সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

রোনালদোর পেনাল্টি মিসের ম্যাচে নেভেসের গোলে হাসল পর্তুগাল

বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হলো পর্তুগালকে। লিসবনে রুবেন নেভেসের ইনজুরি টাইমের হেডে অবশেষে ১-০ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে রবার্তো মার্টিনেজের দল।

ম্যাচের ৭৫তম মিনিটে পর্তুগালের সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল। ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের শট হাতে লাগালে আয়ারল্যান্ড ডিফেন্ডার দারাহ ও’শের বিপক্ষে পেনাল্টি দেন রেফারি।
তবে ক্রিস্তিয়ানো রোনালদোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক কাওইমহিন কেলেহার।

রোনালদোর সেই ব্যর্থতায় যেন ম্যাচটি ড্রয়ের দিকেই গড়াচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে নেভেস ত্রিনকাওয়ের ক্রস থেকে দুর্দান্ত হেডে জালে পাঠান বল, এনে দেন দলের টানা তৃতীয় জয়। গোল করার পর প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার উদ্দেশে আকাশের দিকে তাকিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে রোনালদো একাধিকবার গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন। তার প্রথমার্ধের শট পোস্টে লাগে, দ্বিতীয়ার্ধেও দুটি সহজ সুযোগ নষ্ট করেন। আয়ারল্যান্ড রক্ষণভাগ দীর্ঘ সময় ধরে দারুণভাবে লড়লেও শেষ মুহূর্তে সেই দেয়াল ভাঙতে সক্ষম হয় স্বাগতিকরা।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে অবস্থান করছে পর্তুগাল।
একই দিনে আর্মেনিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি।

অন্যদিকে আয়ারল্যান্ডের দুঃসময় অব্যাহত। তিন ম্যাচে এখনো জয়হীন দলটি আছে গ্রুপের তলানিতে, আর্মেনিয়ার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে।

মঙ্গলবার লিসবনে হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল। একই সময়ে ডাবলিনে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ আর্মেনিয়া।

হালান্ডের হ্যাটট্রিকে ইসরায়েলকে হারিয়ে বিশ্বকাপের কাছে নরওয়ে, ইতালির দুশ্চিন্তা

নরওয়ের ফুটবলে যেন এসেছে নতুন ভোর। ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নের আরো কাছে পৌঁছে গেছে দেশটি।

ওসলোতে শনিবার রাতে ইসরায়েলের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে গোল উৎসব করল নরওয়ে।

ম্যাচের প্রথম দিকেই নরওয়ে পেনাল্টি পায়।
ইসরায়েলের গোলরক্ষক ড্যানিয়েল পেরেতজ সেভ দিলেও রক্ষণভাগের খেলোয়াড়রা শটের আগেই বক্সে ঢুকে পড়ায় আবারও স্পট কিক নেন হালান্ড। পুনরায় নেওয়া পেনাল্টিও ঠেকিয়ে দেন ইসরায়েলের গোলরক্ষক।

তবে বেশিক্ষণ নরওয়েজিয়ানদের আটকে রাখতে পারেনি ইসরায়েল। নরওয়ের আলেকজান্ডার সর্লথের ক্রস বিপজ্জনকভাবে ক্লিয়ার করতে গিয়ে নিজ জালে বল জড়ান ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি।

এরপরই জ্বলে ওঠেন হালান্ড। ২৭ মিনিটের মাথেয় ডান পায়ের নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এ নিয়ে মৌসুমে টানা ১০ ম্যাচে ক্লাব ও জাতীয় দলের হয়ে জালের দেখা পেলেন তিনি। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও নরওয়ের হয়ে খেলা ১২ ম্যাচের মধ্যে মাত্র একটিতে গোলহীন ছিলেন এই স্ট্রাইকার।

এরপর ম্যাচে আবারও আত্মঘাতী গোল হজম করে ইসরায়েল। গোলরক্ষক পেরেতজের ক্লিয়ারেন্স নিজের সতীর্থ ডিফেন্ডার ইদান নাখমিয়াসের গায়ে লেগে জালে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করেন হালান্ড—একটি শক্তিশালী হেডে, আর আরেকটি আন্তোনিও নুসার ক্রস থেকে দূরের পোস্টে দারুণ হেডে।

২৫ বছর বয়সী এই তারকা এখন জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে ৫১ গোল করেছেন। এটিই আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক।
এ কীর্তিতে তিনি হারিয়ে দিয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইনকে, যিনি ৭১ ম্যাচে করেছিলেন ৫০ গোল।

নরওয়ের হয়ে এটি হালান্ডের ষষ্ঠ হ্যাটট্রিক। আর মাত্র চার হ্যাটট্রিক করলেই তিনি পৌঁছে যাবেন আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির যৌথ রেকর্ডের পাশে।

এই জয়ে ‘গ্রুপ আই’-এ নরওয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ২০০০ সালের পর তাদের কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই, আর বিশ্বকাপে শেষবার তারা খেলেছিল ১৯৯৮ সালে।

অন্যদিকে, একই রাতে ইতালি ৩-১ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে। মোইসে কিন, মাতেও রেতেগুই ও তরুণ ফ্রান্সেস্কো এসপোসিতো গোল করেন ‘আজ্জুরিদের’ হয়ে।

এই জয়ে নরওয়ের চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের সঙ্গে ব্যবধান ছয় পয়েন্টে নামিয়ে এনেছে ইতালি।

আগামী ১৪ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে খেলবে ইতালি। সেই ম্যাচে জিততে পারলে তারা চলে আসবে নরওয়ের ঠিক পেছনে।

১৩ নভেম্বর এস্তোনিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে নরওয়ে। একই রাতে ইতালি খেলবে মলদোভার বিপক্ষে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইতালি—সেই ম্যাচেই নির্ধারিত হতে পারে কে পাচ্ছে বিশ্বকাপের টিকিট।

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক উৎপাদন প্রতিষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের টেনেসির একটি সামরিক বিস্ফোরক উৎপাদন প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

প্রথমে ধারণা করা হয়েছিল, শুক্রবারের ওই বিস্ফোরণে ১৮ জন নিখোঁজ রয়েছেন। তবে তদন্তে জানা যায়, যাদের গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে দুজন বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত ছিলেন না। এই তথ্য শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস।

বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে তা কয়েক মাইল দূর থেকেও অনুভূত হয় এবং ন্যাশভিল থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত বাকসনর্ট এলাকার ১,৩০০ একর (প্রায় ৫ বর্গকিলোমিটার) জায়গাজুড়ে থাকা অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেমস কম্পানির একটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

শেরিফ ডেভিস জানান, নিহত ১৬ জনের পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমরা তাদের ‘ভিকটিম’ বলব, কিন্তু তারা আমাদের প্রিয়জন।

শনিবার সকালে ডেভিস আরো নিশ্চিত করেন যে উদ্ধার অভিযান এখন উদ্ধার নয়, বরং মৃতদেহ শনাক্তকরণ ও পুনরুদ্ধারের পর্যায়ে পৌঁছেছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হবে।

তদন্তকারীরা, যার মধ্যে এফবিআই এবং অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরোর (এটিএফ) এজেন্টরাও রয়েছেন, তারা এখনো বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছেন। এলাকাজুড়ে বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্রসামগ্রী থাকায় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অত্যন্ত জটিল হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’, ট্রাম্প প্রশাসনে হাজারো কর্মী ছাঁটাই শুরু

যুক্তরাষ্ট্রে ‘শাটডাউনের’ বাহানায় ট্রাম্প প্রশাসন থেকে হাজারো কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ডেমোক্রেটদের ওপর চাপও সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার ট্রাম্প মার্কিন সরকার জুড়ে হাজার হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের জন্য ডেমোক্রেটদের দোষারোপ করেছেন।

তার দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, এই ছাঁটাই ‘বড় পরিসরে’ হচ্ছে।
পরে শুক্রবার বিকেলে প্রশাসন জানায়, সাতটি সংস্থায় চার হাজারের বেশি কর্মী ছাঁটাই শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেডারেল কর্মীবাহিনী কমানোর লক্ষ্যে কাজ করে আসছেন এবং বারবার বলেন, তিনি সরকারি অচলাবস্থাকে সেই লক্ষ্য বাস্তবায়নের সুযোগ হিসেবে ব্যবহার করবেন।

হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভাট জানিয়েছেন, ট্রেজারি বিভাগ, মার্কিন স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা এবং শিক্ষা, বাণিজ্য বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা বিভাগে চাকরি ছাঁটাই চলছে, তবে ছাঁটাইয়ের মোট পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আইন অনুযায়ী, সরকার কর্মী ছাঁটাইয়ের কমপক্ষে ৩০ দিন আগে তাদের আগাম নোটিশ দিতে বাধ্য।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, তাদের সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সিতে ছাঁটাই হবে। যদিও অনেক কর্মীকে ‘অত্যাবশ্যকীয়’ হিসেবে বিবেচনা করা হয়।

মিসরে সোমবার গাজা সম্মেলনে বসছেন ট্রাম্পসহ ২০ নেতা

গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল সোমবার মিসরে অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি শারম আল-শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন।

শনিবার এক বিবৃতিতে মিসরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের পেদ্রো সানচেজও অংশ নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও তার উপস্থিতি নিশ্চিত করেছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি অংশ নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এই ঘোষণাটি এমন সময় এসেছে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি উপকূলবর্তী সড়ক ধরে হাঁটাপথে, গাড়ি ও গরুর গাড়িতে করে গাজার উত্তরাঞ্চলে তাদের ধ্বংসস্তূপে পরিণত ঘরে ফিরে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সপ্তাহে হওয়া এক চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা আংশিকভাবে পিছু হটেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে এবং ক্ষুধাপীড়িত এ অঞ্চলের অধিকাংশ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র : আলজাজিরা

নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয় : উপদেষ্টা সাখাওয়াত

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আর কোন দল করবে না, তা দেখার দায়িত্ব সরকারের নয়।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই, বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে।
এ নির্বাচনে কোন পার্টি এলো, না এলো ওটা আমাদের দেখার ব্যাপার না, সেটা নির্বাচন কমিশন দেখবে আর পলিটিক্যাল চিন্তাভাবনা করেন তারা। তবে আমরা বদ্ধপরিকর একটা ভালো নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই।

সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব, যেইভাবে যা সহায়তা চাইবে সেভাবেই সরকারকে সহায়তা করতে হবে।’ তার কথায়, ২০০৮ সালের পর অনেক ভোটার ভোট দেওয়ার ‘সুযোগ পাননি’।

তিনি আরো বলেন, অনেকের বয়স ত্রিশ হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারেননি। অনেক তরুণরা জানেন না ভোটকেন্দ্র কেমন। কারণ তারা ভোট দেওয়ার সুযোগ পাননি। এটা দুঃখজনক।
আপনি মেজরিটিসংখ্যক ভোটারকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনার ব্যবস্থা করেছেন আর সেটাকে আমরা সবাই সহযোগিতা করেছি। শুধু ওই সময়ের সরকারকে দোষ দিয়ে তো হবে না, আমরা সবাই এদিক-ওদিক কথা বলেছি।

সরকারের চাওয়া অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করবে বলে আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমি কমিশনের ওপর আস্থা রাখছি।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সংবাদমাধ্যম কর্মীদের সহয়তা নিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা। তিনি বলেন, যেখানে যতটুকু উদার করা যায়, আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে তা করা উচিত।

সুদানে আশ্রয়কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৩০

পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার একটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে এই হামলা চালায় র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

এল-ফাশের প্রতিরোধ কমিটি জানিয়েছে, অঞ্চলটির একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘দার আল-আরকাম’ আশ্রয়কেন্দ্রটিতে সরাসরি আঘাত হানে ড্রোনটি। হামলার পর বহু মৃতদেহ এখনো সেখানে আটকা পরে আছে বলে জানিয়েছেন তারা।
ঘটনাটিকে ‘গনহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে প্রতিরোধ কমিটি।

প্রতিরোধ কমিটি মূলত স্থানীয় সেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে। তারা যুদ্ধকালীন সময়ে সহায়তা ও নৃশংসতার নথি সংগ্রহের কাজ করছেন।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ শুরু হয়।
সেই সংঘাতে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ নিহত, লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষায়, ‘এল-ফাশের এখন এক খোলা কবরস্থান’, এখানে ক্ষুধা ও বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। প্রায় ১৮ মাস ধরে চলা এই অবরোধে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।

প্রধান বিচারপতির বাসভবনসহ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, মাজার গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে এতে জানানো হয়।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আমরা ক্ষমতাসম্পন্ন প্রিসাইডিং অফিসার গড়তে চাই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে হবে। আমরা চাই, একটি এমপাওয়ার্ড প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসার তৈরি করতে। আমরা ক্ষমতাসম্পন্ন প্রিসাইডিং অফিসার গড়ে তুলতে চাই।

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, আপনাদের হাতে আমরা সব ক্ষমতা দিচ্ছি। আপনি যদি সেই ক্ষমতা ব্যবহার না করেন, তাহলে সেটা হবে আপনার অপরাধ। আপনি যদি যথাসময়ে যথাযথ ব্যবস্থা না নেন, সেটাও আমরা ভালোভাবে নেব না। ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তার সঠিক ব্যবহারও ততটাই গুরুত্বপূর্ণ।
আমরা চাই, যেই পর্যায়ের ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে, সেটি দায়িত্বশীলভাবে ব্যবহার করবেন।

সিইসি বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা আইনের মধ্য থেকে দায়িত্ব পালন করবেন, নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে— এই নিশ্চয়তা আমি দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এ জন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিরাপত্তাকে বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে কঠিন বিষয়। আইনের শাসন কাকে বলে, আমরা এই নির্বাচনের মাধ্যমে সেটা দেখাতে চাই। তাতে যা হয়, হবে। এ জন্য তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সিইসি বলেন, একটি সফল নির্বাচন আয়োজনের মূল চাবিকাঠি হলো সমন্বয়।
প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ই নির্বাচনের সাফল্য নিশ্চিত করবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই-ভিত্তিক অপপ্রচার মোকাবেলায় একটি সেল গঠন করেছে। তিনি স্বীকার করেন, সেলের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে যথাযথ প্রচার এখনো হয়নি।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিবিটিইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তন করা দরকার : আমীর খসরু

রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তন করা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যেটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে।
কোনটা হবে, কোনটা হবে না জণগণ ঠিক করবে।’

এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘সনদে যেসব বিষয় একমত হয়েছে, সেসব বিষয় নিয়ে এগোতে হবে।’

গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে।
ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।’