শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

ঘোষণার পর এবার প্রকাশ্যে ঋতাভরীর বেবি বাম্পের ছবি

গত বৃহস্পতিবার মা হওয়ার ঘোষণা দেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরপর নড়েচড়ে বসে নেটনাগরিক। সন্তানের বাবা কে তা জানার জন্য মুখিয়ে ছিল তার অনুরাগীরা। বেবি বাম্পের ছবি প্রকাশ তাদের এই আগ্রহের হাওয়ায় পাল তুললেন ঋতাভরী।
শুক্রবার এখনও বিয়ে না করা ঋতাভরীর বেবি বাম্প দেখে চমকে গেলেন তারা।

তাহলে কি সত্যি সত্যি অন্তঃসত্ত্বা ঋতাভরী? না, বাস্তব জীবনেই মা হচ্ছেন না তিনি? সত্যি কথা বলতে, প্রকৃত অর্থে মা হচ্ছেন স্নিগ্ধা (সিরিজে ঋতাভরীর চরিত্র)। খুব শিগগিরই ওটিটিতে পা রাখতে চলেছেন তিনি। ‘নন্দিনী’ নামের এই ওয়েব সিরিজে অভিনেত্রী অভিনয় করবেন অন্তঃসত্ত্বা মায়ের ভূমিকায়। অর্থাৎ সবটাই ছিল সিরিজটির প্রচারণার কৌশল।

সিরিজে দেখা যাবে স্নিগ্ধা মা হতে চলেছেন। কিন্তু চিকিৎসক জানায় যে, তার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। ফলে গর্ভপাত ছাড়া অন্য কোনো পথ নেই। এদিকে মধ্যরাতে এক রহস্যময় কণ্ঠস্বর স্নিগ্ধাকে জানায় তার সন্তান বেঁচে আছে। স্নিগ্ধা জানতে পারে ফোনের ওপাশের কণ্ঠস্বরটা প্রকৃতপক্ষে তারই সন্তানের! আরও ঘনীভূত হয় রহস্য!
সিরিজে নিজের এই চরিত্র প্রসঙ্গে ঋতাভরী জানান, চিত্রনাট্য পড়েই নাকি তিনি চমকে গেছিলেন। থ্রিলার নাকি ভূতের গল্প, সেটা তাকে ভাবিয়েছিল। সেই প্রশ্নের উত্তর অবশ্য ঋতাভরী দেননি। এ চরিত্র নিয়ে তিনি বেশ উত্তেজিত। এই সিরিজের মাধ্যমে ওটিটিতে পদার্পণ করতে চলেছেন তিনি।

আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৯ পর্বের এই সিরিজ। ফলক মীর পরিচালিত এই সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্যসহ অন্যরা।

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (নিউ ইয়র্কের স্থানীয় সময়) দুপুর ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরবেন।

শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর ভাষণের পদাঙ্ক অনুসরণ করে ১৭তম বারের মতো ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

এ বছরের ইউএনজিএ’র মূল প্রতিপাদ্য হলো : ‘আস্থা পুনর্গঠন ও বিশ্বব্যাপী সংহতি পুনঃপ্রতিষ্ঠা: সকলের জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্বের লক্ষ্যে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিতকরণ পদক্ষেপ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তিনি আগামীকাল ওয়াশিংটনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং সেখানে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর শেষ করে তিনি ২৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ৩ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন এবং অবশেষে ৪ অক্টোবর দেশে ফিরবেন।

বিপিএলের ড্রাফটে ২০৩ দেশি ক্রিকেটার, তালিকায় আছেন যারা

বিপিএলে প্লেয়ার্স ড্রাফট আগামী ২৪ সেপ্টেম্বর। ড্রাফটে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন ‘এ’ ক্যাটেগরিতে থাকা অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সর্বনিম্ন ৫ লাখ টাকা পাবেন ‘জি’ ক্যাটেগরির খেলোয়াড়রা। প্লেয়ার্স ড্রাফটের তালিকায় মোট ২০৩ জন দেশি ক্রিকেটার আছেন।

সাতটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটেগরির একমাত্র খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ ক্যাটেগরিতে আছেন ১৮ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। ‘ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন।

‘ই’ ক্যাটেগরিতে আছেন সর্বাধিক ৭৫ ক্রিকেটার। ক্যাটেগরি ‘এফ’ এ আছেন ২৯ ক্রিকেটার যাদের পারিশ্রমিক দশ লাখ টাকা। সর্বনিম্ন ‘জি’ ক্যাটেগরিতে আছেন ৪৫ ক্রিকেটার। বিপিএলের দশম আসর শুরু হবে আগামী জানুয়ারিতে।

একনজরে প্রতিটি ক্যাটাগরির খেলোয়াড়েরা :

‘এ’ ক্যাটেগরি : মুশফিকুর রহিম।

‘বি’ ক্যাটেগরি : আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার।

‘সি’ ক্যাটেগরি : ইরফান শুক্কুর, জাকের আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আল-আমিন হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারী, নাঈম হাসান, নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, রাকিবুল হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী।

‘ডি’ ক্যাটেগরি : অলক কাপালি, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, আরিফুল হক, আকবর আলী, আলাউদ্দিন বাবু, এনামুল হক জুনিয়র, ফজলে মাহমুদ, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সৈকত আলী, শফিউল ইসলাম, মাহিদুল অঙ্কন, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, রেজাউর রহমান, রবিউল হক, রিপন মন্ডল, সৌম্য সরকার, শামসুর রহমান, সোহাগ গাজী, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম, সুমন খান, তানজিদ হাসান তামিম।

‘ই’ ক্যাটেগরি : আনিসুল ইসলাম ইমন, অমিত হাসান, আব্দুল হালিম, আমিনুল ইসলাম বিপ্লব, আসিফ হাসান, আবু সায়েম, এনামুল হক জুনিয়র, আলিস আল-ইসলাম, একেএস স্বাধীন, আব্দুল্লাহ আল মামুন, অমিত মজুমদার, আসাদুজ্জামান পায়েল, ফরহাদ হোসেন, ফারদিন হোসেন অনি, হাবিবুর রহমান সোহান, ইমরানুজ্জামান, জাবিদ হোসেন, জুবায়ের হোসেন লিখন, জাহিদ জাভেদ, জসিমউদদীন, জাওয়াদ রোয়েন, কাজী অনিক, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান, আব্দুল মজিদ, মুনিম শাহরিয়ার, মিজানুর রহমান, এনামুল হক, মনির হোসেন, তানভীর হায়দার, মোহাম্মদ ইলিয়াস, আল-আমিন জুনিয়র, মেহেদী মারুফ, মোহর শেখ, মোহাম্মদ শরিফউল্লাহ, মাইশুকুর রহমান, হাসান মুরাদ, মাসুম খান, নাঈম ইসলাম, মুশফিক হাসান, মাহফিজুল ইসলাম, মহিউদ্দিন তারেক, মানিক খান, মোহাম্মদ আশিকুজ্জামান, মঈন খান, নোমান চৌধুরী, নুর হোসেন, নাহিদ রানা, প্রিতম কুমার, পারভেজ হোসেন ইমন, পিনাক ঘোষ, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সাকলাইন সজীব, সোহরাওয়ার্দী শুভ, সালমান হোসেন, সালাউদ্দীন শাকিল, শামসুল ইসলাম, সাজ্জাদুল হক, সাজ্জাদ হোসেন, শাহনুর রহমান, সায়েম আলম, সাব্বির হোসেন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিশাদ হোসেন, নাবিল সামাদ, রুয়েল মিয়া, রাহাতুল ফেরদৌস, রবিউল ইসলাম রবি, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক, তাইবুর পারভেজ, জাহিদুজ্জামান খান।

‘এফ’ ক্যাটেগরি : আজমির আহমেদ, সাদিকুর রহমান, আলি আহমেদ, অভিষেক মিত্র, আব্দুর রশিদ, আইচ মোল্লা, দেলোয়ার হোসেন, ইফতেখার সাজ্জাদ, ইসলামুল আহসান, জনি তালুকদার, হাসানুজ্জামান, ইরফান হোসেন, তাসামুল হক, মোহাম্মদ আজিম, সাকিল আহমেদ, মোহাইমিনুল খান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মঈনুল ইসলাম, মামুন হোসেন, নুরুজ্জামান, মামুন হোসেন, মঈনুল সোহেল, শাহীন আলম, রাফসান আল মাহমুদ, রায়ান রাফসান রহমান, শেহনাজ আহমেদ, শাহবাজ চৌহান, ইয়াসির আরাফাত, টিপু সুলতান, তৌফিক খান তুষার।

‘জি’ ক্যাটেগরি : আসাদুল্লাহ গালিব, আহমেদ আব্দুল হক, আব্দুর রহমান, আল-আমিন রাজু, একেএম হুসনে হাবিব, আশিকুর রহমান, আশিকুল ইসলাম, আমিনুর রহমান, বিশ্বনাথ হালদার, গাজী তাহজিবুল ইসলাম, হাবিবুর রহমান, হোসেন আলি, ইমরান আলি, জয়রাজ শেখ, জয়নুল ইসলাম, কাজী কামরুল ইসলাম, জাকিরুল ইসলাম, মেহরাব হোসেন, রনি হোসেন, মাহবুবুল আলম, খালিদ হাসান, মাহরাজ মাহবুব, জিশান আলম, সোহেল রানা, নবিন ইসলাম, নাহিদ হাসান, মেহেদী হাসান, নাইমুর রহমান, নাকিব রেজওয়ান, হৃদয় ইসলাম, সুজন হাওলাদার, শফিউল হায়াত, শাহনুর রহমান, শাখাওয়াত হোসেন, শামসুক ইসলাম, শুভাশীষ রায়, এসএম মেহরব হাসান, শাহরিয়ার আলম, শোভন মোড়ল, আবদুল্লাহ আল মামুন, শাহরিয়ার কমল, সন্দীপ বাবু, তুষার মিয়া, তৌফিক আহমেদ।

বিয়ের আগেই অন্তঃসত্ত্বার ছবি প্রকাশ করলেন নায়িকা!

ঋতাভরী চক্রবর্তী বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বরাবরই ব্যক্তিজীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। টালিউডে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি নিজে কখনও মুখ খোলেননি।

এবার মা হতে যাচ্ছেন ‘ওগো বধূ সুন্দরী’ খ‌্যাত এই অভিনেত্রী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ খবরটি প্রকাশ্যে আনেন। অবিবাহিত এই অভিনেত্রীর দেওয়া এমন খবরে নেটমাধ্যমে শুরু হয় হইচই। তার রেশ থাকতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন বেবিবাম্পের ছবি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, সকলকে অনেক ধন্যবাদ এই মিষ্টি শুভেচ্ছার জন্য। আমি স্নিগ্ধা, আমি আর আমার স্বামী ঋতম রায়চৌধুরী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা প্রেগন্যান্ট। আপনাদের সবার ভালোবাসা, আর্শীবাদ চাই আমাদের সন্তানকে বাঁচাতে।

তবে ক্যাপশন দেখে ঘটনা সত্যি মনে হলেও বেবি বাম্পের ছবিতে স্পষ্ট যে অন্তঃসত্ত্বার খবরটি ছবির প্রচারণা মাত্র। কেননা ছবিতে ঋতাভরীকে গর্ভবতী দেখা গেলেও মূলত সেটি ‘নন্দিনী’ ওয়েব সিরিজের পোস্টার। সায়ন্তনী পুততুন্ডর লেখা ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে তৈর হয়েছে এই সিরিজ। পরিচালনায় মীর ফলক।

ওয়েব সিরিজটি নিয়ে বেবি বাম্পের ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, আমার ডেবিউ ওয়েব সিরিজ নিয়ে আগামী ১৫ই অক্টোবর আড্ডা টাইমসের পর্দায় আসছি, এক অন্তঃসত্ত্বা মা আর তার হবু সন্তানের লড়াইয়ের গল্প নিয়ে। একের পর এক রহস্যের সমাধান করতে হবে, যা আগে কখনও দেখেননি। আপনাদের অনুমান করে যেতে হবেই শেষ পর্যন্ত।
এর আগে ঋতাভরী লিখেছিলেন, আমি আর আমার স্বামী খুব খুশি। আমি অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই। ঋতাভরীর সেই পোস্ট দেখে সবাই অবাক হলেও এবার যেন স্থির হয়েছেন। অভিনেত্রীকে জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রসঙ্গত, ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ‌্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।

২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।

আসিয়ান অঞ্চ‌লের বাণিজ্যিক কেন্দ্র হতে পারে বাংলাদেশ : এফবিসিসিআই

আসিয়ান, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ব্যবসার সেতুবন্ধন স্থাপন ও দেশগুলোর জন্য বাংলাদেশ বাণিজ্যিক কেন্দ্র হতে পারে বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভিয়েতনামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ড.যশোদা জীবন দেবনাথ।

ভিয়েতনামের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট মান্যবর ভং দিন হুয়ে।

এফবিসিসিআই সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ বলেন, বাংলাদেশ শীঘ্রই এলডিসি গ্রাজুয়েশনের মাইলফলক স্পর্শ করবে। ইতোমধ্যে আমরা দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়াসহ আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে একাধিক এফটিএ এবং পিটিএ চুক্তি সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার এখন সময়ের দাবি। এর ফলে বাংলাদেশের নতুন নতুন বাজারে প্রবেশ আরও সহজতর হবে। বিশেষ করে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য জোরদারে ভিয়েতনাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসিয়ান, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ব্যবসার সেতুবন্ধন স্থাপনের মাধ্যমে বাণিজ্যিক কেন্দ্র হতে পারে বাংলাদেশ।’

আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ‘রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ -আরসিইপি’তে যুক্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ড. যশোদা জীবন দেবনাথ বলেন, ‘ভিয়েতনাম এবং বাংলাদেশ ঐতিহাসিকভাবে শুধু সার্বভৌমত্বের সংগ্রামের জন্যই সংযুক্ত নয় বরং জাতি হিসেবে আমরা স্থিতিশীল, অধ্যবসায়ী এবং গতিশীল। এ বছর আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করেছি।

তিনি বলেন, বাণিজ্যের পাশাপাশি আমরা দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতেও আগ্রহী। আমাদের রপ্তানিকে বৈচিত্র্যময় করার জন্য সরকার কাজ করছে। ভিয়েতনামের ব্যবসায়ীরা আমাদের ১০০টি স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগ করে এই যাত্রায় সহযোগী হতে পারে।

ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ভং দিন হুয়ে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে অসাধারণ বন্ধুত্ব বিরাজ করছে। ভারতের পরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভিয়েতনামের দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার। সম্প্রতি দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। আমরা এই সম্পর্ককে আরও বহুদূর এগিয়ে নিতে চাই।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জোরদারে ভিয়েতনাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ভিসিসিআই) এবং দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ দেশের সরকার ও এফবিসিসিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি। এসময় এফবিসিসিআইয়ের নেতাকে ভিয়েতনাম ভ্রমণের আহ্বান জানান তিনি।

সৌজন্য সাক্ষাতের পরে বিকেলে ‘ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার উন্নয়নে নীতি ও আইন বিষয়ক ফোরাম’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শমী কায়সার। তিনি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদারিত্ব দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বিশেষত্ব। যদিও ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিদ্যমান। কিন্তু এখন আমাদের মধ্যে বাণিজ্যের অনেক সম্ভাবনা বিদ্যমান।

ভিয়েতনামের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্ক, ও ট্যুরিজমে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শমী কায়সার বলেন, ‘আমাদের অ্যাগ্রো এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এখন দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের তৈরি পোশাক খাত চীনের পরে বিশ্বের ২য় বৃহত্তম রপ্তানিকারক। বিশ্বের সেরা ১০টি সবুজ পোশাক কারখানার মধ্যে শীর্ষ ৮টি বাংলাদেশে অবস্থিত। নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ও জনপ্রিয়তা বাড়ছে আমাদের দেশে। ভিয়েতনামের ব্যবসায়ীরা এই বিষয়গুলো ভেবে দেখতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅংকে, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল উইংয়ের প্রধান রাষ্ট্রদূত মসুদ মান্নান এনডিসি এবং বাংলাদেশ ও ভিয়েতনামের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা মুখ্য : মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, স্বপ্নের সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই। আর শিক্ষিত সমাজ গঠনে প্রধান ভূমিকায় দায়িত্ব পালন করছেন আমাদের শিক্ষকরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে তাদের মধ্যে শিক্ষকরা প্রথম সারিতে অবস্থান করছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলার শহর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ে আমার নানি ও মা শিক্ষকতা করেছেন। আমি শিক্ষক পরিবারের সন্তান। আমি এই বিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। সংসদ সদস্য হিসেবে সাড়ে চার বছরে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে সমস্যা জানার চেষ্টা করেছি। আপনাদের (শিক্ষকদের) এলাকায়ও গিয়েছি, হয়ত সবার সঙ্গে সেভাবে দেখা হয়নি। আপনাদের অনেকের সমস্যাগুলো আমি হয়ত জানতাম না, আজ আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সমস্যাসহ আপনাদের দাবিগুলো জানালেন।

মাশরাফি বলেন, আপনাদের কিছু সমস্যা (প্রমোশন) আছে যা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেটি আপনাদের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সংসদ সদস্যরা পাঁচটি করে বিদ্যালয় ভবন বরাদ্দ পান, কিন্তু অনুরোধ করে ১০টি ভবন আপনাদের জন্য এনেছি। নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা, আটতলা ভবন অনুমোদনের পর সেটাকে ১০টি আইসিইউ শয্যা স্থাপনের জন্য নয়তলা করা হচ্ছে। ২০২ কোটি টাকা ব্যয়ে চার লেনের সড়কের কাজ নড়াইলে শুরু হয়েছে। এছাড়া বিসিক শিল্পনগরী, অর্থনৈতিক অঞ্চল করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদল স্থান নির্ধারণ করেছে। সব মিলিয়ে নড়াইলের চিত্র পাল্টানো শুধু সময়ের ব্যাপার।

তিনি আরও বলেন, কেবল শিক্ষার ক্ষেত্রেই আপনারা (শিক্ষক) ভূমিকা রাখেন না, আপনারা পরিবারে মা, স্ত্রী, বোন, ভাই, বাবার ভূমিকায় আদর্শ ও নৈতিকতা দিয়ে সমাজকে সঠিক পথের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমি কৌশিক (মাশরাফির ডাকনাম) আপনাদের থেকেই দীক্ষা (আদব কায়দা, শাসন) নিয়েই আজ নড়াইলের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। আপনাদের যতই সম্মানিত করা হোক না কেন, সেটা আপনাদের আদর্শ, শ্রম, নৈতিকতার কাছে অতি নগণ্য।

মাশরাফি বিন মুর্তজা বলেন, দেশের উন্নয়ন তথা নড়াইলের উন্নয়নে একমাত্র রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ নির্বাচনে আপনারা দেশের উন্নয়নের স্বার্থে, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবেন এটাই আপনাদের ছাত্র ও সন্তান হিসেবে আবেদন রাখছি। আর আমি আপনাদের জন্যই কাজ করেছি, বাকি যেটুকু সময় আছে করবো। আর আগামীতে আবারও যদি সুযোগ আসে আপনাদের সেবায় কাজ করে যাব।

তিনি আরও বলেন, আপনাদের সমস্যাগুলো আমাদের নিজের সমস্যা মনে করেই আমরা সুন্দর ও সঠিক পরিবেশ গড়ে দেব। যাতে তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গঠনে সহযোগিতা করতে পারে। স্মার্ট নড়াইলের নেতৃত্ব আপনাদের হাত দিয়েই তৈরি হবে ইনশাআল্লাহ।

নড়াইল সদরের ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ২৩ জন শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল বাশারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নর কৃষ্ণ টিকাদার প্রমুখ।

জার্মানির সর্বকনিষ্ঠ কোচ হলেন নাগালসম্যান

কাতার বিশ্বকাপের পরও চরম বাজে সময় পার করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টানা দুই বিশ্বকাপে তারা প্রথম রাউন্ড থেকেই বাড়ির পথ ধরে। তারা এখনও সেই হারের বৃত্তে আটকে আছে। সম্প্রতি প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ হ্যান্সি ফ্লিককে বরখাস্ত করে জার্মানি। তবে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে তাদের শিগগিরই নতুন কোচ নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল। কয়েকদিন ধরে গুঞ্জনের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা জুলিয়ান নাগালসম্যানকে কোচ বানিয়েছে।

সাবেক এই বায়ার্ন মিউনিখ কোচের সঙ্গে জার্মান জাতীয় দলের চুক্তি মাত্র এক বছরের। চুক্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ জুলাইয়ের পর তিনি চাইলে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারবেন। মজার বিষয় হলো, হ্যান্সি ফ্লিক ট্রেবল জিতে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাভারিয়ানদের হেড কোচ হন নাগালসম্যান। একইভাবে ফ্লিকের দায়িত্ব শেষ হতেই জার্মানদের দায়িত্বে এলেন ৩৬ বছর বয়সী নাগালসম্যান।

এর আগে চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের আগে হঠাৎ করেই তাকে ছাঁটাই করে বায়ার্ন। এরপর বাভারিয়ানদের মাঠের পারফরম্যান্সেও ছন্দপতন ঘটে। যদিও থমাচ টুখেলের অধীন দলটি বুন্দেসলিগায় সান্ত্বনার ট্রফি জিতে। বাভারিয়ানদের দায়িত্ব ছাড়ার পর থেকে নাগালসম্যান এতদিন ফ্রি ছিলেন।

জাতীয় দলে নাগালসম্যানের সহকারী হিসেবে কাজ করবেন সান্দ্রো ওয়াগনার ও বেঞ্জামিন গ্লুক। নতুন এই দায়িত্ব পেয়ে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনকে (ডিএফবি) নাগালসম্যান বলেছেন, ‘ইউরো চ্যাম্পিয়নশিপ এবার নিজ দেশে। যা খুবই বিশেষ, কয়েক দশক পরে ঘরের মাঠে এমন আসর আয়েজনের সুযোগ মেলে। টুর্নামেন্টটা স্মরণীয় করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই চ্যালেঞ্জ নিতে আমি উন্মুখ ছিলাম।’

মাত্র ২০ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করেন নাগালসম্যান। চলতি লিগ মৌসুমের শুরুতে তার পিএসজি, চেলসি এবং টটেনহ্যামের হেড কোচ হওয়ার জোর গুঞ্জন ছিল। কিন্তু দুইয়ে দুইয়ে চার না মেলায় প্যারিস কিংবা লন্ডনের ক্লাবের দায়িত্ব নেওয়া হয়নি তার। এবার জার্মানির সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

মিরপুরের উইকেট প্রসঙ্গে গামিনিকে টানলেন পোথাস

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টির বাধায় শেষপর্যন্ত ম্যাচটিতে কোনো ফল আসেনি। ৩৩.৪ ওভার ব্যাট করলেও, অবশ্য ব্যাটিং বিপর্যয় দেখেছে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টিতে খেলা আর মাঠে গড়ায়নি। তবে আলোচনা চলছে মিরপুরের উইকেট নিয়ে। প্রথম ওয়ানডে ম্যাচের উইকেট দেখে আন্দাজ করা যায় এটা কোনোভাবেই বড় রানের উপযোগী নয়।

বিশ্বকাপের আগে তাই এমন উইকেটে খেলা কতটা কাজে দেবে তা নিয়ে দ্বিধান্বিত কোচ নিক পোথাস, ‘আমরা পিচকে রেট করছি না। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। পিচ বড় জোর দুই ঘণ্টা রোদ পেয়েছে। আপনি এতে আর কি আশা করেন? গামিনির (প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা) পক্ষে তো মিরাকল ঘটানো সম্ভব না। আমার মনে হয়েছে এই সময়ে তিনি যথেষ্ট ভালো কাজ করেন।’

পরের ম্যাচ অন্য উইকেটে খেলা হলে একাদশে বদল আসতে পারে বলে জানালেন পোথাস, ‘পরের উইকেটটি ভিন্ন হতে পারে। এমন হলে দলের সমন্বয় ভিন্ন হতে পারে। লম্বা সময় ধরে বৃষ্টি হচ্ছে, গামিনি ও তার দল অসাধারণ কাজ করেছে।’

এর আগে খেলা পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। আগামীকাল (শনিবার) দুপুর ২টায় সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

ডিভোর্স লেটার পেয়ে রাজ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির পাঠানো ডিভোর্স লেটার হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেতা স্বামী শরিফুল রাজ। পরীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাজ বলেছেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি (ডিভোর্স লেটার) হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ! তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।

এসময় সন্তান রাজ্যর জন্য পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। তিনি বলেন, ‘তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।’

বিচ্ছেদের পর ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে রাজ বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোন কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি। ’

গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি।। তালাকনামায় এই নায়িকা চারটি কারণ উল্লেখ করেছেন। সেগুলো হলো―মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তি। মূলত এই চার কারণ উল্লেখ করেই পরীমনি রাজ বরাবর তালাকনামা পাঠিয়েছেন।

পরীমণি বিচ্ছেদের জন্য যে কারণগুলো দায়ী করেছেন সেসবই সত্যি বলে মন্তব্য করেছেন রাজ। তিনি বলেন, ‘পরী যা যা বলেছে সবই সঠিক। পুরোপুরি সত্য। আমি সবকিছু মেনে নিয়েছি।’

প্রসঙ্গত ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। এর এক বছর পরই আলাদা হয়ে গেল এই দম্পতি।

বাংলাদেশে বিনিয়োগে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সফররত ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ভুয়ং দিন হুয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান।

বাংলাদেশে ভিয়েতনামের প্রেসিডেন্ট ও ভিয়েতনামে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সফরের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে।
রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিকসসহ বিশ্বমানের পণ্য আমদানি করতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানান।
তিনি আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হতে বাংলাদেশের প্রতি ভিয়েতনামের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আশা করেন রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবাসনে ভিয়েতনাম বড় ভূমিকা পালন করবে।
সাক্ষাৎকালে ভুয়ং দিন হুয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে গভীরভাবে আগ্রহী তার দেশ।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সরকারের লক্ষ্য বাস্তবায়নে তার দেশ সহযোগিতা দিয়ে যাবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।