সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

২৬৮ আসনের বাইরের আসনগুলোতে তারা অন্য প্রার্থীদের সমর্থন দেবেন বলে জানিয়েছেন গাজী আতাউর রহমান। তবে কোন দলের কোন প্রার্থীকে সমর্থন দেয়া হবে, সেটা পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম : শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম।

শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর কেউ দৈত্য-দানব না হয়, সেজন্য হ্যাঁ ভোটের পক্ষে রয়েছি। চুরি-চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। তারা ব্যাংকের টাকা চুরি করে খেয়ে গেছে, এখন এর দায়িত্ব বর্তমান সরকারের ওপর।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচন নিয়ে আশঙ্কার বিষয়ে শফিকুল আলম বলেন, রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। এই সরকারের কারো প্রতি পক্ষপাতিত্ব নেই। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব।

প্রেস সচিব নির্বাচনী শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। গতকাল কেবিনেট বৈঠকে আলোচনা হয়েছে। এবার ফ্রি, ফেয়ার, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। নিরাপত্তার সকল প্রস্তুতি শেষ। রিটার্নিং ও পোলিং অফিসারদের কার্যক্রমও সম্পন্ন।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, থানা ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ স্থানীয় প্রশাসন ও মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র মুখপাত্র প্রফেসর ড. মোহাম্মদ নাকিবুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, ডা. শফিকুর রহমান বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত গ্রিয়ারকে এই উদ্যোগী কলের জন্য ধন্যবাদ জানান এবং পারস্পরিক শুল্কহারসংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত গ্রিয়ার তাকে অবহিত করেছেন যে, গত সপ্তাহে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্কহার হ্রাস বিষয়ে আলোচনা করেছেন। এই বিশেষ উদ্যোগের জন্য ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।

ডা. শফিকুর রহমান আরও ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ তুলা বা যুক্তরাষ্ট্রে উৎপাদিত মানবসৃষ্ট (ম্যানমেড) ফাইবার ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার উদ্যোগের জন্য। তিনি এই প্রস্তাবকে উভয় দেশের জন্য একটি “উইন-উইন” ফর্মুলা হিসেবে আখ্যায়িত করেন, যা একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতকে উপকৃত করবে।

জামায়াত আমির বলেন, পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য একটি দৃঢ় ও শক্তিশালী ভিত্তি প্রদান করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে এই চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তাহলে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে।

ডা. শফিকুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকার বিষয়ে রাষ্ট্রদূত গ্রিয়ারের সমর্থনের কথা জেনে তারা আনন্দিত। তিনি বলেন, সরকারি বিনিয়োগে ডিএফসি অর্থায়নের সুযোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত সম্প্রসারণে একটি কার্যকর মাধ্যম হবে।

বৈঠকের শেষ পর্বে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারত্ব আরও সুদৃঢ় করবে।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার পর তাকে গ্রেফতারের উদ্যোগে বাধা দেওয়াসহ একাধিক অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইয়লের ঘোষিত মার্শাল ল–সংক্রান্ত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

এছাড়া, আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে।

এই রায়টি ইউন সুক ইয়লের বিরুদ্ধে দায়ের হওয়া মার্শাল ল–সংক্রান্ত ফৌজদারি মামলাগুলোর মধ্যে প্রথম রায়। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

মনোনয়ন প্রত্যাহার করলেন কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা–৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাজি আমিনুর রশীদ ইয়াছিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব আসনে আপনাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দল আশা করে, আপনি কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব আসনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৫, ৬, ৮, ৯,১০ ও ১১ আসনে দলীয় নির্বাচনি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

দুপুরে তারেক রহমানের সঙ্গে হাজি আমিনুর রশীদ ইয়াছিনের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলার সব সংসদীয় আসনের সমন্বয়ক মনোনীত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা।

আপনার বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ছয়টি আসনে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে এই প্রত্যাশা করি।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। কুমিল্লার তৃণমূল রাজনীতির প্রাণপুরুষ, গণমানুষের নেতা হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি নির্বাচনি আসনের নির্বাচন পরিচালনায় সমন্বয়ক মনোনীত করে আপনি তৃণমূলের ত্যাগী কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন করেছেন। আপনার এই সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত কুমিল্লায় ‘ধানের শীষ’-এর বিজয়কে সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।

পবিত্র শবে মেরাজ আজ

পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মে বিশেষ মর্যাদাসম্পন্ন এই রাতটি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত, দোয়া ও নফল আমলের মাধ্যমে পালন করবেন।

শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এই মহিমান্বিত রজনীতেই আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

এই রাতে আল্লাহর নির্দেশ গ্রহণ করে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান পৌঁছে দেন, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ‘ইসরা’।

এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল (আ.)। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।

এই পবিত্র রাত উপলক্ষে মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন।

এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে: শফিকুল আলম

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো সরি বলতে শুনেছেন? গতকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) আওয়ামী লীগের একজন মন্ত্রী এক ধরনের মকারি করছিলেন। শহিদের রক্ত নিয়ে ওনারা মকারি করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্তের লক্ষণ আমরা দেখি না। তাদেরকে কে বাংলাদেশের সোসাইটিতে জায়গা দেবে? খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা জেলখানায়।’

গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘গণভোটে মানুষ হ্যাঁ ভোট দিয়ে রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। রেড কার্ড দেখাবেন ১৬ বছর যে গুম-খুনের রাজনীতি হচ্ছিলো তার বিরুদ্ধে। তারা হ্যাঁ ভোট দিচ্ছেন সুশাসনের জন্য।’

প্রেস সচিব আরও বলেন, ‘এবছর যে নির্বাচন হচ্ছে এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদের কাছে ভিড়তেই দেয়নি। বিরোধী দলের নেতাদের ধরে যে শহরে আছে অন্য শহরে পাঠিয়ে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে।’

এবছরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।

মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকিতে ইরানের অস্থিরতায় হস্তক্ষেপ করছে না রাশিয়া

মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকায় ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও চলমান রাজনৈতিক অস্থিরতায় হস্তক্ষেপ করছে না রাশিয়া। আল জাজিরার বিশ্লেষণ বলছে, ইরান ইস্যুতে পুতিনের কোনো হুঁশিয়ারিই আমলে নেবেন না ট্রাম্প। আর ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় স্বার্থ রক্ষার প্রশ্নে ওয়াশিংটনকে চটানোর দুঃসাহস দেখাবে না মস্কো। তবে বিশেষজ্ঞদের ধারণা, ইরানের অর্থনীতি পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আড়াল থেকেই খামেনিকে সমর্থন ও পরামর্শ দেবেন পুতিন।

খামেনির শাসনের অবসানের গুঞ্জন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কা, পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা – এমন নানা কারণে বিশ্ব রাজনীতির হর্তা-কর্তাদের নজর যখন ইরানে। তখন ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম মিত্র দেশ রাশিয়ার নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্নের।

অর্থনৈতিক দুরবস্থার জেরে ২৮ ডিসেম্বর ইরানের শুরু হওয়ার বিক্ষোভ খুব কম সময়েই বদলে যায় সরকার বিরোধী আন্দোলনে। দুই সপ্তাহের বেশি সময় পর আন্দোলন রুখে দেয়ার দাবি করে তেহরান। পুরো সময়টায় ওয়াশিংটনের সামরিক অভিযানের আশঙ্কা নিয়েই অভ্যন্তরীণ উত্তেজনা সামলাতে হয়েছে খামেনি সমর্থিত সরকারকে। তবে এ ঘটনাপ্রবাহে রাশিয়ার নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

১৩ জানুয়ারি প্রথম ইরান ইস্যুতে মুখ খোলে রাশিয়া। বাইরের কোনো শক্তি ইরানকে অস্থিতিশীল করতে মদত দিচ্ছে এবং সেই সুযোগে পশ্চিমারা খামেনির শাসনযন্ত্রকে চাপে রাখছে- মঙ্গলবার এমন একটি বিবৃত দিয়েছে রুশ পররাষ্ট্র দপ্তর। পশ্চিমা দেশগুলো সাবেক সোভিয়েত রাষ্ট্র জর্জিয়া, ইউক্রেন বা কিরগিজস্তানে অর্থ বিনিয়োগ করে ও পরামর্শ দিয়ে তথাকথিত ‘কালার রেভুলেশন’ ঘটিয়ে ছিল, কয়েক দশকেও এ ব্যাখ্যা ছেড়ে বের হতে পারেনি মস্কো- এমন পর্যবেক্ষণ এসেছে আল জাজিরার প্রতিবেদনে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের গণআন্দোলন নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেননি রুশ প্রেসিডেন্ট। আরেকটু পেছনে তাকালে, ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনার ঘটনায়ও নীরব ছিলেন পুতিন।

আল জাজিরা বলছে, মস্কো আগ্রাসী কোনো বার্তা দিলেও তা আমলে নিতেন না ট্রাম্প। শুধু শুধু হাসির পাত্র হতো রাশিয়া। সম্মান ক্ষুণ্ণ হতে পুতিনের। এছাড়াও ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের কাছ থেকে কিছু ছাড় পাওয়ার আশাও ছাড়তে হতো মস্কোকে।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, বিক্ষোভ পরবর্তী ইরান পুনর্গঠনে পাশে দাঁড়ানো ছাড়াও অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত পরামর্শ এবং সহায়তার প্রশ্নে খামেনিকে হতাশ করবেন না পুতিন।

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ১৩

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ১৩ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।
সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত

দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় পুরো কাঠামো এখনো ঝুলে আছে। এর মধ্যেই খণ্ডকালীন এক সদস্যের পদত্যাগে কমিশনের ভেতরে অস্থিরতা প্রকাশ্য হয়ে উঠেছে।

পে-কমিশন সূত্রে জানা গেছে, গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান ২০টি গ্রেডই রাখার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।

কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, গ্রেড সংখ্যায় কোনো হাত না দিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করা হবে।

বৃহস্পতিবারের সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশন ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতার বিষয়ে আলোচনা হয়। তবে মূল বাধা হয়ে দাঁড়ায় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ।
এই অঙ্কটি চূড়ান্ত না হওয়ায় বাকি সব বিষয় আটকে রয়েছে।

সূত্র বলছে, কমিশনের সদস্যরা সর্বনিম্ন বেতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। আগামী ২১ জানুয়ারি পরবর্তী সভায় এ বিষয়ে পুনরায় আলোচনা হবে। এর আগে বেতন বৈষম্য কমাতে বেতনের অনুপাত ১:৮ রাখার কথা শোনা গিয়েছিল।

তবে পে স্কেল নিয়ে চলা গুরুত্বপূর্ণ এই সময়ে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন খণ্ডকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।

আর্থিক সংকট ও আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবে এ উদ্দেশ্যে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে—যাতে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায়।

কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে, যা নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে।
বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়েও বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা