শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

রাশিয়ার ১৭ ড্রোন প্রতিহত করার দাবি ইউক্রেনের

এক রাতেই রাশিয়ার ছোড়া ১৭টি ড্রোন প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। কিয়েভের সশস্ত্র বাহিনী আজ বুধবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, মঙ্গলবার রাতে ইউক্রেনকে লক্ষ্য করে ২৪টি ড্রোন হামলা চালায় রাশিয়া। এর মধ্যে ১৭টি ভূপাতিত করা হয়েছে। তবে, একটি ড্রোন তেল শোধনাগারে আঘাত হনেছে।
দৈনিক আপডেটে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, গভীর রাতে ইরানের প্রযুক্তিতে তৈরি ২৪টি কামিকাজ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৭টিকে ভূপাতিত করেছে। মানুষ্যহীন এসব ড্রোনের ধ্বংসাবশেষের কি হয়েছে ও বাকি ড্রোনগুলোর কি হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চল পোলতাভোর গভর্নর দিমিত্রি লুনিনের তথ্য মতে, একটি ড্রোন তেল শোধনাগারে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গভর্নর লেখেন, ‘রাতে আমাদের পোলতাভোতে একের পর এক হামলা চালায় রাশিয়া। আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের বিরুদ্ধে ভালো কাজ করেছে। তবে, দুর্ভাগ্যবশত একটি ড্রোন ক্রেমেনচুক তেল শোধনাগারে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়। জরুরি পরিষেবাগুলো সেখানে কাজ করছে। সাময়িকভাবে প্ল্যান্টের কাজ স্থগিত করা হয়েছে।’
এই হামলায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন লুনিন।
পূর্ব-মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গিয়ে লেশাক বলেন, ‘দ্বিতীয় রাতের মতো নিকোপোল ডিস্ট্রিক্টে হামলা হয়েছে। নিকোপোল ছাড়াও আরও তিনটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।’ হামলায় হতাহতের বিষয়ে জানিয়ে লেশাক বলেন, ‘এতে পাঁচটি ব্যক্তিগত বাড়ি, দুটি কার ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
খবর এএফপি

ইউএনজিএ সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, তিমুর-লেস্তের রাষ্ট্রপতি ড. হোসে রামোস হোর্তা ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
জাতিসংঘ সদর দফতরে দ্বিপাক্ষিক সভা কক্ষে বৈঠকের পর প্রধানমন্ত্রীর দৈনন্দিন ব্যস্ততা নিয়ে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন বলেন, এতে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর জোর দেন এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অপ্রসারণে বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর প্রথম মেয়াদে সরকার গঠন করার পর বাংলাদেশ পরমাণু অপ্রসারণ চুক্তি ও ব্যাপক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি অনুমোদন করে।
তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সাভার নিউক্লিয়ার রিঅ্যাক্টর গবেষণা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য আইএইএ-কে আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশ ও সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে মোমেন বলেন, সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জে ফ্রান্সিস কৃষি খাতের সার্বিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন।
তিনি সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, বাংলাদেশ কৃষি খাতের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে সিয়েরা লিওনকে সহায়তা করতে আগ্রহী।

তিনি বলেন, ‘আমি তাকে (সিয়েরা লিওন মন্ত্রীকে) বলেছি কৃষি ছাড়াও আমরা উৎপাদন, ফার্মাসিউটিক্যালস ও আইসিটি ক্ষেত্রেও প্রচুর অগ্রগতি করেছি। আমরা সিয়েরা লিওনকে শুধুমাত্র কৃষিতে নয়, আইসিটি সেক্টরেও সাহায্য করতে আগ্রহী।’

ডেভিড জে ফ্রান্সিস সিয়েরা লিওনের এসব সেক্টরের উন্নয়নে বাংলাদেশের সহায়তা চেয়েছেন।
সিয়েরা লিওনের মন্ত্রী সেদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কাজ করা বাংলাদেশী সেনাদের অবদানের জন্যও ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে মোমেন বাংলাকে আফ্রিকার দেশটির রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সিয়েরা লিওনের প্রতি বাংলাদেশের জনগণের খুবই বন্ধুত্বপূর্ণ মনোভাব রয়েছে। সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বাংলাদেশ মিশন স্থাপনের অনুরোধ জানিয়েছেন।
মোমেন বলেন, এখন বাংলাদেশ আফ্রিকার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে এবং সে অনুযায়ী অনেক উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওআইসির রোহিঙ্গা কন্টাক্ট গ্রুপের একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দেন এবং রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া দ্রুততর করতে ওআইসি সদস্যদের কাছ থেকে তহবিল সংগ্রহের আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, রোহিঙ্গা সংকট আমাদের একার সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা।
তিনি আরও বলেন, আমরা মানবিক ভিত্তিতে তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু অন্যদের (আন্তর্জাতিক সম্প্রদায়)ও এখানে দায়িত্ব রয়েছে। যে দেশগুলো মানবিক ইস্যু ও মানবাধিকার নিয়ে সোচ্চার- তাদের এখানে অনেক বড় দায়িত্ব রয়েছে।’
ড. মোমেন বলেন, বাংলাদেশ তাদেরকে প্রায়ই এই ইস্যু সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ বজায় রাখতে বলে আসছে। তিনি বলেন, ‘আমি অবশ্যই বলব যে- তাদের এই ইস্যুতে মিয়ানমারের উপর জোরালোভাবে চাপ অব্যহত রাখা উচিত।’
মিয়ানমারকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছিল।
তিনি আরও বলেন, মিয়ানমার বলেছিল তারা রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের জন্য উপযুক্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ আজ পর্যন্ত তাদের সে কথা রাখেনি। যদিও এই ইস্যুতে আলোচনা চলমান আছে।
মোমেন আরও বলেন, ‘আমি সব সময়ই আশাবাদী। আমি আশা করছি যে, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের প্রচেষ্টা সফল হবে। তবে এই সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের ওপর নির্ভর করছে।’

তিনি আরও বলেন, এখন বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ, আর্জেন্টিনা ও আন্তর্জাতিক সমুদ্র তীর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গভীর সমুদ্রের বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেন।

বড় সুসংবাদ পেলেন সিরাজ

কয়েক দিন আগেই তাসের ঘরের চেয়েও দ্রুতগতিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এর মাধ্যমে তিনি ভারতকে রেকর্ড সর্বোচ্চ অষ্টম এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার আইসিসি থেকে বড় পুরস্কার পেয়েছেন পুরো টুর্নামেন্টজুড়ে গতি ও সুইংয়ের মিশ্রণে প্রতিপক্ষকে বোকা বানানো এই পেসার। ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে সিরাজ শীর্ষস্থান দখল করেছেন।
এশিয়ানদের শ্রেষ্ঠত্বের আসরের পর্দা নেমেছে গত রোববার (১৭ সেপ্টেম্বর)। যেখানে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচকে উইকেট-স্বর্গ বানিয়ে ফেলেন দারিদ্রতা নিয়ে বেড়ে ওঠা সিরাজ। মাত্র ২১ রান দিয়েই তিনি তুলে নিয়েছিলেন ৬ উইকেট। ফলে স্বাগতিক লঙ্কানরা মাত্র ৫০ রানেই গুটিয়ে যায়। এরপর মাত্র ৬.১ ওভারেই অনায়াসে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।

এর আগে ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে নম্বর ওয়ান ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন সিরাজ। পুরো এশিয়া কাপে তিনি ১২.২ গড় নিয়ে ১০ উইকেট শিকার করেছেন। যার মাধ্যমে তিনি বড় লাফ-ই দিয়েছেন বলা চলে, এর আগে র‌্যাংকিংয়ে সিরাজের অবস্থান ছিল আটে। তার এমন কীর্তির ফলে হ্যাজলউড ছাড়াও অবনতি হয়েছে ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কদের।

চাল আমদানির আর প্রয়োজন নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে সরকারের গোডাউনে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ, আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। এ ছাড়া আরও পাঁচ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই।
এ সময় অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা. সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পোরশা উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

শুধু শমসের-তৈমুর নয়, আরও অনেকেই বিএনপি থেকে পালাবে : তথ্যমন্ত্রী

শুধু শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার নয়, আরও অনেকেই বিএনপি থেকে পালাবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির সিনিয়র নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার সেখানে (তৃণমূল বিএনপি) যোগদান করেছেন। যে দল নেতাদের সম্মান দিতে জানে না, আর যে দল কাউকে নির্বাচন করতে দেয় না; সে দল তো সবাই করবে না। সুতরাং শুধুমাত্র শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার নয়, আরও বহু জনই আসবে, একটু অপেক্ষা করুন, দেখবেন।
মির্জা আব্বাস বলেছেন সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এতে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা আব্বাস সাহেব এটা গত সাড়ে ১৪ বছর ধরে বলছেন নতুন কিছু নয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল ‘তৃণমূল বিএনপি’তে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। শমসের মবিন চৌধুরীকে দলের চেয়ারম্যান আর তৈমুর আলম খন্দকারকে দলের মহাসচিব করা হয়েছে। তাদের পাশাপাশি দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা হুদা নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ চেয়ারপারসন। মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় তৃণমূল বিএনপির।

ওয়ানডে বিশ্বকাপের ‘থিম সং’ প্রকাশ্যে

ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপ শুরু হতে বাকি দুই সপ্তাহের কিছু বেশি সময়। এর মধ্যেই ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরকে সামনে রেখে অফিশিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি।
আজ বুধবার বাংলাদেশ সময়ে দুপুর ১২টায় সামাজিক যোগাযো মাধ্যমে মুক্তি পেয়েছে গানের ভিডিও। হিন্দি ভাষার গানটির নামকরণ করা হয়েছে ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘হৃদয় উদযাপনের কথা বলে’।

৩ মিনিট ২১ সেকেন্ডের গানের সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। তাতে পারফর্ম করেছেন বলিউড সুপারস্টার রনবীর সিং। থিম সংয়ের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন করবে আইসিসি। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের ১০ অধিনায়ককে নিয়েও রাখা হয়েছে বিশেষ আয়োজন।

সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখার সময় নেই : লিটন

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিম হাসান সাকিবকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। মূলত বছর খানেক আগে করা এই পেসারের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরেই যত সমালোচনা। সেই পোস্টে নারী বিদ্বেষীসহ আরও বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে। যদিও ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন তরুণ এই পেসার। বিসিবির পক্ষ থেকেও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে আসেন আসন্ন সিরিজে নেতৃত্ব পাওয়া লিটন দাস। সেখানে এই ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের আগে মাঠের বাইরের এসব আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে লিটনের অকপট জবাব, ‘দেখি না।’

এর আগে সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’-এমন মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন লিটন। এসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব পড়ে?
লিটন বলেন, ‘এখন এত পরিমাণে খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি প্লেয়ারের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধান হিসেবে রয়েছেন।
বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা।
প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা হয়েছে। বর্তমান ডিএমপি খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। সেক্ষেত্রে আগামী ৩ অক্টোবরই যোগদান করবেন নতুন কমিশনার হাবিবুর রহমান।
প্রথা অনুযায়ী জ্যেষ্ঠতার দিক দিয়ে এবারের ডিএমপি কমিশনার ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা থেকে হওয়ার কথা। তবে, ডিএমপির ইতিহাসে এবারই জ্যেষ্ঠতার প্রথা ভাঙা হলো।
হাবিবুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিন বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুই বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি। পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর। যার নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি, সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন। রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতেও তার ভূমিকা রয়েছে। এছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠকও, কাজ করছেন দেশের কাবাডি নিয়ে।

পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি ছাড়াল

পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়াল। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে সেতু দিয়ে। ফলে সেতুর উভয়প্রান্তে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।

আমিরুল হায়দার চৌধুরী জানান, যান চলাচলের দিন (২০২২ সালের ২৫ জুন) থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিন মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি ও জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি গাড়ি সেতু পারাপার হয়। এর মাধ্যমে টোল আদায় হয় দুই কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ২৪১ পিস ইয়াবা, ৬৪ গ্রাম হেরোইন, ৭২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৭টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।