সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সারাবিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি সরকার জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায়নি।

শনিবার সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের পূর্বে জনগণের কাছে যে কথা দিয়েছিল, ওইসব কথার কোনোরূপ বরখেলাপ করেনি। সেজন্যই সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায়নি। তাই কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারীর প্ররোচনায় বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।’

তিনি বলেন, ‘জনগণের কাছে দায়বদ্ধতা বিএনপির সবচেয়ে বেশি। কারণ দেশের সর্বাধিক সংখ্যক মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সরকার গঠন ও দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এবারে জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন দেশের মানুষের সেবা করার জন্য।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জানে জনগণের কষ্ট কী, জনগনের দুঃখ কী, জনগণের দুর্দশা কীভাবে লাঘব করতে হয়। সেজন্যই ৫৪ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড শুরু হয়েছে, কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, খাল খনন শুরু হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কৃষকরা কৃষি কার্ড পাবেন।’

সমাজকল্যাণমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শতাধিক ভিক্ষুক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র জনসাধারণের মাঝে বকনা ছাগল বিতরণ করেন। এসব ছাগল প্রতিপালন করে ভিক্ষুক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র জনসাধারণ স্বাবলম্বী হতে পারবেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রবিবার সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।

টিকাদান কর্মসূচিতে বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

দীর্ঘ ১৫০ দিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ কুর্দি রাজনীতিক নিজার আমেদি। শনিবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়লাভ করেন তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই নির্বাচনের মাধ্যমে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আমেদি।

আলজাজিরার প্রতিবেদনের তথ্য মতে, প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) দলের মনোনীত প্রার্থী নিজার আমেদি পার্লামেন্টে ২২৭টি ভোট পেয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদের পেয়েছেন মাত্র ১৫টি ভোট। ইরাকের প্রচলিত ক্ষমতা বণ্টন ব্যবস্থা অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট পদটি কুর্দি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত।

নির্বাচনে জয়ের পর পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে নিজার আমেদি ‘ইরাক ফার্স্ট’ বা ‘সবার আগে ইরাক’ নীতি ঘোষণা করেন।
তিনি দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের সব শাখার সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের সময় ইরাকের ভূখণ্ডে হওয়া হামলার তীব্র নিন্দা জানান তিনি।

৫৮ বছর বয়সী নিজার আমেদি একজন অভিজ্ঞ সরকারি কর্মকর্তা। তিনি এর আগে দুই মেয়াদে রাষ্ট্রপতির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশটির সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট আগামী ১৫ দিনের মধ্যে পার্লামেন্টের বৃহত্তম ব্লকের মনোনীত প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আহ্বান জানাবেন। তবে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে দেশটিতে এখনো উত্তেজনা বিরাজ করছে। ইরান-ঘনিষ্ঠ শিয়া দলগুলো নুরি আল-মালিকিকে এই পদের জন্য মনোনয়ন দিলেও তাতে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি রয়েছে, যা ইরাকের ভবিষ্যৎ রাজনীতিকে জটিল করে তুলেছে।

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র এখন পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়ানোর পর রোববার (১২ এপ্রিল) তিনি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আলোচনার যে কোনো ত্রুটি-বিচ্যুতির জন্য পাকিস্তানিরা দায়ী নয়, কারণ তারা অসাধারণ কাজ করেছে।

ভ্যান্স বলেন, আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করেছি, এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ‘সৎ উদ্দেশ্য নিয়েই এসেছিল’ উল্লেখ করে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব এবং ‘সৎ উদ্দেশ্য নিয়েই’ আলোচনায় এসেছিল, কিন্তু দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় বিষয়টি দুর্ভাগ্যজনক।

‘আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি, বোঝাপড়ার পদ্ধতি, যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক, ইরানিরা সেটি গ্রহণ করে কি না’, বলেন তিনি।

আলোচনার ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা বেশ নমনীয় ছিলাম, আমরা বেশ মানিয়ে চলার মানসিকতায় ছিলাম।

কয়েক ঘণ্টার এই আলোচনার সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুবার কথা বলেছেন। ‘আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি, গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার বা বারোবার,’ বলেন ভ্যান্স।

সংবাদ সম্মেলনে ভ্যান্সের পেছনে ছিলেন ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা ইরানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

সূত্র : বিবিসি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক ৭৪৭৮ শিশু এবং রাজশাহী বিভাগে ৩৪৪৯ শিশু হামে আক্রান্ত হয়েছে।

চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’

দীর্ঘদিন পর পর্দার আড়ালে থাকা জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়। বছরদুয়েক আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হলেও এরপর থেকে তাঁকে নতুন কোনো কাজ বা আলোচনায় খুব বেশি দেখা যায়নি।

তবে এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেই নতুন করে চমক দিয়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে প্রকাশ করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

ভিডিওতে সাঁতারের পোশাকে সুইমিংপুলে দেখা যায় যায় পরীমনিকে। মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটি প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে, এতে প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজারের বেশি এবং মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার।

ভিডিওতে পরীর রূপ ও উপস্থিতির প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

কেউ কেউ আবার সেই ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।

বলা দরকার, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। বর্তমানে তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে থাকছেন চঞ্চল চৌধুরী।

এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা।

যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড বিতরণে দল-মত-ধর্ম-বর্ণ দেখা হবে না। যারা এই কার্ড পাওয়ার যোগ্য, তাদেরকেই এই কার্ড প্রদান করা হবে।

আজ দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ এপ্রিল দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় ২ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করবেন। তবে, আমি নিজেও জানি না কারা এই কার্ড পাবেন। আমাদের কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কে কে কোন ক্যাটাগরিতে এই কার্ড পেতে পারেন।

তিনি আরো বলেন, কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্য কোনোকিছুই বিবেচনা করা হবে না, যারা কার্ডটি পাবার উপযুক্ত শুধু তারাই পাবেন। এইভাবে বাংলাদেশের ৪ কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ইনশাআল্লাহ সামনের দুই-আড়াই মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করব।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা যে এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তা করছি, সেখানেও যেন কোনো দল-মত-ধর্ম-বর্ণ ইত্যাদির দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করা না হয়। যিনি সাহায্য পাওয়ার অধিকারী, যে মানুষটি ক্ষতিগ্রস্ত— তিনিই যেন আমাদের এই সামগ্রী পেয়ে উপকৃত হতে পারেন।

সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের যুব সমাজ, পরিবার, আমাদের সন্তানদের, আগামী দিনের বাংলাদেশকে রক্ষা করতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ সর্বোপরি প্রত্যেকটা সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নেশার ছোবল থেকে আমাদের তরুণ সমাজকে, আগামী দিনের প্রজন্মকে রক্ষা করতে হবে।

এদিন প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

একইসঙ্গে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ ২ হাজার টাকা ও এক প্যাকেট শুকনো খাবার, ১৩০ পরিবারের সদস্যের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল প্রদান করেন।

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে।

আজ (শনিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।

উপজেলাগুলো হল: টাঙ্গাইল সদর; পঞ্চগড় সদর; পঞ্চগড়ের বোদা; বগুড়ার শিবগঞ্জ; ঝিনাইদহের শৈলকুপা; পিরোজপুরের নেছারাবাদ; কক্সবাজারের টেকনাফ; কুমিল্লার আদর্শ সদর; জামালপুরের ইসলামপুর; রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।

বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ বাংলাদেশকেও স্পর্শ করেছে। তারপরও জনগণের ভোগান্তি কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, এখন সেচের মৌসুম চলছে। কৃষক যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হন সেজন্য সরকার কাজ করছে। কৃষকদের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর উপলক্ষে কর্মসূচিস্থল পরিদর্শন শেষে আজ (শনিবার) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, আগামী ২৭ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কাজে অংশ নেবেন তিনি। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ঈদগাহ ময়দানের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর ধরে যশোরে স্থবির হয়ে থাকা উন্নয়নের চাকা প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফের সচল হবে।’

তিনি আরও বলেন, ‘আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে যশোর ঈদগাহ ময়দানে এক ঐতিহাসিক জনসভায় যশোরে ৫শ’ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। গত নির্বাচনের আগেও আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল, নির্বাচিত হলে এই হাসপাতাল করার। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

তারেক রহমানের যশোর সফরের প্রস্তুতি উপলক্ষে প্রতিমন্ত্রী সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন করেন। সবশেষে শার্শা উপজেলার উলাশী খাল পরিদর্শনে যান।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

আজ সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা এখন ইন্টারনেটের যুগে বাস করছি, যেখানে কমিউনিকেশন সায়েন্সের সর্বোত্তম বিকাশ ঘটেছে। আধুনিক কর্পোরেট ব্যবস্থা এখন প্রায় পুরোপুরি প্রযুক্তি নির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিটিক্সের মতো প্রযুক্তির অগ্রগতির ফলে হিসাব বিজ্ঞান পেশায় এক বৈপ্লবিক রূপান্তর ঘটছে। এই চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে আলিঙ্গন করেই আপনাদের এগিয়ে যেতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কেবল হিসাব রক্ষক নন, বরং তারা যেকোনো প্রতিষ্ঠানের জন্য একজন কৌশলগত উপদেষ্টা (স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর)।

তিনি বলেন, ‘শুধু ইনস্টিটিউট থেকে পাওয়া অ্যাকাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে মেধার পূর্ণতা আসবে না। প্রযুক্তির সংমিশ্রণে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, সে বিষয়ে আপনাদের সার্বক্ষণিক সচেতন ও সজাগ দৃষ্টিভঙ্গি থাকতে হবে।’

পেশাগত সততার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অ্যাকাউন্টিং পেশার মূল ভিত্তি হলো মানুষের আস্থা। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুশাসন জোরদারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সিএ’দের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

তিনি বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) আধুনিক সমাজ ও পুঁজিবাদের অবিচ্ছেদ্য অংশ বা ‘অর্গানিক ইন্টেলেকচুয়াল’ হিসেবে অবহিত করেছেন। তিনি বলেন, হিসাব বিজ্ঞান কেবল অংক মেলানোর শাস্ত্র নয়, বরং এটি আধুনিক গণতান্ত্রিক সভ্যতা ও অর্থব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ।

তিনি নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার অন্যতম বুদ্ধিবৃত্তিক অবদানকারী হিসেবে কাজ করার পরামর্শ দেন।

সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে বলেন, আইসিএবি শুরু থেকেই আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছে। নতুন পেশাজীবীদের নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

এবারের সমাবর্তনে নভেম্বর-ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সিএ পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইসিএবি’র কাউন্সিল সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবীন গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।