শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৮৪ জন। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন হাজার ৮৪ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৪ জন ও দুই হাজার ১৯০ জন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ ৭০ হাজার ৭৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৪ হাজার ১২৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬৪১ জন। এই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকার ৫৭৪ জন এবং ঢাকার বাইরের ২৬৫ জন।
২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।
বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ‘সেনা নীড়’ নামে বিভিন্ন পদবির সেনা সদস্যদের জন্য ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট ১৫ তলা পারিবারিক বাসস্থান উদ্বোধন করে এসব কথা বলেন সেনা প্রধান। সোমবার (১৮ সেপ্টেম্বর) তিনি সেনানীড় উদ্বোধনের পাশাপাশি শেখ হাসিনা সেনানিবাসে গ্যারিসন কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধনও করেন।

দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেনা প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় বীর সেনানীরা জাতীয় যেকোনো দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সদা প্রস্তুত। সেনানিবাসে এই স্থাপনাগুলো তৈরির মাধ্যমে বসবাসকারীদের জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক আরামদায়ক হবে; আপনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। উঁচু মনোবল থাকলে তখনই আপনার সঠিক প্রশিক্ষণ করতে পারবেন; আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশ সেবা করা, বহিঃশত্রু থেকে এ দেশকে রক্ষা করা। আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই জীবন বেছে নিয়েছি। এটা একটি চ্যালেঞ্জিং পেশা। এটাকে আমরা নিজে নিজেই পছন্দ করেছি এবং ভালোবেসেছি।
তিনি বলেন, আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো, এর অনেক উন্নয়নই হতো না। এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। তাই আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করে গেছেন, যাদের জীবনের সুবর্ণ সময়টা আমাদের জন্য আত্মত্যাগ করে গেছেন, তাদেরকে ভুললে চলবে না। গুণীর গুণগান না গাইলে গুণী তৈরি হয় না। যারা আমাদের জন্য আত্মত্যাগ করেছে, সেইসমস্ত বীরদের কথা স্মরণ করতে হবে, তাদের প্রশংসা করতে হবে। যাতে করে ভবিষ্যতের প্রজন্ম প্রয়োজনবোধে দেশের জন্য আত্মোৎসর্গ করতে পিছু পা নয়।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম মুনীর ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বিদেশ সফরকালীন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সস্ত্রীক ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া যাবেন। ফিরবেন আগামী ৩০ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীরকে ২০২০ সালের ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।

২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের।
এদিন নতুন করে শনাক্ত হয়েছে ১০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৬১৩ জনে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ১৬৮ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৭১ হাজার ৩৭০টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে দুজন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৫৫৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আমরা সব সময় শক্তিশালী বিরোধী দল চাই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা সব সময় শক্তিশালী বিরোধী দল চাই। আন্দোলন সংগ্রাম করে সরকারকে হটাতে পারবেন না। গত ১৪ বছরে পারেননি, এক-দেড় মাসেও পারবেন না। জনগণ যে রায় দেবে আমরা মেনে নিতে প্রস্তুত। তাই বলছি আপনারা নির্বাচনে আসুন।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইডিইবি এবং বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, পেঁয়াজ-রসুনের দাম বেশি, সাধারণ মানুষ ভালো নেই। প্রতিদিনই আমরা খবর দেখছি পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি। বিশেষ করে কম আয়ের মানুষ যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা- তাদের এই পেঁয়াজ, রসুন কিনতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে।
তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করা যে কত বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এটা বলার ভাষা জানা নেই। তারপরও আমরা কিন্তু ১৭ কোটি মানুষকে খাওয়াচ্ছি। গতকালও আমি কয়েকজন মিলারের সঙ্গে কথা বলছিলাম। মিলাররা খুব খারাপ অবস্থায় আছেন। কারণ তারা চাল কিনেছিলেন, ধান কিনেছিলেন, মনে করেছিলেন অনেক বেশি লাভবান হবেন। কিন্তু দুর্ভাগ্যবশত দাম আরও কমের দিকে। এখন সব মিলার সরকারকে চাল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। বাজারে চালের দাম সরকার ঘোষিত দামের চেয়ে আরও কম। আবার অনেক বছর এমন হয়, আমি নিজেও খাদ্যমন্ত্রী ছিলাম, মিলাররা আমাদের সঙ্গে চুক্তি করেও চাল সরবরাহ করেন না। তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করা হয়। এরপরও তারা চাল দেন না, কারণ বাজারে দাম বেশি থাকে।

জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রতিকূল পরিবেশ কীভাবে মোকাবিলা করা যাবে, এটিই এখন চ্যালেঞ্জ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, তার জন্য বিজ্ঞানীদের নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে হবে যে, কোন ফসল বাংলাদেশে ফলানো সম্ভব। সার্বিক উন্নয়নে আমরা একটি বিপ্লব শুরু করব। কৃষিকে গুরুত্ব দেওয়ার ফলে খাদ্য ব্যবস্থাপনায় দেশ খুব ভালো অবস্থায় রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
এ ছাড়া ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়ার্টার ম্যানেজমেন্টের পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রথম মিস ইউনিভার্স পাকিস্তান হলেন এরিকা

‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৩’ নির্বাচিত হয়েছেন করাচির এরিকা রবিন। গত ১৪ সেপ্টেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। এ আসরে বিজয়ীর মুকুট পরেন তিনি। এরিকা প্রথম পাকিস্তানি নারী যে মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিনিধিত্ব করবেন।
মকুট বিজয়ের পর এরিকা রবিন তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘প্রথম মিস ইউনিভার্স পাকিস্তান বিজয়ী হয়ে সম্মানিত বোধ করছি। আমাদের সুন্দর সংস্কৃতি রয়েছে; যা মিডিয়া কখনো সামনে আনে না। পাকিস্তানের মানুষ খুবই উদার, দয়ালু ও অতিথিপরায়ন। আমার দেশটি ঘুরে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৩’-এর আয়োজন করেছিল দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ইউজেন গ্রুপ। গত মার্চে এ আয়োজনের কথা তারা জানিয়েছিল।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, পাঁচজন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৩’-এর গ্র্যান্ড ফিনালে। চারজনকে হারিয়ে বিজয়ীর মুকুট পরেন এরিকা। বাকি চার প্রতিদ্বন্দ্বী হলেন— হিরা ইনাম (২৪), জেসিকা উইলসন (২৮), মালেকা আলভি (১৯) ও সাবরিনা ওয়াসিম (২৬)।
১৯৯৯ সালে পাকিস্তানের করাচির একটি ক্রিশ্চিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন এরিকা রবিন। সেন্ট প্যাট্রিক গার্লস হাই স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে পাকিস্তানের চণ্ডীগড়ের সরকারি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেন।
২০২০ সালের জানুয়ারিতে প্রথম পেশাদার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এরিকা। মিস ইউনিভার্স পাকিস্তান খেতাব জয়ের কারণে এরিকা দেশটির কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ধরনের সুন্দরী প্রতিযোগিতায় নারীদের অংশ নেওয়ার অনুমতি পাকিস্তান সরকার দেয়নি।
খবর আরব নিউজ

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু তিনি।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রশিদকে (৭২) দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনে বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে শেখ রশিদ আহমেদে।

শেখ রশিদ আহমেদে সামাজিক যোগাগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, ‘পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। একই সময় তার বড় ভাই শেখ শাকির ও বাড়ির একজন পরিচারককেও গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমি বিচার বিভাগের শীর্ষ পর্যায়কে অনুরোধ করছি সিনিয়র রাজনীতিবিদকে এভাবে গ্রেপ্তারের বিষয়টি খতিয়ে দেখা হোক। তিনি কোনো ওয়ান্টেড আসামি ছিলেন না।’
এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ মাইক্রোব্লগিং এক্স (টুইটার) এ একটি পোস্টে শেখ রশিদ এ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘এবার শেখ রশিদকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।’

তবে গ্রেপ্তারের পরে এখনো রশিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কোনো কিছু প্রকাশ করা হয়নি।

জাতিসংঘ শীর্ষ আদালতের মুখোমুখি ইউক্রেন-রাশিয়া

গত বছরের আগ্রাসনের কারণ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘গণহত্যা’ সংক্রান্ত মস্কোর দাবির প্রেক্ষিতে রাশিয়া ও ইউক্রেন সোমবার থেকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হবে।
জাতিসংঘের শীর্ষ আদালতের রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেওয়ার এখতিয়ার আছে কি-না তা নিয়ে হেগের শান্তি প্রাসাদে দুই যুদ্ধরত দেশের প্রতিনিধিরা মুখোমুখি হবেন।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ২০২২ আগ্রাসনের নির্দেশ দেয়ায় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীরা কিয়েভ শাসকের আক্রোশ ও গণহত্যার শিকারের যুক্তি দেখায়। আগ্রাসনের দু’দিন পর রাশিয়ার অভিযোগ অস্বীকার করে ইউক্রেন আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে। ইউক্রেন জোরালোভাবে অস্বীকার করে যুক্তি দেখায় যে, রাশিয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা গণহত্যার বিষয়টি ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনের পুেরাপুরি লঙ্গন। ২০২২ সালের মার্চ মাসে আইসিজে ইউক্রেনের পক্ষে থেকে রাশিয়াকে তার সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়। তবে রায়টি ছিল তথাকথিত একটি ‘প্রাথমিক রায়।’ আদালত প্রকৃতপক্ষে বিষয়বস্তু নিয়ে রায় দিতে সক্ষম কি-না সে বিষয়ে সিদ্ধান্ত মুলতুবি রয়ে যায়।
রাশিয়ার মতে, আইসিজের এই বিষয়ে রায় দেয়ার এখতিয়ার নেই কারণ, ইউক্রেনের মামলাটি জাতিসংঘের জেনোসাইড কনভেনশনের আওতার বাইরে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়। রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেওয়ায় আদালতের এখতিয়ার আছে কি-না তা নিয়ে তা সিদ্ধান্ত নিতে কয়েক মাস সময় লাগতে পারে।

রাশিয়া আগ্রাসনের পূর্বে কয়েক বছর ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ নিয়ে গঠিত ইউক্রেনের দায়ের করা একটি পৃথক মামলাও মোকাবেলা করছে আইসিজে।
খবর এএফপি

ব্যালন ডি’অর কে জিতবে, জানেন মার্টিনেজ

আগামী ৩০ অক্টোবর ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা হবে। তবে এবারের ব্যালন ডি’অর জয়ী কে হবেন? তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে ফুটবল সমর্থকদের মাঝে।
তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজে জানেন কে হবেন এবারের ব্যালন ডি’অর জয়ী। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা কে না জানে, আমরা জানি কে ব্যালন ডি’অর জিতবে। আমার সতীর্থ মেসি।’

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপার মার্টিনেজেরও। ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি তালিকায় থাকতে পেরেই গর্বিত। বিশ্বকাপ জেতার পর এটা আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। বিশ্বকাপে আমি গোল্ডেন গ্লাভস জিতেছি। আমার অভিযান ওখানেই পরিপূর্ণ হয়ে গেছে।’

টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা। টেকসই নিরাপত্তা থাকলে টেকসই শান্তি আসবে, টেকসই শান্তি থাকলে টেকসই উন্নয়ন সম্ভব। আমরা এই লক্ষ্যে অনেক দূর এগিয়েছি। আরও বহুদূর যেতে হবে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা এগিয়েছি বলেই আমাদের মাথাপিছু আয় ৫০০ ডলার থেকে ৩ হাজার ডলারে পৌঁছাতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আগামী দিনেও রংপুরসহ দেশবাসীর সহযোগিতার প্রত্যাশা করছি।
আইজিপি বলেন, কোনো একসময় এই বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হোলি খেলা শুরু হয়েছিল। সারা দেশের মধ্যে একসঙ্গে ৬৩ জেলায় বোমা হামলা হয়েছিল। সাধারণ মানুষদের মধ্যে যারা চাকরি করতেন তাদের বিভিন্ন বাহিনীকে ট্যাক্স দিতে হয়েছিল। সেই অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেন। আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি করেছেন। আমাদের লোকবল বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দেশকে ডিজিটালাইজড করেছেন। আমরা এখন জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নির্মূলে সক্ষমতা অর্জন করেছি। দেশে আজকে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সেক্টরকে যেভাবে উজ্জীবিত করেছেন, এর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় উন্নয়ন কার্যক্রমের একটা জোয়ার সৃষ্টি হয়েছে। এই রংপুর এলাকাতে আলু চাষ হয় বা বিভিন্ন সবজি চাষ হয়। এখানকার মানুষ যা চাষ করছে তার জন্য কোল্ডস্টোরেজ দরকার হয়, এটাও হবে। জিনিসপত্রের দাম, পাওয়া না পাওয়ার বিষয়ে অনেক কথাবার্তা আছে, তবে আমি মনে করি এসব হবে। এখন উৎপাদন বাড়ছে। আগে দক্ষিণবঙ্গের লোকেরা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় যেতো, এখন তাদের এলাকাতে বিভিন্ন বিদেশি ফল চাষাবাদ হচ্ছে। সুন্দরবনে পর্যটন বিকশিত হচ্ছে, রংপুরেও হচ্ছে। সবদিকে একটা উন্নয়নের জোয়ার বইছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন দায়িত্ব গ্রহণ করেন তখন এদেশের মাথাপিছু আয় ছিল ৫০০ ডলার। আর এখন আমাদের মাথাপিছু আয় প্রায় ৩০০০ ডলার, আমাদের উন্নতি হয়েছে। আমি যখন নীলফামারীতে ছিলাম ওই সময় একজন পুলিশ সুপার হিসেবে যে বেতন পেতাম, তা দিয়ে নিয়মিত বিমানে যাতায়াত করা সম্ভব ছিল না। আগে একটা বিমান ঢাকা থেকে রাজশাহী হয়ে সৈয়দপুরে আসত, তারপর আবার রাজশাহী হয়ে ঢাকায় ফিরত। আর এখন সৈয়দপুর থেকে প্রতিদিন নিয়মিত ১৮টি ফ্লাইট চলাচল করছে। এর মানে আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, আর্থিক সক্ষমতা বেড়েছে।
আইজিপি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রংপুরের মানুষ সব সময় সহায়তা করেছেন। রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমি নীলফামারীতে প্রায় সাড়ে তিন বছর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। এজন্য এই এলাকার মানুষের আমার একটা আত্মিক সম্পর্ক রয়ে গেছে এবং তাদের সম্পর্কে আমি জানি, আমার সম্পর্কেও তারা জানে। এখানকার মানুষ আইনশৃঙ্খলা ও প্রশাসনের প্রতি আন্তরিক। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রংপুরের মানুষ সব সময় সহায়তা করে আসছেন। রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব সময় ভালো থাকে। যারা রংপুরের আবেগকে বুঝতে পারবে, সেরকম অফিসারদেরকে আমরা রংপুরে দিয়ে থাকি।

পুলিশপ্রধান বলেন, এই নগরীর প্রধান সমস্যা হলো মাদক, জুয়া ও যানজট। নিয়মিত কাজ করলে এগুলো সমস্যার উন্নতি হবে। মাদকের জন্য আভিযানিক কার্যক্রমের পাশাপাশি সন্তানরা কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে সেটা নজরে রাখতে হবে। অভিভাবকদের সচেতনতা বাড়ানো ও প্রত্যেক নাগরিককে নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট পুলিশিং বিনির্মাণে সবার সহযোগিতা চান আইজিপি।
সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন আরপিএমপি কমিশনার মো. মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বাসুদেব বনিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশিদ।

সুধী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, র‌্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু।
এর আগে বেলা ১১টায় রংপুর নগরীর সুরভী উদ্যানের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন অতিথিরা।
অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা পর্ব শেষে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি গাড়ি উপহার দেন কমিউনিটি পুলিশিং ফোরামকে।
এ বছর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ট্রাফিক সেবা সপ্তাহ, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, রচনা লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আরপিএমপি। এছাড়াও পুলিশের সঙ্গে নগরবাসীর যোগাযোগ স্থাপনে ‘হ্যালো আরপিএমপি’ নামে একটি অ্যাপস উদ্বোধন করা হয়েছে।