শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় জমেলা টাওয়ার নামে ১২তলা একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়।
৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘একটা স্বস্তির বার্তা নিয়ে আমি এসেছি। আপনাদের জানাচ্ছি—আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি মানুষের প্রিয় মানুষ, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন।
তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন।’

তিনি বলেন, ‘বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্র উত্তরণের নেতৃত্ব দিয়ে সাফল্যের পরিচয় দিয়েছেন। আমি আবার বলছি—আগামী ২৫ ডিসেম্বর আমাদের সংগ্রামী নেতা তারেক রহমান আমাদের মাঝে আসছেন।

তিনি আরো বলেন, ‘শুধু আমাদের পক্ষ থেকে নয়, সবার পক্ষ থেকে আমরা তার এ আগমনকে স্বাগত জানাই। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি তারেক রহমান দেশে এলেই সেসব বাধা দূর হয়ে যাবে।’

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাজ্জাত আলী গণমাধ্যমে এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর।
ওসমান হাদির ওপরে গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য।

শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে।
তাকে উদ্ধার করে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে।
পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।

এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। সেখানে যেতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এখন শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছেন জুলাইয়ের সংগঠকরা।

নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই : প্রেসসচিব

অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেসসচিব। নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসসচিব বলেন, ‘দেশের জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে আছেন।
পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন-শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এ ছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, সরকার কঠোর হাতে তাদের দমন করবে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
কোনোভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই।’

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বদলির তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া ৩০ অতিরিক্ত ডিআইজি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পান।

ওসমান হাদি এখন কোমায় আছেন : চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।

তিনি জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর।
তার মাথায় গুলি বিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

ওসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির জন্য বি নেগেটিভ রক্ত লাগবে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

নির্বাচনের ঘোষণা দিয়ে ফেসবুকে দেওয়া ভিডিওবার্তায় আসিফ বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়।
যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়। প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্রপ্রতিষ্ঠা নতুন সামাজিক রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।’

তিনি বলেন, ‘এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ— কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতা থাকবে শুধু আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী।
এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।’

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

তার সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির জন্য বি নেগেটিভ রক্ত লাগবে।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায়।

ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

‘নির্বাচন সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত’

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি কথা জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার এই ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।

ইউক্রেনে নির্বাচনের বিষয়ে উদ্বেগ ট্রাম্পের

যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেই এবার ইউক্রেনে নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সংসদে আলোচনা চলছে জানিয়ে বাড়তি চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মস্কো পোকরোভস্কের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও তা অস্বীকার করেছে কিয়েভ।

ট্রাম্পের হস্তক্ষেপ, শান্তি আলোচনা, ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনস্কির দফায় দফায় বৈঠক, কোনো কিছুই চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সমাধান এনে দিতে পারছে না। যুক্তরাষ্ট্র, ইউরোপজুড়ে শান্তির জন্য একের পর এক আলোচনা চললেও ইউক্রেন-রাশিয়ায় হামলা পাল্টা হামলা চলছেই। একের পর এত ভূখণ্ড দখলের দাবি করছে রাশিয়া।

গত বুধবার আরও একটি অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে মস্কো দাবি করে, বলে পোকরোভস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। যদিও ইউক্রেনের দাবি, বেশিরভাগ জায়গায় রুশ হামলা প্রতিহত করেছে তারা।

এছাড়া ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৪৬টি এলাকায় হামলা চালিয়েছে বলেও দাবি রুশ বাহিনীর। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় জ্বালানি ও পরিবহন অবকাঠামো, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সশস্ত্র বাহিনীসহ আরও গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই সঙ্গে ইউক্রেনের ১০২টি ড্রোন ভূপাতিত করার কথাও স্বীকার করেছে মস্কো।

অন্যদিকে, একটি তেলবাহী ট্যাংকারে হামলার পাশাপাশি রাশিয়ার একটি ট্যাঙ্ক, একটি সাজোয়া যান, ২৫ আর্টিলারি সিস্টেম এবং ১৭৭টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। ফ্রন্ট লাইনে ১৭৭টি সংঘর্ষ হয়েছে বলেও জানিয়েছে দেশটি।

এর আগে, খেরসনে রাশিয়া-নিয়ন্ত্রিত অংশে একটি হাসপাতালে ইউক্রেনীয় গোলাবর্ষণে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইউক্রেনের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ইউক্রেনে অনেকদিন ধরে নির্বাচন হচ্ছে না। দেশটির বেশিরভাগ নাগরিক নির্বাচন চায় দাবি করে, চলমান সংঘাত সমাধান করে ইউক্রেনে দ্রুত নির্বাচন দিতে জেলেনস্কিকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘লম্বা সময় পেরিয়ে গেলেও ইউক্রেনে কোনও নির্বাচন হয় নি। ইউক্রেনের জনগণ চলমান সংকটের সমাধান চান। আমি মনে করি, চলমান সংঘাতের সমাধান হওয়া উচিত।’

এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচন সম্পর্কিত আইনি বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করেছেন। এ নিয়ে বাড়তি চাপ না দিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ আমি মেনে নেব না। যদি যুক্তরাষ্ট্রসহ আমাদের মিত্ররা এ নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আমরা প্রয়োজনীয় উত্তর দিতে প্রস্তুত।’

২০১৯ সালে ইউক্রেনে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল। যেখানে ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হন। গেল চার বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ চলমান।