব্য দেন।

দুই খণ্ডে বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার।

১ পেনাল্টি ৩ বার ‘সেভ’ দিয়ে ম্যাচের নায়ক গোলরক্ষক

ইউরোপা লিগে রোমার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ফরাসি ক্লাব লিল। শেষ মুহূর্তে টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক বারকে ওজের। তার অসাধারণ নৈপুণ্যে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিল।

ম্যাচের শুরুতেই লিলকে এগিয়ে দেন হাকন হারাল্ডসন।
প্রথমার্ধে সেই লিড ধরে রাখলেও শেষ মুহূর্তে ম্যাচে ফিরতে পারত রোমা। বক্সে লিলের আইসা মান্ডির হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় ইতালিয়ান ক্লাবটি।

সুযোগ কাজে লাগাতে এগিয়ে আসেন আরতেম দোভবিক। তার প্রথম শট ঠেকিয়ে দেন ওজের।
তবে লিলের ডিফেন্ডাররা আগে বক্সে ঢুকে যাওয়ায় আবারও নিতে হয় পেনাল্টি। দ্বিতীয়বারও দোভবিককে রুখে দেন লিলের গোলরক্ষক। কিন্তু এবার গোললাইনের সামনে এগিয়ে গিয়েছিলেন বলে ফের সুযোগ পায় রোমা।

টানা দুই ব্যর্থতার পর তৃতীয়বার পেনাল্টি নেওয়ার দায়িত্ব পান মাতিয়াস সুলে।
কিন্তু তাকেও ব্যর্থ করে দেন তরুণ ওজের। টানা তিনবার পেনাল্টি শট আটকে রোমার সমতা ফেরানোর স্বপ্ন শেষ করে দেন তিনি।

শেষ বাঁশি বাজতেই লিল শিবিরে উৎসবের আমেজ। ইউরোপা লিগে টানা দ্বিতীয় জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা। এদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে আছে রোমা।

মাদক চক্রগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুক্তরাষ্ট্র এখন মাদক চক্রগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার উপকূলে সাম্প্রতিক সামরিক হামলার পর কংগ্রেসে পাঠানো এক নোটিশে তার প্রশাসন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক সামরিক জাহাজ মোতায়েন করেছে। এতে ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে উত্তেজনা আরো বাড়ছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি বৃহস্পতিবার চিঠির কপি হাতে পেয়েছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি অভিযানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এসব অভিযানে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

পেন্টাগনের নোটিশে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মাদক চক্রগুলোকে ‘অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী’হিসেবে চিহ্নিত করেছেন এবং সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন।
তাদের কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সশস্ত্র আক্রমণ’ হিসেবেও বর্ণনা করা হয়েছে। সন্দেহভাজন পাচারকারীদের অবৈধ যোদ্ধা হিসেবেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

ভেনেজুয়েলার উপকূলে মাদকবোঝাই নৌকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এএফপিকে বলেছেন, ‘প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন মেনে দেশের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিয়েছেন।
তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মাদক চক্রকে মোকাবিলা করছেন, যাতে তারা আর আমেরিকানদের হত্যা করতে না পারে।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বরের এক হামলার পর কংগ্রেসে এই নোটিশ পাঠানো হয়েছে। এটি আইনি বাধ্যবাধকতা, তবে এতে নতুন কোনো তথ্য নেই।

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, তাদের উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। তিনি একে ‘উস্কানি’ ও ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গ এবং ক্যারিবীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বিপদের মুখে ফেলার অভিযোগ করেছে।

ট্রাম্প গত মাসে পুয়ের্তো রিকোতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছেন, যা তিন দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। পাশাপাশি ওই এলাকায় আটটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিনও পাঠানো হয়েছে। গত মাসে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান এক মার্কিন নৌযানকে লক্ষ্য করে উড়ে গেলে ট্রাম্প সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে ভেনেজুয়েলার যুদ্ধবিমান ভূপাতিত করা হবে।

সূত্র : এএফপি