রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির শিকার আসবাবপত্র

মেহেরপুর, ১২ নভেম্বর ২০২৫: মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেল ৪টার দিকে বাসভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যার পরপরই আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত একটি শীততাপনিয়ন্ত্রিত যন্ত্রের বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে বাসভবনের ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাব পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, তিনি নিজে বাসভবনে একা ছিলেন। তিনি বলেন, “খবর পাওয়ার পর বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, পুলিশ সুপারের বাসভবনে আগুন লাগার বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আরও তদন্ত কার্যক্রম শুরু করেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ড, হতাহতের কোনো খবর নেই

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫: রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

প্রাথমিক তদন্তে জানা যায়, তেজগাঁও রেলস্টেশনের কাছের আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কোচে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, “রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কোচে আগুন ধরানো হয়। তবে, দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এটি যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, তবে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গভীর রাতে উত্তরায় মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালিদ বিন রাশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতের বেলা মার্কেটের পাশে পার্কিং করা একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন দেখা দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উত্তরা স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে ছিল, তবে তাদের আর প্রয়োজন হয়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা, এটি নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নিশ্চিত করা যাবে।

প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, রাতের নীরব সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি এসে পার্ক করা গাড়ির চারপাশে কিছু ঢেলে আগুন লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

তিনি আরও জানান, আগুন লাগার মুহূর্তে তীব্র শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় রাতের বেলা অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। তারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ উভয় সংস্থা জানিয়েছে, এমন নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হবে।

হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। অভিনেতার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ট বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল।

গোবিন্দের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, ‘গোবিন্দ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পর তাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা চলছে, রিপোর্টের অপেক্ষায় আছি।’

এদিকে অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। অভিনেতার ম্যানেজারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বর্তমানে গোবিন্দার শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভিনেতার ম্যানেজারের ভাষ্য, ‘ওঁনার (গোবিন্দ) একটু মাথায় চাপ সৃষ্টি হয়েছিল তাই চিকিৎসার জন্য তাঁকে নিউরোলজিস্টের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। স্যার এখন অনেকটা ভালো আছেন, বিশ্রাম নিচ্ছেন—উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম কেন তাঁর মাথা ঘুরেছিল। যেহেতু বিষয়টি স্নায়বিক তাই ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তাঁর মেয়ে টিনা এখন তাঁর সঙ্গে রয়েছেন। অন্যরা বাইরে আছেন।’

গত বছরের অক্টোবর মাসেও গোবিন্দা একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় তিনি নিজের লাইসেন্সধারী অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলি করেছিলেন। এ ঘটনায় তাঁর হাঁটুর নীচে গুরুতর ক্ষত তৈরি হয় এবং এক ঘণ্টার অস্ত্রোপচারের পর সফলভাবে বুলেটটি সরানো হয়।

কত বড় বিকৃত মানসিকতার বড় লোক! এটা শিক্ষক হয় কীভাবে: পরীমণি

সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন সময় শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। ক্লাসের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ ও নিন্দা জানান জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে পরী অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘কত বড় বিকৃত মানসিকতার বড় লোক! এটা শিক্ষক হয় কীভাবে?’

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা বাহিরে ছুটাছুটি করছেন। এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। এ সময় ক্লাসের একাংশকে কান ধরা অবস্থায় দাড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একবারে সামনের চেয়ারে বসে থাকা এক মেয়ে শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ডাস্টারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হয়। তখনও শিক্ষার্থীকে কান ছাড়তে দেননি ওই শিক্ষক। পরে অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন।

শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, বর্তমানে এমন নির্দয় শিক্ষক খুব বেশী দেখা যায় না। মেয়েরা এমনিতেই কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা মেনে নেয়া যায় না। প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা উচিত। অন্য একজন লিখেছেন, ‘ওনাকে (প্রধান শিক্ষক) বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রাজধানীসহ ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে।

গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

ঢাকায় আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, গত দুই দিনে পাকিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে, আরেকটি রাজধানী ইসলামাবাদে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

পরে জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে “অবিশ্বাসযোগ্য” বলে প্রত্যাখ্যান করেন। আসিফ বলেন, “তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।”

পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না। তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।

ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।

এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, “আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলাই তাদের চোখ খুলে দেওয়ার মতো।”

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ, আর সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে।

এছাড়া হামলার পর এক বিবৃতিতে তিনি আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আসিফ লেখেন, “কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।”

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, পাকিস্তান আগেই এমন হামলার আশঙ্কা করেছিল। ইসলামাবাদের সন্ত্রাসী হামলা আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে— “তোমাদের সব অঞ্চলই আমাদের নাগালের মধ্যে”।

তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সীমান্ত বা শহর— কোথাও সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার শক্ত জবাব দেওয়া হবে।

মোহাম্মদপুরে ককটেলসহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আটক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ভোলার বোরহান উদ্দিনের ৯ নং দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিনের চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ চলমান রয়েছে।

মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৪ মিনিটের দিকে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়,দুটি মোটরসাইকেলের চারজন আসে। এরপর পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট; বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে পরপর দুটি বোমা স্কুলকে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, “স্কুলটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি।”