শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

বাংলাদেশকে লজ্জা থেকে মুক্তি দিল লঙ্কানরা

৭ ওভার, ১ মেডেন, ২১ রানে ৬ উইকেট। শ্রীলঙ্কার এশিয়া কাপ স্বপ্ন দুমড়ে গিয়েছে এমন অসাধারণ এক বোলিং স্পেলে। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এই বোলিং ফিগারের সুবাদে লঙ্কানরা গড়েছে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। তবে এদিন ৫০ রানে অলআউট হয়ে এশিয়া কাপেরই সর্বনিম্ন দলীয় স্কোরেও নাম উঠেছে তাদের।
আর এমন লজ্জার দিনে বাংলাদেশকেও যেন কিছুটা রেহাই দিল লঙ্কানরা। আজকের ফাইনালের আগ পর্যন্ত এশিয়া কাপে দলীয় সর্বনিম্ন স্কোর ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা।

এশিয়া কাপের ফাইনালের ক্ষেত্রে অবশ্য আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৭৩ রানের। শ্রীলঙ্কা থামল তার অনেক আগেই। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আবার ভারতের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ডও এটি।
লো স্কোরিং এই ম্যাচে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০ রানে। ভারত ম্যাচ জিতেসে অনায়াসে। ১০ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। এশিয়া কাপের ফাইনালে উইকেটের হিসেবেও এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
সিরাজের এই বোলিংয়ের কল্যাণে রেকর্ডবুকে এসেছে আরও বেশকিছু পরিবর্তন। বল বাই বল হিসেবে সবচেয়ে দ্রুততম ৫ উইকেটের তালিকার শীর্ষে আছেন এখন সিরাজ। এক ওভারে চার উইকেট পাওয়া চতুর্থ বোলার তিনি। এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগারটাও এখন সিরাজেরই দখলে।

মাসা আমিনির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গুলিতে ইরানি গার্ড নিহত

ইরানে মাসা আমিনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলাকালে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে যুক্ত বাসিজ আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
সরকারি সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের নুরাবাদ শহরে শনিবার সন্ধ্যায় বাসিজ আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত হামলাকারী। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বার্তা সংস্থাটি হামলাকারীর পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে মাসা আমিনির মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে শনিবার কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপের লোকজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, সঠিকভাবে হিজাব না পরার কারণে মাসা আমিনিকে দেশটির নৈতিক পুলিশ গ্রেফতার করে এবং ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতেই তার মৃত্যু হয়।
এ মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা কয়েকমাস স্থায়ী হয়। এ সময়ে নিরাপত্তা সদস্যসহ কয়েক শ লোক প্রাণ হারিয়েছে।

সেনাপ্রধানের সঙ্গে কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অফ স্টাফ জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অফ স্টাফ সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টিমের অন্য সদস্য ছিলেন কাতারি মিলিটারি ডেকোরেশনস আ্যন্ড মেডেলস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। এ সময় উভয়েই ভাতৃপ্রতীম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন।
জানা গেছে, কাতারি ডেলিগেশন টিম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ থেকে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কাতারি ডেলিগেশন টিমের এ সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইএসপিআর।

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রা বিরতির পর ফ্লাইটটি ১৭ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। তিনি ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী যোগ দেবেন।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সার্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন, অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয়গুলো তুলে ধরবেন।’

বিশ্ব নেতারা ৭৮তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে একত্রিত হবেন। আন্তর্জাতিক এ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে– ‘আস্থা পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার : সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্ব ত্বরান্বিত করায় ২০৩০ এজেন্ডা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।’

১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের রকফেলার সেন্টারে ইউএনআইডিও ও ডেলয়েট আয়োজিত ‘খাদ্য ভাবনা- খাদ্য সরবরাহ চেইন উদ্ভাবনে এসডিজিকে ত্বরান্বিত করায় সহযোগিতা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। একই দিনে তিনি ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে ‘এসডিজি সামিট-লিডার্স’ ডায়ালগ ৪ (এসডিজি অর্জনের জন্য সমন্বিত নীতি ও পাবলিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা) শীর্ষক আরেকটি সম্মেলনেও ভাষণ দেবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কের লেক্সিংটন ভেন্যুতে জাতিসংঘ মহাসচিবের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও বিশ্ব স্বাস্থ্য অর্থায়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূত গর্ডন ব্রাউন এবং গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশনের এক্সিকিউটিভ চেয়ার সারাহ ব্রাউন আয়োজিত জাতিসংঘ ২০২৩ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে দেওয়া একটি উচ্চ পর্যায়ের ব্যক্তিগত নৈশভোজে যোগ দিতে পারেন।

১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের সদর দপ্তরের সিআর-১৬-এ স্পেনের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সভাপতির ‘টুওয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও ভাষণ দেবেন।

একই দিন শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে সিআর-১১ এ বাংলাদেশ, অ্যান্টিগা এবং বারবুডা, ভুটান, চীন, মালয়েশিয়া, চ্যাথাম হাউস এবং সুচনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে চিকিৎসা পরিষেবা ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেবেন।

২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ‘টেকসই উন্নয়নে সাশ্রয়ী ও সহজলভ্য আন্তর্জাতিক গণ অর্থায়ন বৃদ্ধি এবং দক্ষতা নিশ্চিতকরণ’ শীর্ষক উন্নয়ন অর্থায়ন (এফএফডি) বিষয়ে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন।

একই দিনে তিনি মহাসচিবের ক্লাইমেট অ্যামবিশন সামিট, মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, নারী নেতাদের জাতিসংঘ প্লাটফর্মের বার্ষিক সভা, ক্লাইমেট অ্যামবিশন সংক্রান্ত উচ্চ পর্যায়ের জলবায়ু বিষয়ভিত্তিক সম্মেলনের পাশাপাশি ন্যাশনাল জুরিসডিকশনের বাইরের এলাকার সামুদ্রিক জীব বৈচিত্র্য আইনের ওপর জাতিসংঘের কনভেনশনে যোগ দেবেন।

২১ সেপ্টেম্বর বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টের পাশাপাশি ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সৃষ্ট হুমকি মোকাবিলা’ শীর্ষক ব্রেকফাস্ট সামিট এবং ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়ে উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সফরকালে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘ মহাসচিবের জেনোসাইড উপদেষ্টা, নবনির্বাচিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মহাপরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় (নিউ ইয়র্ক সময়) ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন। তিনি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ-২৯২) রাত ১০টা ৪৫ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

প্রধানমন্ত্রী ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০৮) একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

ব্রাইটনের কাছে ম্যানইউর হার, জিতল সিটি-লিভারপুল

নতুন মৌসুমের শুরুটা ভুলে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম চার ম্যাচে তারা মাত্র ২টিতে জয় পেয়েছিল। যা তাদেরকে লিগ টেবিলে ১০-এর বাইরে নিয়ে গেছে। এবার ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষেও ৩-১ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ওল্ড ট্রাফোর্ড শিবিরকে। অন্যদিকে, আলাদা ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাকে জয়ের গল্প লিখেছে ম্যানচেস্টারের আরেক ক্লাব সিটি ও লিভারপুল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকে দারুণ খেলতে থাকে এরিক টেন হাগের ইউনাইটেড। শুরু থেকেই আক্রমণে ব্যস্ত রাখে ব্রাইটনের রক্ষণকে। তবে স্রোতের বিপরীতে প্রথম গোলটা পেয়ে যায় ব্রাইটন। ম্যাচের ২০ মিনিটে তারা এগিয়ে যায়। গোল করেন ইংলিশ ফুটবলার ড্যানি ওয়েলব্যাক। প্রিমিয়ার লিগে এটি ম্যানইউ’র বিপক্ষে ওয়েলব্যাকের চতুর্থ গোল। রেড ডেভিলদের হয়ে খেলেছেন এমন ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ।

এরপর ম্যাচের ৪০ মিনিটে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্টে ইউনাইটেডের হয়ে বল জালে জড়িয়েছিলেন রাসমুস হালুন্দ। তবে গোলটি ভিএআরে বাতিল করা হয়। ফলে প্রথমার্ধে তাদের আর সমতা টানা হয়নি।

বিরতির পর ৫৩ মিনিটে রক্ষণের ভুলে ফের গোল হজম করে ইউনাইটেড। ব্রাইটনের হয়ে গোলটি করেন প্যাসকাল গ্রোস। এতে তার দল দ্বিগুণ লিড পেয়ে যায়। ৭১ মিনিটে আরও একটি গোল হজম করে রেড ডেভিলসরা। ব্রাইটনের হয়ে গোল করেন ব্রাজিলের জোয়াও পেদ্রো। ফলে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন ব্রাইটন। ম্যাচের শেষদিকে সান্ত্বনার একটি গোল পেয়ে যায় ইউনাইটেডও। গোলটি করেন তরুণ মিডফিল্ডার হ্যানিবাল মেজব্রির। এই ম্যাচে হারের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১২ নম্বরে থাকল ইউনাইটেড।

ম্যান-সিটির বড় জয়

একইদিন রাতে ওয়েস্ট হামের মাঠে তাদের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচে নিজেদের রক্ষণের ভুলে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। পরবর্তীতে অবশ্য তারা একে একে তিন গোল করে। ফলে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়ে ম্যানসিটি মাঠ ছাড়ে। সিটির হয়ে একটি করে গোল করেছেন আর্লিং হালান্ড, বানার্দো সিলভা ও জেরেমি ডোকু।

পিঠের অস্ত্রোপচার শেষে দুই ম্যাচ পর এদিন ডাগআউটে ফেরেন গার্দিওলা। তার উপস্থিতিতে প্রথমার্ধে গোল-মিসের মহড়া দেখিয়েছেন হালান্ডরা। এরপর তাদের রক্ষণের ভুল কাজে লাগিয়ে প্রথম গোলটা পেয়ে যায় ওয়েস্ট হাম। ম্যাচের ৩৬ তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জেমস ওয়ার্ড প্রস। এরপর সিটিও ম্যাচে সমতা টানতে পারত। হালান্ড ম্যাচের ৪২ মিনিটে সহজ সুযোগ পেয়ে হাতছাড়া করেন। জেরেমি ডোকুর বাড়ানো বল ফাঁকা পোস্টের সামনে পেয়েও জালে জড়াতে পারেননি নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

পিছিয়ে পড়া সিটি বিরতি থেকে ফিরেই ৪৬ মিনিটে খেলায় ফেরে। স্কোরশিটে নাম লেখান আন্ডারলেখট থেকে ৭৬৫ কোটি টাকায় কেনা ডোকু। আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে বেলজিয়ান তারকা বাঁকানো শটে বল জালে জড়ান। এরপর সিটির দ্বিতীয় গোলেও অবদান ছিল আলভারেজের। ডি–বক্সের বাইরে থেকে তার ভাসানো বল পেয়ে সফল লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা বার্নাদো সিলভা। এতে লিড পেয়ে যায় সিটি।

আগেই কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করার পর ম্যাচের ৮৬ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন হালান্ড। ৩-১ ব্যবধানে জয় নিয়ে সিটি মাঠ ছাড়ে। টানা পাঁচ ম্যাচের জয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কামব্যাকের গল্প লিভারপুলের

উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের বিপক্ষে দুই তারকাকে ছাড়াই নামতে হয়েছে লিভারপুলকে। নিষেধাজ্ঞার কারণে ভার্জিল ফন ডাইক ও চোটের কারণে ট্রেন্ট আলেক্সান্ডার–আরনল্ডকে বাইরে রেখে একাদশ সাজাতে হয়েছিল কোচ ইয়ুর্গেন ক্লপকে। এরপর মাঠে নামার মাত্র ৭ মিনিটেই তারা পিছিয়ে পড়ে।

উলভারহ্যাম্পটনের শুরুটা দারুণভাবে করেছিলেন হোয়াং হি–চান। পেদ্রো নেতো ক্ষিপ্র গতিতে দৌড়ের পর হোয়াংকে বল বাড়ালে তিনি বল জালে জড়িয়ে দেন। বল দখলে এগিয়ে থাকলেও গোলের লক্ষ্যে শটে পিছিয়ে ছিল লিভারপুল। প্রথমার্ধে তাদের জালে উলভস ৮টি শট নিয়েছে। লিভারপুল উলভসের জালে নিতে পেরেছে ৫টি শট। তার মধ্যে দুটি কেবল লক্ষ্যে ছিল। বিরতির আগে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে লিভারপুল।

এরপর ক্লপের শিষ্যরা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ করে যায় তারা উলভসের রক্ষণে। খেলার স্রোতের বিপরীতে একটি পাল্টা আক্রমণ থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল উলভস। সেই প্রতি আক্রমণ থেকে বল পেয়ে যান সালাহ। মিসরীয় তারকা অনেকটা এগিয়ে বল দেন কোডি গাকপোকে। তার নেওয়া দুর্দান্ত শটে ৫৫ মিনিটে সমতায় ফেরে লিভারপুল।

এরপর ৮৫ মিনিটে লিভারপুলের দ্বিতীয় গোলটি করেন অ্যান্ডি রবার্টসন। গোলকিক থেকে বল পেয়ে তিনি সালাহর সঙ্গে ওয়ান–টু করে সামনে এগিয়ে যান। একপর্যায়ে সালাহ বল নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে কাটব্যাক করে দেন রবার্টসনকে। তিনি ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান। যোগ করা সময়ের শুরুতে সালাহ’র অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন হার্ভি এলিয়ট। এই জয়ের পর ৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ১৩।

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য। স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

অবশ্য বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যে শনিবার বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর। অ্যামাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেছেন, ‘শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শুরু থেকেই কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

এদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এছাড়া এই ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

অবশ্য ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

মানাউস অ্যারোট্যোক্সির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই কঠিন সময়ে ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা করছি এবং তদন্তের অগ্রগতির সাথে সাথে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও আপডেট প্রদান করতে থাকব।’

অবশ্য ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। যদিও রয়টার্স সেসব তথ্য নিশ্চিত করতে পারেনি।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে কারুশিল্প পরিষদ পরিদর্শনে স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই হস্ত ও কারুশিল্পে সমৃদ্ধ। তিনি বলেন, ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানীয় হস্তশিল্পের সংরক্ষণ, উন্নয়ন, ও প্রচারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত জাতীয় কারুশিল্প পরিষদের দপ্তর ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সারা বিশ্বে হস্ত ও কারুশিল্পের চাহিদা রয়েছে। তাই হস্ত ও কারুশিল্পীদের স্বীয় পেশায় সংযুক্ত রাখতে প্রশিক্ষণ প্রদানসহ তাদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা প্রয়োজন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার জনগণের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং হস্ত ও কারুশিল্পে সাদৃশ্য রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, হস্ত ও কারুশিল্পে উভয় দেশের মধ্যে বর্তমানে বিদ্যমান সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিতে জোর দিতে হবে।

জাতীয় কারুশিল্প পরিষদের দপ্তর ও বাটিক, রাশ ও রিড, হ্যান্ডলুম এবং ববিন লেস প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা স্পিকারকে বাটিক কাপড়সহ বিভিন্ন পণ্য তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করেন। স্পিকার প্রশিক্ষণার্থীদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।

পরিদর্শনকালে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীসহ জাতীয় কারুশিল্প পরিষদের কর্মকর্তারা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিপদে পড়লে সবার আগে শাহরুখই এগিয়ে আসবে: দীপিকা

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাডুকোনের। নিজের ক্যারিয়ারের প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দীপিকার। ক্যারিয়ারে একের পর এক সাফল্যে পৌছে গেছেন বলিউডের শীর্ষ নায়িকার তালিকায় সবার উপরে।

অন্যদিকে শাহরুখের জন্যও দীপিকা যেন ‘সৌভাগ্যের প্রতীক’। এই নায়িকা তার সিনেমার যেকোনো চরিত্রে থাকলেই সেই ছবি ব্যর্থতার মুখ দেখেনি। তাই বলিউডে শাহরুখ-দীপিকার প্রতিটি সিনেমাই হয়েছে সুপারহিট।

একসঙ্গে দীর্ঘদিন কাজ করায় দুজনের বোঝাপড়াটাও বেশ দারুণ। সম্প্রতি শাহরুখ সম্পর্কে দীপিকা বলেছেন, ‘শাহরুখ কোনো সিনেমার প্রস্তাব দিলে চোখ বুজে রাজি হবো। কারণ আমি মনে করি, আমার কোনো বিপদ হলে সবার আগে তিনিই এগিয়ে আসবেন।’

২০১৮ সালে ‘জিরো’ সিনেমা ফ্লপ যাওয়ায় মাঝে লম্বা এক বিরতি নেন শাহরুখ। এরপর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছর পর্দায় ফেরেন তিনি। যেখানে তার বিপরীতে অভিনয় করেন দীপিকা। সেই ছবি বক্স অফিসে ৫০০ কোটি রুপির বেশ কালেকশন করে। এরপর ‘জওয়ান’ সিনেমাতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেন দীপিকা। সেটিও ব্লকবাস্টার সিনেমায় পরিণত হয়েছে।

তবে নিজেকে শাহরুখের ‘লাকি চার্ম’ ভাবতে নারাজ দীপিকা। সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার আর শাহরুখের সম্পর্কের কথা কারো অজানা নয়। তার প্রতি আমার হৃদয়ে ভালোবাসা আর সম্মান আছে। তাই আমি জানি, যদি কখনো বিপদে পড়ি, তখন সবার আগে শাহরুখ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। তাই তিনি যখন কোনো চরিত্রের জন্য আমায় প্রস্তাব দিচ্ছেন, তখন আমি এটুকু বুঝতে পারি যে উনি ভালো বুঝেই সেটা করছেন।’

এ কারণেই জওয়ান সিনেমায় আমার চরিত্রের দৈর্ঘ্য যেমনই হোক না কেন, আমি রাজি হয়েছি। যদিও প্রথমে আমার চরিত্রটিকে ক্যামিও ভাবলেও পরে সিনেমা দেখে বুঝলাম, জওয়ান-এ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শাহরুখ আমাকে দিয়েছেন- যোগ করেন দীপিকা

জওয়ান সিনেমায় দীপিকাকে কাস্টিং প্রসঙ্গে শাহরুখ বলেন, ঐশ্বর্য চরিত্রটির জন্য অ্যাটলি প্রথম আমাকে দীপিকার নাম বলেছিল। কিন্তু আমি দ্বন্দ্বে ছিলাম দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হবেন কিনা। এরপর আমরা ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানের শুটিংয়ের সময় দীপিকাকে প্রথম প্রস্তাব দিই। ও শুনেই রাজি হয়। পরে হায়দরাবাদে দীপিকা যখন ‘প্রোজেক্ট কে’-র শুটিং করছে, সেসময় আমি ও অ্যাটলি সেখানে গিয়ে চিত্রনাট্য পড়ে শোনাই। আমরা বলেছিলাম ওর চরিত্রটি ক্যামিও। কিন্তু সিনেমাটি দেখে দীপিকা বলল, ওই তো সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। আসলে আমরা ওকে বোকা বানিয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করিয়ে নিয়েছি। ও বুঝতেই পারেনি।

বিকেএমইএ’র নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএকএমইএ) নবনিমির্ত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএকএমইএ’র নিজস্ব অর্থায়নে নির্মিত আটতলা বিশিষ্ট ভবনটি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ যদি ভুল (অপরাধ) করে তবে তিনি জনপ্রতিনিধি হোক কিংবা প্রশাসনে কর্মরত হোক, তাকে শাস্তি পেতেই হবে। তবে দায়িত্বটা আমাদের ভালোভাবে পালন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বের নেতা। কখনও তাকে মাদার অব হিউম্যানিটি আবার কখনও তাকে ভ্যাকসিন হিরো বলা হয়। সারা পৃথিবীতে যখন করোনা বিপর্যয় চলছিল, তখন আমাদের দেশে যেভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে সে জন্য তাকে ভ্যাকসিন হিরো বলা হয়।

তিনি আরও বলেন, সেলিম ওসমান ব্যবসায়ী জগতে একজন ধ্রুবতারা। ব্রিটিশ আমল থেকে নারায়ণগঞ্জ ব্যবসার জন্য প্রসিদ্ধ। এরও আগে থেকেই নারায়ণগঞ্জ বন্দরনগরী হিসেবে প্রসিদ্ধ ছিল। শুনতে ভালো লাগে যে নারায়ণগঞ্জ থেকে প্রচুর নিটওয়্যার পণ্য রপ্তানি করা হয়। আমি যেখানে গিয়েছি, যখন দেখি ‘মেড ইন বাংলাদেশ’ তখন মন ভরে যায়। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন অনেকে হেসেছিল। আজ কোথায় নিয়ে গেছেন তিনি বাংলাদেশকে। সাবমেরিন কেবল ফ্রি দিতে চেয়েছিল, তখন ওরা বলে দেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে। এদের বোকা বলব না কী বলব, আমি বুঝি না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকরা আগে কিছু হলেই কারখানায় আগুন দিত। এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। আমরা তাদের বোঝালাম তোমরা আগুন দেবে কেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আজ বলার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। আজ যখন আপনারা পুলিশের প্রশংসা করেন আমার ভালো লাগে। আমার মনে হয় পুলিশ ভালো কাজ করছে। ভালো কাজ করলে সবাই তার প্রশংসা করবে। বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা জনতার পুলিশ হবে। জননেত্রী শেখ হাসিনা আজ পুলিশকে সে পর্যায়ে নিয়ে গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দুই তলা ভাড়া নিয়ে প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। তবে, দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জে উদ্বোধন হলো তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ‘র প্রধান কার্যালয়। সরকারের সহযোগিতায় সংগঠনটির নিট শিল্পোদ্যোক্তারা বিশ্বের ১৬২টি দেশে নিট পণ্য রপ্তানি করে আসছে। বর্তমানে নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্পের ৯৫ ভাগই নিটওয়্যার কারখানা। নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ১৫ দশমিক ৭১ শতাংশ জমির ওপর বিকেএমইএ’র নতুন এই ভবনটি ১৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট হলেও রাজউকের অনুমোদন সাপেক্ষে ভবনটির ৮ তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। ভবনটির মোট আয়তন হয়েছে ৫৭ হাজার বর্গফুট। নারায়ণগঞ্জ ছাড়াও বিকেএমইএ‘র আরও দু’টি শাখা কার্যালয় রয়েছে। একটি রাজধানী ঢাকায়, অন্যটি চট্টগ্রামে। এছাড়া কুমিল্লা জেলায় রয়েছে একটি প্রকল্প কার্যালয়।

বিকেএমইএ‘র সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ হাতেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শিশুদের ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা সৌদির

শিশুদের ওমরাহতে নিয়ে গেলে অভিভাবকদের মানতে হবে নতুন কয়েকটি নির্দেশনা। শিশুসন্তানকে সঙ্গে নিতে ইচ্ছুক ওমরাহযাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
গালফ নিউজ বলছে, যেসব বাবা-মা তাদের শিশু সন্তানসহ ওমরাহ করতে যান, তাদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। শিশুদের নিরাপত্তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ওমরাহর সময় শিশুদের ডান অথবা বাঁ হাতের কব্জিতে পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। এটি অবশ্যক এবং গুরুত্বপূর্ণ। ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।
বাবা-মাকে আনুষ্ঠানিকতা শেষ করতে ভিড় কম হয় এমন সময় ও স্থান বেছে নিতে হবে। সন্তানের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাবা-মা বা অভিভাবককে যত্নশীল হতে হবে। কেননা সন্তানের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের।
শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে সে ব্যাপারেও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
হজের মাস ছাড়া প্রায় সারা বছরই মুসলিম উম্মাহ ওমরা পালন করে। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত পবিত্র মক্কায় ওমরা পালনকারীরা বেশি ভিড় করেন। তাদের সুবিধার জন্য চলতি বছর ৩০ দিন থেকে ৯০ দিন ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।