শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

প্রথম চালানে ভারতে গেল ১২ ট্রাক ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে পাঠানো হয়েছে ১২ ট্রাক ইলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কাস্টমস ও মৎস্য দপ্তরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাকগুলো একে একে প্রবেশ করে।

সরকারের অনুমোদন পাওয়া ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানে ৪৫ টন ৮০০ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ১ হাজার ১০০ টাকা) রপ্তানি হচ্ছে।

এর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) ৭৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

প্রথম দিনের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং, রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর নাম এস আর ইন্টারন্যাশনাল, নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বারখা বিকাস ফিস এজেন্সি।

বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে জানান, ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষ্যে এবার তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৭৯টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইলিশের প্রথম চালানে ১২টি ট্রাকে করে ৪৫ টন ৮০০ কেজি মাছ ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ রপ্তানি হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল ঢাকা পোস্টকে জানান, ইলিশ রপ্তানির প্রথম চালানে ৪৫ টন ৮০০ মেট্রিক টন আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রপ্তানি করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মিরপুরে ফিরল কলম্বোর বৃষ্টি!

মিরপুরের প্রেসবক্সে এক সাংবাদিক মজাচ্ছলেই বলছিলেন, যারা এশিয়া কাপ কাভার করতে শ্রীলঙ্কায় যেতে পারেননি, তারা মিরপুরে এসে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারছেন!

সদ্য সমাপ্ত এশিয়া কাপে বেশ ভুগিয়েছিল বৃষ্টি। কয়েকটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তেও গেছে। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই বেরসিক বৃষ্টির বাগড়াতো ছিল-ই।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি শেষবারের মতো ঝালিয়ে নিতে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রস্তুতিটা আর হচ্ছে কই! হিমশীতল বাতাস আর নিয়মিত বিরতিতে বৃষ্টি বাধায় ঠিকমতো গা গরমটাই যে হচ্ছে না!

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসের পর মাঠে গড়িয়েছিল মোটে ৪ ওভার ৩ বল। এরপর বৃষ্টি বাধায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ ছিল খেলা। ফের খেলা যখন শুরু হলো ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ প্রতিবেদন লেখার সময় আবারও বৃষ্টিতে খেলা বন্ধ রয়েছে। এর মধ্যে একবার কাভার সরানো হয়েছিল। ক্রিকেটাররাও নেমে পড়েছিলেন মাঠে। ততক্ষণে বৃষ্টি মহাশয় আবারও হাজির।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৩.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পেরেছে কিউইরা। খেলা শুরু হতে দেরি হলে আবারও কাটা যেতে পারে ওভার। দেখা যাক মিরপুরের ভাগ্যে কি আছে!

ভিয়েতনামের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর একটি মাইলফলক : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভিয়েতনাম বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভিয়েতনাম-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পঞ্চাশ বছর শেষ করেছে। এই সময়ে ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের বাংলাদেশ সফর একটি মাইলফলক।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভিয়েতনামের ঐতিহাসিক নেতা হো চি মিন দুজনেই সাধারণ মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন। দুই জাতিরই ঐতিহাসিক সংগ্রামের ইতিহাস রয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বাংলাদেশ সফররত ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ের নেতৃত্বে ভিয়েতনামের প্রতিনিধিদলের সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্পিকার এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ভিয়েতনাম সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দুদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক সাদৃশ্য, বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, ভিয়েতনাম-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের আমন্ত্রণে সংসদ ভবন পরিদর্শন ও দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি ঐতিহাসিক উল্লেখ করে ভুওং ডিন হুয়ে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক স্থিতিশীলতা ও চলমান উন্নয়ন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদিসহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ অর্জনে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুদেশের সংসদ তথা দুদেশের মানুষের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। তার নেতৃত্বে দেশে কোভিড সফলভাবে মোকাবিলা করে অর্থনীতি সচল রাখা, শতভাগ বিদ্যুতায়ন, দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ১৮ শতাংশে হ্রাস, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, কর্ণফুলী টানেল ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়নের মাধ্যমে জনজীবন সুরক্ষা, জিডিপি প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিবেচনায় ডেল্টা প্লান ২১০০ গ্রহণসহ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজমান থাকায় বর্তমানে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিদ্যমান। এসময়, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে চামড়া শিল্প, সিরামিক শিল্প, হিমায়িত খাদ্য প্রসেসিং ইত্যাদি ক্ষেত্রে ভিয়েতনাম সরকারের প্রতি বিনিয়োগের আহ্বান জানান স্পিকার।

স্পিকার বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের বহু সম্ভাবনা বিদ্যমান। ভিয়েতনাম বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক, চামড়াজাত পণ্যসমূহ এবং বিভিন্ন খাতে দক্ষ জনবল আমদানি করতে পারে। ব্যবসা-বাণিজ্য, কৃষি ইত্যাদি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি জরুরি।

ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে বলেন, দুদেশের সংসদ, সরকার ও দুদেশের মানুষের মধ্যে সম্পর্কন্নোয়নে ভিয়েতনাম সরকার অত্যন্ত আন্তরিক। দুদেশের নারী ও তরুণ সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে। এসময়, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান তিনি।

দুদেশের ঐতিহাসিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্পিকার বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের ভূমিকা গুরুত্বপূর্ণ। এসময় আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন স্পিকার। এরপর, বাংলাদেশ ও ভিয়েতনামের সংসদ এবং দুদেশের সংসদ সচিবালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকে ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে-র নেতৃত্বে ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলি পররাষ্ট্র বিষয়ক কমিটি চেয়ারম্যান ভু হায় হা, ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক কমিটি চেয়ারম্যান লি কুয়াং হিউ, সেক্রেটারি অফ দ্যা প্রভিন্সিয়াল পার্টি কমিটি থাই থান কিউ, ভিয়েতনামের পররাষ্ট্র উপমন্ত্রী লি থি থু হাং, ভিয়েতনামের জনসুরক্ষা উপমন্ত্রী লি ভান তুয়েন, ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী ফান থি থাং, ভিয়েতনামের পরিকল্পনা উপমন্ত্রী ত্রান কুয়োক ফুওং, ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন উপমন্ত্রী তা কুয়াং ডং প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মেহের আফরোজ, উম্মে ফাতেমা নাজমা বেগম, শফিকুল ইসলাম শিমুল, সামিল উদ্দিন আহমেদ শিমুল, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রওশন আরা মান্নান, বাসন্তী চাকমা ও জুয়েল আরেং অংশগ্রহণ করেন।

সকালে ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে-র নেতৃত্বে ভিয়েতনামের প্রতিনিধিদল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তাদের স্বাগত জানান। এরপর, তারা ধানমন্ডি ৩২এ অবস্থিত জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০০ জন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৯৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৬ হাজার ৬২২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩০৭৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন। ঢাকায় ৭২ হাজার ৩৩৭ এবং ঢাকার বাইরে ৯৬ হাজার ২০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭৫ জনের মৃত্যু হয়েছে।

কানাডার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : ভারত

কানাডার শিখ ধর্মাবলম্বীদের নেতা ও নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতকে দায়ী করে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে ভারত।

বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণায়ের মুখাপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে, এমন কয়েকজন ব্যক্তির নাম ও অন্যান্য আনুষাঙ্গিক তথ্য আমরা কানাডার সরকারকে দিয়েছিলাম এবং অনুরোধ করেছিলাম, এ ব্যাপারে যেন কানাডার সরকার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়।’

‘কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি যে অভিযোগ কানাডা তুলেছে— সেখানেও সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি। কানাডার প্রধানমন্ত্রী দাবি করেছেন, তার কাছে তথ্যপ্রমাণ রয়েছে, কিন্তু সেসব তিনি এখনও আমাদের সঙ্গে শেয়ার করেননি।’

‘আমাদের মনে হচ্ছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং কানাডায় যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী-চরমপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে— তার একটি প্রমাণ।’

ভারত থেকে কানাডায় গিয়ে সেখানকার নাগরিকত্ব অর্জনকারী হরদীপ সিং নিজ্জর ভারতের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস কানাডা শাখার শীর্ষ নেতা ছিলেন। গত ১৮ জুন দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাজধানী ভ্যানকুভারের একটি গুরুদুয়ারার সামনে নিহত হন তিনি।

নিজ্জরের হত্যার জন্য ভারতকে সরাসরি দায়ী করে গত ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভাষণে তিনি বলেন, এই অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে।

তবে সেসব তথ্যপ্রমাণ সম্পর্কে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি বা তার সরকারের কোনো কর্মকর্তা। অন্যদিকে শুরু থেকেই এই অভিযোগকে ‘অবান্তর’ ও ‘মিথ্যা’ বলে আসছে ভারত।

এদিকে ট্রুডো এই অভিযোগ তোলার পর গত কয়েকদিন ধরে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে দু’দেশের মধ্যে। ১৯ সেপ্টেম্বর ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইংয়ের (র) কানাডা শাখার প্রধানকে বহিষ্কারাদেশ দিয়েছে দেশটির সরকার। পাল্টা ব্যবস্থা হিসেবে পরের দিন ভারতের কানাডা দূতাবাসের একজন জ্যেষ্ঠ কূটনীতিকে বহিষ্কার করেছে ভারত।

পরের দিন কানাডার নাগরিকদের ভারত ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে ট্রুডোর সরকার। জবাবে কানাডায় বসবাসরত ভারতীয়দের সতর্কভাবে চলাফেরা করার নির্দেশ দিয়েছে ভারত।

সর্বশেষ বৃহস্পতিবার কানাডার নাগরিকদের ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত, সেই সঙ্গে দূতাবাসে কূটনৈতিক সংখ্যা কমাতে কানাডার সরকারকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকার।

পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিত হতে সক্ষম : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় কেন্দ্রীয় পুনাক ভবনে পুনাকের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং পুনাক ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহ-সভানেত্রী মুনমুন আহসান ও শারমিন আক্তার খান, যুগ্ম সম্পাদিকা সৈয়দা মেহের আফরোজ।

আইজিপি বলেন, পুনাকের পণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। পুনাককে একটি ব্র্যান্ড হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পুনাকের সমাজসেবামূলক কার্যক্রম জনগণের মধ্যে প্রশংসনীয় হয়েছে। দেশব্যাপী পুনাকের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক ওয়েবসাইটের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ পুনাক সম্পর্কে জানতে পারবেন। এ ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সমাজকল্যাণ ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি বলেন, পুনাক সদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার ফলে পুনাক এগিয়ে যাচ্ছে। পুনাক ভবনের আধুনিকায়নের মাধ্যমে সুন্দর কর্মপরিবেশ তৈরি করা হয়েছে।

আইজিপি আনুষ্ঠানিকভাবে পুনাকের ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি পুনাক শো রুম ও বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার, পুনাকের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

আগামী ৭ অক্টোবর এক সপ্তা‌হের জন্য বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে যুক্তরাষ্ট্রের একটি আগাম পর্যবেক্ষক দল।

বৃহস্প‌তিবার (২১ সে‌প্টেম্বর) ঢাকার মা‌র্কিন দূতাবা‌সে ক‌য়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।

ব্রায়ান ব‌লেন, প্রতিনিধি দলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। প্রতি‌নি‌ধি দ‌লে ছয়জন সদস্য এবং তা‌দের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাক‌বেন।

প্রতি‌নি‌ধি দ‌লের কার্যক্রম সম্প‌র্কে দূতাবা‌সের মুখপাত্র ব‌লেন, তারা বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্তাব্যক্তি এবং ঢাকার বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বল‌বেন।

ব্রায়ান ব‌লেন, সফর শেষে প্রতিনিধি দল বিবৃ‌তি দে‌বে, যাতে ইতিবাচক প্রবণতা এবং সেই স‌ঙ্গে উদ্বেগের বিষয়গু‌লো তুলে ধরা হ‌বে। পাশাপা‌শি তারা কিছু সুপা‌রিশ তু‌লে ধর‌বেন। পরবর্তী‌ সময়ে তারা আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী অখণ্ডতা সমর্থনকারী নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে ধারাবাহিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে। য‌দিও প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের প্রাথ‌মিক ভূ‌মিকা হ‌লো নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান করা।

তি‌নি ব‌লেন, সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কি না, তা নির্ধারণ করা হ‌বে।

দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট

আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’। দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার বক্সিংয়ের প্রচার ও বিকাশের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইভেন্ট।

এ এফ বক্সিং প্রমোশন আয়োজিত এই ইভেন্টটি পরিচালনা করবে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় আয়োজক ও নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদ সম্মেলন নিয়ন্ত্রক সংস্থা জানায়, দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার বক্সিংয়ের প্রচার ও বিকাশের জন্য এবং আন্তর্জাতিক বক্সিংয়ে বাংলাদেশকে তুলে ধরতে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি বদ্ধ পরিকর। আসন্ন এই বক্সিং প্রতিযোগিতার মাধ্যমে একটি মানবিক মূল্যবোধের জাতিগোষ্ঠী তৈরি হবে।

তারা আরও জানান, ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’ ইভেন্টে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বক্সাররা অংশগ্রহণ করবে।

এ সময় আরও জানানো হয়, ইভেন্টটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও সঞ্চালনা করবেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আর. কে. মণ্ডল (রবিন)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুব ক্রীড়া বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আর. কে. মণ্ডলের (রবিন) সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইয়ুরী ভজামুনি, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটির সভাপতি মাইক আল্টামুরা, ইন্ডিয়ান পেশাদার বক্সিং দলের ম্যানেজার নাসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কোভিদ চৌধুরী তনয় প্রমুখ।

বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

বেশি মাছ ধরা এবং অন্যান্য মানবিক কর্মকাণ্ডের কারণে ভঙ্গুর সামুদ্রিক পরিবেশের ক্ষতির হাত থেকে বিশ্বের মহাসাগর ও নদীগুলোকে রক্ষায় মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেনারেল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের ট্রিটি ইভেন্ট চত্বরের গ্রাউন্ড ফ্লোরে স্থানীয় সময় বুধবার ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি’র অধীনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান। চুক্তিতে সাধারণ ঐতিহ্য হিসেবে বর্ণিত জেনেটিক সম্পদের ব্যবস্থাপনা ও সংরক্ষণের কথা বলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এবং নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিজে শ্রেইনেমাচারের সঙ্গে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পাশাপাশি জলবায়ু গতিশীলতার ওপর সম্মেলন এবং ১৮তম এশিয়া সহযোগিতা সংলাপসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টে অংশ নিয়েছেন।

মোমেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বাকি দেশগুলোর জন্য রোল মডেল হয়ে উঠেছে। ধনী দেশগুলো মূলত কার্বন নির্গমনের জন্য দায়ী। এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অবদান মাত্র ০.৪৭ শতাংশ। পররাষ্ট্রমন্ত্রী ধনী দেশগুলোকে প্রতি বছর জলবায়ু তহবিলে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন করে না। তাদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জলবায়ু তহবিল থেকে নামমাত্র অর্থ পেয়েছে। প্রতিশ্রুতি মেনে চলার জন্য ধনী দেশগুলোর রাজনৈতিক অঙ্গীকার দরকার।

এ সময় অন্যদের মধ্যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম হবে উত্তরবঙ্গের অর্থনীতির চালিকাশক্তি : খালিদ মাহমুদ চৌধুরী

আগামী দিন উত্তরবঙ্গের পকেট হচ্ছে লালমনিরহাট ও কুড়িগ্রাম। আজকে যেভাবে গড়ে উঠছে কুড়িগ্রাম ও লালমনিরহাট, এ উত্তবঙ্গের অর্থনীতির চালিকা শক্তি হবে এ কুড়িগ্রাম। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চিলমারী নদীবন্দরে চিলমারী-রৌমারী নদী পথে ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, চিলমারী নদী বন্দর চালুর আগেই বুড়িমারী পর্যন্ত রেল লাইনের উন্নয়ন করা হবে। রেলকে ব্রডগেজ ও মিটার গেজ করা হবে।

বন্দরকে ঘিরে সড়ক পথ ফোরলেন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ যখন যেটা বলেছে সেটা করেছে। দেশের জন্য দেশের মানুষের জন্য আওয়ামীলীগের কথা কখনো পাল্টায় না। রৌমারী থেকে চিলমারী পর্যন্ত ব্রীজ হবে। ব্রীজ নিয়ে ইতোমধ্যে স্টাডি হয়েছে, আওয়ামী লীগ ছাড়া এ ব্রীজ কেউ করতে পারবে না।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমাডোর আরিফ আহম্মেদ মোস্তফা’র সভাপতিত্বে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এসএম ফেরদৌস আলম, বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশলী যুগ্ম সচিব একে এম ড. আজাদুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ স:প) শাহজাহান, পরিচালক (বওপ) সাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ছাইদুর হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক শোভন প্রমূখ বক্তব্য রাখেন।
এর আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বন্দর উন্নয়নের ফলক উন্মোচন করেন।

বিআইডব্লিউটিএর তথ্যমতে, চিলমারী-রৌমারী নৌ পথের দৈর্ঘ ২১ কিলোমিটার। তবে ড্রেজিংয়ের মাধ্যমে এই পথের দৈর্ঘ্য ১৩-১৪ কিলোমিটারে নামিয়ে আনার চেষ্টা চলছে। ফেরি সার্ভিস চালু হলে চিলমারী-রৌমারী-রাজীবপুর নয়, কুড়িগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ অনেক সহজ হবে। যাতায়াত খরচও কমে যাবে।