রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ঐক্যবদ্ধ থাকলেই একটি প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

স্বৈরশাসনের পতন হয়েছে, এবার দেশ গঠনের কাজে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই একটি প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গাজীপুর কেবল একটি শিল্পাঞ্চল নয়, এটি দেশের গার্মেন্ট শিল্পের প্রাণকেন্দ্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সূচনা করেন, যার ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

পাশাপাশি বিদেশে শ্রমশক্তি রপ্তানির উদ্যোগও তিনিই প্রথম গ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথমবারের মতো প্রথম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেন।

তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নতুন শিল্পকারখানা স্থাপন করে রপ্তানি আয় বাড়ানো হবে। খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে। শ্রমিকদের জন্য হেল্থ কার্ড চালু করে ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গাজীপুরবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গাজীপুরের অন্যতম বড় সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট নিরসনে সেখানে ওভারব্রিজ নির্মাণ করা হবে। পাশাপাশি জেলার প্রধান তিনটি খাল—চিলাই, তুলাগ ও লবনদহ—খননের মাধ্যমে পানি নিষ্কাশন ও পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের আবাসন সংকটও সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের জয়ী করতে হবে। আগামী ১২ তারিখে ভোটের দিন ফজরের নামাজ শেষে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান, যাতে কেউ ভোটাধিকার হরণ করতে না পারে—এ আহ্বান জানান তিনি।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান এবং সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারসহ অনেকে।

উল্লেখ্য, সন্ধ্যা ৬টায় তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সভাস্থলে পৌঁছান রাত ১১টা ৩৫ মিনিটে এবং পাঁচ মিনিট পর মঞ্চে ওঠেন। দীর্ঘ অপেক্ষার পরও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভাওয়াল রাজবাড়ি মাঠ জনসমুদ্রে পরিণত হয়, যা আশপাশের সড়ক ও অলিগলিতেও ছড়িয়ে পড়ে। জনসমাগমের কারণে বিকেল ৩টার পর থেকেই রাজবাড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উদ্ধার হয়নি ৪ শতাধিক পিস্তল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের ভাষ্য অনুযায়ী, এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযান অব্যাহত রাখা জরুরি। তবে তিনি জানান, ইতিবাচক দিক হলো—১৩ ডিসেম্বর ‘ডেভিল হান্ট ফেইজ টু’ শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপয়েন্ট কার্যক্রম আরও কৌশলগতভাবে পরিচালনার নির্দেশ দেন নির্বাচন কমিশনার। তাঁর মতে, চেকপয়েন্টগুলো যেন রেনডমভাবে বসানো হয়, যাতে সন্ত্রাসীরা এক এলাকা থেকে অন্য এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে না পারে।

এ সময় আনসার বাহিনীর পোশাক ব্যবহার করে ভুয়া সদস্যের মাধ্যমে দায়িত্ব পালনের ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি। অতীত নির্বাচনগুলোতে এটি বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান নির্বাচন কমিশনার।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলার সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন।

ইরানে সরকার পতন হলে ‘বাফার জোন’ চালু করবে তুরস্ক

সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি তেহরানে সরকার ভেঙে পড়ে, তাহলে ইরান সীমান্তের ওপারে একটি বাফার জোন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে তুরস্ক। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার পার্লামেন্টে একটি রুদ্ধদ্বার বৈঠকে আইন প্রণেতাদের ব্রিফ করেন। বৈঠকে অংশ নেওয়া দুজনের মতে, সেখানে ইরান পরিস্থিতি ঘিরে একাধিক সম্ভাব্য দৃশ্যপটের জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানায় আংকারা।

ব্রিফিংয়ে উপস্থিত একজন জানান, তুর্কি কর্মকর্তারা ‘বাফার জোন’ শব্দটি ব্যবহার করে বোঝান যে, নতুন করে শরণার্থীর ঢল ঠেকাতে দেশটি সব ধরনের ব্যবস্থা নিতে চায়।

তবে আরেকজন অংশগ্রহণকারী বলেন, কর্মকর্তারা সরাসরি ‘বাফার জোন’ শব্দটি ব্যবহার না করলেও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন।

দ্বিতীয় সূত্রটি বলেন, ‘মূলত তারা বলেছেন, সম্ভাব্য অভিবাসনের ক্ষেত্রে যারা আসতে পারেন, তাদের যেন ইরান সীমান্তের ভেতরেই রাখা যায়—এ জন্য সবকিছু করা উচিত বলে তারা মনে করেন।’

চলতি মাসের শুরুতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের সঙ্গে ৫৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে প্রযুক্তিনির্ভর উন্নত নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আংকারা।

এই ব্যবস্থার মধ্যে রয়েছে ২০৩টি ইলেক্ট্রো-অপটিক্যাল টাওয়ার, ৪৩টি লিফট সংযুক্ত টাওয়ার, ৩৮০ কিলোমিটার দীর্ঘ মডুলার কংক্রিট দেয়াল এবং ৫৫৩ কিলোমিটার প্রতিরক্ষামূলক খাল।

মন্ত্রণালয় আরো জানায়, ড্রোন ও বিমানসহ নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে সীমান্ত এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

একটি তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একই ব্রিফিংয়ে কর্মকর্তারা আইন প্রণেতাদের জানান, চলতি মাসে সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিক্ষোভে প্রায় চার হাজার ইরানি নিহত এবং ২০ হাজার জন আহত হয়েছে।

দ্রুত মূল্যস্ফীতি ও ইরানের মুদ্রার তীব্র অবমূল্যায়নের ফলে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।
যদিও কিছু বিক্ষোভকারীর সহিংসতার ঘটনা ঘটেছে, তবে বিভিন্ন তদন্ত ও ফুটেজে দেখা গেছে, তেহরান বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। পাশাপাশি দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

১২ তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে : রুমিন ফারহানা

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থীব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা সূর্যকান্দি গ্রামে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘কোন দল ক্ষমতায় যাবে এটা আপনারা আগে জানেন কিভাবে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন। কথাবার্তা সাবধানে বলবেন।
যত কম কথা তত ভালো।’

তিনি আরো বলেন, ‘একটি দল কিভাবে জানে তারা সরকার গঠন করবে। পুলিশ প্রশাসন তাদের অনুগত থাকবে। অন্য দলও সরকার গঠন করতে পারে।
তাই এসব ভেবে ভুল করবেন না।’

এ সময় তিনি নিজের হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ‘হাঁস হলো সততার মার্কা, সাহসের মার্কা। আমার কোনো হাইকমান্ড নাই। কাউকে কিছু দিতে হবে না।

জাতীয় নির্বাচনে মোটরসাইকেল বন্ধ থাকবে ৩ দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের আগে-পরে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিনদিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে–আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন; অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি; জরুরি সেবা যেমন—ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন; বিমানবন্দরে যাওয়া-আসা করার যাত্রী বা আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে); দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে ১টি গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস); টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন।

জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্ত জেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। বলা হয়েছে, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে আরো কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।

বিশ্বকাপ বয়কটের ডাক ফিফার সাবেক সভাপতির

বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। তিনি যুক্তরাষ্ট্রের নীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ এবং সুইস আইনজীবী মার্ক পিথও বিশ্বকাপ বর্জনের আহ্বান দিয়েছেন। কিন্তু বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সবাইকে একসঙ্গে বিশ্বকাপ উপভোগের আহ্বান জানাচ্ছেন।

বিশ্বকাপ ফুটবল দেখার জন্য খেলোয়াড়রা মাঠে খেলবে এবং সমর্থকরাও উৎসবমুখর পরিবেশে উপস্থিত হবে—এটাই প্রত্যাশা ছিল। কিন্তু মাত্র পাঁচ মাস আগে থেকেই বর্জনের আলোচনার ঢেউ দেখা দিয়েছে।

এই বিতর্ক আরো জ্বালানি যোগ করেছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। তিনি ফুটবলভক্তদের উদ্দেশ্যে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বর্জনের আহ্বান দিয়েছেন এবং বলছেন, যুক্তরাষ্ট্র এড়িয়ে চলা উচিত।
ব্লাটারের মতে, স্টেডিয়ামে যাওয়ার চেয়ে টেলিভিশনের সামনে বসেই খেলা দেখাই ভালো।

এক্স হ্যান্ডলে দেওয়া মন্তব্যে ব্লাটার সুইস আইনজীবী মার্ক পিথের সাম্প্রতিক সাক্ষাৎকারের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। জানুয়ারি মাসের শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে বিক্ষোভকারী রেনি গুড নিহত হন—এ ঘটনাকেই পিথ সমর্থকদের যুক্তরাষ্ট্র না যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। গত সপ্তাহেও এক মার্কিন নাগরিক অ্যালেক্স প্রিতির মৃত্যু সংবাদ আসে, যা বিতর্ককে আরো তীব্র করেছে।

এদিকে, জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ জানিয়েছেন, ‘বিশ্বকাপ বয়কট নিয়ে ভাবার সময় এসেছে।’

তবে সাবেক নেতাদের এই আহ্বানের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছেন বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ফুটবলপ্রেমীরা বিশ্বকাপে যেতে এবং একসঙ্গে ম্যাচ উপভোগ করতে চান। আমরা সবসময় ফুটবল একসঙ্গে উপভোগ করে এসেছি।

সাম্প্রতিক সময়ে সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি ও বিভিন্ন নিষেধাজ্ঞা সমর্থকদের যুক্তরাষ্ট্র যাত্রায় বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।
আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল এবং আইভরি কোস্ট দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এবং ইরান ও হাইতির সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশেও সীমাবদ্ধতা রয়েছে।

নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানিয়েছেন, নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত সর্বমোট ৪৮৯টি উপজেলায় বিজিবি জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোস্টে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি এ কথা জানান।

কর্নেল লতিফুল বারী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। সেই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

তিনি জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে এই বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্নেল লতিফুল বারী জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে জয়পুরহাট জেলার ২টি আসনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। এ ছাড়া জয়পুরহাট সদর উপজলার ৩টি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করে এককভাবে দায়িত্ব পালন করবে, সর্বমোট ২৪ প্লাটুন প্রায় আনুমানিক ৫০০ জনের অধিক বিজিবি সদস্য নির্বাচনী কর্তব্যে পালনে নিয়োগ করা হবে বলে জানান কর্নেল লতিফুল বারী।

তিনি বলেন, সীমান্ত এলাকায় এ লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন যানবাহনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) সহকারী পরিচালক আল ইমরানসহ পাঁচবিবি বিশেষ ক্যাম্পের দায়িত্বরত অফিসার এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাসঙ্গিক

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি বা ইমেইলে যোগদানপত্র দাখিল করতে হবে।

পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বর্তমানে ২৮৫ জন অতিরিক্ত সচিব রয়েছেন। নতুন ১১৮ জনকে নিয়ে অতিরিক্ত সচিবরে সংখ্যা হয়েছে ৪০৩ জন। অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ২১২ জন হওয়ায় পদোন্নতি পাওয়া বেশির ভাগ কর্মকর্তাকে আগের পদেই (ইনসিটু) কাজ করতে হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিএনপির আরও ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২১ আরও নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হালিম, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ খান, নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মো. মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জারুইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি পরশ মাহমুদ, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন, সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ, গুরুই ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তার, কারপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ তপু, গুরুই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং নিকলী উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন।

নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন নির্বাহী আদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষক-কর্মকর্তারা এই ছুটির আওতায় পড়বেন না।

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে।

১১ ও ১২ ফেব্রুয়ারির পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকেরা সাধারণ ছুটি পাবেন। ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকেরা টানা তিন দিন ছুটি পাবেন।