সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

পুঁজিবাজার : সূচকের ওঠানামায় চলছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ অক্টোবর) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬০ ও ২০৬৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এসময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৭টির এবং অপরির্বতিত রয়েছে ৯৮টি কম্পানির শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো-পাইওনিয়ার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রগতি ইন্স্যুরেন্স, রূপালি লাইফ, সোনালি পেপার, রবি, সেনা ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ২২টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কম্পানি শেয়ারের দর।

এবার ‘কমলাকাণ্ডে’ ভাইরাল অক্ষয়

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের এই ‘খিলাড়ি’ অভিনেতা ফের এক প্রশ্নে মাতিয়ে দিলেন পুরো দেশ। ২০১৯ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘আম কাণ্ড’র পর এবার জন্ম নিল নতুন বিতর্ক ‘কমলালেবু কাণ্ড’। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে কমলালেবু নিয়ে করা অক্ষয়ের সেই অদ্ভুত প্রশ্ন এখন ভাইরাল, আর নেটিজেনদের মুখে একটাই কথা, অক্ষয় মানেই সারপ্রাইজ।

মঙ্গলবার একটি জনাকীর্ণ আলোচনা সভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছিলেন অক্ষয়। সেখানেই এই ঘটনা ঘটে। সাক্ষাৎকারের শুরুতেই তিনি উল্লেখ করেন, এটি তার জীবনে দ্বিতীয় কারও নেওয়া সাক্ষাৎকার; প্রথমটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরপরই পুরোনো প্রসঙ্গে ফিরে এসে অক্ষয় বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম— আপনি কীভাবে আম খান? এই প্রশ্ন শুনে সবাই আমাকে নিয়ে খুবই মশকরা করেছিল।
কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না।’

তার এমন স্পষ্ট স্বীকারোক্তির পরই অক্ষয় সরাসরি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী যেহেতু নাগপুরের মানুষ, আর নাগপুরের কমলালেবু বিশ্ববিখ্যাত, তাই অক্ষয়ের জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার কমলালেবু খেতে কেমন লাগে?’

অক্ষয়ের এমন সরল প্রশ্নে মুখ্যমন্ত্রী হেসে ওঠেন। তিনি জানান, কমলালেবু তিনি খুবই ভালোবাসেন এবং প্রতিদিন একাধিক লেবু খান।
এর সঙ্গে তিনি একটি গোপন কৌশলও ফাঁস করেন। মুখ্যমন্ত্রী জানান, তিনি কমলালেবু মাঝখান থেকে অর্ধেক করে কেটে তার উপর নুন ছিটিয়ে একেবারে আমের মতো করে খান।

মুখ্যমন্ত্রীর এই নতুন ধরনের খাওয়ার পদ্ধতি শুনে অক্ষয় কুমারও অবাক। তিনি হেসে বলেন, ‘ঠিক আছে, এবার আমিও এইভাবে খাওয়ার চেষ্টা করব। আজ একটা নতুন জিনিস শিখলাম।

টেইলর ঝড়ে উড়ে গেলেন ডোয়াইন-ডিকাপ্রিও

বিশ্ব যেন টেইলর সুইফট জ্বরে আক্রান্ত। কি কনসার্ট, কি অ্যালবাম আর বক্স—সব জায়গাতেই বাজিমাত করে চলেছেন ‘ব্লাঙ্ক স্পেস’ গায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‌‘দ্য রিলিজ পার্টি অব এ শোগার্ল’। এটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

ডোয়াইন জনসন ও লিওনার্দো ডিকাপ্রিওদের মতো তারকাদের পেছনে ফেলে সপ্তাহ শেষে আয়ের শীর্ষে আছেন টেলর সুইফট। মুক্তির প্রথম সিনেমাটি যুক্তরাষ্ট্রের বাজারে আয় করেছে ৩৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে আরো ১৩ মিলিয়ন যোগ হয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ৪৬ মিলিয়ন ডলার। অন্যদিকে ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনের নতুন সিনেমা ‘দ্য স্ম্যাশিং মেশিন’ বক্স অফিসে মোটেও সাড়া ফেলতে পারেনি।

তিন হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি আয় করেছে মাত্র ছয় মিলিয়ন ডলার। এটি প্রত্যাশার চেয়েও অনেক কম। ৫০ মিলিয়ন ডলার খরচ করে নির্মিত এই ছবিতে জনসন অভিনয় করেছেন এক রেসলার ও ইউএফসি চ্যাম্পিয়নের চরিত্রে। ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও দর্শকের আগ্রহ তেমন দেখা যাচ্ছে না।

মাত্র দুই সপ্তাহ আগে ঘোষণা দেওয়া ‘দ্য রিলিজ পার্টি অব এ শোগার্ল’ ছবিটির বিশেষ কোনো প্রচারণা ছিল না। মূলত টেলর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে খবরটি ছড়িয়ে দেন। এদিকে টেলর সুইফটের পর বক্স অফিসে দ্বিতীয় স্থানে আছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিকাপ্রিও। তাঁর সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মোটামুটি ব্যবসা করছে। ছবিটি সপ্তাহ শেষে ঘরে তুলেছে ১০.৩ মিলিয়ন ডলার।

চীনকে ঠেকাতে নতুন স্টিলথ যুদ্ধবিমান আনছে যুক্তরাষ্ট্র

অবশেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন কয়েক মাস বিলম্বের পর এই সপ্তাহেই নৌবাহিনীর নতুন স্টিলথ যুদ্ধবিমান তৈরির দায়িত্ব কোন কোম্পানিকে দেওয়া হবে, তা নির্ধারণ করতে যাচ্ছে।

মার্কিন এক কর্মকর্তা ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট দুজন জানিয়েছেন, কয়েক শত কোটি ডলারের এই প্রকল্পকে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দুটি বড় প্রতিরক্ষা কম্পানি— বোয়িং এবং নর্থরপ গ্রুম্যান করপোরেশন। নির্বাচিত কোম্পানি তৈরি করবে ‘এফ/এ-এক্সএক্স’ নামের নতুন এই ক্যারিয়ার-বেজড যুদ্ধবিমান।
এটি ১৯৯০-এর দশক থেকে ব্যবহৃত মার্কিন নৌবাহিনীর ‘এফ/এ-১৮ ই/এফ সুপার হর্নেট’ বহরকে প্রতিস্থাপন করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত শুক্রবার প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নৌবাহিনী এই সপ্তাহেই কম্পানির নাম ঘোষণা করতে পারে। তবে অতীতের মতো শেষ মুহূর্তের জটিলতা দেখা দিলে প্রকল্পের বাস্তবায়ন আবারও বিলম্বিত হতে পারে।

‘এফ/এ-এক্সএক্স’ প্রকল্পে দেরি হওয়ায় নৌবাহিনীর ভবিষ্যৎ বিমান পরিচালনা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি আরও পিছিয়ে গেলে বা বাজেট সংকটে পড়লে ২০৩০ সালের পর আধুনিক যুদ্ধবিমানের ঘাটতিতে পড়তে পারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

নতুন যুদ্ধবিমানের থাকবে উন্নত স্টিলথ প্রযুক্তি, বড় পরিসরের অপারেশনের ক্ষমতা, দীর্ঘস্থায়িত্ব ও বিনা চালকে উড্ডয়নযোগ্য (ড্রোন সক্ষমতা) সুবিধা। এছাড়া নৌবাহিনীর প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে এর সমন্বয়ও থাকবে।

চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা মোকাবেলায় এই বিমানকে মূল হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে।

গত জুনে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইন কংগ্রেসের আইনপ্রণেতাদের বলেছেন, প্রশান্ত মহাসাগর অঞ্চলে হুমকির পরিবেশ দ্রুত বদলাচ্ছে। সেই প্রেক্ষাপটে নৌবাহিনীর জন্য ‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমান অত্যন্ত জরুরি।

অবসরের ঘোষণা মেসির আরেক সতীর্থের

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের পর অবসরের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ফুল-ব্যাক জর্দি আলবা। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

২০২৩ সালে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আলবা খেলেছেন নিয়মিতভাবেই। এই সময়ের মধ্যে তিনি করেছেন ১৪টি গোল ও ৩৮টি অ্যাসিস্ট।
লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের সঙ্গে জুটি বেঁধে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ডের মতো দুটি গুরুত্বপূর্ণ শিরোপা। কয়েকদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন বুসকেটসও।

নিজের অবসরের বিষয়ে ইন্টার মায়ামির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আলবা বলেন, ‘অনেক ভেবে-চিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মনে হচ্ছে, এখনই সময় নতুন একটি অধ্যায় শুরু করার এবং পরিবারকে পুরোপুরি সময় দেওয়ার।
ইন্টার মায়ামিতে আমার সময়টা অসাধারণ কেটেছে, ক্লাব ও সমর্থকদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এখন লক্ষ্য মৌসুমটা সেরা উপায়ে শেষ করা এবং প্লে-অফে সর্বোচ্চটা দেওয়া।’

স্প্যানিশ এই ডিফেন্ডার ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের অংশ ছিলেন। ভ্যালেন্সিয়া থেকে উঠে এসে বার্সেলোনায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন তিনি।
কাতালান ক্লাবের জার্সিতে জিতেছেন ছয়টি লা লিগা, পাঁচটি কোপা দেল রে, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ।

আন্তর্জাতিক অঙ্গনেও সমান সফল ছিলেন আলবা। স্পেনের হয়ে জিতেছেন ২০১২ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২২–২৩ উয়েফা নেশনস লিগ।

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে হোয়াইটওয়াশের লক্ষ্য মিরাজদের

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দুই দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। আফগানরা এই মুহূর্তে র‌্যাংকিংয়ে ৭ নম্বরে থাকায় কিছুটা নিরাপদ অবস্থানে আছে যদিও, তবে সরাসরি বিশ্বকাপে খেলতে এই সিরিজ থেকে ৫ রেটিং পয়েন্ট নিতে চাইবেন মেহেদী হাসান মিরাজরা।

একেবারে সহজ সমীকরণ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। এই তিন দেশের মধ্যে স্বাগতিক হিসেবে প্রোটিয়ারা সরাসরি বিশ্বকাপে খেলবে। এর বাইরে র‌্যাংকিংয়ের সেরা ৮ দলও সরাসরি যাওয়ার টিকিট পাবে। অর্থাৎ বাছাই পর্ব এড়াতে হলে ৯ নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

কিন্তু লাল-সবুজের প্রতিনিধিরা বর্তমানে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে। ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আজ শুরু হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। টি-টোয়েন্টির মতো এই সিরিজেও রশিদদের ধবলধোলাই করতে পারলে এই লক্ষ্য পূরণ হবে মিরাজদের।

৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ দল পাবে ৫ রেটিং পয়েন্ট। অর্থাৎ রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮২ এবং ৮ নম্বরে উঠে আসবে তারা। যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে ২ পয়েন্ট বাড়বে, ৭৭ থেকে দাঁড়াবে ৭৯ পয়েন্টে। সে ক্ষেত্রে মিরাজরা থাকবেন ১০ নম্বরেই। যদিও সময়সীমা শেষ হওয়ার আগে আরো একটি সিরিজ খেলবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। তাই আফগানদের বিপক্ষে সিরিজে এগিয়ে যেতে পারলে তখন কিছুটা চাপমুক্ত থাকবে বাংলাদেশ দল।

পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি ১৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১১টিতে, আফগানরা ৮টিতে। সর্বশেষ সিরিজেও সংযুক্ত আরব আমিরাত থেকে ট্রফি নিয়েই ফিরেছিলেন মিরাজরা। যদিও এবার দীর্ঘদিন পর এই সংস্করণে খেলতে নামবেন মিরাজরা। সর্বশেষ ওয়ানডে খেলেছিলের তিন মাস আগে। তবে টি-টোয়েন্টি সিরিজের পর জাকের আলী জানিয়েছেন, এসব নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতিতেই জোর দিয়েছেন ক্রিকেটাররা।

ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) খুলেছে সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো আগেই চালু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটি।
এর পাশাপাশি দুই দিন সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত ছিল।

গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকরা ঐচ্ছিক ছুটি পান, যা ছুটিকে আরো দীর্ঘ করে তোলে।

ছুটির সময় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ থেকে মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি না রাখতে।

গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

রাষ্ট্রদূত তালহাকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটির সদস্যপদ লাভের ৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ পদে নির্বাচিত হলো বাংলাদেশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ভোটের মাধ্যমে এ নির্বাচন হয়। বাংলাদেশের প্রার্থী ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও আইভরি কোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। শুরুতে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া– এই চারটি দেশ প্রার্থিতা ঘোষণা করলেও গত সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

ইউনেস্কোর ইতিহাসে এই প্রথম বাংলাদেশ সংস্থাটির সর্বোচ্চ পদে নির্বাচিত হলো।

খন্দকার এম তালহা আসন্ন সাধারণ সম্মেলনে (এই মাসের শেষে উজবেকিস্তানের সামারকন্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস একে ‘বাংলাদেশের জন্য একটি মাইলফলক অর্জন’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি আমাদের জন্য এক গর্বের মুহূর্ত।’

তিনি সফল প্রচারণার নেতৃত্বে দেওয়ায় শিক্ষা এবং সংস্কৃতি উপদেষ্টা এবং স্থায়ী মিশনের ভূমিকার প্রশংসা করেন।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ইউনেস্কোর সর্বোচ্চ পদে এই নির্বাচন বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও কলা ক্ষেত্রে অবদানের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেবে– এটি এক বিরল সম্মান।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সাম্প্রতিক ইউনেস্কো অধিবেশনগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এই নতুন দায়িত্ব বিশ্বমঞ্চে আমাদের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য তুলে ধরার সুযোগ এনে দেবে।

২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়া রাষ্ট্রদূত খন্দকার এম তালহা নির্বাহী বোর্ড সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। আমি ইউনেস্কোর উদ্দেশ্য ও লক্ষ্য রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এর নতুন নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আছে বহরটি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এফএফসি। সেই বিবৃতে বলা হয়েছে, “আমাদের ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আছে। কিছু দিন আগে আমাদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে।”

এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, “আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।”

জানা গেছে, ফ্লোটিলার নতুন এই বহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান। এই নৌযানগুলোতে আছেন ক্রুসহ ১০০-এর অধিক স্বেচ্ছাসেবী।

গত আগস্ট মাসে গাজায় খাদ্য, ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় এফএফসি জোট এবং এই মিশনের নাম দেওয়া হয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন সেই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।

গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা; কিন্তু গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ার পরপরই একে একে সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

কয়েক জন অভিযাত্রীকে আটকে রেখেছে ইসরায়েলের সরকার, বাকিদের ফেরত পাঠাচ্ছে। ইতোমধ্যে গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শতাধিক অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানবহর আটকানো এবং অভিযাত্রীদের বন্দি করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক সমালোচনা হয়েছে ইসরায়েলের।

প্রসঙ্গত, গত ১৮ বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। গাজায় কোনো সমুদ্রবন্দর নেই এবং ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না। ফ্লোটিলার নৌবহর সেখানে পৌঁছালে তা হবে ১৮ বছর গাজার উপকূলে প্রথম কোনো আন্তর্জাতিক নৌবহরের নোঙ্গর করা।

সূত্র : আনাদোলু এজেন্সি

স্বর্ণের দামে আবারও রেকর্ড বৃদ্ধি, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

• ২২ ক্যারেট: ভরিপ্রতি ২,০২,১৯৫ টাকা

• ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৩,০০৪ টাকা

• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৬৫,৪৩১ টাকা

• সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩৭,৪৭২ টাকা

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।