শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

ড. মোমেনের সঙ্গে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
সোমবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বৈঠকে তারা আগামীতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটা একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ‘লস এন্ড ড্যামেজ ফান্ড’ চালুকরণের উপর গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরে ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে বিশেষকরে ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগের আহবান জানান।
ঘানাতে বাংলাদেশ মিশন স্থাপন অথবা অনারারি কনসাল জেনারেল নিয়োগের অনুরোধ জানান ঘানার পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন জেরিন খান

প্রায় ১২ লাখ রুপি অগ্রিম নিয়েও কলকাতায় অনুষ্ঠানে যাননি বলিউড নায়িকা জেরিন খান। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।
এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে জেরিন খানের বিরুদ্ধে। যদিও ঘটনাটি ২০১৮ সালের।

তবে এত বছর পর হঠাৎ গ্রেপ্তারি পরোয়ানার জারি হওয়ায় কিছুই জানেন না জেরিন।
পুরো ঘটনায় নাকি বিস্মিত জেরিন খান। এ প্রসঙ্গে জেরিন খান বলেন, ‘আমি নিশ্চিত, এর কোনো সত্যতা নেই। আমি তো অবাক। আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আদতে কী হয়েছে, সবটা না জেনে এখন-ই কোনো মন্তব্য করা ঠিক হবে না। ’
২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজামণ্ডপ উদ্বোধনসহ ছয়টি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ‘হেইট স্টোরি-৩’ খ্যাত এ নায়িকার। শহরের এক সংস্থার উপর দায়িত্ব ছিল অনুষ্ঠানের জন্য তাকে আনার। সব ঠিকঠাক, অগ্রিমও টাকা নেওয়া হয়ে গিয়েছিল নায়িকার। শেষ মুহূর্তে কিছু কারণবশত কথা রাখতে পারেননি অভিনেত্রী।
ওই সংস্থার অভিযোগ, শহরে জেরিনকে আনার জন্য তাকে এবং তার ম্যানেজারকে অগ্রিম হিসেবে প্রায় ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকারও বেশি) দেওয়া হয়। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি।

সংস্থাটি দাবি করে, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজে কয়েক লাখ টাকা খরচ হয়। সেই কারণে সম্প্রতি অভিনেত্রীর ম্যানেজার অঞ্জলি গৌতমকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় আদালত। কলকাতায় হাজির দেওয়ার কথা ছিল তার। যদিও অঞ্জলির আইনজীবী আদালতে জানান, এ মামলায় অঞ্জলি প্রধান অভিযুক্ত নন। এবার প্রায় বছরখানেক পর আর্থিক প্রতারণার এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো জেরিন খানের বিরুদ্ধে।

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন।
বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।
এদিকে আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো নিউজ আউটলেট আরপিপিকে বলেছেন যে, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।

আয়াকুচোর আঞ্চলিক সরকার জানিয়েছে যে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা করেছে। লা রিপাবলিকা পত্রিকা অনুমান করেছে যে, ৩৬ জনের মতো আহত হতে পারে।
পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন।

বিশ্রামে রোহিত-কোহলি-হার্দিক, ফিরে আসলেন অশ্বিন

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মিশনে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। ছয় জাতির এই টুর্নামেন্টে না থাকায় হয়ে ওঠেছিলেন পুরোদস্তুর বিশ্লেষক-সমালোচক। এরপর বিশ্বকাপ দলেও তার জায়গা হয়নি। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছেন তিনি। অজিদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন অশ্বিন।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের সঙ্গে হার্দিক পান্ডিয়াও ছুটি পেয়েছেন। নিয়মিত অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তবে সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফিরছেন কোহলি, রোহিত ও হার্দিক। আর পুরো ওয়ানডে সিরিজের স্কোয়াডেই আছেন অশ্বিন।

তবে এবারও জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। এশিয়া কাপের স্কোয়াড কিংবা বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি।
আগামী ২২ সেপ্টেম্বর শুরু হবে ভারত ও অজিদের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৪ ও ২৭ সেপ্টেম্বর ইন্দোর ও রাজকোটে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।
প্রথম ও দ্বিতীয় ওয়ানডে স্কোয়াড : লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গাইকোয়াড, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।
তৃতীয় ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল (ফিট হয়ে উঠলে খেলার জন্য বিবেচিত হবেন), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তার সরকারের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার সময় এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বিশেষে রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।’

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ইসি একটি আইনের আওতায় গঠিত এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন না। এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের অপসারণ করতে পারেন না।
কোনো সরকারি কর্মচারি অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ইসি তাকে সাময়িক বরখাস্ত বা শাস্তি দিতে পারে। ভোট কারচুপি হলে ইসি কোনো ভোটকেন্দ্রের ভোট বাতিলও করতে পারে।’
বাংলাদেশ-মার্কিন সম্পর্কের বিষয়ে মোমেন বলেন, ‘আমেরিকার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।
’ একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের অনেকগুলো পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শটি বাস্তবসম্মত হয় তবে আমরা অবশ্যই সেটি গ্রহণ করব।’

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য ভালো কারণ আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা চাই এখানে কেউ যেন ভোট বিঘ্নিত করতে না পারে এবং সহিংসতা করতে না পারে।
সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে কাজ করছে। আমরা বিষয়টি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছি।

৬০০ কোটি ডলার ফেরত পেয়ে ৫ মার্কিন নাগরিক মুক্তি দিল ইরান

দক্ষিণ কোরিয়ায় জব্দ হওয়া ৬০০ কোটি ডলার ফেরত পেয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় এই অর্থ ফেরত পেয়েছে দেশটি। এরপরই পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রও পাঁচ ইরানিকে মুক্তি দিয়েছে। দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার মুক্তি পাওয়ার পর মার্কিন নাগরিকরা কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছেছেন। তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এপি ও রয়টার্সের

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৬০০ কোটি ডলার আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে। কাতারের ওই দুই ব্যাংকে ইরানের ছয়টি অ্যাকাউন্টে এসব অর্থ জমা হয়।
দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছাড় প্রসঙ্গে তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় উরি ও আইবিকে ব্যাংকের পাশাপাশি মেল্লাত ব্যাংকের সিউল শাখায় আটকে থাকা সব ইরানি অর্থ গত ১০ আগস্ট সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। ওই অর্থকে ইউরোতে রূপান্তরিত করতে সেখানে পাঠানো হয়েছিল।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গতকাল রোববার কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হয় সে দেশে ইরানি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে। এরপর ইরানের অ্যাকাউন্টে ইউরো জমা হয়।
দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ আটকে রাখায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আদায়ের লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি জানান। মোহাম্মাদ রেজা ফারজিন বলেন, আরও কয়েকটি দেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে কাজ চলছে। বিষয়টি চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে।

মুক্তি পাওয়াদের মধ্যে একজনের নাম সিয়ামাক নামাজি। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আজ মুক্ত হতাম না, যদি আপনারা আমার হয়ে কথা না বলতেন। এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
তেহরান থেকে ওই পাঁচজনকে বহনকারী বিমানটি কাতারের দোহায় অবতরণ করার সঙ্গে সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইরানে বন্দী পাঁচজন নিরপরাধ আমেরিকান অবশেষে দেশে ফিরে আসছেন।’
বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কাতারের অ্যাকাউন্টে ওই তহবিল স্থানান্তর করা হলেও তা শুধু জনগণের ‍নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে ব্যবহার করতে পারবে ইরান। এজন্য প্রতিটি লেনদেন মার্কিন ট্রেজারি বিভাগ পর্যবেক্ষণ করবে।

বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি সফলভাবে সম্পন্ন হলে, তা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার কয়েক বছর ধরে চলে আসা পরোক্ষ আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি বয়ে আনবে।

গোল পাননি নেইমার, জয় বঞ্চিত আল-হিলাল

পেলেন না গোল, পেলেন না জয়ের দেখা। এতে অভিষেক পর্বটা ভালো গেল না ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের। সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর দলটির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ম্যাচটিতে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। তাতে দলও হয়েছে জয় বঞ্চিত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে আল-হিলাল ও নাভবাহোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচের আলো নেইমারের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি ব্যর্থ হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সেদিন তিনি গোলের দেখা না পেলেও দলের জয়ে ভালোই অবদান রেখেছিলেন। অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়ে ক্লাবটির জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তার অ্যাসিস্টে আল-হিলাল জয় পায় ৬-১ গোলে।
তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমার ঝলক ছিল অনুপস্থিত। গ্রুপ ‘ডি’ থেকে প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল আল-হিলাল। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ব্রাজিলের তারকা না থাকলেও এই ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে। তাতে প্রথম থেকেই উজবেকিস্তানের ক্লাবটির বিপক্ষে আক্রমণ চালায় আল-হিলাল। প্রথম ২০ মিনিটে তিনটি সফল আক্রমণ হলেও ফিনিশিংয়ের অভাবে গোল থেকে বঞ্চিত হয় নেইমারের ক্লাব। এভাবেই চলতে থাকে প্রথমার্ধের খেলা। বারবার ব্যর্থ হয়ে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে চেহারা পাল্টে যায় নাভবাহোরের। তারা আল-হিলালকে ব্যস্ত রাখে শাণিত আক্রমণ দিয়ে। ৫২ মিনিটে সফলও হয় দলটি। নাভবাহোরের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট দিয়ে কাঁপিয়ে দেন নেইমারদের জাল। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল। গোলটিতে সহায়তা করেন ফরোয়ার্ড আবরর ইসমাইলভ।
গোল হজমের তিন মিনিট পরেই দুর্দান্ত গোলের সুযোগ পায় আল-হিলাল। তবে এবারও ব্যর্থ দলটি। নেইমারের ক্রস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন মিডফিল্ডার রুবেন নেভেস। গোলের দেখা না পেয়ে মেজাজ হারাচ্ছিলেন নেইমার। ৬০ মিনিটে ফাউল করে বসেন তিনি। তাতে দেখতে হয় হলুদ কার্ড। এরপরও দর্শকরা মুখিয়ে ছিলেন নেইমারের অভিষেক গোল দেখতে। কিন্তু সেটি আর হয়নি।

৮০ মিনিট পর্যন্ত আরও প্রায় চারটি সফল আক্রমণের সুযোগ পায় আল-হিলাল। তার মধ্যে অধিকাংশ আক্রমণ ছিল নেইমারের কল্যাণে। কিন্তু প্রতিবারই ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। ৮৮ মিনিটে নেইমার নিজেও ব্যর্থ হন গোল করতে। তবে ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে রক্ষা পায় হিলাল। দলটির স্ট্রাইকার মাইকেল ডেলগাডোর ক্রস থেকে হেড করে সমতায় ফেরার গোল করেন ডিফেন্ডার আলী আল-বুলাইহি। তাতে মান বাঁচে আল-হিলালের এবং বড় তারকা নেইমারেরও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

শিখ নেতাকে হত্যায় ভারতের সংশ্লিষ্টতা আছে : ট্রুডো

ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক শিখ নেতাকে হত্যার ‘গুরুতর অভিযোগ’ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জার।

হারদ্বীপ সিং ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক ছিলেন। তিনি ভারতে শিখদের আলাদা খালিস্তান রাষ্ট্রের দাবির আন্দোলনের অন্যতম বড় নেতাও ছিলেন।
ট্রুডো জানিয়েছেন, হারদ্বীপের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পেয়েছেন কানাডার গোয়েন্দারা।
তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়টি নিয়ে তিনি কথা বলেছিলেন।
শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার। গত জুনে মুখোশধারীদরে গুলিতে নিহত হন তিনি। কানাডা দাবি করছে, তার হত্যাকাণ্ডর সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে।

কানাডার আইনসভা হাউজ অব কমন্সে সোমবার (১৮ সেপ্টেম্বর) ট্রুডো বলেছেন, ‘কানাডার মাটিতে কানাডার নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে কোনো বিদেশি সরকারের সংশ্লিষ্টতা অগ্রহণযোগ্য এবং এটি আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।’
তিনি আরও বলেছেন, ‘কানাডা হলো মৌলিক আইনের দেশ। যারা দ্বারা স্বাধীন, মুক্ত এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে।’

ভারত অবশ্য আগেই শিখ নেতা নিজ্জারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

শিখ নেতাকে হত্যার অভিযোগ করার পাশাপাশি কানাডা পাভন কুমার রায় নামে এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করেছে। প্রধানমন্ত্রী ট্রুডোর এমন বক্তব্যের পর কূটনীতিককে বহিষ্কারের খবর আসে।
এরআগে তদন্তকারীরা জানিয়েছিলেন, ৪৫ বছর বয়সী নিজ্জারের মৃত্যু ‘একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা’ ছিল।
গত ১৮ জুন সন্ধ্যায় প্রকাশ্য দিবালোকে সারের গুরু নানক শিখ গুরুদাওয়ারাতে নিজ্জারকে গুলি করে হত্যা করে দুই মুখোশধারী।
তিনি ব্রিটিশ কলম্বিয়ায় একজন জনপ্রিয় শিখ নেতা ছিলেন এবং প্রকাশ্যে ‘ভারতের পাঞ্জাবে’ স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবি জানাতেন। তার ভক্তরা জানিয়েছেন, স্বাধীন খালিস্তান রাষ্ট্র চাওয়ায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
এদিকে ভারত এর আগে নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছিল। নয়াদিল্লির দাবি ছিল তিনি একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী দল পরিচালনা করতেন। তবে নিজ্জারের সমর্থকরা দাবি করেছেন, তার বিরুদ্ধে কখনো এ ধরনের কোনো কর্মকাণ্ডের প্রমান পাওয়া যায়নি।
জাস্টিন ট্রুডো আরও জানিয়েছেন, এ ঘটনা সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীর পাশপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককেও তিনি অবহিত করেছেন।
কানাডায় শিখ সম্প্রদায়ের প্রায় ১৮ থেকে ২০ লাখ মানুষ বসবাস করেন।
গত কয়েকমাসের মধ্যে নিজ্জারসহ আরও দুজন শিখ নেতা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন যুক্তরাজ্যভিত্তিক খালিস্তান লিবারেশেন ফোর্সের প্রধান অবতার সিং খান্ডা। যার যুক্তরাজ্যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। আর তৃতীয়জন হলেন পরমজিত সিং পাঞ্জওয়ার। তিনি পাকিস্তানের লাহোর শহরে গুলিতে নিহত হয়েছিলেন। নিহত হওয়ার আগে ভারত তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিল।

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বিতর্ক শুরু, যোগ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব আজ মঙ্গলবার নিউ ইয়র্কে বিশ্ব সংস্থাটির সদর দপ্তরে শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল গতকাল সোমবার সকালে নিউ ইয়র্কে পৌঁছেছে।
এদিকে গতকাল সন্ধ্যায় নিউ ইয়র্কে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক দুই দিনব্যাপী উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের আলোচনা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হচ্ছে।
ব্রাজিলের প্রেসিডেন্টের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বক্তব্য দেবেন। আজ সকাল ও বিকেলের অধিবেশন মিলে বিশ্বের বিভিন্ন দেশের ৩৬ জন রাষ্ট্রপ্রধানের বক্তব্য রাখার কথা রয়েছে। নিউ ইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে) সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে যাওয়া বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে যোগ দেওয়ার কথা রয়েছে।
সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার রাতে বক্তব্য দেবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্য খাতে সাফল্য ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করবেন। এর পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংকট, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়গুলো তাঁর বক্তব্যে উঠে আসবে।

এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য হলো ‘বিশ্বাস পুনর্গঠন এবং বিশ্বব্যাপী সংহতি পুনরুজ্জীবিতকরণ : সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং স্থায়িত্বের দিকে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোকে ত্বরান্বিতকরণ।’
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মূল বিষয়গুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। বিশেষ করে, যুদ্ধবিগ্রহ পরিহার করে চলমান খাদ্য ও জ্বালানি সংকট নিরসন, আর্থিক অনিশ্চয়তা মোকাবেলা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা, বিশ্বশান্তি, বহুপাক্ষিকতাবাদ ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর বৈশ্বিক উদ্যোগ, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন প্রভৃতি বিষয়ে এবারের আয়োজনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যা এবং এর স্থায়ী ও টেকসই সমাধানের বিষয়টিও ব্যাপকভাবে আলোচিত হবে। এটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সহায়ক হবে।

ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশে স্থান পেলেন সাকিব

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল ভালো কিছুর প্রত্যাশা নিয়ে গেলেও সেটি পূরণে ব্যর্থ হয় সাকিব-লিটনরা। মোট ৬টি ম্যাচে অংশ নিয়ে কেবল দুইটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। দলগত পারফরম্যান্স আশানুরূপ না হলেও একাধিক ক্রিকেটার উজ্জ্বল ছিলেন ব্যক্তিগত পারফরম্যান্সে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেরা একাদশ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।
এশিয়া কাপে বাংলাদেশের যে ক’জন ক্রিকেটার ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তার মধ্যে সবার উপরে সাকিব আল হাসান। পুরো আসর জুড়েই ব্যাটে-বলে স্বপ্রতিভ ছিলেন সাকিব। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন টাইগার অধিনায়ক। সদ্য সমাপ্ত আসরে ব্যাট হাতে সাকিব সর্বমোট ১৭৩ রান করেছেন, এছাড়া বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে ক্রিকইনফোর ঘোষিত এশিয়া কাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব। ক্রিকইনফোর একাদশে সবচেয়ে বেশি ৬ ক্রিকেটার সুযোগ পেয়েছে ভারত থেকে। শ্রীলঙ্কা থেকে সেরা একাদশে এসেছে ৩ ক্রিকেটার। আর পাকিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছে একাদশে।
ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ওয়াল্লালাগে, শাহিন শাহ আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।