সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘হোলি উইক বা ‘পবিত্র সপ্তাহ’ উপলক্ষে দুই হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে কিউবা সরকার। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ২ হাজার ১০ জন বন্দির মধ্যে বিদেশি নাগরিক, তরুণ, নারী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা রয়েছেন। তাদের মুক্তির ক্ষেত্রে অপরাধের ধরন, কারাগারে তাদের আচরণ, দণ্ডের একটি বড় অংশ ভোগ করা এবং স্বাস্থ্যগত অবস্থার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

দূতাবাস আরো জানায়, এই পদক্ষেপটি ‘মানবিক ও সার্বভৌম উদ্যোগের অংশ’ হিসেবে নেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, কিউবায় এখনো শত শত রাজনৈতিক বন্দি আটক রয়েছেন। একই সঙ্গে দেশটির সরকারবিরোধীদের বিরুদ্ধে হয়রানি ও মামলার ঘটনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয়বারের মতো বন্দিদের মুক্তির ঘোষণা দিল কিউবা সরকার।
এর আগে সদ্য সমাপ্ত মার্চ মাসেও ৫১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। ২০২৫ সালেও ভ্যাটিকান সিটি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৫৫৩ জনকে মুক্তি দেওয়া হয়।

কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

ভারতের হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় কালোবাজারিতে জড়িত অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

দেশটির এক সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার জানান, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী এসব সিলিন্ডার কবরস্থানে মজুত করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘সম্প্রতি হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরে এক জায়গায় প্রায় ৪০০টি সিলিন্ডার পাওয়া গেছে। সেখানে ১০ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

পুলিশ জানায়, জব্দ করা সিলিন্ডার ও অভিযুক্তদের ব্যবহৃত কিছু যানবাহনের মোট মূল্য প্রায় ২২ লাখ রুপি।

তেলের আমদানি-সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : এলজিআরডি প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের পদক্ষেপের মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টা থেকে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কার ধরা পড়ছে।

তিনি বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য এরই মধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক দিনেই আসছে ৬১ হাজার টন ডিজেল

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE)।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার রাতেই মালয়েশিয়া থেকে আরো ৩৪ হাজার টন ডিজেল নিয়ে নোঙর করবে দ্বিতীয় আরেকটি জাহাজ।

​জাহাজ দুটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা প্রথম জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে।
রাতে মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটি যুক্ত হলে এক দিনেই মোট ৬১ হাজার টন ডিজেল বন্দরে এসে পৌঁছাবে।

​বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত মার্চ মাসে মোট ৩৩টি জ্বালানি পরিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এর মধ্যে ছিল জ্বালানি তেলবাহী ১৫টি জাহাজ। এলএনজিবাহী ৮টি জাহাজ।
এলপিজিবাহী ৯টি জাহাজ।

​মার্চ মাসে আসা ৯টি এলপিজি জাহাজের মাধ্যমে রান্নার গ্যাসের (LPG) বড় একটি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বেসরকারি ও সরকারি পর্যায়ের এই আমদানিতে জাহাজভেদে পণ্যের পরিমাণে ভিন্নতা থাকে।

মার্চ মাসে আসা এই ৯টি জাহাজের মাধ্যমে মোট প্রায় ১ লাখ ২০ হাজার টন এলপিজি খালাস করা হয়েছে।
এর মধ্যে ওমেরা, বেক্সিমকো এবং যমুনা গ্যাসসহ শীর্ষস্থানীয় আমদানিকারকদের বড় বড় এলপিজি ক্যারিয়ার (VLGC – Very Large Gas Carrier) বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে লাইটারেজ প্রক্রিয়ায় পণ্য খালাস সম্পন্ন করেছে।
​বর্তমানে বন্দরে পৌঁছানো এই ডিজেলের বড় চালানগুলো দেশের সেচ মৌসুম এবং শিল্পোৎপাদনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আজ রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN) নামের আরো একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়বে। এ ছাড়া আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসার শিডিউল রয়েছে।
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমরা দ্রুততার সঙ্গে এসব পণ্য খালাসের ব্যবস্থা করছি।

টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করে কর্মব্যস্ততার এক অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে দাপ্তরিক কাজ করেন তিনি।

সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই একের পর এক ফাইল নিষ্পত্তি, বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মনোনিবেশ করেন। দিনের বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে বিকেল গড়িয়ে যায়। তবে এতে তার কর্মস্পৃহায় কোনো ভাটা পড়েনি।

পরে বিকেল সাড়ে ৩টায় তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা, মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, নীতিনির্ধারণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে রাত ৮টা পর্যন্ত সংসদে সক্রিয় থাকেন প্রধানমন্ত্রী।

এরপর রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়ন, বিভিন্ন সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকটি রাত ১১টা ৩০ মিনিটের পর শেষ হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী আবারও সংসদ সচিবালয়ে নিজ দপ্তরে কাজে বসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। তবে গতকাল (বৃহস্পতিবার) কাজের সময় প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।

তিনি বলেন, ‘এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দেশবাসীর জন্য একটি বার্তা। যখন অনেকেই দিনের শেষে বিশ্রামে যান, তখনও একজন নেতা দেশের জন্য, ভবিষ্যতের জন্য কাজ করে যান।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ কর্মঘণ্টা দেশের প্রতি, মানুষের প্রতি এবং দায়িত্বের প্রতি প্রধানমন্ত্রীর অটল অঙ্গীকারের প্রতিফলন। নেতৃত্ব কেবল ক্ষমতার আসনে বসা নয়, বরং প্রতিটি মুহূর্তে জাতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার বিষয়, এ ঘটনাটি তা-ই স্মরণ করিয়ে দেয়।

দোকান-শপিং মল বন্ধ সন্ধ্যায়, খোলা থাকবে যেসব

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে দোকানপাট ও বিপণিবিতান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদসচিব জানান, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এটি বাণিজ্য মন্ত্রণালয় কঠোরভাবে মনিটর করবে বলেও জানান তিনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী জানা গেছে, জরুরি সেবা হিসেবে ফার্মেসিগুলো রাত পর্যন্ত বা ২৪ ঘণ্টা খোলা থাকতে পারবে।
এ ছাড়া খাবারের দোকানগুলো এবং জরুরি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার অনুমতি রয়েছে। হাসপাতালসংলগ্ন দোকান বা জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কেন্দ্রগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে পারে।

অফিসের সময়সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকটি বিশেষ পরিস্থিতিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন এবং যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে এখানেই বৈঠকের আয়োজন করা হয়েছে।

আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
এছাড়া ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। সে হিসেবে আগামী কার্যদিবস থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এ ছাড়া ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।

বাজার ও বিপণিবিতান

দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় এটি কঠোরভাবে মনিটর করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবহন

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক নির্দেশনা দেওয়া হবে, যা আগামী রবিবার থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত হয়েছে। যেসব স্কুল এই উদ্যোগে অংশ নেবে তারা বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
তবে কোনো পুরনো বাস আনা যাবে না।

আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

জ্বালানি সংকটের এই সময়ে কোনো ধরনের বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন

সরকারের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোনো নতুন গাড়ি (সড়ক, নৌ বা আকাশযান) এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। এছাড়া সরকারি কর্মকর্তাদের সব বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
সভা-সেমিনারের আপ্যায়ন খরচও ৫০ শতাংশ কমানো হয়েছে।

জ্বালানি সরবরাহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা ইনসিকিউর হয়ে পড়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে। ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সচিব জানান সচিব। তিনি জানান, সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মার্কিন সেনাপ্রধানের পর অ্যার্টনি জেনারেল বরখাস্ত

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের মাঝেই পেন্টাগনে চরম অস্থিরতা বিরাজ করছে। একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্তের খবর আসছে। এরই মাঝে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বার্তা সংস্থা রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যার্টনি জেনারেল পাম বন্ডির কাজ নিয়ে তিনি হতাশ ছিলেন। সেই সঙ্গে প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্তের ধীর গতি এবং প্রেসিডেন্টের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়ায় অ্যার্টনি জেনারেলের প্রতি ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প।

মার্কিন প্রধান আইন কর্মকর্তার অপসারণের খবর চাউর হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প জানান, বন্ডিকে এখন বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ পদে নতুন চাকরি দেওয়া হবে।

প্রেসিডেন্ট লেখেন, ‘পাম বন্ডি একজন মহান মার্কিন দেশপ্রেমিক এবং একজন বিশ্বস্ত বন্ধু, যিনি গত এক বছর ধরে নিষ্ঠার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পদ হারানোর পর পাম বন্ডি এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে আরো নিরাপদ করার লক্ষ্যে কাজ করতে পারা তার জন্য জীবনের বড় সম্মানের বিষয় ছিল। দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করবেন বলেও তিনি উল্লেখ করেছেন। তবে তার মেয়াদে মার্কিন বিচার বিভাগের প্রথাগত স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

বন্ডির জায়গায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ।
তিনি এর আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে ওই দিন সকাল সাড়ে ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

প্রথম বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন প্রকল্প।
এ ছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প একনেকে অবহতির জন্য উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

৯ নতুন প্রকল্পের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ উল্লেখযোগ্য। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন (চতুর্থ পর্ব) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পও তালিকায় রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে ৮টি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও আলোচনায় আসবে।

নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক নিবাস নির্মাণ এবং ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাভারের সোনানিবাসে সৈনিকদের জন্য ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও আলোচনায় উঠবে।

সড়ক যোগাযোগ খাতে বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রশস্তকরণ, রাঙামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ এবং পার্বত্য অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পও রয়েছে।

এদিকে, পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প একনেকে অবহিতের জন্য উপস্থাপন করা হবে। যার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, গৃহায়ণ ও গণপূর্তের ১টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি, পানিসম্পদ মন্ত্রণালয়ের ৫টি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৭টি, কৃষি মন্ত্রণালয়ের ৪টি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ২টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১টি, বিদ্যুৎ বিভাগের ৫টি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প রয়েছে।