শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

শনিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে আগামীকাল সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্র প্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান।
তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদো (জোকোই) এর আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় তাঁর পাঁচদিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেন। সিঙ্গাপুরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।
আগামীকাল সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে।
খবর বাসস

আগামী সপ্তাহে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। মার্কিন প্রশাসনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এ কথা জানিয়েছে।
সংস্থাটি জানায়, জেলেনস্কি আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে মার্কিন সূত্র জানায়, জেলেনস্কি জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনে অংশ গ্রহণ এবং মার্কিন কংগ্রেসে যাবেন।
জেলেনস্কির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তায় প্রায় দুই হাজার একশ’ কোটি ডলার প্রদানের জন্য কংগ্রেসে আলোচনা চলছে।
উদ্ধৃতি দিয়ে এনবিসি জানায়, জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেন। তবে এই সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে ওই কর্মকর্তা স্পষ্ট করে কিছু বলেননি।
আগামী ১৯ সেপ্টেম্বর সকালে জেলেনস্কির জাতিসংঘর সাধারণ পরিষদের অবিশেনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
পরের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবে। তবে বৈঠকে যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কোন দেশই তাদের নেতাদের অংশ গ্রহণের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি।
খবর তাসের

শিক্ষা খাতের বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা খাতের বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ। তাই মহান স্বাধীনতার পর দেশ গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, শিক্ষ াখাতে জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ করতে হবে। যা তখন বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রনায়ক বা চিন্তাশীলগণ বলেননি। আজ তাই জাতির পিতার সেই স্বপ্ন পূরণে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠানে আজ ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে দেশের জন্য কাজ করছেন। যার ফলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো সারাদেশে উচ্চ শিক্ষাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাছিম আখতার। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার প্রকৌশলী আব্দুল হাই।
অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরীসহ আরো বেশ কয়েকজন অতিথি, শিক্ষার্থী ও অভিভাবক বক্তব্য রাখেন।

২০২০ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চলতি বছরের মাঝামাঝিতে অস্থায়ী ক্যাম্পাসে তার একাডেমিক কার্যক্রম শুরু হয়।

৩টি পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বেঁধে দেওয়া পেঁয়াজ, আলু, ডিমসহ তিনটি কৃষি পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে বাসভবনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের গোলের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।
দেশে উৎপাদিত ডিম ও আলুর দাম নির্ধারণ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যখন যে পণ্যের মজুদ কমে যায় তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে। তিন পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর হবে। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্যও রয়েছে। এখন ন্যায্য দাম কার্যকর হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মনিটরিং করার। সে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তা যেন ঠিক থাকে। আমরা মনে করি না যে, ঘাটতি আছে। কারণ সরকারের হাত অনেক লম্বা। আমরা শক্তহাতেই ব্যাপারটা দেখব।

এদিকে দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমরা তো সারা বছর ইলিশ রপ্তানি করি না। দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে বাঙালিদের জন্য শুভেচ্ছা হিসেবে সামান্য কিছু পাঠানো হয়।
তিনি বলেন, সারাবছর আমাদের যে পরিমাণ ইলিশ হয় তার থেকে মাত্র দুই শতাংশ ভারতে দেওয়ার চেষ্টা করি। মাছ রপ্তানির কোনো চিন্তা নেই। এটাকে রপ্তানি বলা যাবে না। শুভেচ্ছা টোকেন হিসেবে দেওয়া হয়। বছরে ছল লাখ টন ইলিশ ধরা হয়। সেখান থেকে ৪-৫ হাজার টনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যা আমাদের দুই দিনের উৎপাদনও নয়।
দুই দিনের সফরে শুক্রবার সকালে রংপুরে আসেন বাণিজ্যমন্ত্রী।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার ((১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ ইয়াবা, ২২ গ্রাম ৩০৫ পুরিয়া হেরোইন, ৪০ কেজি ১৬০ গ্রাম ১৫৯ পুরিয়া গাঁজা ও ৯৭ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ৫৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।

আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে হান্টার

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ডেলাওয়্যার ফেডারেল আদালত আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি বিষয়ে তাঁকে অভিযুক্ত করে।
হান্টারের বিরুদ্ধে প্রসিকিউটররা অভিযোগ করেন, ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন হান্টার। কোকেনের আসক্তি থাকা সত্ত্বেও অস্ত্র কেনার সময় লিখিত ফর্মে নিজের মাদকাসক্তির কথা লুকান তিনি। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের সাজা হতে পাড়ে বাইডেন পুত্রের। পাশাপাশি ২০১৭ ও ১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের কর ফাঁকির অভিযোগেরও তদন্ত চলছে হান্টারের বিরুদ্ধে। যার জন্য তার এক বছর জেল হতে পারে। এর আগে মঙ্গলবার জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্তের ঘোষণা দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার কেভিন ম্যাকার্থি।

শাহজালাল বিমানবন্দরে অর্ধকোটি টাকার সোনাসহ গ্রেপ্তার ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে কর্মরত এক কফিশপ স্টাফ এবং যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছে ৫টি সোনার বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন বিমানবন্দরে এরোস নামের কফিশপের স্টাফ জাভেদ ও যাত্রী বেলায়েত মোল্লা। ঢাকার মিরপুরের অধিবাসী জাভেদ ও বেলায়েত মাদারীপুরের কালকিনির বাসিন্দা।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে ইকে-৫৮২ ফ্লাইটযোগে বেলায়েত মোল্লা ঢাকায় অবতরণ করেন। এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রী বেলায়েত বিমান থেকে নামার পর থেকেই নজরে রাখছিল এপিবিএন। এ সময় তিনি আগমনি ইমিগ্রেশনে না গিয়ে ওপরে ডিপার্চার এলাকায় প্যাসেঞ্জার ওয়েটিং এলাকায় ঘোরাফেরা করেন। ফোনে যোগাযোগ করেন এরোস নামের কফিশপের স্টাফ জাভেদের সঙ্গে। সোনার বারগুলো জাভেদকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়ার জন্য হ্যান্ড ওভার করেন যাত্রী বেলায়েত। এরপর অ্যারাইভাল ইমিগ্রেশনের কার্যক্রম শুরু করেন। কফিশপ এরোসের স্টাফ জাভেদ এ সময় বার গুলি নিয়ে বের হওয়ার চেষ্টা করলে কাস্টমস চ্যানেলের পর বেলা ১২টায় তাকে আটক করে এয়ারপোর্ট এপিবিএন গোয়েন্দা দল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জাভেদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সোনা পাচারের চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং যাত্রীর পরিচয়ও নিশ্চিত করেন। পরে ওই যাত্রীও কাস্টমস গ্রিন চ্যানেল পার করলে তাকে আটক করা হয়। এ সময় দুজনেই যোগসাজশে সোনা পাচারের চেষ্টার কথা স্বীকার করেন। পরবর্তী সময়ে তাদের তল্লাশি করে ৫টি সোনার বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৬৭৯ গ্রাম সোনা পাওয়া যায়। যার বর্তমান বাজারমূল্য ৫৩ লাখ টাকা।

জাভেদ জানান, প্রতিটি সোনার বার পাচারে সহায়তায় তিনি ৫ হাজার টাকা করে পাবেন চুক্তিতে এ কাজে সহায়তা করছিলেন। যাত্রী বেলায়েত মোল্লার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় তিনি একজন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। প্রতিমাসেই তার দুবাই যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়।
উভয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

লিবিয়ার বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল

স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত লিবিয়া। শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে লণ্ডভণ্ড দেশটিতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এরইমধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। খবর এপির।
ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে লিবিয়ার উত্তর উপকূলীয় অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর। নগরটি যেন মৃত্যুপুরী। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে একের পর এক মরদেহ।

ঘূর্ণিঝড়ের আঘাতে বাঁধ ভেঙে যাওয়ার পর আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে জানা নেই কারও। রাস্তা ঘাটে পড়ে আছে মরদেহ। হাসপাতালগুলো পরিণত হয়েছে মর্গে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লিবিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বন্যায় নিখোঁজদের সন্ধান এখনো অব্যাহত রয়েছে।
দেশটির রেড ক্রিসেন্টের সেক্রেটারি ম্যারি এল-ড্রেস জানান, ভূমধ্যসাগরীয় শহরটিতে এখনো ১০ হাজার ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির স্বাস্থ্য-বিষয়ক কর্তৃপক্ষ এর আগে দেরনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার বলেছিলেন। এছাড়াও ড্যানিয়েলের আঘাতে দেশের বিভিন্ন স্থানে ১৭০ জন নিহত হয়েছেন।
দেশটির স্মরণকালের ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ে এরইমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ। ইতালি, স্পেন, জার্মানি, মিসর, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই দেশটিতে সহায়তা পাঠাতে শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এরইমধ্যে দুই মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দেয়া হয়েছে। আমরা এরইমধ্যে সেখানে কাজ শুরু করেছি। দুবাই হাব থেকে মেডিকেল সরঞ্জামাদি লিবিয়ায় পৌঁছে গেছে। আমাদের জরুরি মেডিকেল টিমও সেখানে কাজ শুরু করেছে। এছাড়াও ৮টি দেশ এবং বিভিন্ন সংস্থাও কাজ শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারও। ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ১৩০ জে পরিবহন বিমান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তা সামগ্রী নিয়ে যাত্রা করেছে লিবিয়ার উদ্দেশ্যে। যাচ্ছে শুকনা খাবার, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে নামছে না বাংলাদেশ

এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরই। ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটি তাই কাগজ কলমের হিসেবে বাংলাদেশের জন্য নিয়মরক্ষার ম্যাচ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় এই ম্যাচটি নিয়ে খুব একটা ভাবনা নেই বাংলাদেশের। সে কারণেই গুরুত্বহীন শেষ ম্যাচটির আগে দলীয় অনুশীলনটাও করেননি জাতীয় দলের ক্রিকেটাররা।

অনুশীলনে না নামার আরও একটি কারণ আছে। সেটি হলো অনুশীলনের জন্য উপযুক্ত মাঠের অভাব আর বৃষ্টির আশঙ্কা। ইতোমধ্যেই শ্রীলঙ্কা-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই ম্যাচে জয়ী দলের ভারতের সঙ্গী হয়ে ফাইনালে ওঠার কথা রয়েছে।

বাংলাদেশের এই ম্যাচটিতে হারানোর কিছু নেই। বাস্তবিকপক্ষে পাওয়ার কিছু না থাকলেও একেবারেই যে কিছু নেই সেটা বলা যাবে না। কেননা ম্যাচটিতে জয় পেলে এশিয়া কাপের মিশনে প্রাপ্তির খাতায় যোগ হবে ভারত বধের কথা। আর সেটিই হবে বাংলাদেশের সান্ত্বনার প্রাপ্তি।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করে শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

রিপাবলিকানরা আমাকে সরাতে চায় : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকারকে অচল করতে অভিশংসনের মাধ্যমে রিপাকলিকানরা আমাকে ক্ষমতাচ্যুত করতে চায়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকানরা বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগ করছেন। তার বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর পরিকল্পনা করা হয়েছে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বাইডেনের বিরুদ্ধে এই তদন্তকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, রিপাবলিকানরা হান্টার বাইডেনের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের তদন্ত করেছে, তারপরও তারা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর দেননি তিনি। এ ছাড়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে হান্টারের বিরুদ্ধে। আর প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন থেকে উপকৃত হয়েছিলেন কি না, সেটিকে ঘিরেই এই তদন্ত শুরু করেছে রিপাবলিকানরা।

এ বিষয়ে জো বাইডেন বলেন, আমি ঠিক জানি না কেন তারা আমাকে অভিশংসন করতে চায়। আমি মনে করি আমাকে অভিশংসন করতে চায় কারণ তারা সরকারকে অচল করতে চায়। তবে আমি এ বিষয়ে মনোনিবেশ করতে চাই না। আমারও অনেক কাজ আছে, আমার ওপর অনেক দায়িত্ব আছে।

বাইডেন আরও বলেন, প্রথমবার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে মার্জোরি টেলর গ্রিন বলেছিলেন- তিনি প্রথমে যা করতে চান তা হলো আমাকে অভিশংসন করা।

মার্জোরি টেলর অতি-কট্টর-ডানপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত।