মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির এই দাম সমন্বয় করা হবে। বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্দেশনা জনসাধারণের সামনে প্রকাশ করা হবে।

এর আগে, ডিসেম্বর মাসে গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার ২৫৩ টাকা।

দাম আরও বেড়েছে, ১২ কেজির এলপিজি এখন ২২০০ টাকায়ও মিলছে না

এছাড়া সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩০৫ টাকা, ১৫ কেজির এক হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজির এক হাজার ৬৭১ টাকা, ১৮ কেজির এক হাজার ৮৮০ টাকা, ২০ কেজির দুই হাজার ৮৮ টাকা, ২২ কেজির দুই হাজার ২৯৮ টাকা, ২৫ কেজির দুই হাজার ৬১০ টাকা, ৩০ কেজির ৩ হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজির ৩ হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজির ৩ হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে এলপিজির দাম এ যাবতকালের সব রেকর্ড ছাড়িয়েছে। কোনো ঘোষণা ছাড়াই ১ হাজার ২৫৩ টাকার এলপিজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এলসি জটিলতার কারণে সরবরাহ কম থাকায় দাম এভাবে বেড়েছে।

আজও ঢাকায় কুয়াশা, তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে

আজ সকাল থেকেই কুয়াশায় ঢেকে আছে ঢাকা। মেলেনি সূর্যের দেখা। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আজ সকাল ৬টার সময় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এছাড়া, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে।

ভেনেজুয়েলা সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতে পেত্রো এ নির্দেশ দেন।

শনিবার বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পেত্রো ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে।

পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করলেও বামপন্থী এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, তিনি ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেত্রো। যদিও ভেনেজুয়েলার এই নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

ট্রাম্পের ভেনিজুয়েলা আক্রমণে নিন্দা জানিয়ে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী বললেন, সবার আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছেন, সব দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। মার্কিন বাহিনী সম্প্রতি বৃহৎ আকারের অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তিনি এই মন্তব্য করেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্টারমার পরিস্থিতিকে ‘দ্রুত পরিবর্তনশীল’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত তথ্য যাচাই করার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন।

স্টারমার উল্লেখ করেছেন, যুক্তরাজ্য এখনও বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেয়নি, যেখানে মাদুরো তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছিলেন। দেশটি সেখানে শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

হাদি হত্যার বিচারে তাড়াহুড়ো করার কোন সুযোগ নাই: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ওসমান হাদি হত্যার বিচারের বিষয়ে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। হত্যাকারীরা কোথায় আছে সে সম্পর্কে একশত ভাগ নিশ্চিত নই। যতদ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।

গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের পক্ষ থেকে সম্পর্ক ভালো রাখার চেষ্টা আছে। বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।

তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার চায় যত দ্রুত সম্ভব, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করতে। নির্বাচনের বিষয়ে বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

৩০৪ বিলিয়ন ব্যারেল তেলের লোভ সামলাতে পারছেন না ট্রাম্প-খামেনির বিস্ফোরক মন্তব্য

সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য ‘বিপদসঙ্কুল’ বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশেষ করে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ ও কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণকে ‘আগ্রাসী ও ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন তিনি। খামেনির মতে, এই হুমকির পেছনে মূল কারণ হলো বিশ্ব জ্বালানি বাজারে মার্কিন আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা।

আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র কেবল ভেনেজুয়েলার রাজনৈতিক কাঠামো পরিবর্তনের চেষ্টাই করছে না, বরং দেশটির আনুমানিক ৩০৩ থেকে ৩০৪ বিলিয়ন ব্যারেল তেলের বিশাল ভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইছে। উল্লেখ্য, এটি বিশ্বের মোট তেল মজুতের প্রায় ১৭ শতাংশ। খামেনির দাবি, এই বিপুল সম্পদের লোভ ও বিশ্ব শক্তি নিয়ন্ত্রণ করাই মার্কিন নীতির প্রকৃত উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রকে “ভূমি ও সম্পদ দখলদার” হিসেবে আখ্যায়িত করে খামেনি বলেন, ওয়াশিংটন ক্রমাগত বিভিন্ন দেশে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার ওপর মার্কিন নৌ-অবরোধ, তেলের ট্যাঙ্কার জব্দ এবং রাজনৈতিক চাপ প্রয়োগের নেপথ্যে কেবল “তেলের লোভ ও ক্ষমতা বিস্তারের” ইচ্ছা কাজ করছে বলে তিনি মনে করেন।

খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের এই আচরণকে উগ্র রাজনৈতিক মানসিকতা এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী বলে উল্লেখ করেন। তার মতে, শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে দুর্বল রাষ্ট্রগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কবজা করতে চায়। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা পর্যন্ত বর্তমানে যে সংকট দেখা দিয়েছে, তা এই নীতিরই অংশ।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, খামেনির এই সমালোচনা পশ্চিমা নীতির বিরুদ্ধে তার দীর্ঘদিনের অবস্থানের প্রতিফলন। যদিও তার বক্তব্যে মার্কিন স্বার্থের বিষয়টি উঠে এসেছে, তবে ভেনেজুয়েলার বর্তমান সংকটের নেপথ্যে কেবল তেলের রাজনীতি নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক বিপর্যয় ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার মতো জটিল বিষয়গুলোও ওতপ্রোতভাবে জড়িত।

এমন পরিস্থিতিতে ভারতে নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ: ফেসবুকে আসিফ নজরুল

চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও বাংলাদেশের একজন ক্রিকেটারকে যখন ভারতে খেলতে দেওয়া হয় না, সেখানে বিশ্বকাপে বাংলাদেশের পুরো ক্রিকেট টিমের খেলতে যাও নিরাপদ মনে করি না বলে মন্তব্য কারেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ।

শনিবার রাত ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আইন উপেদষ্টা আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো-

‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।

আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়!

আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না।

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ৯৮ জন গ্রেপ্তার

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এরমধ্যে ডিএমপির শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, শুক্রবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাজধানীর ১৫ আসনে ৬২ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নগরীর ১৫টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের বাছাই শেষে ১৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৬২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, স্থগিত হয়েছে একটি করে মনোনয়নপত্র।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে ঢাকা মহানগরীর ১৩টি আসনের এবং আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাকি দুই আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। পরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকার ১৩টি আসনের জন্য মোট ২৫৩টি মনোনয়নপত্র বিক্রি করা হলেও শেষ পর্যন্ত ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে এর মধ্যে ১১৯টি বৈধ, ৫৪টি বাতিল এবং একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। স্থগিত রাখা মনোনয়নপত্রটি ঢাকা-১৮ আসনের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। তিনি একটি সম্পূরক হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন।
আবেদন বিবেচনায় তাঁকে সময় দেওয়া হয়েছে।’

শরফ উদ্দিন বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসংক্রান্ত ত্রুটি, ঋণখেলাপি থাকা, হলফনামায় স্বাক্ষরের ঘাটতি, কাগজপত্রের অসংগতি, রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত সমস্যা এবং যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে মনোনয়ন বাতিল হয়েছে।’

তিনি জানান, বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি।

বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।’

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেছেন, ঢাকা-১৩ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, বাকি পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ঢাকা-১৫ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে, বাকি তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়।
চিঠিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

চিঠিতে বলা হয়, ‘শুক্রবারে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ করেছি, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।’

চিঠিতে আরো বলা হয়, ‘আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সংগঠনের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

এর আগে শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদীর ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে বসে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন।