রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ

জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে একই সঙ্গে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী করা হয়নি।

সুপ্রিম কোর্ট প্রশাসন ঢাকা পোস্টকে জানায়, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স এখনও ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে এ তালিকায় স্থায়ী করা হয়নি।

আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত ২২ (বাইশ) জন অতিরিক্ত বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগদান করেছেন। তারা হলেন, বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন,বিচারপতি মোঃ মনসুর আলম,বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা,বিচারপতি মোঃ যাবিদ হোসেন,বিচারপতি মুবিনা আসাফ,বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম,বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা,বিচারপতি মোঃ আবদুল মান্নান,বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ, বিচারপতি মোঃ হামিদুর রহমান,বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন,বিচারপতি মোঃ তৌফিক ইনাম,বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ,বিচারপতি মোঃ সগীর হোসেন,বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। ২৩ জনের মধ্যে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরী ছিলেন।

গণমাধ্যম আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া নিয়ে দেওয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরুল বলেন, বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে– যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমি আমার বক্তব্যে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।

‘আমার দেওয়া বক্তব্যে বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি। দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি’- বলেন মির্জা ফখরুল।

এর আগে বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব।

তিনি আরও বলেন, জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দিল্লি পালিয়েছেন। দিল্লিতে গিয়ে কিন্তু উনি শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষকে আরও অত্যাচার-নির্যাতন করা যায় সেই পরিকল্পনা করছেন। ১৩ তারিখে বলে লকডাউন হবে। তার কারণে অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস পুড়িয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আরে ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করছো, শেষ পর্যন্ত পারছো? পারো নাই। শেখ হাসিনাকে বলতে চাই- আর পাগলামি করবেন না। অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখিয়ে পারবেন না। বরং জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান, বলেন- যা করেছি ভুল করেছি। ছেলেগুলোকে গুলি করে মেরেছি। আমাকে মাফ করে দেবেন।

দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

সারাদেশে চলমান বিভিন্ন সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বিমানবন্দরগুলোতে সতর্ক থাকার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বেবিচক।

এতে বলা হয়, সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিক্যাল পেট্রোল, ফুট পেট্রোল বাড়ানোসহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

এ ছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে চিঠিতে।

চিঠিতে আরও যেসব নির্দেশনা দেওয়া হয়েছে–

ক. কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

খ. বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

গ. বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে।

ঘ. বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে র‍্যান্ডম নিরাপত্তা তল্লাশি করতে হবে।

৬. যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের যথাযথ তল্লাশী নিশ্চিত করতে হবে।

চ. বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় নিয়মিত ও ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে।

ছ. নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন- স্ক্যানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি ইত্যাদি) প্রতিদিন পরীক্ষা করে তাদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

জ. দায়িত্ব পালনের পূর্বে নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিতভাবে ব্রিফিং প্রদান করে সর্বদা সতর্ক অবস্থায় রাখতে হবে।

ঞ. কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

ট. সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

ঠ. গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শনপূর্বক অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

ড. বিমানবন্দরের অগ্নি সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা ২৪/৭ সক্রিয় রাখতে হবে।

ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না।

সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু ও আরও অনেক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, হামলার পর গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ভারতে বিস্ফোরণের পর আজ পাকিস্তানের ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ-মিছিলের চেষ্টা, আটক ২

রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ধানমন্ডি ২৭ এলাকায় মিছিলের চেষ্টা কালে দুজনকে আটক করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন, ধানমন্ডি ১১/এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া ধানমন্ডি ২৭ এ মিছিলের চেষ্টা কালে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার জানা যাবে

আগামী দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ (মঙ্গলবার) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। আমরা নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন।

তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি। সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার সেটাই আমরা করতে যাচ্ছি।

আজকের মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জুলাই সনদে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করার প্রেক্ষিতে প্রস্তাবিত সংশোধনীতে সংস্থার কার্যপরিধি সম্প্রসারণ এবং আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে। এতে অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলী, আইনগত সহায়তা উপদেষ্টা পরিষদ গঠন, মহানগর কমিটি গঠন, বেসরকারি সংস্থার কর্মক্ষেত্র নির্ধারণ এবং মধ্যস্থতাকারীদের জন্য অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় উপস্থিত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল কনসালটেন্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওনসহ অন্যরা আইনটির প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

নয়াদিল্লিতে বিস্ফোরণ: পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক লালকেল্লার কাছে হওয়া এই বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

এই ঘটনায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”
এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ধীরগতির গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জন প্রাণ হারান এবং আশপাশে থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়।

ঘটনার সময় এলাকা ছিল মানুষে ভরা। ব্যস্ত সন্ধ্যার ওই মুহূর্তে বিস্ফোরণে অন্তত আরও ২৪ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের দিল্লির লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি পাই না: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না এবং তাদের সম্পর্ক “গঠনমূলক”।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি “স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক” ছিল।

তার ভাষায়, “তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

তিনি বলেন, “বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?”

জেলেনস্কি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক “বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের” ভিত্তিতে গড়ে উঠেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে “খুব সম্মান করেন” এবং তাকে “খুব গুরুত্বপূর্ণ” মনে করেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।

পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।”

সংবাদমাধ্যম বলছে, জেলেনস্কির এই সাক্ষাৎকারটি নেওয়া হয় কিয়েভের মারিনস্কি প্রাসাদে। রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। তবে এরপরও হাসিমুখে জেলেনস্কি বলেন, “এটাই আমাদের বাস্তবতা। দেশের অন্যান্য স্থানের মতোই কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা-যাওয়া করে।”

তিনি রাশিয়াকে “ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ” চালানোর অভিযোগ এনে বলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালেই মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশে নতুন করে হামলা করতে পারে।

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্রসহ দেশটির বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কয়েক দিন ধরে দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় চলছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টরএনারগো জানায়, হামলার পর তাদের উৎপাদন “শূন্যে নেমে এসেছে”।

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।

ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড। সীমান্তে মাইন বিস্ফোরণে সেনা আহত হওয়ার পর এই পদক্ষেপ নেয় দেশটি।

মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তিতে সই করেছিল দুই দেশ। সোমবার (১০ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

থাইল্যান্ডের সরকারি মুখপাত্রের বরাত দিয়ে সোমবার জানানো হয়, কম্বোডিয়া সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে ল্যান্ড মাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কম্বোডিয়া জানিয়েছে, তারা এখনো চুক্তি বাস্তবায়নের প্রতি অঙ্গীকারবদ্ধ। গত জুলাইয়ে সীমান্ত সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হওয়ার পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্প্রতি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

বিবিসি বলছে, গত অক্টোবরে মালয়েশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশ এই চুক্তিতে সই করে। যদিও থাইল্যান্ড এটিকে “শান্তি চুক্তি” বলতে অস্বীকৃতি জানায়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত, কারণ “নিরাপত্তা হুমকি প্রকৃতপক্ষে কমেনি”।

এদিকে থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, সীমান্ত টহলের সময় বিস্ফোরণে আহতদের একজনের পা হারাতে হয়েছে। প্রধানমন্ত্রী অনুতিন মঙ্গলবার আহত সেনাদের দেখতে যাবেন বলে জানিয়েছেন।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই সীমান্ত বিরোধের সূত্র প্রায় এক শতাব্দী আগে। মূলত ফরাসি উপনিবেশিক শাসন শেষে সীমান্তরেখা নির্ধারণ করার পর থেকেই উভয় দেশের মধ্যে এই বিরোধ শুরু হয়েছিল।

এরপর থেকে দুই দেশের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। আর সর্বশেষ সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। তবে সংঘাত শুরুর কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং অক্টোবরে মালয়েশিয়ায় স্বাক্ষরিত চুক্তিতে দুই দেশ ভারী অস্ত্র প্রত্যাহার ও একটি যৌথ পর্যবেক্ষক দল গঠনে সম্মত হয়।

চুক্তির পরবর্তী ধাপে থাইল্যান্ডে আটক ১৮ কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়ার কথা ছিল।