শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনা নিরাপত্তা ব্যর্থতার ত্রুটিতে হয়েছে

ফ্রান্সের বিখ্যাত ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। পুলিশের চোখ ফাঁকি দিতে অপরাধীরা ৩০ সেকেন্ড সময় পায়।

এ অল্প সময়ের মধ্যেই গেল ১৯ অক্টোবর চার অপরাধী ১০২ মিলিয়ন ডলার মূল্যের রত্ন লুট করে পালিয়ে যায়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে জানানো হয়, বিশ্বখ্যাত জাদুঘরে স্পষ্ট নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।

জাদুঘরের বাইরে ক্যামেরার অভাব এবং সব সিসিটিভি ক্যামেরা একসঙ্গে দেখার জন্য পর্যাপ্ত স্ক্রিন ছিল না। যার ফলে অপরাধীরা নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মূল্যবান জিনিসপত্র চুরি করে।

অ্যাপোলো গ্যালারির একটি ভঙ্গুর কাচের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। চুরি যাওয়া মুকুট ও মূল্যবান রত্নগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ল্যুভ মিউজিয়ামে কর্মরত আছেন প্রায় দুই হাজার ২০০ কর্মী। পাঁচ লাখ শিল্পকর্ম ও ৩৮ হাজার প্রদর্শনী দেখতে প্রতিদিন জাদুঘরটিতে ভিড় জমায় ৩০ হাজার দর্শনার্থী।

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

শোকে স্তব্ধ পুরো গ্রাম, প্রতিবেশীর কান্নায় সকাল থেকেই ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে সেই ঘোষণা—‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে’।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে গভীর নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে।

এদিন মসজিদের ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, তেমন কোনো দোকানপাটও খোলেনি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসেন সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, অথচ আজ নিস্তব্ধতা।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের মরদেহ নিয়ে যাওয়া হয়ে। একই দিন গভীর নলকূপের ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর রাত ৯টার দিকে শিশু সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবার চোখ ভিজা দেখা যায়। কারও কণ্ঠে ফিসফিস—‘আল্লাহ, এমন মৃত্যু কেউ না পাক। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা-বারবার ছুটে আসতে চাইছিলেন-করছেন আহাজারি। লোকজন ধরে রেখেছিল তাকে, কিন্তু কান্না থামাতে পারেনি কেউ।

জানাজার নামাজের ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ হাত তুলল দোয়ার ভঙিতে। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন। একইসঙ্গে এ দোয়াও করেন, যেন তার পরিবারকে আল্লাহ ধ্যর্য ধরার তৌফিক দান করেন।

জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন বাতাস যেন থেমে গেল, শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। কান্না করছেন স্বজনরা। একটি শিশুর জানাজা—যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য আগে কখনও দেখেনি গ্রামবাসী।

উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

সিইসি জানান, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত তথা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এর আগে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। যেটি আজ প্রচার করা হয়।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল ঘোষণার পর আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপনসহ বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি করা হবে। মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইনশৃঙ্খলা সেল গঠন— এগুলোর ফরমেট তৈরি রয়েছে।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুবার জয়ী হয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ প্রথম, সপ্তম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে; দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি এবং তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে বিজয়ী হয় জাতীয় পার্টি।

সংসদের মেয়াদ পাঁচ বছর হলেও রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও দ্বাদশ সংসদ মেয়াদ পূর্ণ করতে পারেনি। তবে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ তাদের মেয়াদকাল পূরণ করে।

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার অগ্রগতি এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি দেখেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেছেন। এদিকে স্বাস্থ্য সচিবের ঢাকার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন– ছেলে ৪৯ হাজার ২৮, মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। প্রতিযোগিতা এবারও তীব্র, আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর অনুপাত অনেক বেশি।

লিখিত পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন– জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাস নম্বর ৪০। ভুল উত্তরে কর্তন ০.২৫।

সরকারি মেডিকেলে আসন ৫,৬৪৫—এর মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেলে আসন ৭,৪০৬—যার মধ্যে এমবিবিএস ৬,০০১ এবং বিডিএস ১,৪০৫। সব মিলিয়ে আসন ১৩,০৫১টি। এর মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০।

পুনর্বিন্যাসে সরকারি ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, বাড়ানো হয়েছে তিনটিতে ৭৫টি– নিট হিসেব অনুযায়ী সরকারি আসন কমেছে ২৮০টি। বেসরকারি ৬৬ মেডিকেলে কমেছে আরও ২৯২টি আসন।

উল্লেখ্য, গত বছর এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা এক মাসেরও বেশি এগিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা

মাত্র চার দিনের ব্যবধানে ফের বড় ভূমিকম্প হয়েছে জাপানের উত্তরপূর্বাঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া দপ্তর (জিএমএ)।

তাৎক্ষণিক এক বার্তায় জিএমএ জানিয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে ঘটে এ ভূমিকম্পক। উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলায় সাগরের তলদেশের ২০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার।

মাত্র চার দিন আগে সোমবার একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের উত্তপত্তিস্থলও ছিল সাগরের তলদেশ।

আজকের ভূমিকম্পের পর সরকার হনশু, হোক্কাইডো ও রাজধানী টোকিওর পূর্বদিকে চিবা দ্বীপের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে সরকার। সরকারের সতর্কবার্তায় বলা হয়েছে, চার দিন আগের ভূমিকম্পের ধারবাহিকতায় আজকের ভূমিকম্প হয়েছে এবং নিকট ভবিষ্যতে এমন আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত ও ক্ষুধার পাশাপাশি মানবপাচারকারীদের নৌকায় পানি ভেবে পেট্রোল পান করায় তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার পুত্র শাকিব আহমেদ শুভ, একই জেলার জিতু উল্লাহর পুত্র সায়েম আহমেদ।

গ্রিসের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৬ নভেম্বর ছোট নৌকায় লিবিয়া থেকে গ্রিস অভিমুখে যাত্রা শুরু করেন। মাঝ সমুদ্রে তাদের প্লাস্টিকের তৈরি নৌকাটি ছিদ্র হয়ে পানি প্রবেশ করে। পথে তাদের কাছে কোনো খাবার ছিল না। তারা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন। প্রায় দু’দিন খাবার না পেয়ে তারা প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় পানি ভেবে বোতলে থাকা পেট্রোল পান করেন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসকে অবহিত করলে দূতাবাস তাৎক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেয়। দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার কারণে তাদের অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে। পেট্রোল পান করার কারণেই দুই জনের মৃত্যুসহ বাকি চার জনের অবস্থা গুরুতর ছিল। এছাড়াও একজনের কিডনিতে পেট্রোলের প্রভাব পড়েছে, যার কারণে তার কিডনি ডায়ালাইসিস চলমান রয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত থাকায় দু’দিন পর তাদের হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে। এছাড়াও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে বলে জানানো হয়।

আটকরা জানান, দালাল চক্রের মাধ্যমে নৌকায় গ্রিসে অনুপ্রবেশের চেষ্টা করার সময় পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। অমানবিক অবস্থায় ভ্রমণ করতে গিয়ে তারা জীবনের ঝুঁকিতে পড়েন।

এথেন্সের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, মানবপাচারকারীদের হাত থেকে দূরে থাকতে এবং কোনোভাবেই অবৈধভাবে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার চেষ্টা না করতে সর্বসাধারণকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালে থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় সব সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধ পথে অনুপ্রবেশ জীবনের জন্য ভয়াবহ ঝুঁকি। গ্রিসে বৈধভাবে আসার পথ ছাড়া অন্য কোনো উপায় গ্রহণ করা উচিত নয়।

নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

এ ঘটনায় গ্রিসে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

সিইসি জানান, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত তথা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এর আগে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। যেটি আজ প্রচার করা হয়।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল ঘোষণার পর আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপনসহ বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি করা হবে। মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইনশৃঙ্খলা সেল গঠন— এগুলোর ফরমেট তৈরি রয়েছে।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুবার জয়ী হয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ প্রথম, সপ্তম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে; দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি এবং তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে বিজয়ী হয় জাতীয় পার্টি।

সংসদের মেয়াদ পাঁচ বছর হলেও রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও দ্বাদশ সংসদ মেয়াদ পূর্ণ করতে পারেনি। তবে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ তাদের মেয়াদকাল পূরণ করে।

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

এতে বলা হয়েছে, ‘গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়।’

৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, গত ২৭ নভেম্বর খালেদা জিয়ার ‘অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস’ ধরা পড়ে, যেগুলোর নিবিড় চিকিৎসা এখনো চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ‘শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন) কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পাশাপাশি কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয়। এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। এ ছাড়া পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ‘ডিআইসি’র ফলস্বরূপ তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান (ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাকশন) ট্রান্সফিউশন দিতে হচ্ছে।

সব চিকিৎসার পরও জ্বর না কমার কারণে এবং পাশাপাশি রেগুলার ইকোকার্ডিওগ্রাফিতে অরটিক ভাল্‌ভে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় টিইই (ট্রান্স অয়েসোপিগাল ইকো) করা হয় এবং সেখানে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস ধরা পরে। সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে এ রোগের চিকিৎসা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়।

চিকিৎসা কার্যক্রম ও মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মাল্টি-ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড (এমডিটি) গঠন করা হয়েছে। এই বোর্ডে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জনস হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের চিকিৎসকরা অন্তর্ভুক্ত রয়েছেন। মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার এবং ব্যক্তিগত চিকিৎসক হিসেবে রয়েছেন প্রফেসর এফ এম সিদ্দিকী ও প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো প্রকার গুজব বা ভুল তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড। একইসঙ্গে রোগীর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শিশু সাজিদ মারা গেছে

অবশেষে মারা গেল শিশু সাজিদ। রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুর মৃত্যু সংবাদ বলার সময় কান্নায় ভেঙে পড়েন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। তিনি বলেন, শিশু সাজিদ বেঁচে নেই।

ডা. বার্নাবাস হাসদা জানান, অতিরিক্ত ঠাণ্ডা এবং অক্সিজেন না পাওয়ায় শিশু সাজিদের মৃত্যু হয়েছে।

শিশুর নানা আইয়ূব আলী বলেন, ‘উদ্ধারের সময় সাজিদ বেঁচে ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিলেন সে বেঁচে আছে। আমি নিজে দেখেছি সে বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে আসার পর মারা গেল। মরদেহ তার বাড়ি তানোর কুড়িরহাট পূর্বপাড়া নেওয়া হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাত ৯টায় শিশুটিকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করেছি। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানাবেন।’

প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারে তিনি ‘অপমানবোধ’ করছেন জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি রয়টার্সকে বলেন, ‘আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যেতে চাই।

তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছেন না জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এ অবস্থানে আছি।’

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার পদটি মূলত আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতির অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মো. সাহাবুদ্দিন।