রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ওয়াজ/তাফসীর মাহফিল স্থগিত করছেন মুফতি আমির হামজা।

সোমবার ( ১৯ জানুয়ারি) আমির হামজা তার ফেসবুকে এক পোস্টে এ কথা জানান।

পোস্টে আমির হামজা লেখেন, প্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি।এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়া’য় শামিল রাখবেন।

‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভিডিও-বার্তায় এ আহ্বান জানান তিনি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ বার্তা সম্প্রচার করে।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিন। আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেবো।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এ গণভোটে অংশ নিন। সনদে আপনার সম্মতি দিন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, “গণভোটে আপনি ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামত সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।

এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যদের প্রতিনিধি দল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান।

এসময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনি প্রচারণা শুরু হবে। জামায়াতে ইসলামী গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা ইতোমধ্যেই শুরু করেছে; আগামী ২২ জানুয়ারি থেকে পাশাপাশি দুই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তারা।

জামায়াতে ইসলামীর নেতারা নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে। নির্বাচনসংক্রান্ত যেকোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনবো; সরকারের যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, নেবো।’

কেন্দ্রগুলোকে খুব দ্রুত সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এগুলো জানুয়ারির মধ্যে ইনস্টল হয়ে যাবে। ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে। ফুটেজ রেকর্ডেড থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটামাত্রই যেন ব্যবস্থা নেওয়া যায়।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচার-প্রচারণার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ কেউ বলছেন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত কি না, কিন্তু আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এতে কোনো আইনগত বাধা নেই। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কারের পক্ষে থাকা।

‘এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব সকলে- সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল- আমাদের সবার। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি,’ বলেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধ নিরসনের জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নির্বাচন উপলক্ষে একটি হটলাইন নম্বর চালু থাকবে যেখানে সব ধরনের অভিযোগ গ্রহণ করা হবে।

নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল এবং দেশের জন্য কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ইরানে আন্দোলনে ট্রাম্পের অবস্থান বদল, বিপাকে বিক্ষোভকারীরা

ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষ এখন নিজেদের প্রতারিত মনে করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও অবস্থান পরিবর্তনের পর বিক্ষোভকারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

৩৮ বছর বয়সি সিভাস শিরজাদ ছিলেন তেহরানের এক বিক্ষোভকারী। পরিবারের সতর্কতা উপেক্ষা করে তিনি আন্দোলনে যোগ দেন, কারণ ট্রাম্পের বক্তব্যে তিনি বিশ্বাস করেছিলেন। যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াবে। কিন্তু ৮ জানুয়ারি তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন শিরজাদ। তার ১২ বছর বয়সি সন্তান এখনো বাবার ফেরার অপেক্ষায়।

শিরজাদের এক আত্মীয় জানান, আন্দোলনে না যাওয়ার জন্য পরিবার থেকে বারবার নিষেধ করা হয়েছিল। কিন্তু ট্রাম্পের আশ্বাসের কথা উল্লেখ করে শিরজাদ বলেছিলেন, ‘আমাদের পাশে যুক্তরাষ্ট্র আছে।’ বাস্তবে সেই আশ্বাস আর কার্যকর হয়নি।

১৩ জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীদের উদ্দেশে লেখেন, ‘আন্দোলন চালিয়ে যান, সাহায্য যাচ্ছে।’ এতে আন্দোলনে নতুন করে উৎসাহ তৈরি হয়। কিন্তু পরদিনই তার সুর পালটে যায়। তিনি জানান, ইরানের শাসকদের কাছ থেকে মৃত্যুদণ্ড কার্যকর না করার আশ্বাস পেয়েছেন। এর পরপরই যুক্তরাষ্ট্র প্রশাসন সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকেও সরে আসে।

এই অবস্থানে হতাশ হয়ে পড়েন আন্দোলনকারীরা। হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস থাকলেও বাস্তবে দমন-পীড়ন থামেনি। তেহরানের রাজপথ ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। অন্য শহরগুলোতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চললেও ইন্টারনেট বন্ধ থাকায় সেসব আন্দোলনের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না।

এক মানবাধিকারকর্মীর মাধ্যমে দ্য গার্ডিয়ানকে পাঠানো বার্তায় তেহরানের এক বাসিন্দা জানান, বর্তমানে ব্যাপক গণগ্রেফতার চলছে। তার আশঙ্কা, আন্তর্জাতিক মনোযোগ কমে গেলেই মৃত্যুদণ্ড কার্যকর শুরু হবে।

তেহরান কর্তৃপক্ষ ২৬ বছর বয়সি এরফান সোলতানির ফাঁসি স্থগিত করে আপাতত নমনীয়তার ইঙ্গিত দিলেও বিদেশে অবস্থানরত বহু ইরানি বিক্ষোভকারী নিজেদের প্রতারিত মনে করছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এলহাম বলেন, এবার মনে হয়েছিল পরিস্থিতি বদলাবে। কিন্তু সেই আশা ভেঙে গেছে।

অনেক প্রবাসী ইরানি মনে করছেন, ট্রাম্পের অবস্থান পরিবর্তনের ফলে শাসকরাই সুবিধা পেল। তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র সরকার পতনের আন্দোলনে সহায়তা করবে। কিন্তু তার বদলে ট্রাম্প শাসকদের সঙ্গে আলোচনার পথে হাঁটছেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কূটনীতির আহ্বান বিক্ষোভকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এলহাম বলেন, ট্রাম্প যদি শাসকদের টিকে থাকার সুযোগ দেন, তাহলে সাধারণ ইরানিদের ভরসা চিরতরে ভেঙে যাবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলেও সেটি বিক্ষোভকারীদের জন্য কতটা সহায়ক হতো তা নিয়ে প্রশ্ন রয়েছে। বরং এতে শাসকগোষ্ঠী আরও কঠোর হতে পারত এবং আন্দোলনকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে চিহ্নিত করার সুযোগ পেত।

তবুও ইরানের ভেতরে ও বাইরে কিছু মানুষ এখনো আশা করছেন, বিশ্ব একদিন তাদের পাশে দাঁড়াবে। কানাডায় বসবাসরত আজম জাংরাবি বলেন, ট্রাম্পের কথায় মানুষ আস্থা রেখেছে। কিন্তু তিনি শেষ পর্যন্ত পদক্ষেপ না নিলে সেই বিশ্বাস ভেঙে যাবে, যা ইরানিরা আজীবন মনে রাখবে।

যদিও যুক্তরাষ্ট্র পুরোপুরি সামরিক বিকল্প বাতিল করেনি। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ জানিয়েছেন, সব বিকল্প এখনো খোলা রয়েছে। মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরীর যাত্রা ও ইসরাইলের প্রতিরক্ষা জোরদারের ঘটনাও ইঙ্গিত দেয় ইরানে হস্তক্ষেপের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।

তবে আপাতত ইরানের আন্দোলনকারীরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। ইন্টারনেট বন্ধ, গ্রেফতার আর দমন-পীড়নের মধ্যে ফের রাজপথে নামা নিয়ে দ্বিধায় তারা। তেহরানের এক বাসিন্দা দ্য গার্ডিয়ানকে লিখেছেন, আন্দোলন থেমে গেছে। এখন সবাই দেখছে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কী করেন।

খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে: ইরানের হুঁশিয়ারি

সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এরমাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, “আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।” দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, “ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।”

এদিকে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনির ব্যাপক সমালোচনা করে ট্রাম্প বলেন, “তিনি একজন অসুস্থ মানুষ। যার দেশ সঠিকভাবে চালানো ও সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করা উচিত।” জীবনযাত্রার ব্যয় নিয়ে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এ সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। দেশটির সরকারি সূত্রের তথ্য অনুযায়ী পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারী এ বিক্ষোভে নিহত হয়েছেন।

এসব হতাহতের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন খামেনি। কারণ বিক্ষোভে ব্যাপক উস্কানি দিয়েছিলেন তিনি।

ইউক্রেনজুড়ে রাতভর রুশ হামলা, নিহত ২

ইউক্রেনজুড়ে রাতাভর রাশিয়ান ড্রোন হামলায় দুজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার পর ইউক্রেনে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ আমদানির নির্দেশ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই নতুন করে ভয়াবহ হামলা চালালো মস্কো।

গতকাল রোববার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জেলেনস্কি বলেন, সুমি, খারকিভ, ডিনিপ্রো, জাপোরিঝিয়া, খমেলনিটস্কি এবং ওডেসা অঞ্চলগুলোকে লক্ষ্য করে ২০০টিরও বেশি ড্রোন দিয়ে আক্রমণ করা হয়। তীব্র শীতের মধ্যে ইউক্রেনকে কাবু করতে একের পর এক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

স্থানীয় সময় শনিবারও খারকিভ ও সুমি অঞ্চলে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিএনএন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ (১৯ জানুয়ারি)।

১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সকল সঙ্কটে তিনি ত্রাণকর্তা হিসেবে বার বার অবতীর্ণ হয়েছেন।

দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। অস্ত্র হাতে নিয়ে নিজে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রায় সাড়ে চার দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তার গড়া সে রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। আর বেগম খালেদা জিয়া দেশের জনপ্রিয় নেতৃত্বে পরিণত হন। জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং বেগম খালেদা জিয়ার নিজস্ব নেতৃত্ব গুণে তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এদিকে, শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গত শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। এদিন দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে যার যার মতো করে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে।

দিবসটি উপলক্ষ্যে ইতোমধ্যে পোস্টার বানানো হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

জিয়াউর রহমানের জীবনী:

জিয়াউর রহমান, যাকে আদর করে জিয়া বলা হয়, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সরকারি বিভাগে কর্মরত একজন রসায়নবিদ। তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রামাঞ্চলে এবং আংশিক কলকাতায়।

ভারত বিভাজনের পর (১৯৪৭) তার পিতা করাচিতে স্থানান্তরিত হলে জিয়াকে কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচিতে একাডেমি স্কুলের ছাত্র হতে হয়। তিনি ১৯৫২ সালে সেই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ১৯৫৩ সালে তিনি করাচির ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন।

জিয়াউর রহমান ১৯৫৫ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেখানে দুই বছর দায়িত্ব পালন করেন এবং ১৯৫৭ সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হন।

তিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে যুদ্ধ করেছিলেন।

প্রসঙ্গত, তার কোম্পানি যুদ্ধে বীরত্বপূর্ণ কর্মদক্ষতা জন্য সর্বাধিক সংখ্যক বীরত্বের পুরস্কার পেয়েছে। তিনি ১৯৬৬ সালে পাকিস্তান মিলিটারি একাডেমীতে একজন প্রশিক্ষক নিযুক্ত হন। একই বছরে, তাকে ‘কমান্ড’ কোর্সে যোগদানের জন্য কোয়েটার স্টাফ কলেজে পাঠানো হয়।

১৯৬৯ সালে, তিনি জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে যোগদান করেন। তিনি পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭০ সালে দেশে ফেরার পর, জিয়াউর রহমান, তৎকালীন একজন মেজর, চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে গুলি চালায় এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস গণহত্যা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।

মেজর জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তারপর ২৬ মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন, আমি বাংলাদেশ লিবারেশন আর্মির অস্থায়ী সর্বাধিনায়ক মেজর জিয়া এতদ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।

জিয়াউর রহমান ও তার সৈন্যরা এভাবেই মুক্তিযুদ্ধের সম্মুখভাগে আসেন। মেজর জিয়া এবং তার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী চট্টগ্রাম ও নোয়াখালী এলাকাকে কয়েকদিন তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারপর পাকিস্তান সেনাবাহিনীর চাপের মুখে কৌশলগত পশ্চাদপসরণ হিসেবে সীমান্ত অতিক্রম করে।

জিয়াউর রহমান প্রাথমিকভাবে BDF সেক্টর ১ এর বাংলাদেশ ফোর্সেস কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর BDF সেক্টর ১১ এর BDF কমান্ডার এবং ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে জেড ফোর্সের (Z Force) ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের সময়, ২৮ আগস্ট, ১৯৭১ সালে, জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রৌমারীতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার ‘বীর উত্তম’-এ ভূষিত হন।

নয় মাসের যুদ্ধে সবচেয়ে প্রশংসনীয় কর্মদক্ষতার পর জিয়া কুমিল্লায় ব্রিগেড কমান্ডার নিযুক্ত হন। ১৯৭২ সালের জুন মাসে, তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ করা হয়। ১৯৭৩ সালের মাঝামাঝি সময়ে, তিনি একজন ব্রিগেডিয়ার এবং বছরের শেষের দিকে একজন মেজর জেনারেল হন। জিয়াউর রহমান ২৫ আগস্ট ১৯৭৫ সালে সেনাপ্রধান হন। খালেদ মোশাররফ যখন শাফাত জামিলের নেতৃত্বে ঢাকা ব্রিগেডের সমর্থনে ৩ নভেম্বর ১৯৭৫ সালে একটি অভ্যুত্থান ঘটায়, তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দী হন। ৭ নভেম্বর সিপাহী-জনতা বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানকে পুনরায় সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। পরে একই দিনে সেনা সদর দফতরে এক বৈঠকে বিচারপতি এএসএম সায়েমকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং তিন বাহিনীর প্রধান, মেজর জেনারেল জিয়া, বিমানবাহিনী প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য একটি নতুন প্রশাসনিক কাঠামো সাজানো হয়। উপ-প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ভাইস মার্শাল এমজি তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান। জিয়াউর রহমান ১৯ নভেম্বর ১৯৭৬-এ প্রধান সামরিক আইন প্রশাসক হন যখন বিচারপতি সায়েম তার পদ ত্যাগ করেন এবং শেষ পর্যন্ত ২১ এপ্রিল ১৯৭৭ সালে রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রাহমানির রাহীম (‘পরম করুণাময়, অসীম দয়াবান আল্লাহর নামে’) সন্নিবেশ করার জন্য সংবিধান সংশোধন করে একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন। অনুচ্ছেদ 8(1) এবং 8(1A) তে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতি যোগ করা হয়েছে। অনুচ্ছেদ 8(1)-এ সমাজতন্ত্রকে ‘অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার’ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে । অনুচ্ছেদ 25(2) এ এটাও বলা হয়েছে যে ‘রাষ্ট্র ইসলামি সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সুসংহত, সংরক্ষণ ও শক্তিশালী করার চেষ্টা করবে।’

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি ৩০০টির মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে। ১ এপ্রিল ১৯৭৯ তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়। ৯ এপ্রিল, পঞ্চম সংশোধনী কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয়। জিয়াউর রহমান আবার নির্বাচনী রাজনীতি চালু করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হওয়া সত্যিই একটি বড় অর্জন এবং নেতৃত্বের চিহ্ন।

জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের একটি নতুন জাতীয় পরিচয় হিসেবে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ প্রবর্তন করেন। তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশের মতো একটি বহুজাতিক সমাজে যেখানে মানুষ বিভিন্ন জাতিসত্তার এবং যেখানে তারা বিভিন্ন ধর্ম বিশ্বাস করে, বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন জীবনধারা রয়েছে, সেখানে জাতীয়তাবাদকে ভাষা বা সংস্কৃতির পরিবর্তে ভূখণ্ডের পরিপ্রেক্ষিতে ধারণা করা উচিত। এই বিষয়ে তিনি জোর দিয়েছেন। বাংলাদেশী জাতীয়তাবাদ ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, সংস্কৃতি এবং জাতি নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের জাতীয় ঐক্য এবং একীকরণের উপর জোর দেয়।

স্বাধীনতা-উত্তর সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। ক্ষমতা গ্রহণের পর, জিয়া অবিলম্বে দেশের আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য, কার্যত এর আকার দ্বিগুণ করে ৪০,০০০ থেকে ৭০,০০০-এ উন্নীত করেন এবং যথাযথ প্রশিক্ষণের আয়োজন করেন। তিনি সশস্ত্র বাহিনীতেও শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এই উদ্দেশ্যে, তিনি কঠোর প্রশিক্ষণ এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের মাধ্যমে তাদের মধ্যে পেশাদারিত্ব বিকাশের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ১৯৭৪-৭৫ সালে ৫০,০০০ এর কম থেকে ১৯৭৬-৭৭ সালে প্রায় ৯০,০০০-এ তাদের শক্তি উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেন। যদিও জিয়া সশস্ত্র বাহিনীর মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারে সফল হয়েছিলেন, কিন্তু ভিন্নধর্মী স্বার্থের অস্তিত্ব ও পরিচালনার কারণে তিনি একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, যারা বেশ কয়েকটি বিদ্রোহ এবং অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন, যার ফলে যারা সেই বিদ্রোহে অংশ নিয়েছিল, তাদের বিরুদ্ধে জিয়াউর রহমান আপোষহীন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন।

উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর মাঝে জিয়া দৃঢ় ও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে দেশ যত তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থায় চলে যাবে ততই নিজের এবং দেশের জন্য মঙ্গলজনক। তিনি নির্বাচনের প্রতিষ্ঠান পুনরুদ্ধার করে এবং এভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর সহজতর করে রাজনীতিকে গণতান্ত্রিক করার জন্য যতটা দ্রুত সম্ভব অগ্রসর হন। তার লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ হিসেবে, জিয়া ভেঙে পড়া ও বিশৃঙ্খল রাজনৈতিক দলগুলোকে পুনরুজ্জীবিত করার অনুমতি দেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড আবারও চলতে দেন। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাজনীতি করার সুযোগ পায়।

এই লক্ষ্যকে সামনে রেখে জিয়া সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তথ্য মাধ্যমকে মুক্ত ও নিরবচ্ছিন্ন করে সংবাদের অবাধ প্রবাহের উদ্বোধন করেন। বিরাজমান পরিস্থিতি তাকে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে প্ররোচিত করে। তিনি বিশ্বাস করেন যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করে এবং দলগুলোকে স্বাধীনভাবে অনুমতি দেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা করে

রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান অন্যতম একটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এটা জাতীয় অর্থনীতি। জিয়ার অর্থনৈতিক নীতি প্রাইভেট সেক্টরের উন্নয়নের উপর জোর দেয়, যা আগে অবহেলিত ছিল। তিনি বিশেষজ্ঞদের একটি দলকে বেসরকারি খাতের উন্নয়নের প্রচারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন অর্জনের উপায় এবং উপায় পরিকল্পনা করতে নিযুক্ত করেন এবং কৃষকদের ভর্তুকি এবং কৃষি বিপণনের মাধ্যমে কৃষি উন্নয়নের সূচনা করেন। তিনি জাতীয়করণকৃত শিল্পগুলোকে তাদের সাবেক মালিকদের কাছে হস্তান্তরের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। রপ্তানি খাতের উন্নয়নে তিনি প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানির প্রসারসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। জিয়ার অর্থনৈতিক নীতি তাকে যথেষ্ট সাফল্য এনে দেয়। খাদ্য উৎপাদন এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাংলাদেশ অদূর ভবিষ্যতে চালের উদ্বৃত্ত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছিল।

জিয়াউর রহমানের কর্মপরিকল্পনায় একটি ১৯-দফা কর্মসূচী অন্তর্ভুক্ত ছিল যা দেশে দ্রুত আর্থ-সামাজিক পরিবর্তনের উপর জোর দেয়। উন্নয়ন প্রচেষ্টায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে আর্থ-সামাজিক রূপান্তর এবং স্বনির্ভরতা ও গ্রামীণ উন্নয়ন সাধনই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল কৃষি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং বেসরকারি খাতে বৃহত্তর প্রণোদনা। এটি জনগণের মৌলিক চাহিদা এবং নারী, যুবক এবং শ্রমিকদের বিশেষ চাহিদা মেটাতেও পরিকল্পনা করা হয়েছিল এবং এটির লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

তার অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য, রাষ্ট্রপতি জিয়া দেশের রাজনীতিকে একটি উন্নয়নমুখী রাজনীতিতে রূপান্তর করার চেষ্টা করেছিলেন, যদিও তাত্ত্বিকভাবে এমন একটি স্বপ্ন নিঃসন্দেহে খুবই দুর্বল ছিল। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে শুধু উৎপাদন নয়। এর আরও অনেক প্রভাব রয়েছে। তিনি কর্মসূচিগুলিকে বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছিলেন এবং তার দলের লোকদের উন্নয়ন অভিযানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেই কর্মসূচিগুলি উপলব্ধি করতে অনুপ্রাণিত করেছিলেন। এর মধ্যে প্রথমটি ছিল খাল খনন, এবং এটি কৃষকদের পর্যাপ্ত জল সরবরাহ করার জন্য পরিকল্পনা করা হয়েছিল, বিশেষত খরা মৌসুমে। দ্বিতীয়টি ছিল সমাজ থেকে নিরক্ষরতা দূর করা যাতে সমাজের সকল স্তরে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আলোকিত বাতাসের উদ্ভব হয়। অধিকন্তু, মাঠ ও কারখানা উভয় ক্ষেত্রেই উৎপাদন ত্বরান্বিত করার জন্য প্রেরণামূলক কর্মসূচি চালু করা হয়েছিল।

পরিবার পরিকল্পনা কর্মসূচিকে তীব্র করা, যা ছিল বৈপ্লবিক, জনসংখ্যাকে এমন একটি স্তরে স্থিতিশীল করার জন্য পরিকল্পনা করা হয়েছিল যা অর্থনৈতিক এবং টেকসইতার দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম বলে অভিহিত করা যেতে পারে। গ্রাম সরকারের প্রতিষ্ঠান (গ্রাম সরকার) একটি স্বনির্ভর বাংলাদেশের জন্য জনগণের সমর্থন তালিকাভুক্ত করার লক্ষ্যে, যা জিয়ার জন্য একটি রাজনৈতিক লক্ষ্য হয়ে ওঠে। তার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল যে তিনি এটিকে শুধুমাত্র ভোটের স্লোগানে পরিণত করেননি। তিনি তার কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করেছেন। দেড় বছরে ১৫০০টিরও বেশি খাল খনন ও পুনঃখনন, পরপর দুই বছরে (১৯৭৬-৭৭ এবং ১৯৭৭-৭৮) খাদ্যশস্যের রেকর্ড উৎপাদন, ১৯৭৬-৭৮ সালে গড় বার্ষিক জিডিপি বৃদ্ধি ৬.৪%, একটি জোরালো গণশিক্ষা অভিযান, গ্রাম সরকার এবং গ্রাম প্রতিরক্ষা পার্টির (ভিডিপি) প্রবর্তন জনগণের মনে গভীর ছাপ ফেলে। দাতা সংস্থাগুলোও তার সরকারের উন্নয়ন প্রকল্পে সন্তোষ প্রকাশ করেছে।

ভারত ও অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির সাথে সমান তালে সুপ্রতিবেশী সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জিয়া প্রথমে জনগণের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষার পুনরুত্থানের মাধ্যমে এবং তারপর আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে প্রতিপক্ষ শক্তিকে স্থিতিশীল করার মাধ্যমে অভ্যন্তরীণ পরিবেশে পরিবর্তন আনতে শুরু করেন।

এইভাবে পররাষ্ট্র নীতির লক্ষ্যগুলি নতুনভাবে তৈরি করা হয়েছিল এবং পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের ভিত্তিতে শান্তি ও অগ্রগতি অর্জনের লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল। আঞ্চলিক পর্যায়ে, বাংলাদেশ ভারতের সাথে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো রাষ্ট্রগুলির সাথে পারস্পরিকতার একটি প্যাটার্ন গড়ে তুলেছিল যাতে এটি শেষ পর্যন্ত এই অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা গঠনের দিকে পরিচালিত করে, যা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সব প্রান্ত থেকে এ পদক্ষেপটি প্রশংসিত হয়েছিল।

আন্তর্জাতিক পর্যায়ে, তার নেতৃত্বে বাংলাদেশ ডান, কেন্দ্র ও বাম সকল রাজনৈতিক বর্ণের রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। বাংলাদেশ মুসলিম বিশ্বের কাছাকাছি এসেছে যা বাংলাদেশ এবং এর সমস্যাগুলিকে নতুনভাবে দেখতে শুরু করেছে।

চীন ও আমেরিকার সাথে বাংলাদেশের একটি ভালো কাজের সম্পর্ক গড়ে উঠেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশের কাছাকাছি এসেছিল। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন এবং দেশের বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য অনেক দেশ সফর করেন। তার উদ্যোগের ফল ছিল সমৃদ্ধ। বাংলাদেশ ১৯৭৮ সালে নিরাপত্তা পরিষদের একটি অস্থায়ী আসনে নির্বাচিত হয় এবং জাতিসংঘের সদস্যদের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত হয়। রাষ্ট্রপতি জিয়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণার সূচনা করেছিলেন এবং পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই উদ্দেশ্যে, তিনি পারস্পরিক সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা বলতে ১৯৭৯-৮০ সালে এই দেশগুলি সফর করেছিলেন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) ছিল তার প্রচেষ্টার ফল, যা আনুষ্ঠানিকভাবে ঢাকায় ১৯৮৫ সালে চালু হয়েছিল।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়। ঢাকার শেরেবাংলা নগরে তাকে সমাহিত করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা ও বিএনপির ওয়েবসাইট।

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকাগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বায়োজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টীল, খন্দকিয়া বাজার, খন্দকিয়া ট্যাম্পু স্ট্যান্ড, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস হতে শেরশাহ, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তি নগর, রাজামিয়া মার্কেট, শেরশাহ কলোনী, তারা গেইট, আর্মড পুলিশ ব্যাট্যালিয়ান, পদ্মা প্লাষ্টিক, চক্রোশো কানন, ধূপ পোল, কুয়াইশ,ভরা পুকুর, নজুমিয়া হাট, তেতুঁলতলা, মধ্যম বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, ফকিরের দোকান, রশিদ বাড়ি, খালেকের হাট, আজিজিয়া মাজার ও তার আশে পাশের এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে এতে ভোগান্তি হলেও এই কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার

হিজাব–নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য ও শিক্ষার্থীদেরকে হেনস্থার প্রতিবাদে চলমান আন্দোলনের মুখে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যাসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়।

তাছাড়াও, আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) রেজিস্টার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন
ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে: প্রধান উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সমস্ত প্রাসঙ্গিক তথ্য ও পরিস্থিতি সতর্কতার সাথে বিবেচনা করার পর, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক মিসেস লায়েকা বশির এবং সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনের চাকরি বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।

এই বরখাস্ত ১৮ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হবে। তথ্য এবং প্রয়োজনীয় রেকর্ডের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হল।

এদিকে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ নামক ফেসবুক পেইজে বলা হয়, আন্দোলনের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয়, ইসলামবিদ্বেষী আচরণ ও হিজাব নিয়ে কটূক্তির অভিযোগে লায়েকা বশিরকে এবং আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে সায়েম মহসিনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তবে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, আলাদা ব্যক্তির পদত্যাগ পাশাপাশি, তারা একটি টেকসই ও মানসম্মত শিক্ষাব্যবস্থা চান।

প্রসঙ্গত, সম্প্রতি ইউএপি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ এনেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরে হয়ে আসা বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন দফা দাবি জানিয়ে আসছিলেন তারা।

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলার কারণে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশের প্রতিবাদ; হিজাব ও নিকাব পরিধানের কারণে মুসলিম শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে শিক্ষিকা লায়েকা বশীরের স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ইসলামবিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে তারা অব্যাহত কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা।

গত ১৮ জানুয়ারি দুই শিক্ষককে বহিষ্কারের আগ মুহূর্তে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, হিজাব ও নিকাব পরিধানের কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে প্রকাশ্যে অপমান, বৈষম্যমূলক আচরণ, ইসলামের বিধান নিয়ে কটূক্তি এবং মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে শিক্ষক লায়েকা বশীরের বিরুদ্ধে।

এছাড়া, ক্লাস চলাকালে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ সৃষ্টি এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিংয়ের ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের হাতে এসব কর্মকাণ্ডের কিছু ভিডিও প্রমাণ রয়েছে বলে তারা জানান।

তারা আরও জানান, ২০২৫ সালের ২২ আগস্ট জুম্মার নামাজের পর অধ্যাপক ড. শমসাদ আহমেদ কয়েকজন শিক্ষার্থীসহ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি গ্রুপ ছবি তোলা হয়।

ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দেয়, যা সরাসরি ধর্মীয় পক্ষপাত ও ইসলামবিদ্বেষের প্রকাশ। কর্তৃপক্ষের এমন আচরণে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে চলে আসা ইসলামবিদ্বেষ আরও স্পষ্ট হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: নাহিদ-নাসীরুদ্দীনকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই নোটিশ প্রদান করেন।

নাহিদ ইসলামকে দেওয়া নোটিশে বলা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ও ঢাকা-১১ উল্লেখপূর্বক “দেশ সংস্কারের গণভোট, হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান-সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।’

‘সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী “কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারিবেন না।” আগামী ১৯ জানুয়ারি সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হলো,’ যোগ করা হয় নোটিশে।

একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাহিদ ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য নোটিশে অনুরোধ করা হয়।

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেওয়া নোটিশে বলা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ও “ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী” এবং “গণভোটকে হ্যাঁ বলি” স্লোগান-সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।’

নাহিদ ইসলামের নোটিশের মতো এই চিঠিতেও নির্বাচনি প্রচার শুরুর সময়ের বিষয়টি উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে একইদিন বেলা ১১টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।