রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

জিম্মি ও চাঁদা দাবি: নোবিপ্রবিতে নির্বাহী প্রকৌশলীকে ১২ তারিখ পর ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ছাত্রদল সভাপতির

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সৈয়দ আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসানের বিরুদ্ধে। প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ টাকার দুটি উন্নয়ন প্রকল্পের বিল পাস করাকে কেন্দ্র করে এই হুমকির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা এবং ১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে পরিবহন শেড নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী এই কাজের বিল উত্তাপনের প্রক্রিয়া শুরু হলে তাতে বাধা দেয় শাখা ছাত্রদল।

ভুক্তভোগী প্রকৌশলী সৈয়দ আহমদ জানান, গত ২৮ জানুয়ারি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান তাকে ফোন করে বিল উত্থাপন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এর কিছুক্ষণ পর সভাপতি জাহিদ ও সাধারণ সম্পাদক হাসিব একটি গ্রুপ কলে তাকে যুক্ত করেন। অভিযোগ রয়েছে, সেখানে জাহিদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন যে, ১২ তারিখের পর তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না; এমনকি ঢুকলে তার ‘ঠেং (পা) ভেঙে দেওয়া’ হবে।

শুধু প্রকৌশলী নন, উক্ত প্রকল্পের ম্যানেজার ও স্থানীয় ঠিকাদার মো. ইমদাদুল করিম রুমেলকেও জিম্মি করার অভিযোগ উঠেছে। রুমেলের ভাষ্যমতে, গত ১৫ ডিসেম্বর তাকে সংস্কারাধীন ক্যাফেটেরিয়ার ভেতর নিয়ে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম এসে এক লাখ টাকা দিলে বিষয়টি মীমাংসা হবে বলে জানান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ‘ছাত্রলীগের দোসর’ সাজিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করা হয় এবং মুচলেকা দিয়ে তাকে ছাড়া পেতে হয়।

হুমকির বিষয়টি অস্বীকার করে ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসান বলেন, “যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বিল উত্থাপনের কাজ প্রশাসনের, আমাদের নয়। আমি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে চিনিই না।” সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ও সহ-সভাপতি আমিনুল ইসলামও তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘ষড়যন্ত্র’ ও ‘বানোয়াট’ বলে দাবি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) বলেন, “প্রকৌশলীর সাথে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রদল সভাপতি আমাকে ফোন করে ঠিকাদারকে ‘আওয়ামী লীগের দোসর’ দাবি করলেও আমি জানিয়ে দিয়েছি, কাজের সাথে রাজনীতির সম্পর্ক নেই। কাজ শেষ হলে ঠিকাদার নিয়ম অনুযায়ী বিল পাবেন।”

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা কারো বিল আটকে রাখি না। প্রকৌশলীকে হুমকির বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীকাইল গ্যাস ফিল্ডের সংস্কার চুক্তি বাতিল, ৪টি কূপ নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা

শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের জন্য চলমান কাজের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ চুক্তি বাতিল করা হয়। ‘শ্রীকাইল গ্যাস ফিল্ডের জন্য ওয়েলহেড গ্যাস কম্প্রেসর ক্রয় ও স্থাপন’ নামে প্রকল্পটি কুমিল্লার মুরাদনগরে অবস্থিত বাপেক্স পরিচালিত একটি উৎপাদনশীল গ্যাসক্ষেত্র। দীর্ঘ দিন ধরে চারটি কূপ (কূপ নং-২, ৩, ৪ ও ইস্ট-১) থেকে গ্যাস উত্তোলনের ফলে কূপমুখের চাপ ধীরে ধীরে কমে আসছে। ফলে প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট ও বিক্রয় বা ট্রান্সমিশন লাইনের প্রয়োজনীয় ইনলেট চাপ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তাই যেকোনো সময় এই চারটি কূপ অকেজো হয়ে পড়তে পারে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে গ্যাসের ইনলেট চাপ বৃদ্ধি পাওয়া যেতো। এমনকি প্ল্যান্ট ও বিক্রয় বা ট্রান্সমিশন লাইনের নির্ধারিত অপারেটিং চাপের ভারসাম্য স্বাভাবিক থাকতো। এ ছাড়া বিদ্যামান কূপ থেকে সর্বাধিক গ্যাস উত্তোলন নিশ্চিত করাও সহজ ছিল।

২০২৪ সালের মার্চ মাসে প্রকল্পটির পার্চেজ অর্ডার ইস্যু করা হয়। কিন্তু গত ৮ জানুয়ারি চুক্তিটি বাতিল করে বাপেক্স। কোনো গ্রহণযোগ্য কারিগরি বা আর্থিক যুক্তি উপস্থাপন না করেই চুক্তিটি বাতিল করা হয়েছে বলে জানায় চুক্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান এস. সি ইউরো গ্যাস সিস্টেমের কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এই সংস্কার সম্পন্ন না হওয়ায় চারটি উৎপাদনশীল কূপ খুব দ্রুতই অকার্যকর হয়ে যেতে পারে, এতে উল্লেখযোগ্য রাজস্বও হারাবে বাপেক্স।

সংস্কারের কারণে কম্প্রেসার বসানোর মাধ্যমে দৈনিক প্রায় ২০ এমএমএসসিএফডি অতিরিক্ত গ্যাস উৎপাদন সম্ভব হতো, যা সরাসরি এলএনজি আমদানি হ্রাসে সহায়ক ভূমিকা পালন করতো।এ ছাড়াও ১৭৮ কোটি টাকায় কাজটি সম্পন্ন করার চুক্তি থাকলেও নতুন করে সরকার টেন্ডার আহ্বান করলে প্রকল্প ব্যায় বেড়ে দাড়াতে পারে ৩৫০ কোটি টাকা। এ ছাড়াও আগামী আড়াই থেকে তিনবছর সময় ক্ষেপন হতে পারে। যার ফলে খরচ বৃদ্ধি পাবে আরও বেশি। অথচ চলমান প্রকল্পটি আগামী একবছরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছে চুক্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশীয় গ্যাস সরবরাহ বৃদ্ধি পেতো এবং শত শত কোটি টাকা সাশ্রয় সহ আমদানি নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমে আসতো বলে জানান তারা।

পাকিস্তান বয়কট করলেও ম্যাচের দিন কলম্বো যাবে ভারত

ভারতের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় এই ম্যাচ হওয়ার কথা ছিল। পাকিস্তান না খেললেও ম্যাচের দিন কলম্বোতে যাবে ভারত দল। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও সুপার।

বিসিসিআই সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ১৫ ফেব্রুয়ারির বহুল আলোচিত ম্যাচটি ঘিরে চলমান আলোচনার মধ্যেও ভারতীয় দল সম্পূর্ণভাবে আইসিসির নির্ধারিত আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে চলতে প্রস্তুত।

বিসিসিআই সূত্রের বরাতে বলা হয়েছে, ‘ভারতীয় দল ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাবে এবং আইসিসির প্রোটোকল অনুসরণ করবে। নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলনে অংশ নেবে, নির্ধারিত সময়ে স্টেডিয়ামে পৌঁছাবে এবং ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে।’

নিজেদের এই অবস্থান আসে রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের ঘোষণার পর। যেখানে নিশ্চিত করা হয়, পাকিস্তান দল টুর্নামেন্টে অংশ নেবে, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে না। সরকারিভাবে এই সিদ্ধান্ত এক্স (সাবেক টুইটার)–এ প্রকাশ করা হয়।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার আইসিসি বিশ্বকাপ টি–টোয়েন্টি ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপরই ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ২০ দলীয় এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। পাকিস্তানের এই সিদ্ধান্তকে তাই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে।

গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এ নিয়ে আইসিসির কড়া সমালোচনা করেন। তিনি সংস্থাটির বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ড’ অনুসরণের অভিযোগ তোলেন এবং বিসিসিআইয়ের প্রভাবের কথাও উল্লেখ করেন। এই ঘোষণার ঠিক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান নকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগেও গত মাসে দুজনের মধ্যে বৈঠক হয়েছিল, যেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। তখন জানানো হয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে। সেটি এলো একদিন আগেই।

আধুনিক রাজনৈতিক দল বিএনপি: মেজর হাফিজ

ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, বিএনপি একটি আধুনিক রাজনৈতিক দল। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নারী হয়ে ও তিনবার দেশের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন। অথচ জামায়াতে ইসলামী নারীদের ‘টেবিল-চেয়ার’ মনে করে । তাদের গঠনতন্ত্র অনুযায়ী নারীরা কখনই প্রধানমন্ত্রী কিংবা দলের কোনো পদ পাবে না।

রবিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামী দল দাবি করছে। কিন্তু তাদের নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই, সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক। কখনো কোনো নারী তাদের দলের প্রধান হতে পারবেন না। কোনো নির্বাচনে তারা নারীদের মনোনয়নও দেয় না।’

সমাবেশে উপস্থিত নারীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অবসরপ্রাপ্ত এই মেজর বলেন, ‘জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া বিএনপির সভানেত্রী ছিলেন। নারী শিক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারী হয়েও বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন।’

হাফিজ আরও বলেন, ‘বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে। নতুন যারা দেশ পরিচালনা করতে চায় তাদের সেই অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই।’

লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ (রোববার) রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসেয়িশন, বাংলাদেশ (ডিক্যাব)’ আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

রাজনৈতিক ঐকমত্য ও অতীত নির্বাচনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে।

তিনি আরও বলেন, ‘১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার তার চেয়ে বেশি ভোট পড়বে বলে বিশ্বাস করি।’

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আগে কিছু মানুষের মধ্যে ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিভ্রান্তি ছিল। তবে এখন প্রধান রাজনৈতিক দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, মানুষ সাধারণত তাদের দলের অবস্থান অনুসরণ করে ভোট দেয়। যেহেতু প্রধান দলগুলো এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, আমি মনে করি এটি সহজেই পাস হবে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে তিনি উদ্বিগ্ন নন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবেও উল্লেখ করেন।

তিনি বলেন, পাকিস্তান কখনও বলেনি তারা খেলবে না; তারা বলেছে, বিষয়টি বিবেচনা করবে। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত আমাদের নিজস্ব। আর পাকিস্তান খেলবে কিনা, তা সম্পূর্ণ তাদের ব্যাপার।

ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং ডিক্যাব-এর সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

রোহিত শেঠির বাড়িতে গুলিকাণ্ড : দায় স্বীকার করে আবারও হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

বলিউডে ফের আতঙ্ক ছড়াল গ্যাংস্টার হিংসা। শনিবার গভীর রাতে পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। পাশাপাশি হুমকিমূলক বার্তাও ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় পৌনে একটার দিকে জুহু এলাকায় অবস্থিত রোহিত শেঠির বাড়ির দিকে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। অন্তত পাঁচ রাউন্ড গুলির শব্দ পাওয়া গিয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। এর মধ্যে একটি গুলি আবাসনের জিমের কাচের দেওয়ালে গিয়ে লাগে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার পর দ্রুত তদন্তে নামে মুম্বাই ও পুণে পুলিশ। রবিবার পুণের ধয়ারি ও কার্ভেনগর এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের নাম—আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) এবং স্বপ্নীল সকত (২৩)। পাঁচজনের বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

এর মধ্যেই আরজু বিষ্ণোই নামে পরিচিত এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে গুলিবর্ষণের দায় স্বীকার করেন। ওই পোস্টে তিনি দাবি করেন, রোহিত শেঠিকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল।

পোস্টে লেখা হয়, “আমরা পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের দায় নিচ্ছি। আমাদের কাজে হস্তক্ষেপ না করতে বহুবার বলা হয়েছিল। কিন্তু সে শোনেনি।

হুমকির সুর আরও চড়া করে তিনি লেখেন, “এটা শুধু একটা সতর্কবার্তা। যদি আমাদের কথা না মানা হয়, পরের গুলিটা বাড়ির বাইরে নয়—শোবার ঘরে ঢুকে বুকে গিয়ে লাগবে। গোটা বলিউডের জন্য এটা আমাদের বার্তা। নিজেদের সীমা বুঝে চলুন, না হলে অবস্থা বাবা সিদ্দিকির থেকেও ভয়াবহ হবে।”

পোস্টের শেষ অংশে আরও ভয়ংকর ভাষায় লেখা হয়, “শত্রুদের জন্য বার্তা—প্রস্তুত থাকো। একটাই দল ছিল, আছে আর থাকবে—লরেন্স বিষ্ণোইয়ের দল।”

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির তালিকায় আগে থেকেই রয়েছেন সালমান খান। অতীতে অভিনেতাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ২০২৪ সালের অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার দায়ও স্বীকার করেছিল এই গোষ্ঠী।

রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনাটি সেই ধারাবাহিক হুমকি ও সন্ত্রাসেরই নতুন অধ্যায় কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ হলো ‘প্রিন্স’ শাকিবের ফার্স্ট লুক

১৬ সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক! গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো বিজিএম! সেখানে মুখভর্তি দাড়ি, লম্বা চুলে চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক! বলছিলাম, আসন্ন ঈদে মুক্তি টার্গেট করে প্রকাশিত ‘প্রিন্স’ ছবি ফার্স্ট লুক মোশন লুকে শাকিব খানের ঝলকের কথা।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এই ফার্স্ট লুকে নজর কেড়েছেন এই মেগাস্টার। এর মাধ্যমে সিনেমার শাকিবের চরিত্রের শক্ত ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন।
একই সঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে, এযাবৎ কালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন ছবি হতে যাচ্ছে ‘প্রিন্স’।

প্রকাশিত লুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে এর ক্যাপশনে সংশ্লিষ্টরা বলছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ লুকটি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।
বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

‘প্রিন্স’ ছবি ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এতে শাকিব ছাড়াও আরো অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরো আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে গল্প ‘প্রিন্স’ নির্মাণ করছেন সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, ‘এটি বড় আয়োজনের কমার্শিয়াল ছবি।’

রাশমিকা ও বিজয়কে কেন্দ্র করে নতুন ভিডিও ভাইরাল, তোলপাড়

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওকে ঘিরে এই মুহূর্তে তোলপাড় অনুরাগী মহল। ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে পুরোদমে সাজসজ্জার কাজ চলছে। ফুল, আলো, মণ্ডপ সব মিলিয়ে এটি যেকোনো বড়সড় বিয়ের প্রস্তুতি তা বলাই বাহুল্য।

ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, আগামীকালই নাকি উদয়পুরে বিয়ে সারতে চলেছেন এই তারকা জুটি। ভিডিওটি সামনে আসার পর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন, এত দিনের গুঞ্জনের অবসান হতে চলেছে, আবার কেউ বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।

তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই খবরের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। রাশমিকা মান্দানা কিংবা বিজয় দেবেরাকোন্ডা, কেউই এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি। তাঁদের ঘনিষ্ঠ মহল বা টিমের পক্ষ থেকেও কোনো বিবৃতি আসেনি। ফলে ভাইরাল ভিডিওটি সত্যিই তাঁদের বিয়ের প্রস্তুতির, নাকি অন্য কোনো অনুষ্ঠানের জন্য তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, রাশমিকা মান্দানা ও বিজয়কে বহুদিন ধরেই একসঙ্গে দেখা যায়। কখনো বিদেশ ভ্রমণ, কখনো পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। যদিও দুজনেই বারবার নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি, আবার সরাসরি অস্বীকারও করেননি।

এই পরিস্থিতিতে উদয়পুরের ভাইরাল ভিডিও নতুন করে বিয়ে নিয়ে গুঞ্জন তৈরি করেছে।
অনুরাগীদের একাংশ বিশ্বাস করছেন, গোপনীয়তা বজায় রেখেই হয়তো বিয়ের আয়োজন সেরে ফেলতে চাইছেন এই তারকা জুটি। আবার অনেকে মনে করছেন, কোনো বড় শুটিং বা পারিবারিক অনুষ্ঠানকে ভুল করে বিয়ের প্রস্তুতি বলে ধরে নেওয়া হচ্ছে।

অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত এই খবরকে নিশ্চিত বলা যায় না। এখন শুধু সময়ের অপেক্ষা এই ভাইরাল ভিডিও সত্যি নাকি নিছক গুঞ্জন, তা স্পষ্ট হবে খুব শিগগির।

বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের, খেলবে না ভারতের বিপক্ষে

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুংকার দিলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান। ২ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা। তবে ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে না তারা।

আজ (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বকাপ নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল পাকিস্তান। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকি যেখানে, সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না। আইসিসি ভারতে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেন্যু পরিবর্তনের আবেদন।

তবে সেই আবেদন গ্রাহ্য না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে নেয়। আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধু পাকিস্তান। এমনকি নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়ে বসে।

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বড় সুখবর

প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসেবে জমা না হওয়ায় তৈরি হওয়া জটিলতা কেটে গেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে সব সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন।

সাধারণত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাতার টাকা ব্যাংকে জমা হয়। সেই নিয়ম অনুযায়ী, গত ২৯ জানুয়ারি টাকা জমা হওয়ার কথা ছিল।
কিন্তু ওই দিন টাকা জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আজ (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় দুশ্চিন্তা আরো বাড়ে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পৌঁছাতে পারেনি। ফলে সুবিধাভোগীরা সাময়িক জটিলতায় পড়েছেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। আমরা আশা করছি আগামীকালের (সোমবার) মধ্যে সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন।’

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণের এই প্রক্রিয়াটি এখন ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয়।