শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

কারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন, তা জানা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মার্কিন ভিসানীতি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের কাদের নিষিদ্ধ করেছে, সেটা জানা নেই। ভিসা নিষেধাজ্ঞা যারা দিয়েছেন, সেটা তাদের ব্যাপার।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন ভিসা নীতির একটা বড় তালিকা বিভিন্ন মাধ্যমে এসেছে। এটা কি রিউমার ছড়ানো হচ্ছে, না কি সত্যি। আদৌ সরকারের কাছে এ ধরনের কোনো তালিকা আছে কি না? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতি তারা ডিক্লেয়ার করেছে বলে আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটা শুনেছি সেটাই জানি। এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেগুলো আমরা জানি না।
তিনি বলেন, তারা যে লিস্টটা দিয়েছে, এটার ভিত্তি কী, সেটিও আমি জানি না। যেহেতু কিছুই জানি না… আমি মনে করি এটা সম্বন্ধে মন্তব্য করার আমার কোনো এখতিয়ার নেই।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিসা নীতি প্রণয়ন করেছেন এটা তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবে, কাকে যেতে দেবে না, এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের মন্তব্য নেই এবং বলার কিছু নেই।

‘বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে এবং যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএনসিসির নগরভবনে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, যে অবৈধ লাইন নিয়েছে তাকে দায় নিতে হবে। অবৈধ লাইন নেব আমি আর দায়ী হবে আরেক জন; এটা হতে পারে না। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, মেয়র সাহেব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে। এই ঘটনা শুনে আমারও তো খারাপ লেগেছে। এর কারণ খোঁজতে গিয়ে দেখেছি অবৈধ লাইন একটি মাদরাসা থেকে নিয়েছে। মাদরাসা থেকে যে অবৈধ লাইন নিয়েছে তাকেই সেই দায়িত্ব নিতে হবে। যে অবৈধ লাইন নিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যা যা করণীয় তা আমরা করব।
মেয়র বলেন, মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যর ঘটনায় যারা অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত্যুর এ ঘটনা খুবই দুঃখজনক। আমরা সবাই ব্যথিত। অবৈধ বিদ্যুৎ লাইনের অব্যবস্থাপনায় এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। আমরা মাসখানেক আগে এই অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম। একটি মাদরাসা এই লাইন নিয়েছিল।
তিনি বলেন, নগরের খাল ভরাট, বেদখলের কারণই মূলত জলবদ্ধতার জন্য দায়ী।
মেয়র আরও বলেন, ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে নিতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টার প্ল্যান তৈরি করতে বুয়েটকে বলা হয়েছে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া একটি ব্যয়বহুল কাজ। শহরকে নিরাপদ রাখতে এই কাজটি আমরা করতে চাই। ইতোমধ্যে বুয়েটকে বিদ্যুতের তার নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদরাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন।

ইউক্রেনের গমের দ্বিতীয় চালান পৌঁছেছে তুরস্কে

ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান রোববার কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে। সামুদ্রিক ট্র্যাফিক পর্যবেক্ষণ সাইট অনুসারে, রাশিয়ার প্রতিবেশী এবং শত্রুর দিকে যাওয়া বা আসা জাহাজগুলোতে হামলার হুমকি সত্ত্বেও ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালানটি ইস্তানবুল পৌঁছেছে।
পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭ হাজার ৬০০ টন গম বোঝাই করে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিসরের উদ্দেশে রওনা হয়েছে।

জাতিসংঘ-সমর্থিত শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের পর আন্তর্জাতিক জলসীমা ব্যবহার এড়িয়ে ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার নিয়ন্ত্রিত জলপথ অনুসরণ করে ইউক্রেন একটি নতুন সামুদ্রিক রুট পরীক্ষা করছে।
মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রবিবার গ্রিনিচ মান সময় ৩টায় আরোয়াট বসফরাস প্রণালির দক্ষিণ প্রান্ত অতিক্রম করছিল।
এটি ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালির দিকে অগ্রসর হতে হয়েছে।
৩ হাজার টন গম বোঝাই পালাউয়ের পতাকাবাহী প্রথম জাহাজটি মঙ্গলবার কোন ঘটনা ছাড়াই চোরনোমর্স্ক ছেড়ে বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছেছে।
রাশিয়া এবং ইউক্রেন দুটি প্রধান কৃষিপণ্য সরবরাহকারী দেশ। যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের ওপর মস্কোর আগ্রাসন এবং পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী সরবরাহ ও বাজারকে অস্থিতিশীল করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো : তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে। সুতরাং, কোনো একটা নীতি নিয়ে কারও পুলকিত হওয়ার কোনো কারণ নেই। এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে, যারা নির্বাচনে বাধা দেবে।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) প্রীতিলতা ওয়েদ্দারের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
তথ্যমন্ত্রী বলেন, আজকে বিএনপি নানা ধরনের কথা বলে। ভিসানীতি ঘোষণা করার পর এক ধরনের বলে, আবার পত্রিকায় খবর আসার পর আরেক ধরনের কথা বলে। এগুলো বলে কোনো লাভ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সেটি প্রমাণ করে।
তিনি বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় বহু পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। কিন্তু সেই রক্তচক্ষু উপেক্ষা করে, সেই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আজকেও অনেকে চোখ রাঙায়, অনেক দেশবিরোধী ষড়যন্ত্র হয়।
গত ১৫ বছরে দেশের অগ্রগতির চাকাকে স্তব্ধ করার জন্য দেশের ভেতরে ও বাইরে বহু ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এখনো বহু ষড়যন্ত্র হচ্ছে। সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে পরোয়া করেন না। সমস্ত ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিএনপিকে স্বাধীনতাবিরোধীদের নতুন সংস্করণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আজকে দেশবিরোধী অপশক্তি, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদেরই নতুন সংস্করণ হচ্ছে বিএনপি এবং তাদের সহযোগী হচ্ছে জামায়াতে ইসলামী। যারা শুধু দেশের স্বাধীনতার বিরোধিতা করেনি, বরং স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে অস্ত্র ধরেছিল। তাই এই বিএনপি-জামায়াত চক্র আজকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনকে ভন্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে।
এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে, আমরা তাদের স্বাগত জানাই। তবে কেউ না এলেও কোনো অসুবিধা নেই। এই নির্বাচন আমাদের, এই দেশ আমাদের, এখানে নির্বাচন কীভাবে হবে, সেটি আমরা ঠিক করব, কাউকে আমাদের গণতন্ত্র শেখাতে হবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা দেশে দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, যাদের নিজের দেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন, যাদের দেশে পার্লামেন্ট ভবনে আক্রমণ হয়, তাদের আমাদেরকে গণতন্ত্র শেখাতে হবে না। আমাদের দেশ আমাদের। গণতান্ত্রিক রীতিনীতির চর্চা আমরা কীভাবে করতে হয়। শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারাবাহিকতা অবশ্যই থাকবে।

প্রীতিলতা ও সূর্যসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রীতিলতা যেভাবে আত্মাহুতি দিয়েছিল, এটি সমস্ত ভারতীয় মুক্তিকামী মানুষদের অনুপ্রাণিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল। প্রীতিলতা-সূর্যসেন যেভাবে দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছেন, সেটি ভারতীয় মুক্তির সংগ্রাম এবং আমাদের স্বাধীনতার সংগ্রামে বারে বারে যুগে যুগে প্রেরণা জুগিয়েছে এবং ভবিষ্যতেও জোগাবে। আজকে তাই প্রীতিলতা ও সূর্যসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাড. বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বিপিএলে একই দলে মাশরাফি-তানজিম

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিলেট স্ট্রাইকার্স এ তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মুর্তজা খেলবেন।
রোববার দুপুরে এ ড্রাফট অনুষ্ঠিত হয়।
ড্রাফটের জন্য সাত ক্যাটাগরিতে আছেন ২০৩ দেশি ক্রিকেটার। বিদেশিদের সংখ্যা ৪৪৮ জন। ড্রাফটে সবার চেয়ে দামি ক্রিকেটার মুশফিকুর রহিম।
এদিকে সরাসরি চুক্তিতে আগেই দল বেছে নিয়েছেন সাকিব, তামিম, মাহমুদউল্লাহরা।

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় : আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখে ওয়াশিংটন। শুধু তাই নয় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ, তেমনি আমরাও।
তিনি বলেন, বৈশ্বিক শক্তি হিসেবে তারা (যুক্তরাষ্ট্র) অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।
‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত’ কিছু ব্যক্তির ওপর গত বৃহস্পতিবার ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এই ব্যক্তিদের পাশাপাশি তাদের নিকটবর্তী পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন।
তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এর প্রায় চার মাস আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেসময়ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছিল।

আব্দুল মোমেন বলেছিলেন, তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ তাদের বেশিরভাগ উন্নয়নশীল এই দেশেই থাকতে চায়।
তিনি আরও বলেন, আমাদের ভোটাররাও চিন্তিত নয়। কারণ তারা সম্ভবত যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে না।

তারবার্তা ফাঁস মামলায় ইমরান খানের জামিন শুনানি কাল

কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় কারাগারে থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানির দিন ধার্য করেছেন ইসলামাবাদের হাইকোর্ট।
আগামীকাল সোমবার ওই মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি আমির ফারুকের বেঞ্চে এই শুনানি হবে।

এ দিন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির থাকতে বলেছেন আদালত। তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরানকে তিন বছরের সাজা দেন আদালত। এর পর থেকে অ্যাটক কারাগারে আছেন তিনি।
এর আগে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কাছ থেকে এ মামলায় যুক্তি চেয়েছিলেন আদালত।
অফিসিয়ার সিক্রেট অ্যাক্টসের অধিনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত এর আগে তারবার্তা ফাঁস হওয়া মামলায় গ্রেপ্তার পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেইশির জামিন আবেদেন বাতিল করে দেন।
এরপর সাইপার মামলায় ইমরান খান ও কুরেইশিকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় রিমান্ডে কারাগারে রাখা হয়েছে।
গত মাসে, এফআইএ পিটিআই প্রধান এবং তার দলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা করে এবং রাজনৈতিক স্বার্থের জন্য গোপন নথির অপব্যবহার করার অভিযোগ আনে।

৯ মিনিটে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা

ক্যাম্প ন্যুর সংস্কার কাজ চলমান থাকায় নতুন ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে প্রতিপক্ষ সেল্টা ভিগোকে আতিথেয়তা দেয় বার্সেলোনা। এই ম্যাচটিতে জয় তুলে নিতে বার্সেলোনার লেগেছে মাত্র ৯ মিনিট।
তবে এই ৯ মিনিটে ‘ওহ মাই গড’ এই লেখাটি এক বা দুবার নয়, পাঁচবার লিখে টুইট করা হয় বার্সেলোনার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে। আসলে ম্যাচটি এমনই রুদ্ধশ্বাস ছিল তাতে সব বার্সা সমর্থকেরই ‘ওহ মাই গড’ অনুভূতি হওয়ার কথা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে সেল্টা ভিগোকে আতিথেয়তা দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটিতে কাতালানরা ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানদোভস্কি, একটি গোল করেন জোয়াও কানসালো। সেল্টার হয়ে গোল দুটি করেন জর্গেন লারসেন ও আনাস্তাসিওস ডভিকাস।
এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। দুইয়ে থাকা জিরোনার পয়েন্টও ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা।
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত বার্সালোনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল সেল্টা ভিগো। কিন্তু এরপরই এক ঝড়ে খুশি উড়ে যায় সেল্টার।
অলিম্পিক লুইস স্টেডিয়ামের ম্যাচের ১৯ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সেল্টাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে দুই দল মিলে করে ওই একটি গোল। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে সফরকারিদের লিড দ্বিগুণ করেন গ্রিক ফরোয়ার্ড আনাস্তাসিওস ডভিকাস। সেল্টার ডাগআউটে তখন উপস্থিত রাফা বেনিতেজ। যিনি ২০০৩ সালে ভ্যালেন্সিয়ার হয়ে দুটি অ্যাওয়ে ম্যাচ জিতেছিলেন বার্সেলোনায়। ১৯৬৫ সালের পর কোনো কোচ বার্সেলোনায় টানা তিনটি অ্যাওয়ে না জিতলেও আজ মনে হচ্ছিল সেই রেকর্ডটি হয়ে যাবে।
কিন্তু ৮১ থেকে ৮৯ এই ৯ মিনিটের ঝড়ে সেল্টার সাজানো ঘর তছনছ করে দেয় লেভানদোভস্কি, কানসালো, জোয়াও ফেলিক্সের বার্সেলোনা। ম্যাচের ৮১তম মিনিটে জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে শ্বাস ফেলার রসদ তৈরি করে দেন পোলিশ অধিনায়ক লেভানদোভস্কি। এর চার মিনিট পর ম্যাচে সমতা পেলান পোলিশ অধিনায়ক। এবার তার গোলের জোগানদাতা ফেলিক্সের স্বদেশি কানসেলো। আর ৮৯তম মিনিটে গাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডারই কানসালো।

ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় তাঁর আবাসস্থল দ্য লোটে নিউ ইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে তিনি নিউ ইয়র্ক ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।
সফর শেষ করে প্রধানমন্ত্রীর ৪ অক্টোবর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান।

এই স্যাংশন সরকারের কারও জন্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কোনো টানাপোড়েন নেই। তারা যে ভিসা নীতি দিয়েছে, সেটা সুষ্ঠু নির্বাচনের জন্য। একটি অবাধ, সুষ্ঠু, ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সরকার বদ্ধ পরিকর। তাই তাদের স্যাংশন সরকারের কারও জন্য নয়।
স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত ইমিগ্রান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পার করছে বাংলাদেশ। আগামী ৫০ বছর তাদের সঙ্গে এই সম্পর্ক অটুট থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা জো বাইডেন নিজেও জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের জন্যই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, এটা শুধু বাংলাদেশের গণমাধ্যম ছড়িয়েছে। এটা তাদের কথা নয়। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা তৈরি করেছে। নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে। তাই যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে কী বললো না বললো তা নিয়ে শঙ্কিত নয় সরকার।
ড. মোমেন বলেন, নির্বাচনে অন্য দেশ থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি হাস্যকর। তাই সরকার যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ভাবছে না।