মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে সিলেটে ৬ আন্তর্জাতিক ফ্লাইট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট।

গতকাল ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি। ফলে ফ্লাইটগুলো সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘কুয়াশার কারণে ঢাকার ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। এছাড়া আমাদের নিজস্ব আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। কুয়াশা কমার পর এগুলো ঢাকায় ফিরে গেছে। দুর্যোগের সময় ভূমিকা রাখতে পেরে আমরা খুশি।’

ভোর ৪টা ৪৭ মিনিটে দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প: যার মাত্রা ছিল ৫ দশমকি ২

সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির ৩৫ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেন। সিলেট নগরী ও আশপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন।

এর আগে গেলো বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।

বিলাসবহুল হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

নতুন বছরের শুরুতেই বড় ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা টমি লি জোন্স। তার মেয়ে ভিক্টোরিয়া জোন্সের আকস্মিক ও রহস্যজনক মৃত্যু হলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর।

হোটেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে ভিক্টোরিয়াকে তার কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি হয়তো অতিরিক্ত মদপানের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত হোটেল কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এখন পর্যন্ত ভিক্টোরিয়ার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন গণমাধ্যম পিপল ম্যাগাজিন এক অডিও বার্তার বরাতে জানিয়েছে, তার মৃত্যু অতিরিক্ত মাদকসেবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে পুলিশ ও চিকিৎসা বিভাগের পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

ভিক্টোরিয়া জোন্স তার বাবা টমি লি জোন্সের পরিচয়ের বাইরে নিজ পরিচিতি গড়ে তুলেছিলেন। তিনি একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করেছেন। জনপ্রিয় টিভি সিরিজ ওয়ান ট্রি হিল-এ তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল।

ভিক্টোরিয়া জোন্স টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের কন্যা। মেয়ের অকালমৃত্যুতে পরিবার ও কাছের মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

সোমবার (৪ জানুয়ারি) বিসিবি পরিচালকদের জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছোড়া হয় টিয়ার গ্যাস। এতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিট থেকে থেমে থেমে এ সংঘর্ষ শুরু হয়।

আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

এর আগে, কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে য়েধ পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এরপর দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে এসে বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে ফের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ব্যবসায়ীদের আশপাশের শপিংমলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দ্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বড় ধরনের সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় স্টারলিংক জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার নাগরিকদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিনামূল্যে পরিষেবা প্রদান করা হবে।

ফলে এই সময়ের মধ্যে ভেনেজুয়েলাবাসী কোনো খরচ ছাড়াই স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ঢাকার ১৩ আসনে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে মোট ১৭৪টি মনোনয়নপত্রের মধ্যে ১১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তবে তথ্যে গড়মিলসহ নানা কারণে এসব আসনে মোট ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। পরবর্তীতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে আপিল নিষ্পত্তি করবে ইসি।

টি আসনে শেষদিন পর্যন্ত মোট ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সবশেষ শনিবার নির্ধারিত ৩ রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আসন অনুযায়ী এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

ঢাকার ১৩টি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের-

ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হক, ঢাকা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা, ঢাকা-১৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান ও আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদ, ঢাকা-১৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলাম, ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি।

এছাড়াও শনিবার যাচাই-বাছাই শেষে ঢাকার ১৩টি আসনে আরও ৪০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রার্থীদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরে ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২৪৮ জন প্রার্থী। এরমধ্যে ঢাকা-১ আসনে ৮টি, ঢাকা-২ আসনে ৩টি, ঢাকা-৩ আসনে ১৬টি, ঢাকা-৪ আসনে ৮টি, ঢাকা-৫ আসনে ১৬টি, ঢাকা-৬ আসনে ৭টি, ঢাকা-৭ আসনে ১৫টি, ঢাকা-৮ আসনে ১২টি, ঢাকা-৯ আসনে ১৪টি, ঢাকা-১০ আসনে ১৩টি, ঢাকা-১১ আসনে ১১টি, ঢাকা-১২ আসনে ১৮টি, ঢাকা-১৩ আসনে ১১টি, ঢাকা-১৪ আসনে ১৩টি, ঢাকা-১৫ আসনে ৯টি, ঢাকা-১৬ আসনে ১৩টি, ঢাকা-১৭ আসনে ১৭টি, ঢাকা-১৮ আসনে ১৭টি, ঢাকা-১৯ আসনে ১১টি ও ঢাকা-২০ আসনে ৭টি মনোনয়নপত্র জমা পড়ে।

ব্রুকলিনের কুখ্যাত কারাগারে বন্দি করা হবে মাদুরোকে, অত:পর অস্ত্র ও মাদক চোরাচালানে বিচার শুরু

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দিশিবিরে (মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে) নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সেখান থেকেই তাঁকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের বিমানঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা। এরপরই তাঁর পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রুকলিনের বন্দিশিবির।

নিউইয়র্কের এই কুখ্যাত কারাগারটি গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকে এই কারাগারেই রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি ভোরে এক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। আগামী সপ্তাহে ম্যানহাটনের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগগুলোর বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে বলে ফ্লোরিডার পাম বিচের মার–আ–লাগো বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে অনেক ‘জোরালো প্রমাণ’ রয়েছে। তিনি বলেন, এটি (মাদুরোর অপরাধ) একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো।

বিএনপির বিদ্রোহী প্রার্থীর অনেকেই বাদ পড়লেন মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অনেকেই বাদ পড়ছেন। এসব প্রার্থীর অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আবার অনেকে দলের মনোনয়ন না পেয়েও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের বেশির ভাগ বাদ পড়েছেন নিজ নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসংক্রান্ত জটিলতায়।

আর যাঁরা দলের মনোনয়ন না পেয়েও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাঁরা বাদ পড়ছেন দলের মনোনয়ন দেখাতে না পারায়। রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে বিএনপির মূল প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সংখ্যা অন্য দলগুলোর তুলনায় অনেক কম। কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে একজনের বাতিল হলেও বিকল্প প্রার্থী বহাল থাকছেন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময়ের আগে বিএনপিকে ওই আসনে একজনকে চূড়ান্ত করতে হবে। যশোর-৪ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র ঋণখেলাপি হওয়ার কারণে অবৈধ ঘোষণা হলেও ওই আসনে বিএনপির বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফরাজির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থীদের মধ্যে সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিকের প্রার্থিতা দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গতকাল শনিবার পর্যন্ত স্থগিত ছিল। আব্দুল মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। রিটার্নিং অফিসার এর প্রমাণ দাখিল করতে বলেছেন।

বাছাইয়ে বাদ পড়া বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মোমিন আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও দলের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়নও বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়াদের তালিকায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল হালিম মিঞা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরে আলম ছিদ্দিকীসহ আরো অনেকে রয়েছেন।

তারেক রহমানের মনোনয়নপত্র দুটি আসনেই বৈধ : ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ঘোষণার সময় তারেক রহমানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রার্থিতা বৈধ ঘোষণা করায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া-৬ (সদর) আসনেও গতকাল সকালে তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এ ছাড়া বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর), দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে বিএনপির সদ্যঃপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন, বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার মনোনয়নপত্রের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে দাখিল করা মনোনয়নপত্রটির বিষয়ে সব ধরনের নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো। প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার তিনটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থী রয়েছেন। বগুড়া-৭ আসনে রয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ : ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী।

তিনি বলেন, সব কাগজপত্র ঠিক থাকায় এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় জামায়াতের মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ এবং গণফোরামের এ কে এম শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। এ ছাড়া দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির প্রার্থী সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির শামসুল হকের মামলার তথ্য নিয়ে তাঁর মনোনয়নপত্র সম্পর্কে সিদ্ধান্ত পরে দেওয়া হবে।

বাছাইয়ে বৈধ এনসিপির শীর্ষ নেতাদের মনোনয়ন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, ঢাকা-৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, পঞ্চগড়-২ আসনে সারজিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৩ আসনে মামুনুল হক, ববির মনোনয়নপত্র বৈধ : ঢাকা-১৩ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আর বাতিল হয়েছে পাঁচজনের মনোনয়নপত্র। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন ও ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া। আর অবৈধ ঘোষণা হয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান ও আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদের মনোনয়নপত্র।

আরো যাঁদের মনোনয়নপত্র বৈধ : চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। গতকাল শনিবার সকালে যাচাই-বাছাই শষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গত ৪ ডিসেম্বর গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই আসনে গত ২৮ ডিসেম্বর গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেয় দল।

বিএনপির এই দুই প্রার্থী ছাড়া বাকি তিনজনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী ও গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার।

জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল/স্থগিত : জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা রয়েছে, যা হলফনামায় গোপন রাখার অভিযোগে মনোনয়ন বাতিল করা হয়। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের (সালেহী) মনোনয়ন স্থগিত হয়েছে দ্বৈত নাগরিকত্বের কারণে। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করলেও এসংক্রান্ত কোনো প্রমাণপত্র দাখিল করেননি। সংবিধান ও নির্বাচনী বিধিমালার আলোকে দ্বৈত নাগরিকত্ব বজায় রেখে সংসদ নির্বাচনে অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে তাঁর দীর্ঘদিন ধরে একটি এমপিওভুক্ত কলেজে শিক্ষকতা বহাল রাখার কারণে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কেউ জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করতে হয়। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে হলফনামায় সব তথ্য না থাকায় দলটির প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নও অবৈধ ঘোষণা করা হয়েছে। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল হয় ব্যাংকঋণ (ক্রেডিট কার্ড সংক্রান্ত) সমস্যার কারণে। গতকাল ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই সভায় এই প্রার্থীর উদ্দেশে রিটার্নিং অফিসার রেজাউল করিম বলেন, ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, আপনি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। আপনি অফিশিয়ালি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণখেলাপি। এ ছাড়া আপনার (আবদুল হক) ইনকাম ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয়নি। একই সঙ্গে আপনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেননি। এ ছাড়া আপনি প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্য দেননি।’

অন্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমপক্ষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়েছে নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের কমপক্ষে দুজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থীর। এসব দলের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-১৮ আসন থেকে মান্নার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল : গতকাল ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জাারার নির্বাচনী এলাকার মোট ভোটারের মধ্যে চার হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। তিনি এর বেশি ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেন। তবে যাচাইয়ে দেখা যায়, এসব ভোটারের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে নেওয়া ১০ জনের মধ্যে আটজন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাঁর (তাসনিম জারা) আপিলের সুযোগ আছে।

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসনটিতে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে গতকাল সকালে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে একদল লোক জড়ো হয়ে জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় কার্যালয়ের সামনে পুলিশ পাহারা জোরদার করা হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক ও শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে কয়েকজনের স্বাক্ষরের সত্যতা পাওয়া যায়নি। সে কারণে মনোনয়ন বাতিল হয়েছে।

লেবার পার্টির চেয়ারম্যানের মনোনয়ন বাতিল : ঝালকাঠি-১ আসনের গতকাল লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত (ভোটারের স্বাক্ষরে গরমিল) ও মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ না দেওয়ায়), স্বতন্ত্র কর্নেল মোস্তাফিজুর রহমানের (১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল ও ঋণ পরিশোধ না করায়) মনোনয়ন বাতিল করা হয়। ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), স্বতন্ত্র মো. নুরুদ্দীন সরদার (ভোটারের স্বাক্ষরে গরমিল) ও স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলীর (আয়কর বকেয়া) মনোনয়ন বাতিল করা হয়েছে।

গোপালগঞ্জের দুটি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল : গোপালগঞ্জ-১ ও ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ গতকাল সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ-১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম, নাজমুল আলম ও কাইউম আলী খানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, শিপন ভূইয়া, রনি মোল্লা, উৎপল বিশ্বাস ও মশিউর রহমান। ভোটারের স্বাক্ষরে গরমিল ও ঋণখেলাপির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ চলবে আজ রবিবার পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণ সমাধানে’ মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

কারাকাসে মার্কিন হামলা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘স্পেন উত্তেজনা প্রশমিত করা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।’

২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি স্পেন। ওই নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে। ভোটের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া ভেনেজুয়েলা ছেড়ে মাদ্রিদে আশ্রয় নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পেন ইতোমধ্যে রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। একই সঙ্গে দেশটির জন্য একটি গণতান্ত্রিক, আলোচনার মাধ্যমে অর্জিত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

২০২৪ সালের নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার কথা উল্লেখ করে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে।