শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না : সালাহউদ্দিন

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে একটি দল জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যে দলের কোনো নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদের জনগণ ইতোমধ্যে চিনেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদের জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়।
জনগণ এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি।

সালাহউদ্দিন বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কী আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে।
জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার, এসবই বিএনপির অবদান।

শাপলা চত্বর হত্যাকাণ্ড : নিজের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন প্রেস সচিব

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, যুবলীগ-ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো, আক্রমণ এবং হত্যা। আওয়ামী লীগ সরকার একই কৌশল বারবার ব্যবহার করেছে। অবশেষে ২০২৪ সালের জুলাইয়ে তারা পুরো জাতির প্রতিরোধের মুখে পড়ে।

সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক দীর্ঘ পোস্টে তিনি লিখেন, ‘‘শাপলা চত্বর হত্যাকাণ্ড’ বলতে সাধারণত মতিঝিলের শাপলা স্কয়ার এলাকাকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডকেই বোঝানো হয়। ৫ মে রাতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে প্রথম দফায় হতাহতের খবর আসতে শুরু করে। পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় এবং মতিঝিলের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছিল। ২০১৩ সালে এএফপি’র ঢাকা অফিস ছিল তৎকালীন শিল্প ব্যাংক (বর্তমান বিডিবিএল ভবন), দিলকুশা-মতিঝিলে।
আমাদের জানালা থেকে দেখা যাচ্ছিল, শাপলা চত্বরে এবং মতিঝিলের মূল সড়কজুড়ে কয়েক দশক হাজার হেফাজত সমর্থকের ভিড়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এক-দুটি লাশ শাপলা চত্বরে আনা হলো। আমরা জানতাম না তারা কোথায় বা কীভাবে মারা গেছে।’’

তিনি পোস্টে আরো লিখেন, ‘রাত আটটার দিকে আমরা প্রথম বড় তথ্যটি পাই।
শাহিদবাগ-মালিবাগের বারাকা জেনারেল হাসপাতালে হেফাজত সমর্থকের ছয়টি লাশ নেওয়া হয়েছে। প্রতিটি লাশের মাথায় গুলি করা। আমার সহকর্মী কামরুল তথ্যটি যাচাই করতে হাসপাতালটিতে অন্তত এক ডজন ফোন করেন। বহুবার চেষ্টা করার পর হাসপাতালের ম্যানেজার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। আমি খবরটি রেড-অ্যালার্ট হেডলাইন হিসেবে ছাপাতে চাইছিলাম, কিন্তু নিউ দিল্লির আমাদের ব্রিটিশ সম্পাদক জোর দিলেন- আরেকটি উৎস থেকে নিশ্চয়তা পাওয়া প্রয়োজন।
দ্বিতীয় উৎস নিশ্চিত করার পর আমাদের মৃত্যুর সংখ্যা স্থানীয় কোনো পত্রিকা বা টিভি স্টেশনের রিপোর্ট করা সংখ্যাকে ছাড়িয়ে যায়।’

পরদিন আমরা কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে আরো লাশের তথ্য নিশ্চিত করি উল্লেখ করে প্রেস সচিব লিখেন, ‘সংখ্যা বাড়তেই থাকল। এরপর খবর আসে নারায়ণগঞ্জের কাঁচপুর–সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি বড় হত্যাকাণ্ডের। ভোরে পুলিশ তাড়ানোর পর হেফাজতের একটি বড় দল পরিবহন বন্ধ থাকায় হেঁটে বাড়ি ফিরছিল। আমরা জানতে পারি, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা তাদের ওপর গুলি চালায় এবং প্রায় ২০ জনকে হত্যা করে। নারায়ণগঞ্জের প্রতিটি হাসপাতালে আমরা লাশগুলো খুঁজতে যাই। পুলিশ ও বিজিবি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু হাসপাতালের কর্মীরা মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।’

তিনি লিখেন, ‘ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতা, আইজিপি এবং ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ দৃঢ়ভাবে অস্বীকার করলেন যে পুলিশ কাউকে হত্যা করেছে। তারা আন্দোলন প্রতিরোধকে নিজেদের ‘দেশকে তালেবান রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করার’ জয় হিসেবে প্রচার করতে লাগল এবং দাবি করল যে অভিযানে খুব সামান্য হতাহত হয়েছে। কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকে। পুলিশ যখন এখনও সাতজন মৃত্যুর কথা বলছে, তখন আমাদের হিসাব ৪৯-এ পৌঁছে গেছে।

আমরা জানতাম কর্তৃপক্ষ আমাদের রিপোর্টকে চ্যালেঞ্জ করবে। তাই বাধ্য হয়ে প্রতিটি মৃত্যুর উৎস উল্লেখ করতে হয়- এটি আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়ালেও রিপোর্টটিকে ভারী ও জটিল করে তোলে। পরে অধিকার সংগঠন মৃতের সংখ্যা প্রায় ৬০ বলে অনুমান করে। হিউম্যান রাইটস ওয়াচও তদন্ত করে একই রকম সংখ্যা পায়। পরে আমি আরেকটি ব্যাপার জানতে পারি, পল্টন ও ঢাকার কেন্দ্রীয় এলাকায় অনেক হত্যাকাণ্ডই করেছে অস্ত্রধারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তাদের মধ্যে দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। একজন জাহিদ সিদ্দিকী তারেক অন্যজন রিয়াজ মিল্কি। করুণ পরিণতিতে তারেক পরবর্তীতে মিল্কিকে এক মার্কেটের সামনে গুলি করে হত্যা করে- ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। পরে তারেককে র‍্যাব খুঁজে বের করে ‘বন্দুকযুদ্ধে’ মেরে ফেলে। এরপরের ১১ বছর ধরে আওয়ামী লীগ একই কৌশলই বারবার ব্যবহার করেছে: যুবলীগ–ছাত্রলীগকে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ, ভয় দেখানো ও হত্যা। অবশেষে ২০২৪ সালের জুলাইয়ে তারা পুরো জাতির প্রতিরোধের মুখে পড়ে।’

চট্টগ্রাম বন্দরে প্রতিটি জায়গায় চাঁদাবাজি, প্রতিদিন ওঠে দুই-আড়াই কোটি

চট্টগ্রাম বন্দরে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি অবৈধ টাকা ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন উপদেষ্টা।

মন্ত্রণালয়ের গত এক বছরের সাফল্য ও অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনের ওপর হাইকোর্টের রায় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় যারা এটা নিয়ে আলোচনা করছেন, তারা নতুন বেঞ্চে যাবেন অথবা প্রধান বিচারপতির শরণাপন্ন হবেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি রায়ের বিরুদ্ধে যাচ্ছি না, রায়ের কথাও বলছি না। দুনিয়াতে যাদের যাদের ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হয়েছে, এ পর্যন্ত বন্দরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে।

পানগাঁও বন্দরে সরকার প্রতিবছর ২২ কোটি টাকা লস দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এখন আপনি লাভ পাবেন।

তিনি বলেন, আমি আশ্চর্য হই যখন আপনারা এগুলো পেপারে দেন কিন্তু একবারও জিজ্ঞেস করেন নাই চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন কত অবৈধ টাকা ওঠে? আমি একটা রাফ ফিগার দিতে পারি কিন্তু দিলে হয়ত ওটা নিয়ে কনটেস্ট হবে। মিনিমাম কত টাকা ওঠে? প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি। ভেতরে ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না, কেউ না কেউ চাঁদা নিচ্ছে। ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে সেখানেও চাঁদা নেওয়া হচ্ছে।

অতীতে যিনি চট্টগ্রামের মেয়র হন তিনি মেয়র কম বন্দরের রক্ষক বেশি– এমন মন্তব্য করে এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরটা সোনার ডিম পাড়া মুরগির মতো। তাড়াতাড়ি এটা জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো।

‘প্রথমে বলল যে অমুক চলে গেলে বন্দর অনেক ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম। এখন কী করব। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে ৫ শতাংশ কম হোক সেটাও রাজি। এখন তো ফাস্ট, বন্দরে যেখানে দিনের পর দিন লাগত সেখানে একদিন, দেড় দিন এবং তারও কম সময় লাগছে।’

তিনি বলেন, আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আমার সঙ্গে যত বিজনেসম্যানের দেখা হয় ১০০% বলছে স্যার যদি একটা ভালো কাজ করেন, তাহলে এই কাজটা করলেন। এটা তো আগের পরিকল্পনা, হঠাৎ করে আসেনি। অনেক কাজ হয়েছে তবে হয়নি কেন, সেটা আপনারাই ভালো জানেন।

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন আনুমানিক কত টাকা অবৈধভাবে আসে– জানতে চাইলে উপদেষ্টা বলেন, আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা। প্রত্যেকটা দিন। বন্দরে গিয়ে জিজ্ঞেস করেন, তারা বেশি বলবে।

দুই-আড়াই কোটি টাকা আদায় বন্ধ করতে পেরেছেন– এমন প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, অনেক কমেছে।

অনেকটা মানে পুরোটা বন্ধ করতে পেরেছেন কি না– জানতে চাইলে পাল্টা প্রশ্ন তুলে শ্রম উপদেষ্টা বলেন, বাংলাদেশে পুরোটা কমানো সম্ভব?

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনের ওপর গত ৪ ডিসেম্বর বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিভক্ত রায় হয়।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন (রুল ডিসচার্জ) খারিজ করে রায় দেন।

কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

সীমান্তে সংঘাতের জেরে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার স্থানীয় সময় ভোরের দিকে পরিচালনা করা হয়েছে এ হামলা।

থাইল্যান্ডের সেনবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি স্বাক্ষরিত এক বিবৃতে বলা হয়েছে, “কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় দেশটির সেনাবাহিনীর অস্ত্রাগারগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অস্ত্রাগারগুলোতে মূলত আর্টিলারি ও মর্টার মজুত করে কম্বোডীয় বাহিনী এবং সেগুলো ব্যবহার করা হয় থাইল্যান্ডের সেনবাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে।”

বিবৃতিতে মেজর জেনারেল উইনথাই সুভারি আরও বলেছেন, “গতকাল রোববার কম্বোডীয় সেনাদের হামলায় আমাদের বাহিনীর একজন সেনা নিহত এবং দু’জন আহত হয়েছেন। তার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালনা করেছে থাই সেনাবাহিনী।”

এদিকে পৃথক এক বিবৃতিতে কম্বোডীয় সেনাবাহিনীর আইএসপিআর জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে কম্বোডিয়ার সেনা স্থাপনা ও সেনবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী।

“এটি বিশেষভাবে উল্লেখ্য যে গত বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকায় থাই সেনবাহিনী বিভিন্ন উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। সোমবারের বিমান হামলাও তার অংশ বলেই মনে করছে কম্বোডিয়ার সেনবাহিনী”, বলা হয়েছে কম্বোডিয়ার সেনবাহিনীর বিবৃতিতে।

বিমান হামলায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষয়তির কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

আগের দিন রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫মিনিটে সি সা কেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনবাহিনী। এতে দু’জন থাই সেনা আহত হন। এ ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনবাহিনীও। স্থানীয় সময় ২টা ৫০ পর্যন্ত স্থায়ী হয় সংঘাত।

সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী চার থাই প্রদেশ বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় থাইল্যান্ডের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুসারে, কম্বোডীয় সীমান্তবর্তী গ্রাম-শহরগুলোর ৭০ শতাংশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, রোববার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড। সেখানে বলা হয়েছিল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া। এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। জাতিসংঘকে এ ঘটনা তদন্তের জন্য আহ্বান জানিয়েছিল থাই সরকার।

থাইল্যান্ড এ অভিযোগ জানানোর কিছু সময়ের মধ্যেই সি সা কেত প্রদেশ সংঘাত শুরু হয় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে।

সীমান্ত নিয়ে বিবাদের জেরে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাই মাসে সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড-কম্বোডিয়া। ৫ দিন ধরে চলা সেই সংঘাতে নিহত হয়েছিলেন দু’দেশের ৩২ জন নাগরিক এবং আহত হয়েছিলেন আরও কমপক্ষে ৩০ জন। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছিলেন সীমান্তের উভয় পাশের অন্তত ২ লাখ মানুষ।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপে জুলাইয়েরে শেষ সপ্তাহে যুদ্ধবিরতি শুরু হয় থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে। রোববারের সংঘাতের জেরে কার্যত হুমকিতে পড়ল সেই যুদ্ধবিরতি।

সূত্র : সিএনএন

কাজি হতে পারবেন কওমির ডিগ্রিধারীরাও

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।

তিনি বলেন, আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটি গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।

গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মভীরু, অবশ্যই ধর্ম মেনে চলি। কিন্তু ধর্মকে নিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করায় বিশ্বাস করি না। বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে, একইভাবে থাকবে।

১৯৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তার মূল ভিত্তি ছিল, সকলের বাংলাদেশ। বিএনপির মহাসচিব বলেন, সব প্রতিবন্ধকতা দূর করে, তাদেরকে পরাজিত করে, সব অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে এই ছাত্রদল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে থাকবে। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে যেতে হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ডিইউজে আরো সক্রিয় হবে

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি আরও সক্রিয়ভাবে কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নতুন কমিটির উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম এবং যোগ্য নেতৃত্বেরই স্পষ্ট প্রমাণ। তিনি মনে করেন, এই ধারাবাহিকতা গণমাধ্যমের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম যোগ করবে।

বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম যে কোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান শক্তি এবং সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। সেই বিবেচনায় ডিইউজের নেতৃত্ব শুধু পেশাগত স্বার্থ সংরক্ষণ নয় বরং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা অটুট রাখতে বড় দায়িত্ব বহন করে।

গাজা নিয়ে নেতানিয়াহু-টনি ব্লেয়ারের গোপন বৈঠক

গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম কেএএন এই কথা জানিয়েছে।

তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর অফিস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে কেএএন জানিয়েছে, গাজার নির্দিষ্ট কয়েকটি এলাকার প্রশাসনিক দায়িত্ব গ্রহণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যুক্ত করার একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন টনি ব্লেয়ার।

পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। সফল হলে পরবর্তী সময়ে তা স্থায়ী হতে পারে। তবে এই উদ্যোগ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর নির্ভরশীল।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা কয়েক দিন ধরে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছে।
পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ব্লেয়ার।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (৮ ডিসেম্বর) কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৭ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

বার্তায় বলা হয়, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন সোমবার উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯৭০ জন আহত হয়েছেন। গাজা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৬ জন নিহতের মরদেহ ও ১৭ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৬০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৭ জনে পৌঁছেছে।

এছাড়া, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় প্রয়োজনীয় ওষুধের ৫০ শতাংশের বেশি এখনো মজুত নেই, যা স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।