শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সেন্সরে আটকে ছিল সাংবাদিক দম্পতির সেই খুনের গল্প, অবশেষে মুক্তি

এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। দীর্ঘদিন ধরে এটি আটকে ছিল সেন্সর বোর্ডের আপত্তিতে, কিন্তু অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। এই ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত এই সিনেমাটি।

গত বছরই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনে আপত্তি জানায়। বোর্ড কয়েকটি প্রধান কারণ উল্লেখ করে ছাড়পত্র দেয়নি। যেমন- নৃশংস খুনের দৃশ্য থাকা, এর কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তব ঘটনার সঙ্গে মিলে যাওয়া (যে ঘটনা বাস্তবে ঘটেছে এবং এর মামলা উচ্চ আদালতে বিচারাধীন) এবং ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন এর টিজার প্রকাশ হয়, তখন দর্শকরা আঁচ করেছিলেন যে এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত।

এবার আইস্ক্রিন সূত্র সংবাদমাধ্যমকে জানাল, সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে আটকে থাকা এই ফিল্মটির জট অবশেষে খুলছে। জানা গেছে, সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই এটি দর্শকদের সামনে আসছে।

এই থ্রিলার-রহস্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

দূষণের তালিকায় আজ চতুর্থ ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের তালিকায় বিশ্বে চতুর্থ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২১৯। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে মিসরের কায়রো, যার স্কোর ২৭৮, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৪৭, তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাশকেন্ট, স্কোর ২২৬ এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০৭।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার হওয়াটা ব্লেসিং

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রার্থনা করেন।

ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘আমার নিউজফিড জুড়ে খালেদা জিয়ার জন‍্য মানুষের দোয়া প্রার্থনা। এবং এই পোস্টগুলা কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে?’

তিনি আরও লেখেন, ‘কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ‍্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার, এটা এক প্রকার ব্লেসিংস।

সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা।’

ঢাকায় ‘মক ভোটিং’ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রেক্ষাপটে পুরো প্রক্রিয়া বাস্তবে কেমন চলবে এবং কোথায় কোথায় প্রতিবন্ধকতা থাকতে পারে—এসব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে পরীক্ষামূলক এই ভোটগ্রহণ। নারী-পুরুষ মিলিয়ে ৫০০ ভোটার এতে অংশ নেবেন।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় আগেভাগে পুরো কার্যক্রমের দক্ষতা যাচাই জরুরি।
মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে কেন্দ্র বাড়ানো লাগবে কি না, কোথায় সমন্বয় প্রয়োজন, ভোটকক্ষ বা জনবল বাড়াতে হবে কি না-এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মক ভোটিংয়ে অংশ নেবেন সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা।

মক ভোটিং পরিচালনায় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন দুজন।
ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ছয়জন প্রিজাইডিং অফিসার এবং পাঁচটি কেন্দ্রে ১০ জন পোলিং অফিসার থাকবেন। পোলিং এজেন্ট হিসেবে থাকবেন ২০ জন কর্মকর্তা।

পর্যবেক্ষণে বিদেশি সংস্থা হিসেবে অংশ নেবে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস), দেশি পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিবি আছিয়া ফাউন্ডেশন ও বিয়ান মনি সোসাইটির প্রতিনিধি।

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় আজ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট এসব তথ্য জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা নয় ঘণ্টা ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এমন সঙ্কটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছে। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তার। এমন সঙ্কটকালে মায়ের স্নেহ এবং স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই মর্মস্পর্শী বার্তা দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে, যোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।

আবেগঘন তারেক রহমান আরও বলেন, এমন সঙ্কটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্খা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

তিনি বলেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি।

তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে আন্তরিক আরজ—আল্লাহ তা’য়ালা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট সহজ করে দেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন।

স্ট্যাটাসের শেষে ডা. শফিকুর রহমান প্রার্থনা করেন, মহান আল্লাহ আমাদের সকলকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমিন।

বিশ্বকাপে বাংলাদেশের অপেক্ষায় ফিফা সভাপতি

আগামী বছর প্রথমবারের মত বর্ধিত কলেবরে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তার আগে ৪৮ দলের এই টুর্ণামেন্টের ড্র’তে বড় পরিবর্তনের ঘোষনা দিয়েছে সংস্থাটি।

সময় যত গড়িয়ে যাচ্ছে, ততই জোরালো হচ্ছে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা। আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে বসছে বিশ্বকাপের ২৩তম আসর। ডিসেম্বর আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র।

বিশ্বকাপের সময় সারাবিশ্বের মতো বাংলাদেশেও এর উত্তাপ দেখা যায়। গত বিশ্বকাপের সময়ও বাংলাদেশি সমর্থকদের উদযাপন আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে বাংলাদেশ কখনো বিশ্বকাপে অংশ নিতে না পারলেও, একদিন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে এমনটাই প্রত্যাশা সব ফুটবলপ্রেমীর। এবার ফিফা সভাপতিও জানালেন সেই কথা।

কাতারে সদ্য অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই কাতার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক আবজল রহমানের সঙ্গে এক ভিডিওতে ফিফা সভাপতি বাংলাদেশ নিয়ে কথা বলেন। তিনি বলেন,‘এগিয়ে যাও বাংলাদেশ।’ এছাড়াও ফিফা সভাপতি আরও বলেন,‘বিশ্বকাপে তোমার অপেক্ষায় বাংলাদেশ।’

বর্তমানে বাংলাদেশ ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮০তম দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই আসরের।

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা

অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তানের এক অভিবাসী। এরমধ্যে এক সেনা মারা গেছেন। ওই গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিলো মার্কিনিরা।

এরআগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের ব্যাপারে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো গতকাল শুক্রবার এক্সে লিখেছেন, “সব বিদেশির সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ পর্যান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে।”

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইউএসসিআইএসের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয়। এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে।

তবে আবেদন যাচাই বাচাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, তার এ সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে। এছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা ও চাপের মুখেও পড়বেন তিনি। ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই অভিবাসনে লাগাম টানার চেষ্টা করছেন ট্রাম্প। তার প্রশাসন অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এরসঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিলের চেষ্টা করছেন তিনি।

সূত্র: সিবিএস

দুর্নীতির অভিযোগে বাড়িতে তল্লাশি, জেলেনস্কির শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারম্যাক পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে এ ঘোষণা দেন জেলেনস্কি।

এরআগে দুর্নীতির অভিযোগে আন্দ্রি ইয়ারম্যাকের বাড়িতে তল্লাশি চালায় দেশটির দুর্নীতি বিরোধী দুটি সংস্থা।

সম্প্রতি জেলেনস্কির কাছের লোকদের অর্থআত্মসাতের ভয়াবহ তথ্য সামনে আসে। অভিযোগ রয়েছে, জেলেনস্কির কয়েকজন আস্থাভাজন ও মন্ত্রী জ্বালানি খাত থেকে ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। যেখানে সাধারণ মানুষ জ্বালানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন, সেখানে অর্থ চুরির তথ্য ফাঁস হওয়ার পর সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হন।

এই চুরির সঙ্গে আন্দ্রি ইয়ারম্যাক সরাসরি জড়িত এমন কোনো তথ্য পাওয়া না গেলেও; তার বিরুদ্ধেও অভিযোগের তীর রয়েছে। এমন পরিস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

আন্দ্রি ইয়ারম্যাককে ইউক্রেনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয়। দেশটির প্রায় সবক্ষেত্রে তার প্রভাব ছিল। এছাড়া তিনি যুদ্ধ বন্ধে গঠিত ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে প্রধান আলোচক ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্বালানি খাতে ওই ভয়াবহ দুর্নীতি জেলেনস্কির নিজের অবস্থান নড়েবড়ে করে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার এমন কঠিন মুহূর্তে অর্থচুরির তথ্য ফাঁস আলোচনাকে ঝুঁকিতে ফেলেছে।

আন্দ্রি ইয়ারম্যাক সরে যাওয়ায় এখন নতুন প্রধান আলোচক নিয়োগ দেবেন জেলেনস্কি।

সূত্র: বিবিসি