সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

অ্যাতলেতিকোর কাছে হেরে বিদায়ের শঙ্কায় বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়ার পর অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের শট রুখে দেন গোলরক্ষক হুয়ান মুসো।
অন্যদিকে সাবেক বার্সা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিয়েজমানও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

১৮ মিনিটে রাশফোর্ড বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রথমার্ধের শেষ মুহূর্তে।

ভিএআর যাচাইয়ের পর বার্সার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
একে একে পিছিয়ে পড়া বার্সার জন্য এটি ছিল বড় ধাক্কা। সেই ফ্রি-কিক থেকেই অসাধারণ গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েও আক্রমণ চালিয়ে যায় বার্সা। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
উল্টো ৭০ মিনিটে বদলি হিসেবে নেমে আলেক্সান্ডার সলরথ ব্যবধান দ্বিগুণ করেন, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

পরিসংখ্যানে এগিয়ে থেকেও গোলের দেখা না পাওয়ায় হতাশ হতে হয়েছে বার্সাকে। অন্যদিকে কম সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো।

এই জয়ের ফলে সেমিফাইনালের পথে বড় সুবিধা পেয়ে গেল অ্যাতলেতিকো মাদ্রিদ। আর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে বার্সেলোনাকে করতে হবে কঠিন লড়াই।

ট্রাম্প তোমাকে হাঁসের মতো দেখাচ্ছে, যুদ্ধবিরতির পর ক্ষোভে ইসরায়েলি নেতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। দেশটির সরকারি জোটের সদস্য থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা ও সামরিক বিশ্লেষকরা এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কৌশলগত পরাজয় এবং ‘ঐতিহাসিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।

বিশেষ করে কট্টর ডানপন্থী ওজমা ইয়েহুদি পার্টির সংসদ সদস্য সভিকা ফোগেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পকে উপহাস করে লেখেন, ‘ডোনাল্ড, তোমাকে দেখে এখন একটি হাঁসের মতো (ডাক) মনে হচ্ছে।’ যদিও সমালোচনার মুখে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে এই মন্তব্যটি ইসরায়েলি রাজনীতিকদের চরম হতাশার চিত্র ফুটিয়ে তুলেছে।

ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই চুক্তির কড়া সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের ইতিহাসে এর আগে কখনো এত বড় কূটনৈতিক বিপর্যয় ঘটেনি। তিনি অভিযোগ করেন, যখন জাতীয় নিরাপত্তার অত্যন্ত সংবেদনশীল ও মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলে থাকার সুযোগ পর্যন্ত পায়নি।

লাপিদ আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগত ও কূটনৈতিকভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং যুদ্ধের শুরুতে তিনি যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন, তার একটিও অর্জিত হয়নি। তার মতে, নেতানিয়াহুর অহংকার ও দূরদর্শিতার অভাবের কারণে ইসরায়েলের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লেগে যাবে।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একই ধরনের সুর শোনা গেছে। ডেমোক্র্যাট পার্টির নেতা ও সাবেক জেনারেল ইয়ার গোলান দাবি করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের জনগণের কাছে মিথ্যা বলেছেন। গোলান বলেন, ‘তিনি ঐতিহাসিক বিজয় ও কয়েক প্রজন্মের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে আমরা ইতিহাসের অন্যতম ভয়াবহ কৌশলগত ব্যর্থতার সম্মুখীন হয়েছি।’

গোলান উল্লেখ করেন, যুদ্ধের ৪১ দিন পরেও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অক্ষত রয়েছে এবং দেশটি আগের চেয়েও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। অন্যদিকে, ইসরায়েল বেইতেনু দলের নেতা অ্যাভিগডোর লিবারম্যান সতর্ক করে বলেছেন, এই চুক্তির অর্থ হলো ভবিষ্যতে আরও কঠিন শর্তে এবং বড় মূল্যে ইসরায়েলকে আবারও যুদ্ধে জড়াতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ও সামরিক বিশ্লেষকরাও এই চুক্তির কঠোর সমালোচনা করছেন। কান ১১ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে ইসরায়েল সরকার বিস্মিত হয়েছে।

সামরিক বিশ্লেষক অ্যাভি আশকেনাজি মা’আরিভ পত্রিকায় লিখেছেন, ৪১ দিনের লড়াই এবং ইসরায়েলে ৫ হাজার স্থাপনা ধ্বংস হওয়ার পর এই চুক্তি কার্যত ইরানের একটি নির্ণায়ক বিজয়ে পরিণত হয়েছে। তার মতে, এটি একটি আত্মসমর্পণমূলক চুক্তি যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মান ক্ষুণ্ণ করেছে।

একইভাবে হারেৎজ পত্রিকার বিশ্লেষক আমোস হারেল মনে করেন, অপ্রয়োজনীয় এই যুদ্ধে ট্রাম্পকে টেনে আনার কারণে প্রেসিডেন্টর সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্কও ভবিষ্যতে সংকটে পড়তে পারে।

সূত্র: মিডল ইস্ট আই।

‘ভ্রাতৃপ্রতিম’ লেবাননে ইসরাইলি হামলার নিন্দা সিরিয়ার

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘ভ্রাতৃপ্রতিম’ লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মন্ত্রণালয়টি জোর দিয়ে বলেছে যে, ইসরায়েলের এই ধারাবাহিক হামলা- আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, বুধবার মাত্র ১০ মিনিটের মধ্যে ইসরাইলি বাহিনী দেশজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার বেশিরভাগই রাজধানী বৈরুতে কেন্দ্রীভূত ছিল।

এসব হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১,১৬০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই।

জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার রায় আজ

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মামলার রায় আজ ঘোষণা করা হবে। গত ৫ মার্চ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন। এই বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

এই মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার রয়েছেন।

বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলায় ৩০ জন আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

২০২৫ সালের ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। পরে গত ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল-২। এরপর গত ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া সাঈদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ দেয়।

তামিমকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন দায়িত্ব পাওয়া তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তামিমের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করে। দায়িত্ব নেওয়ার পরপরই দেশের ক্রিকেটে শৃঙ্খলা ও সুনাম ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক এই অধিনায়ক।

এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছে ভারতের ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করবে।’

এদিকে, আগের কমিটি ভেঙে দেওয়ার পেছনে নির্বাচন নিয়ে অনিয়ম, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে আসে।

এসব অভিযোগের প্রেক্ষিতেই এনএসসি এই সিদ্ধান্ত নেয়। নতুন অ্যাড-হক কমিটিকে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপড়েনের মধ্যে থাকলেও তামিমকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বিসিসিআই। ফলে দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা, ইরানের ১০ প্রস্তাবে যা আছে

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের ১০ দফা প্রস্তাব সামনে এসেছ। ইরান এই ১০ দফার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।

আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে এই আলোচনা।

আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য উঠে এসেছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ১০ দফা পরিকল্পনার প্রধান দিকগুলোর মধ্যে রয়েছে—

ইরান তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি দিয়ে ‘নিয়ন্ত্রিত যাতায়াতের’ প্রস্তাব দিয়েছে।
এ ছাড়া তারা একটি ‘নিরাপদ ট্রানজিট প্রোটোকল’ তৈরির দাবি করেছে যা এই প্রণালিতে ইরানের আধিপত্য নিশ্চিত করবে।
পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধকালীন ঘাঁটি এবং সেনা মোতায়েন কেন্দ্র থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান।
ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে। এটি মূলত হিজবুল্লাহ, হামাস ও হুতিদের ওপর হামলা বন্ধের দাবি।
ইরানের বিরুদ্ধে থাকা প্রাথমিক ও মাধ্যমিক সব নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদের সব নেতিবাচক প্রস্তাবনা প্রত্যাহার।
বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
বিগত বছরগুলোতে ইরানের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ‘পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ’ দাবি করা হয়েছে তেহরানের পক্ষ থেকে।
ইসলামাবাদে সমঝোতা হওয়া প্রতিটি বিষয়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি ‘বাধ্যতামূলক রেজুলেশন’ হিসেবে পাস করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ এর থেকে সরে যেতে না পারে।
যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান। এই যুদ্ধবিরতি দুই সপ্তাহের জন্য কার্যকর হবে।

এতে মধ্যস্থতা করেছে পাকিস্তান। তেহরান জানিয়েছে, যুদ্ধ বিরতির ফলে এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত করা যাবে।

রাজধানীর গ্রিন রোডে হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

সারা দেশে ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন লিখিত প্রশ্নে বলেন, ‘বর্তমানে দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কি না; না থাকলে, প্রাথমিক বিদ্যালয়বিহীন নামসহ গ্রামের সংখ্যা কত? ওই গ্রামগুলোতে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে কি না?’

উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘না, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি; সর্বমোট ২৮৪৭টি।

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এ সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্বকাপের আগে বড় পরীক্ষা নেইমারের

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল তারকা নেইমারকে ঘিরে বড় পরিকল্পনা নিয়েছে তার ক্লাব সান্তোস। ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, বিশ্বকাপের আগে নেইমারকে টানা ১৩টি ম্যাচ খেলানো হবে, যাতে তিনি পূর্ণ ফিটনেসে ফিরতে পারেন।

চোট কাটিয়ে ২০২৬ সালে ভালো ছন্দে রয়েছেন নেইমার। সান্তোসের হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে ছয়টি গোলে অবদান রেখেছেন তিনি।

তবে সম্প্রতি হাঁটুতে চিকিৎসা নেওয়ার কারণে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ মিস করায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল।
কোচ কুকা জানান, নেইমারের হাঁটুতে প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) চিকিৎসা দেওয়া হয়েছে, যা শরীরের ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে। এটি দলের পরিকল্পনারই অংশ, যাতে তিনি টানা ম্যাচ খেলার জন্য প্রস্তুত হতে পারেন।

তিনি বলেন, ‘আমরা তাকে শক্তি, গতি ও সহনশীলতায় উন্নত করছি।

সামনে টানা ১৩টি ম্যাচ খেলতে হবে, তাই এখনই তাকে প্রস্তুত করা জরুরি।’
তবে এত কিছুর পরও নেইমারের বিশ্বকাপ দলে জায়গা এখনো নিশ্চিত নয়। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, শতভাগ ফিট না হলে দলে সুযোগ পাবেন না নেইমার।

বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেলি ও এনদ্রিকের মতো ফর্মে থাকা তারকারা রয়েছেন, যা নেইমারের জন্য প্রতিযোগিতা আরো কঠিন করে তুলেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে নিয়মিত খেলতে পারেননি নেইমার। তাই সামনে টানা ম্যাচগুলোই তার জন্য সবচেয়ে বড় সুযোগ।

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন। তিন দিনের এই সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরের সময় খলিলুর রহমান শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের আলোচনায় ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

বিশেষ করে, পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও পারস্পরিক সুফলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো স্বাভাবিক ও গতিশীল করার দিকেই জোর দেওয়া হবে।

এই সফরটি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফর শুরু হবে। পরদিন ৮ এপ্রিল তিনি এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন।

জানা গেছে, ৯ এপ্রিল সকালে দিল্লি থেকে একটি ফ্লাইটে তিনি এবং এস জয়শঙ্কর একই সঙ্গে মরিশাস যাবেন। সেখানে ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা ও সামুদ্রিক কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা।