রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নভেম্বরের প্রথম সপ্তাহে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। কমিশনের একটি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত চাহিদাপত্র পিএসসিতে আসেনি, তবে ধারণা করা হচ্ছে এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হতে পারে।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই একটি রোডম্যাপ তৈরি করে প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ওই বিসিএসের ফলাফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়। এই রোডম্যাপ অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘৫০তম বিসিএসের জন্য চাহিদাপত্র প্রেরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদিত পদসংখ্যা পাওয়ার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমাদের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নভেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আগামী বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।’

এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

গণভোট কবে অনুষ্ঠিত হবে? গণভোটে বিষয়বস্তু কি হবে? জুলাই সনদের বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে? তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছে সরকারের উপদেষ্টা পরিষদ।

এ ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ চূড়ান্তকরণ, এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।

সভা থেকে লক্ষ্য করা হয় যে, ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও সংস্কারের কয়েকটি সুপারিশের বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কখন আয়োজন হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এ প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে অর্থাৎ গণভোট কবে অনুষ্ঠিত হবে? গণভোটে বিষয়বস্তু কি হবে? জুলাই সনদ এর বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে? তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।

উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে।

সহকর্মী আসমা জানান, রোববার রাতে কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি পড়ে যান। পরে দ্রুত তাকে স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইনচার্জ) সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনের নারী শ্রমিক রিনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাজনৈতিক দলগুলোই ঠিক করবে গণভোটের সময়

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না।
এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। সে জন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ।

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে।

আজ সোমবার দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে।
অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।

টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে বলে জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত গণমাধ্যমে প্রচারের জন্য জনস্বার্থমূলক বার্তায় এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে www.ecs.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেল @BangladeshECS এ চোখ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এবার প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে কত তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে তা সেদিন জানানো হবে।

এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করবে বিএনপির ওপর : নুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, এনসিপির অনেক ক্ষেত্রে এমপি হওয়া, সংসদে যাওয়াটা ডিপেন্ড করবে বিএনপির ওপরে। বিএনপির নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের অসম্মানজনক, তীর্যক মন্তব্য ও খুবই অরুচিকর কথাবার্তা বলে ইতিমধ্যে যে সম্পর্ক তৈরি করে ফেলছে, জানি না শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের (এনসিপি) কী সমঝোতা হয়।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর আরো বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা।

জামায়াতসহ অন্য দলের সঙ্গে জোট না করার বিষয়ে নুর বলেন, প্রকৃত অর্থে নির্বাচনী কোনো জোটের বিষয়ে আমাদের আলাপ-আলোচনা ছিল না বা হয়নি। মাঝখানে আমরা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসতাম সংস্কার কমিশনের বিভিন্ন আলাপ-আলোচনা নিয়ে। এখানে আমরা কি পজিশন নিতে পারি এবং বিএনপির সঙ্গেও আমরা একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতায় কীভাবে পৌঁছাতে পারি। কারণ বিএনপি এখানে একটা বড় স্টেকহোল্ডার ছিল।
এসব নিয়ে আমরা বসতাম।

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা না, সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি অরিয়ারড হওয়ার কিছু নেই।

ডিএসসিসির নতুন প্রশাসক মো. মাহমুদুল হাসান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহমুদুল হাসান। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক।

আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন এতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ ক এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আসতে পারে প্রার্থীর ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার শেষ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক চলছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই এবং আলোচনার পর প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। বিকেল সাড়ে তিনটার দিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে রোববার (২ নভেম্বর) এক সভায় দলের প্রধান তারেক রহমান বলেন, “জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। দেশের ৩০০ আসনে বিএনপি দলীয় বা সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।”

দলীয় নেতারা জানিয়েছেন, প্রার্থী চূড়ান্তকরণে স্থানীয় পর্যায়ের প্রতিবেদন, জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও আন্দোলনকালীন ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জামায়াতকে ৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই : সুব্রত চৌধুরী

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, জামায়াতকে আমরা ৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, জামায়াত বলে মাঝেমধ্যে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপিকে দেখেছেন বা এরশাদকেও দেখেছেন। আমি বলি ভাই আপনাদেরও দেখেছি; ৪৭ এ আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন আর একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিলেন, গণহত্যায় অংশগ্রহণ করেছেন এবং মন্ত্রীসভায় জামায়াতের চারজন মন্ত্রীও ছিল।
তিনি বলেন, জামায়াতকে তো আমরা ৭১ সালেই দেখেছি, নতুন করে আর দেখার কিছু নাই।