বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়ল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, আমাদের পোস্টাল ভোট বিডিতে আমাদের প্রবাসী এবং দেশের অভ্যন্তরে যে তিন ক্যাটাগরির মানুষ বা ভোটাররা নিবন্ধন করে ভোটদানের যে সময়সীমা আমরা করেছিলাম ৩১ ডিসেম্বর পর্যন্ত, এটা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে অনেকে এখনো কমপ্লিট করতে পারছেন না।
এজন্য আমাদের বারবার অনুরোধ করছেন আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দিই। সেই বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আগামী বছরের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এটা থাকবে। এটা আর বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

উন্নয়ন ও সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘উন্নয়ন, অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। অথচ লোভ, ভয় ও স্বার্থপরতার কারণে সমাজের মানুষ দিন দিন সঠিক নেতৃত্ব নির্বাচনের যোগ্যতা হারাচ্ছে।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সহযোগী নারী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম হলেও কুরআনের শাসন এখনো প্রতিষ্ঠিত হয়নি।
শাসকদের অন্তরে যদি আল্লাহভীতি থাকত, তবে এত অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি সমাজে বিস্তার লাভ করত না। কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে ইসলামপন্থীদের সংসদে পাঠাতে হবে।’

তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেমন মদিনায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, তেমনি একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হলে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম মেধাভিত্তিক, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করে।
জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম। তাই তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে নানা ষড়যন্ত্র আসতে পারে, তবে জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের অভিযাত্রা এগিয়ে নিতে হবে।’

রঘুনাথপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনিসুর রহমান ফারাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মণ্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার ও মাওলানা ফয়েজ উদ্দিন।

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন তিনি।

এ ছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় আসবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন। পাশাপাশি ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এর পর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো রেল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার অতিরিক্ত মেট্রো রেল চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ছে।

ডিএমটিসিএল তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ‘জিয়া উদ্যানে’ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত করা হবে।

বুধবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে।
বার্ষিক/অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫-এর সাথে সংশ্লিষ্ট শাখা/বিভাগ ব্যাংক স্বীয় বিবেচনায় খোলা রাখবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে ব্যাংক কার্যক্রম চালু ও আদালতের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে জানানো হয়।

জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ নিবন্ধিত দল : ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত মোট ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে এবং ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

রুহুল আমিন মল্লিক জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক অংশগ্রহণ করছে।

ইসি জানায়, সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

জানা যায়, বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। এ ছাড়া নিবন্ধন বাতিল হয়েছে পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের।

এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী চলমান গণভোটের সব ধরনের প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
তাঁর মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ১২০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৬৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৯৩ জন।
এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।

আবুধাবির পদক্ষেপকে ‘বিপজ্জনক’ বলে জাতীয় নিরাপত্তা সতর্কতা সৌদি আরবের

সৌদি আরব মঙ্গলবার ঘোষণা করেছে, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং আবুধাবির পদক্ষেপকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে। উপসাগরীয় এ দুই রাজতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ্য বিরোধে রূপ নেওয়ার পর এমনটি জানাল রিয়াদ।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে যে লড়াই চালাচ্ছে—ঘণ্টাখানেক আগে তারা জানায়, বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য পাঠানো সংযুক্ত আরব আমিরাতের অস্ত্রবাহী এক চালানে তারা হামলা চালিয়েছে। এর পরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া ভাষার বিবৃতি আসে।

বিবৃতিতে বলা হয়, ‘আমিরাতের নেওয়া পদক্ষেপগুলোকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।’ এতে আরো যোগ করা হয়, ‘রাজত্ব জোর দিয়ে বলছে, তার জাতীয় নিরাপত্তার যেকোনো হুমকি একটি রেড লাইন এবং এমন কোনো হুমকির মোকাবিলা ও নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাবেক স্বাধীন রাষ্ট্র দক্ষিণ ইয়েমেন পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা আকস্মিক আক্রমণে বিস্তৃত এলাকা দখল করে নিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তাদের এই সাফল্য আঞ্চলিক প্রভাবশালী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবকে বিব্রত করেছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জোট বলেছে, ‘এই অস্ত্রগুলোর কারণে সৃষ্ট বিপদ ও উত্তেজনা বিবেচনায়, আজ সকালে জোটের বিমানবাহিনী একটি সীমিত সামরিক অভিযান পরিচালনা করেছে—যা আল-মুকাল্লা বন্দরে দুটি জাহাজ থেকে নামানো অস্ত্র ও যুদ্ধযানকে লক্ষ্যবস্তু করে।’

বন্দরের এএফপি ফুটেজে দেখা গেছে, ডজনখানেক সামরিক যান ও পিকআপ সারি সারি দাঁড়িয়ে আছে—এর কয়েকটি পুড়ে কালো হয়ে ধোঁয়া ছাড়ছিল, কর্মীরা সেগুলোতে পানি ছিটাচ্ছিলেন।

এই হামলার পর এডেনভিত্তিক সরকারের শীর্ষে থাকা ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের নেতা জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিরাপত্তা চুক্তি বাতিল করেন—এর আগে আমিরাত-সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনী বড় অংশের এলাকা দখল করে নেয়।

এসটিসি একই সঙ্গে সরকারেরও একটি গুরুত্বপূর্ণ অংশ—যা ভঙ্গুর এক জোটের মতো নানা গোষ্ঠী নিয়ে গঠিত; তাদের একত্রীকরণ ঘটেছে মূলত ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরোধিতায়—যারা ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করে।

সূত্র : এএফপি

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক গেজেট জারি করেছে সরকার।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এতে আরো বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে উক্ত তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গেজেটে আরো বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর আনুমানিক ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।