রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আবাসিকে গ্যাস সংযোগের কথা ভুলে যান: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেছেন, বাসা-বাড়ি বা আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হবে না। এটার কথা আপনারা ভুলে যান। তবে বিকল্প হিসেবে এলপিজি গ্যাসের দাম কমানো হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলায় অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে এলপিজি গ্যাসের দাম এক হাজার টাকা করা হবে। এছাড়া ভোলার গ্যাস ভোলায় ব্যবহার হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ১১৪ জনকে হত্যা করেছে ইসরায়েল

২০২৪ সালের নভেম্বরে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এ পর্যন্ত কমপক্ষে ১১৪ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার দফতর (ওএইচসিএইচআর) এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র থামিন আল-খিতান তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

তিনি আরও বলেন, বেসামরিক মানুষের ওপর চলমান এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দুই বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলের মানুষ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে বসবাস করছে।

আল-খিতান আরও জানিয়েছেন, শত্রুতাপূর্ণ কার্যক্রম বন্ধের চুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন—উভয়ের প্রতি জরুরি ভিত্তিতে সম্মান দেখানো প্রয়োজন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় লেবাননে এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১৭,০০০ জন আহত হয়েছেন। বিশেষত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এসব বিমান হামলা পূর্ণমাত্রার সামরিক অভিযানে রূপ নেয়।

পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেফতার

পরকীয়ার জের ধরে ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর লাশ কেটে ২৬ খণ্ড করা হয়। এরপর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে দুটি নীল রংয়ের ড্রামে ভরে রেখে যাওয়া হয়। এ হত্যাকাণ্ডের মূলহোতা তারই বন্ধু জরেজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪৩) তিনদিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় আসেন। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে দুটি নীল রঙের ড্রাম খুলে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। তখন মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশগুলো।

পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে খণ্ডিত মরদেহের ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের ছোট বোন মোছা. আনজিরা বেগম শাহবাগ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করে এজাহার দায়ের করা হয়।

এজাহারে আনজিরা বেগম লিখেছেন, তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুরের হিলি বন্দর থেকে সারাদেশে পেঁয়াজ, রসুন, মরিচ, আলুসহ কাঁচামাল সরবরাহ করতেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে আসামি জরেজকে নিয়ে ঢাকায় আসেন তিনি।

এরপর থেকে আশরাফুলের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। স্বজনদের সন্দেহ, আসামি জরেজ তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় গত ১১ নভেম্বর রাত থেকে ১৩ নভেম্বর রাতের মধ্যে যে কোনো সময় পূর্ব পরিকল্পিতভাবে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর মরদেহ মোট ২৬টি খণ্ডে খণ্ডিত করে গুম করার উদ্দেশ্যে দুটি নীল রঙের ড্রামের ভেতর ভরে রেখে অজ্ঞাতস্থানে পালিয়ে যায় অভিযুক্তরা।

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ

বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি বলেছেন, বিহারের এই জয়ই পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিজয়ের পথে নিয়ে যাবে।

পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় আসনসংখ্যা মোট ২৪৩টি। নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে দুই দফায়। গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি।

পরে ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে। এ দফায় ভোট পড়েছিল ৬৮ শতাংশের বেশি। দুই দফা মিলিয়ে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে এই নির্বাচনে।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। পরে রাতে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি-জনতা দল ইউনাইডেট (জেডিইউ) নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন জোট মহাগাঠবন্ধনের মধ্যে। ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিধানসভার ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছেনে এনডিএ জোটের প্রার্থীরা। বিরোধী মহাগাঠবন্ধন জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৩৫টি আসনে।

এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক দল বিজেপি জয় পেয়েছে ৮৯ টি আসনে। জোটের দ্বিতীয় শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ ৮৫টি আসানে জয় পয়েছে। এছাড়া বিহারের রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ১৯টি এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পার্টি জিতেছে ৫টি আসনে।

বিহারে এবারের নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিকে। কিন্তু ভরাডুবি ঘটেছে দলটির, একটি আসনও পায়নি জন সুরাজ পার্টি। অন্যদিকে ‘ডার্ক হর্স’ হিসেবে উঠে এসেছে তেলেঙ্গানার রাজনীতিবিদ এবং হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। বিহারের ৫টি আসনে জয় পেয়েছে মিম।

ফলাফল প্রকাশের পর এক বার্তায় এনডিএ জোটকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, “এবারের নির্বাচনে কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণের ফর্মুলা অনুসরণ করেছে, কিন্তু বিহারের নারী ও তরুণরা এনডিএ-কে বিজয়ী করেছে।”

আগামী ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে। সেই নির্বাচনে বিজেপির জয়ের প্রত্যাশা করে মোদি বলেন, “গঙ্গানদী বিহার থেকে বাংলায় (পশ্চিমবঙ্গ) প্রবাহিত হয়। বিহার পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পথ তৈরি করে দিয়েছে। বাংলার ভাইবোনদের আশ্বস্ত করছি যে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজকে উপড়ে ফেলবে।”

সূত্র : এনডিটিভি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে সাতজন নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দকৃত বিস্ফোরকে বিস্ফোরণ ঘটে এ হতাহতের ঘটনা ঘটে।

পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র। নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।
আহতদের সেনাবাহিনীর ৯২ ঘাঁটি হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ওই জায়গা ঘিরে ফেলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এই থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টির সুরাহা করেছিল।

পোস্টারের সূত্র ধরে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়।

এরমধ্যে আদিল আহমেদ রাথের নামে এক চিকিৎসককে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়। তিনি এমন পোস্টার লাগাচ্ছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও কাশ্মিরে বহিরাগতদের ওপর বড় হামলার হুঁশিয়ারি বাক্য ছিল। তাকে গ্রেপ্তারের পর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়। যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে।

সূত্র: এনডিটিভি

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবো।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান ট্রাম্প।

সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমাও চেয়েছে। তারা বলছে, , সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন— প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে— এই প্রামাণ্যচিত্র আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না।

বিবিসির ভাষায়, “ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনও কারণ আছে বলে আমরা মনে করি না।”

এই সপ্তাহের শুরুতে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য মামলা করবে।

এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেন।

সূত্র: বিবিসি।

বাংলাদেশকে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) নিশ্চিত করেছে, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির সময় যথেষ্ট সমর্থন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে।

ডব্লিউটিওর উপমহাপরিচালক শিয়াংচেন ঝাং বলেন, এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশ ডব্লিউটিওর কারিগরি সহায়তা পাবে। বর্তমানে বাংলাদেশ ডব্লিউটিওর কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ পরিকল্পনার আওতায় প্রদত্ত বহুবিধ কার্যক্রম থেকে উপকৃত হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ডব্লিউটিও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়নশীল অর্থনীতির বাণিজ্য সক্ষমতা জোরদার করে।

এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) প্রসঙ্গে ডব্লিউটিও’র উপ-মহাপরিচালক জানান, বাংলাদেশ ইআইএফের একটি প্রধান সুবিধাভোগী, যা এলডিসিভুক্ত দেশগুলোকে বৈশ্বিক বাণিজ্যে আরও সক্রিয় অংশগ্রহণে সহায়তা করতে বিন্যস্ত করা হয়েছে।

তিনি বলেন, ইআইএফ বর্তমানে তৃতীয় ধাপে রূপান্তরিত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো- এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশ আরও পাঁচ বছর ইআইএফ সুবিধা গ্রহণ করতে পারবে।

ইআইএফের সহায়তায় বাংলাদেশ সফলভাবে খাদ্য প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়িয়েছে এবং তৈরি পোশাক খাতকে মূল্য শৃঙ্খলে উন্নীত করতে বৈচিত্র্য আনার কৌশল তৈরি করেছে বলে জানান তিনি।

আর্থিক সহায়তার বিষয়ে শিয়াংচেন ঝাং বলেন, বাংলাদেশ ডব্লিউটিওর ‘এইড ফর ট্রেড ইনিশিয়েটিভ’-এর একটি উল্লেখযোগ্য সুবিধাভোগী, যা উন্নয়নশীল অর্থনীতিকে বাণিজ্য সক্ষমতা জোরদারে সহায়তা করে।

২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ ডব্লিউটিওর ‘এইড ফর ট্রেড ইনিশিয়েটিভ’-এর শীর্ষ দশ সুবিধাভোগীর মধ্যে ছিল এবং এ সময়ে দেশটি ২৩ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ডব্লিউটিও সংক্রান্ত শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবকাঠামো বজায় রেখেছে, বিশেষ করে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই) একটি ডব্লিউটিও রেফারেন্স সেন্টার পরিচালনা করছে। এটি নথি ও বাণিজ্যু সম্পর্কিত তথ্যের প্রবেশাধিকার প্রদান করে।

তবে ঝাং বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য একটি প্রধান বিবেচ্য বিষয় হবে ডব্লিউটিওতে তার সম্পৃক্ততার কৌশল।

তিনি বলেন, বাংলাদেশ এতদিন মূলত এলডিসি গ্রুপের অংশ হিসেবে অংশগ্রহণ করেছে। উত্তরণের পর দেশটিকে তার পদ্ধতি মানিয়ে নিতে হবে। উত্তরণের পর বাংলাদেশকে বিভিন্ন স্তরের উন্নয়নশীল ডব্লিউটিও সদস্যদের সঙ্গে কৌশলগত জোট গঠনে মনোযোগ দিতে হবে।

বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য। দেশটি ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, যা তার বাণিজ্য নীতিতে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ বয়ে আনবে।

বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পরিচালনায় বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও সহজীকরণে কাজ করা জেনেভা ভিত্তিক আন্তঃসরকারি সংস্থা ডব্লিউটিও ব্যবস্থাকে ব্যবহার করে এবং প্রতিযোগিতামূলক থাকতে নতুন কৌশল অন্বেষণ করছে। যেমন- রপ্তানি বৈচিত্র্যকরণ এবং আঞ্চলিক চুক্তি— রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ যোগদানের সম্ভাবনা।

অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু, বললেন— ‘ইটস অফিশিয়াল

তৃতীয়বারের মতো বিয়েতে বসলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদের সঙ্গে তার এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেন নির্মাতা নিজেই।

স্থানীয় সময় শুক্রবার অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে মুশফিকা মাসুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাদের কুইন্স সিটি ক্লার্ক অফিসে দেখা যাচ্ছে; এতে বোঝা যায়, সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অমিতাভ রেজা লেখেন, ইয়েস, ইটস নাও অফিশিয়াল; আলো এবং ছায়ার সঙ্গে জীবন যাপনের প্রতিশ্রুতি… চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ।

পোস্টটিতে দেখা যায়, দুইজনের হাস্যোজ্জ্বল ছবি এবং একটি ছবিতে মুশফিকা মাসুদের হাতে বিয়ের আংটি স্পষ্ট। এই ঘোষণার পরই তাদের বন্ধু, সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন।

অমিতাভ রেজার নতুন জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।

জানা যায়, গত মাসেই দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা, যা তাদের প্রেম জল্পনাকে উসকে দিয়েছিল।

অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সময়ের সঙ্গে তাদের সেই দাম্পত্যজীবনের ইতি ঘটে। বর্তমানে অমিতাভ রেজা বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

পত্রিকা, টিভি চ্যানেল, অনলাইনগুলো ইচ্ছেমতো বানিয়ে বানিয়ে খবর ছাপিয়ে পার পেয়ে যায়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, বাংলাদেশে মানহানির মামলায় কখনোই তেমন কোনো ফল হয়নি। ফলে পত্রিকা, টিভি চ্যানেল আর অনলাইনগুলো ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে খবর ছাপিয়ে পার পেয়ে যায়। আপনি প্রতিবাদ করলেই তারা ‘গণমাধ্যমের স্বাধীনতা’র আড়ালে লুকোতে চেষ্টা করে। তারা জানে—যাই লিখুক না কেন, তাদের কোনো জবাবদিহি করতে হবে না।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে একজন স্বনামধন্য সম্পাদক তার পত্রিকায় নানান ধরনের মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করে চলেছেন। সম্ভবত তিনি মনে করেন— সাংবাদিকতার নীতিশাস্ত্র ট্যাবলয়েড সংবাদপত্রের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অথচ তার জানা উচিত, যুক্তরাজ্যে ট্যাবলয়েডগুলোর বিরুদ্ধে সাংবাদিকতার মানদণ্ড লঙ্ঘন ও মানহানির অভিযোগ প্রমাণিত হলে বছরে কোটি কোটি পাউন্ড জরিমানা গুনতে হয়। তবে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

শফিকুল আলম বলেন, মজার ব্যাপার হলো, এই সব পত্রিকারই কিছু সম্পাদক নিয়মিত অভিযোগ করেন যে, বাংলাদেশে নাকি প্রেস-স্বাধীনতা নেই, এবং শেখ হাসিনার পতনের পরেও নাকি কিছুই বদলায়নি। মানবাধিকার সংগঠনগুলোও অনেক ক্ষেত্রে গবেষণা-বিহীনভাবে সেই অভিযোগগুলোই পুনরাবৃত্তি করে। শত শত সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন বলে যেসব সংখ্যা ছোঁড়া হয়, তার মধ্যে কতজন সত্যিকার অর্থে সাংবাদিকতার জন্য টার্গেট হয়েছিলেন, আর কতজন পুরোপুরি ভিন্ন কারণের জন্য হামলার মুখে পড়েছিলেন; এসব কেউ খতিয়ে দেখে না।

প্রেস সচিব বলেন, আমি বহুবার বলেছি, অন্তর্বর্তী সরকারের সূচনার পর থেকেই বাংলাদেশের সাংবাদিকরা অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছেন।
তাদের প্রায় যেকোনো কিছু লেখার এবং বলার লাইসেন্স আছে; এমনকি সামরিক বাহিনী সম্পর্কেও মনগড়া মন্তব্য করতে তাদের কোনো বাধা নেই। তারপরও তারা পৃথিবীর সবচেয়ে বেশি অভিযোগকারী গোষ্ঠীগুলোর একটি। প্রায়ই শোনা যায় একটি পরিচিত অভিযোগ: ‘দেশে কি আর সাংবাদিকতা করার পরিবেশ আছে!’

মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের অবিশ্বাস্য ফিরে আসা হিসেবে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

তিনি বলেন, মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাব এটা কখনো কল্পনাও করিনি। এক বছর আগেও ভাবিনি নির্বাচনের মাঠে ফিরতে পারব। এটি সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় নেত্রকোনার মদনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা প্রদান করেন।

সমাবেশে বাবর বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমার জীবনের বড় পাওয়া।

তিনি আরো বলেন, আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণেই আজ আমি রাজনীতিতে ফিরে আসতে পেরেছি।
পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জেলা, উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।