মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশিদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (৪৫) এবং শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন ব্যাপারী (৫৫)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

আইপিএল নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েছেন বলিউডের ‘বাদশা’। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম।

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে ৯ কোটি রুপিতে মুস্তাফিজকে নিজেদের ডেরায় টানে কেকেআর। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশি ক্রিকেটারকে বিপুল অর্থে কেনায় শাহরুখের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ সঙ্গীত সোম।

শাহরুখকে সরাসরি আক্রমণ করে এই বিজেপি নেতা বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটা আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।’

সঙ্গীত সোম আরও অভিযোগ করেন যে, শাহরুখ ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তার কথায়, ‘আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনও পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাস্ত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।’

উল্লেখ্য, এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। তবে এবারের সরাসরি ‘গাদ্দার’ সম্বোধন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক অগ্রগতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ৩০ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৮ হাজার ৫১৭ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ১১২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

দেশে দেশে নতুন বর্ষ বরণ

বিশ্বের অনেক দেশ যখন নতুন বছর বরণের অপেক্ষায়, তখন কয়েকটি দেশে এরইমধ্যে খ্রিষ্টীয় বর্ষবরণের উদ্‌যাপন শুরু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সাল বরণ করেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় যখন ১০টা তখন কিরিবাতির কিরিমাটি বা ক্রিসমাস দ্বীপে ঘড়ির কাঁটা গড়ায় রাত ১২টায়। দেশটির অন্যান্য অংশেও এর ঘণ্টাখানিক পর উদ্‌যাপন শুরু হয়।
কিরিবাতি প্রশান্ত মহাসাগরের ৩৩টি দ্বীপ নিয়ে গঠিত। ১৯৯৪ সালে তারা আন্তর্জাতিক তারিখ রেখার পাশে সময় অঞ্চল পরিবর্তন করে। এর লক্ষ্য ছিল সব দ্বীপে একই তারিখ বজায় রাখা।

কিরিবাতির পর খ্রিষ্টীয় বর্ষবরণ করে নিউজিল্যান্ড, সামোয়া ও টঙ্গা।
গ্রিনিচ মান সময় ১১টায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে রঙিন আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে বর্ষবরণ শুরু হয়।

বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, অকল্যান্ডে বছরের শেষ দিনের অধিকাংশ সময়জুড়ে বৃষ্টি হয়। কিন্তু রাতে আকাশ ছিল মেঘমুক্ত। আতশবাজির রঙিন আলোয় উজ্জ্বল হয় অকল্যান্ডের আকাশ।

২০২৬ সাল বরণ করতে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতি বছর মধ্যরাতের মূল মুহূর্ত উদ্‌যাপিত হয় হারবার ব্রিজে বার্ষিক আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে। পাশাপাশি ফ্যামিলি ফায়ারওয়ার্ক শো চলে বিদায়ি বছরের শেষ তিন ঘণ্টা জুড়ে। এতে শিশুরা উদ্‌যাপনের সুযোগ পায়।

দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, হংকং, চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভ্যাটিকান সিটিসহ বিভিন্ন দেশে নববর্ষ পালন করা হয়েছে, তা ছাড়া অপেক্ষায় রয়েছে অনেক দেশ।

খালেদা জিয়ার হত্যার দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনোই মুক্তি পাবেন না

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে ‘হত্যা করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ হত্যার দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনই মুক্তি পাবেন না বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকার পৌনে ৩টার দিকে জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম সবার উদ্দেশে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।

নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী। সমগ্র দেশবাসী সাক্ষী যে, হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশ-বিদেশের চিকিৎসকদের মতে পরে গৃহবন্দি থাকা চার বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার অসুস্থতা ক্রমে বেড়েছে। ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হলো এ অপরাজেয় নেত্রীর। তাই এ মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না।

বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্যই খালেদা জিয়ার এমন ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।

পোস্টে তারেক রহমান লিখেছেন, ‌‘গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।

দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন এবং শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব নারী ও পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই, যার মাঝে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং এপিবিএন। আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লাখ লাখ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, স্বতঃস্ফূর্তভাবে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে, এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে। যাদের কাজ অনেক সময় চোখে পড়ে না, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যদের প্রতিও আমি সমানভাবে কৃতজ্ঞ। আপনাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ, গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা, ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপনাদের সমন্বয় এবং উপস্থিতির মাধ্যমে, আমরা শান্তিতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন। এটা প্রমাণ করে, দেশের সীমানার বাইরে থেকেও আমার মা’র প্রতি কতটা গভীর সম্মান ছিল।

কয়েক বর্গ কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশের মিডিয়াকর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।

আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং তার মন্ত্রিসভার সব সদস্যদেরও অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে।

আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।’

রাষ্ট্রীয় শোক পালন শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাহী আদেশে গতকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে গতকাল সরকারি সব অফিস-আদালত, ব্যাংক-বীমা বন্ধ ছিল। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থাগুলো খোলা রাখা হয়।
কাল শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। শুক্রবার খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় শোক (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাঁর মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। কর্মসূচি হিসেবে এ তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গতকাল খালেদা জিয়ার জানাজা বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল সাড়ে ৪টায় তাঁর স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। গতকাল সারা দিন বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার দপ্তর, জাতীয় সংসদ ভবনসহ সব রাষ্ট্রীয় অফিস আদালত এবং বিদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। এ ছাড়া আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি ছিল কালো পতাকা। রাজধানী ঢাকাসহ সারা দেশেই ছিল শোকের ছায়া।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যান খালেদা জিয়া। তাঁকে গত ২৩ নভেম্বর এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

এক ঐতিহাসিক বিদায়, এটা সবার ভাগ্যে জোটে না: ফারুকী

লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। এদিন তার জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জনস্রোত বয়ে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

খালেদা জিয়ার বিদায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি লেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় জাতি তাকে সবচেয়ে সম্মানের বিদায় দিয়েছিল। আজ বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো এক ঐতিহাসিক বিদায়।

জনস্রোত নিয়ে উপদেষ্টার অভিমত, মানিক মিয়া অ্যাভিনিউ-সংসদ ভবন দক্ষিণ প্লাজা থেকে শুরু করে একদিকে সোবহানবাগ, অন্যদিকে কারওয়ান বাজার, আরেকদিকে বিজয় সরণি, শ‍্যামলী হয়ে এই যে জনতার স্রোত—এটা বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতার প্রকাশ। এটা সবার ভাগ্যে জোটে না।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসের বেশি চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজে ইমামতি করেন।

খালেদা জিয়ার সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখল ব্রিটিশ হাইকমিশন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে বুধবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এক বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে আজ ব্রিটিশ হাইকমিশনের যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমাদের ভাবনা তার পরিবার (খা‌লেদা জিয়া) এবং খালেদা বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে। এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তারেক রহমানের সঙ্গে নেপাল-ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

বিএনপির মিডিয়া সেল জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা যান।

এ ঘটনায় শোক জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।