শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নতুন সিনেমায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তোরসা, মুক্তি ঈদে

কিছুদিন আগেই নিজের প্রথম সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এর কাজ শেষ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী রাফাহ নানজীবা তোরসা। এখন চলছে সম্পাদনার কাজ।

এরমধ্যেই খবর, নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন এই সুন্দরী। সিনেমাটি নাম ‘মাটি’।
গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে সৈয়দ শমসের তারিফের পরিচালনায় এখানে তোরসার বিপরীতে অভিনয় করছেন আলভি মামুন।

গেল ৩১ অক্টোবর থেকে ঝিনাইদহের মহেশপুরে ছবিটির শুটিং শুরু হয়ে এখনো চলছে। চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে।

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে রাফাহ নানজীবা তোরসা বলেন, ‘একদমই গ্রামীণ প্রেক্ষাপটের গল্প।
পুরো গল্পটাই মূলত ইছামতী নদীকে ঘিরে। এখানে আমার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা করা যায়।

তিনি আরো বলেন, ‘প্রায় এক মাসের মতো হয়ে যাবে শুটিং শুরু করেছি, এখনো আমরা ঝিনাইদহের মহেশপুরে আছি। এখানে আরো কিছুদিন শুটিং হবে।’

নিজের অভিনীত প্রথম সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে বলে জানান তিনি। যদি ‘মাটি’ ছবিটি আগে রিলিজ হয় তাহলে এটিই হবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।

সিনেমা দুটির মুক্তি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘‘নির্জন স্বাক্ষর’-এর শুটিং শেষ, এখন ভারতে সম্পাদনা চলছে।
এটার মুক্তির বিষয়ে এখনো কিছু জানি না। ‘মাটি’র কাজও শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর পরিচালক হয়তো ভালো বলতে পারবেন, কবে এটা মুক্তি পেতে পারে।”

এদিকে জানা গেছে, ‘মাটি’ সিনেমাটি আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর রাফা নানজীবা তোরসা ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন। অভিনয়ে তার প্রথম কাজ ছিল ঈদের টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

জয়সওয়াল বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে।

শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি।

তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি।

সূত্র : রয়টার্স

২ দিন ৩ এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কালীগঞ্জ, সেভেন রিংস ও জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১-এর কালীগঞ্জ জোনাল অফিস।

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আটটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।
এ জন্য তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল যদি ইতোমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, সে ক্ষেত্রে তিনি বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা হিংসার রাজনীতি করি না, আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা সবাই মিলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করব।’

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছেন, এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা।
৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘দিনাজপুর-৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন, তাকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দেবেন।’

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া।

এ সময় বক্তব্য রাখেন খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, মমিনুল ইসলাম প্রমুখ।

পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত আরো কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিজ্ঞ কর্মকর্তারাও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে আসীন হতে পারবেন।

বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থীকে এমডি পদে যোগ্য বিবেচিত হতে হলে তাকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্মিলিত বা এককভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এর আগে এমডি বা সিইও পদে আবেদনের জন্য যেকোনো নিকটবর্তী ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতা যথেষ্ট ছিল। নতুন সার্কুলারটি সেই পূর্বের অস্পষ্টতা দূর করে এমডি/ডিএমডি পদের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করেছে, যা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে অভিজ্ঞতার মানদণ্ডকে সুনির্দিষ্ট ও উন্নত করল।

সার্কুলারে এমডি পদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগ্যতার মানদণ্ডও যুক্ত করা হয়েছে। এই বিধান অনুযায়ী, ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের সিনিয়র পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং একই সঙ্গে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিরাও সরাসরি এমডি পদে মনোনীত হতে পারবেন।

এই নতুন বিধানের ফলে নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞ এবং উচ্চ পর্যায়ের কর্মীরাও সরাসরি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী পদে আসার সুযোগ পেলেন।

এর আগে ২০২৪ সালের সার্কুলারে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য এই সুযোগ রাখা হয়নি। এ ছাড়া পূর্বের নির্দেশনায় ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন পর্যায়ে সব মিলিয়ে ২২ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, জানানো হলো পরীক্ষার তারিখও

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

৫০তম বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।

এই বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।

আরো ৬ নেতাকে পদে ফেরাল বিএনপি

সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত হয়ে বহিষ্কার হওয়ার আরো ছয় নেতাকে পদে ফিরিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য তাহমিনা হক পপি, সিলেট জেলার কম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যশোর জেলার কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবু এবং মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলা বিএনপি নেতা আফাজ উদ্দিন ভূইয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া গত ১৩ আগস্ট এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলাধীন মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল তারও পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভিন্ন সময়ে সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত নেতাকর্মীদের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরে দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল দলের মোট ৭১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

সাত কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।

উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সা‌র্ভিস সদর দপ্তরের মি‌ডিয়া সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়।

ফায়ার সার্ভিস বলছে, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে রওনা করা ইউনিটগু‌লো পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়।