মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাল ইসরায়েল

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহে গাজামুখী নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক চাপের মুখে এবার তাদের একটি অংশকে তুরস্কে ফেরত পাঠানো হলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরকো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, তাদের তুরস্কের বিমানবন্দরে বিশেষ বিমানে পৌঁছে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের গ্রহণের প্রস্তুতি চলছিল এবং এরপর তারা নিজ নিজ দেশে ফেরত যাবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ১৩৭ জনের মধ্যে অন্তত ৩৬ জন তুরস্কের নাগরিক।
এর আগে আরো চারজনকে ফেরত পাঠানো হয়েছিল।

গাজায় সংহতি ও ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি নৌযানে ৫০০ জনের বেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরে হানা দিয়ে সবাইকে আটক করে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, অধিকারকর্মীরা ‘খুব সীমিত পরিমাণ ত্রাণ’ এনেছিলেন এবং তারা ইসরায়েলের মাধ্যমে তা বিতরণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে আন্তর্জাতিক মহল এ অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্র : আলজাজিরা

ব্যাংকিং খাতে দক্ষ এমডির চরম সংকট : গভর্নর

বাংলাদেশের ব্যাংকিং খাতে দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজে পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে ফিন্যানশিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভালো মানের এমডি পাওয়া এখন বড় সমস্যা। এমনকি ভালো হেড অব ডিপার্টমেন্ট খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছে।
সেটা করপোরেট বিভাগ হোক বা কনজিউমার বিভাগ—প্রতিটি ক্ষেত্রেই দক্ষ জনবলের ঘাটতি স্পষ্ট।’

গভর্নর আরো বলেন, ‘প্রোপার নলেজ ও প্রোপার ট্রেনিংপ্রাপ্ত এমডি আমরা পাচ্ছি না। এটা ব্যাংকিং খাতের জন্য এক ধরনের ব্যর্থতা। ফলে সামনে আমাদের জন্য চ্যালেঞ্জ আরো বাড়বে।

ডিজিটাল ব্যাংকিং প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘আমরা যখন ডিজিটাল ব্যাংকিং ও আধুনিক প্রশাসনের দিকে অগ্রসর হচ্ছি, তখন প্রতিটি সেক্টরে পর্যাপ্ত দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না। এমনকি দেশের বেশির ভাগ ব্যাংক এখনো ভারতীয় কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভর করছে। বাংলাদেশে এখনো নিজস্ব সফটওয়্যার তৈরি সম্ভব হয়নি।’

অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মানসিকতা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কারণ প্রশিক্ষিত কিন্তু মানসিকভাবে সঠিকভাবে প্রস্তুত নয়, এমন জনবল অনেক সময় অপ্রশিক্ষিত জনবলের চেয়েও বেশি ক্ষতি করতে পারে। আগামী ৪-৫ মাসে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসছে।’

অনুষ্ঠানে বক্তারা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর (সোমবার) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী, জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি।
তারই ধারাবাহিকতায় সোমবার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়সভা করবে।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি। প্রায় ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব এই সংলাপে অংশগ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করে ইসি।
প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা সংলাপে অংশ নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জাতি হিসেবে এখানে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দশকের পর দশক বসবাস করে আসছি। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, সেখানে বাংলাদেশ বিশেষ স্থানে।

জামায়াত আমির বলেন, আমরা যেমন আল্লাহ তায়ালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নিইনি, অন্য ধর্মাবলম্বীরাও ঠিক তাই।
সবাই আল্লাহর ইচ্ছায় এখানে জন্ম নিয়েছেন। মানুষের সামনে বিভিন্ন ধর্মমত আছে। আল্লাহ মানুষকে বিচার বিবেচনা ও বিবেক দান করেছেন। মানুষ বিচার-বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। আল্লাহভিরু মানুষরা দেশের নেতৃত্বে এলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, গঠিত হবে মানবিক সমাজ। সেই লক্ষ্যে আলেমসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে আলেম সমাজকে পথ দেখাতে হবে।

ক্যাম্প ন্যু, ইয়ামাল বিতর্ক ও সুপার লিগে বার্সার ভবিষ্যৎ নিয়ে যা জানালেন লা লিগা সভাপতি

ইউরোপিয়ান সুপার লিগ আবারও আলোচনায়। উয়েফাকে দেওয়া নতুন প্রস্তাব ঘিরে তোলপাড় ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। এমন সময় স্প্যানিশ সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস কথা বলেছেন বার্সেলোনার সুপার লিগ থেকে সরে আসার পরিকল্পনা, উয়েফার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, লামিন ইয়ামালের ইনজুরি এবং ক্যাম্প ন্যুতে ফেরার সময়সূচি নিয়ে।

তেবাস বলেন, বার্সেলোনা চেয়েছিল আগামী অক্টোবরেই ক্যাম্প ন্যুতে ফিরতে। কিন্তু প্রকল্পের অগ্রগতি ধীরগতিতে হওয়ায় ফের বিলম্ব ঘটছে।

তেবাস আরো বলেন, ‘আমি লাপোর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। যতটা জানি, পড়েই জেনেছি।
কখনো এক তারিখ, কখনো আরেকটা বলা হচ্ছে। আমারও ইচ্ছে ছিল তারা আগেই নিজেদের মাঠে ফিরুক। কিন্তু যদি একটু অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম পাওয়া যায়, তাহলে তা সার্থক অপেক্ষা হবে।’

তেবাসের মতে, ‘স্টেডিয়াম সংস্কার আর অবকাঠামো উন্নয়ন সবসময়ই ইতিবাচক উদ্যোগ।
এসব নিয়ে অভিযোগ না করে সময় দিলে ফলটা আরো ভালো হয়।’

বার্সেলোনা ধীরে ধীরে ইউরোপিয়ান সুপার লিগ থেকে দূরে সরে যাচ্ছে—এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক সময়ে। এ নিয়ে আশাবাদী তেবাসও।

‘আমি আশা করি তাই হবে। আমার ধারণা প্রেসিডেন্ট লাপোর্তা নিজেও প্রকল্প নিয়ে কিছুটা আস্থা হারানোর কথা বলেছেন,’ বলেন তেবাস।

তিনি আরো বলেন, ‘বার্সেলোনা যদি সুপার লিগ থেকে বের হয়ে উয়েফার ইউরোপীয় প্রকল্পগুলোয় আরও সম্পৃক্ত হয়, তাহলে তা পুরো ইউরোপীয় ফুটবলের জন্যই ইতিবাচক।’

এদিকে তরুণ বার্সা তারকা লামিন ইয়ামাল সম্প্রতি আবারও চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এবার তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

এদিকে, বার্সা কোচ হানসি ফ্লিক ও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে এই ইনজুরি নিয়ে মতবিরোধও দেখা দিয়েছে।

তবে তেবাস শান্ত সুরেই বললেন, ‘আমি বিষয়টি খুব বেশি খেয়াল করিনি। কোচদের বক্তব্য দেখেছি, কিন্তু এর বেশি কিছু না। ফুটবলে এমন ঘটনা নতুন নয়। আন্তর্জাতিক ম্যাচ, জাতীয় দল আর ক্লাবের মধ্যে এমন সিনেমা আগেও দেখেছি।’

ড্রোন দেখার পর ফের বন্ধ মিউনিখ বিমানবন্দর

ফের জার্মানির মিউনিখ বিমানবন্দরের উভয় রানওয়ে আবারও ড্রোন দেখা গেছে। এ ঘটনার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি। যার ফলে কয়েক ডজন ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় বা বাতিল করা হয়। ফলে প্রায় ৬ হাজার ৫০০ যাত্রী আটকা পড়েন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার পরও বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল। এর ফলে ১৭টি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় ৩ হাজার যাত্রী প্রভাবিত হন।

আজ শনিবার ভোরে বিমানবন্দর জানিয়েছে, ড্রোন দেখার কারণে ভোর ৫টায় তাদের নির্ধারিত সময় বিলম্বিত হয়েছে। যাত্রীদের তাদের বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দরের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিশ্চিত ড্রোন দেখার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জার্মান বিমান পরিবহন নিয়ন্ত্রণ মিউনিখ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সীমিত করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।’

পরবর্তী আপডেটে বিমানবন্দর জানিয়েছে, ২৩টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মিউনিখের উদ্দেশে ১২টি ফ্লাইট এবং ৪৮টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘আগের রাতের মতোই বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলো যাত্রীদের যত্ন নিয়েছে।
ক্যাম্প বিছানা, কম্বল, পানীয় এবং খাবার বিতরণ করা হয়েছে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপীয় বিমান চলাচল বারবার বিশৃঙ্খলার মধ্যে পড়েছে, যার জন্য কিছু কর্তৃপক্ষ রাশিয়াকে দায়ী করেছে। তবে ক্রেমলিন এ কথা অস্বীকার করেছে। ইউরোপজুড়ে একই ধরনের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। ডেনমার্ক ও নরওয়ের বিভিন্ন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহে দশ হাজারেরও বেশি যাত্রী প্রভাবিত হয়েছেন।

সূত্র : আরব নিউজ

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরে ফেলেছেন। দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটল অবশেষে। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই আলোচিত জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুসারে জানা যায়, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা বা বিজয়। তবে তাদের টিম বাগদানের বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনো জানাননি রাশমিকা ও বিজয়।
ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই।

সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর শুভেচ্ছা জানান রাশমিকা। ওই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। এসময় তার কপালে তিলকও দেখা যায়।

দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া এ অভিনেত্রী ‘এক্সপ্রেশন ক্যুইন’ নামেও পরিচিতি পেয়েছেন।
দক্ষিণের ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। ‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশমিকা। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে মনে করছেন অনেকে। এর আগে ‘গীতা গোবিন্দাম’ ছবিতেও জুটি বেঁধে ব্যাপক সাড়া ফেলেছিলেন বিজয়-রাশমিকা।

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলীয় উইঙ্গার সাভিনহো শুক্রবার ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ক্লাবে ২০৩১ পর্যন্ত থাকবেন, সাথে আছে অতিরিক্ত ১২ মাস বাড়ানোর বিকল্প।

২১ বছর বয়সী এই তারকা খেলোয়াড়কে গেল ট্রান্সফার উইন্ডোতে টটেনহাম দলে ভেড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সিটি তার ৭০ মিলিয়ন পাউন্ডের দাম ধরে রাখায় স্পার্সরা এগোতে পারেনি।

গত মৌসুমে সাভিনহো ৪৮ ম্যাচে ১৩টি অ্যাসিস্ট এবং ৩টি গোল করেছেন, যা ছিল তার প্রথম ইংলিশ ফুটবল মৌসুম।
পেপ গার্দিওলার দলে নিয়মিত একাদশে স্থান ধরে রাখা সত্ত্বেও, তিনি নিজের পারফরম্যান্স দিয়ে বিশ্বাস অর্জন করেছেন কোচ ও ম্যানেজমেন্টের ।

ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে সাভিনহো বলেছেন, ‘আমি ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে পেরে অত্যন্ত গর্বিত। এটি বিশেষ অনুভূতি যে পেপ এবং ক্লাব আমার উপর এত বিশ্বাস রাখছে। আমি জানি আমার উন্নতির জন্য এখনো অনেক পথ বাকি আছে—আমি এখনো তরুণ এবং শিখতে আগ্রহী।
তবে পেপ এবং তার স্টাফদের সঙ্গে কাজ করলে আমি খেলোয়াড় হিসেবে আরো উন্নতি করতে পারব।’

সাভিনহো ব্রাজিলের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। তার ইউরোপীয় ফুটবল যাত্রা শুরু হয়েছিল লা লিগার ক্লাব জিরোনা থেকে, যেখানে তিনি ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর তিনি ৩১ মিলিয়ন পাউন্ড খরচ করে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।

বড় চমক রেখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থেকে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে।

এই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি শুক্রবার রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। স্কোয়াডের বেশিরভাগ নামই পরিচিত হলেও নতুন মুখ ও চমকও আছে।

নতুনদের মধ্যে গোলরক্ষক ফাকুন্দো ক্যাম্বেসেস প্রথমবার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন। এছাড়া ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো এবং ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও প্রথমবার দলে ডাক পেয়েছেন। রিভেরো সম্প্রতি রিভার প্লেটে ফিরেছেন, আর মোরেনো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলছেন।

পুরনো অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, যিনি আগের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন, এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি, তিন বছরের বেশি সময় পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
অবশ্যই লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজরা থাকছেন স্কোয়াডে।

২৮ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াডে রয়েছেন
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যাম্বেসেস।

ডিফেন্ডার : গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিয়োলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।

নেতানিয়াহুর নির্দেশেই গ্লোবাল সুমুদ ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছিল

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিউনিসিয়ায় অবস্থানরত গ্লোবাল সামুদ ফ্লোটিলার দুটি জাহাজে অবৈধ ড্রোন হামলার সরাসরি অনুমোদন দেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবরে এই তথ্য বলা হয়েছে।

সিবিএসকে নাম প্রকাশ না করার শর্তে এসব কর্মকর্তা জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন ছেড়ে জাহাজ দুটির ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে জাহাজে আগুন ধরে যায়।
হামলাটি ঘটে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরের বাইরে নোঙর করা অবস্থায়। গত ৮ এবং ৯ সেপ্টেম্বর আলাদাভাবে সংঘটিত এ হামলায় একটি পর্তুগিজ পতাকাবাহী জাহাজ ও একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তবে এতে কেউ নিহত বা আহত হননি।

আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাতের আইনে বেসামরিক জনগণ বা তাদের সম্পদের বিরুদ্ধে দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘটনা সম্পর্কে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এই সপ্তাহেই গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সামুদ ফ্লোটিলার ৪০টিরও বেশি নৌযান আটক করে ইসরায়েলি বাহিনী। এ সময় প্রায় ৪০০-এর বেশি কর্মী-সক্রিয়তাবাদীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।
তবে প্রথম গাজামুখী সহায়তা বহনকারী নৌবহরের একমাত্র অবশিষ্ট নৌযান শুক্রবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। ফ্লোটিলা জানিয়েছে, তাদের ৪২টি নৌযান ‘অবৈধভাবে আটক’ করা হয়েছে এবং যাত্রীদের ‘অবৈধভাবে অপহরণ’ করা হয়েছে। ফলে এখন কেবল একটি নৌযান ‘ম্যারিনেট’ ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর মিশন চালিয়ে যাচ্ছে। ফ্লোটিলা তাদের ট্র্যাকার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে গাজা উপত্যকার ওপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে আরো একটি নৌবহর রওনা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ জানায়, ‘কনসায়েন্স’ নামের নৌযানটি বুধবার ইতালি থেকে যাত্রা শুরু করেছে। এতে প্রায় ১০০ জন কর্মী আছেন, যাদের মধ্যে অনেকেই স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক।

সূত্র : আলজাজিরা।